কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার কোনও ‘বিশ্বায়নবাদী পরিকল্পনা’ যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
ট্রাম্প এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘অতি-বুদ্ধিমত্তা’ হিসেবে অভিহিত করেন। তার ভাষায়, ‘আর্টিফিসিয়াল’ বা কৃত্রিম শব্দটি ব্যবহারের কারণে এই প্রযুক্তির প্রকৃত সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
ট্রাম্প বলেন, ‘বিশ্বায়নবাদী পরিকল্পনা’ অনুসরণ করে এআই নিয়ন্ত্রণের যেকোনও প্রচেষ্টা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করবে। এ সময় তিনি এআইয়ের উন্নয়ন সীমিত করার পক্ষে বিশেষজ্ঞদের বিভিন্ন আহ্বানেরও বিপরীত অবস্থান তুলে ধরেন।
‘আর্টিফিসিয়াল’ নয়, ‘সুপার’
জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প বলেন, ‘আর্টিফিসিয়াল’ শব্দটি বুদ্ধিমত্তাকে কৃত্রিম বা নকল বলে মনে করায়, অথচ তার মতে এআই মোটেই ‘নকল’ নয়।
তিনি বলেন, ‘আর্টিফিসিয়াল’ শব্দটি ব্যবহার করলে বুদ্ধিমত্তাকে কৃত্রিম বলে মনে হয়। কিন্তু এটি কৃত্রিম নয়। এটি আসলে অসাধারণ।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সব সরকারি নথিতে ‘আর্টিফিসিয়াল’ শব্দের পরিবর্তে আরও যথাযথ শব্দ হিসেবে ‘সুপার’ ব্যবহার করা হবে।
তিনি বলেন, ‘আর্টিফিসিয়াল’-এর পরিবর্তে আরও সঠিক শব্দ ‘সুপার’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সব নথি পরিবর্তন করা হবে। এরপর তিনি ‘সুপার ইন্টেলিজেন্স’ বা সংক্ষেপে ‘এসআই’ নামে ‘নতুন বিশ্বে’ স্বাগত জানান।
এআই নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক
এআইয়ের দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কেউ কেউ এআইয়ের উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঝুঁকি মূল্যায়ন এবং আন্তর্জাতিক নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন।
বিশেষ করে শক্তিশালী এআই ব্যবস্থা ভবিষ্যতে ভুল তথ্য ছড়ানো, সাইবার নিরাপত্তা, গোপনীয়তা, কর্মসংস্থান এবং অন্যান্য ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলতে পারে- তা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নীতিমালা প্রণয়নের চেষ্টা করছে।
তবে ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্র এআইয়ের উন্নয়নকে কঠোরভাবে সীমিত করার পরিবর্তে প্রযুক্তিটির দ্রুত বিকাশের পক্ষে অবস্থান বজায় রাখার ইঙ্গিত পাওয়া গেল।
ট্রাম্পের ভাষণের মধ্য দিয়ে এআই নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিকও স্পষ্ট হয়েছে- প্রযুক্তিটির বিকাশে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের বদলে মার্কিন নেতৃত্ব ও উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ট্রাম্প এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে অভিহিত করার পাশাপাশি এ প্রযুক্তিকে ঘিরে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানও জোরালোভাবে তুলে ধরেন। সূত্র: আল-জাজিরা
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মন্তব্য শুরু করতেই সভাকক্ষ ত্যাগ করেন ইরানি প্রতিনিধিদল। নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অবস্থান করলেও ট্রাম্পের ভাষণের সময় তারা পরিষদ কক্ষে উপস্থিত ছিলেন না। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুরু হলে নিম্নপর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও প্রতিনিধি আসনে উপবিষ্ট ছিলেন। তবে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলা প্রসঙ্গে কথা বলতে শুরু করলে একপর্যায়ে একমাত্র নিম্নপর্যায়ের এক কর্মী ছাড়া পুরো ইরানি প্রতিনিধিদল ক্ষোভ প্রকাশ করে সভাকক্ষ থেকে বের হয়ে যায়। ভাষণে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। দীর্ঘ ৫১ বছর ধরে ইরানি শাসনব্যবস্থা রক্তপাত, গণহত্যা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে আসছে বলে দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিন ধরে তারা মধ্যপ্রাচ্যে আগ্রাসী ভূমিকা পালন করলেও এখন আর তাদের সেই সুযোগ নেই। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, গত বছর দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন বন্ধের শর্তে অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তেহরান সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বড় ধরনের ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা
ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে সাবেক প্রেমিকাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক। সোমবার (২১ সেপ্টেম্বর) চিলড্রেনস একাডেমি স্কুলে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। নিহত শিক্ষিকার নাম নিশাত ফাতিমা (২৬)। তিনি প্রায় এক বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। অভিযুক্ত যুবক মোহাম্মদ সৌদ (২৭)। পুলিশ জানিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে সৌদ ক্ষুব্ধ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই আক্রোশ থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। পুলিশ ও সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাগে পিস্তল নিয়ে স্কুলে প্রবেশ করেন সৌদ। পরে তিনি ফাতিমার শ্রেণিকক্ষে গিয়ে তাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করেন। ফাতিমা যেতে না চাইলে তার হাত ধরে টেনে দোতলার বারান্দায় নিয়ে যান তিনি। সেখানে দুজনের মধ্যে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে ফাতিমাকে কয়েক রাউন্ড গুলি করেন সৌদ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই শিক্ষিকা। এরপর একই অস্ত্র দিয়ে নিজের মাথায় গুলি করেন সৌদ। গুলির শব্দে স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও শিক্ষকরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনেই ঘটেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনার পর অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠানো হয়। স্কুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। লখিমপুর খেরি থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি কীভাবে একজন বহিরাগত অস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করলেন, সেটিও তদন্ত করা হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে একজন ব্যক্তি অস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে পারলেন, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক বাজারে দামে ওঠানামা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের সমন্বিত নতুন মূল্য কার্যকর করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, প্রেটোল ১৬০ টাকা ও অকটেন ১৬৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে আমাদের প্রতিবেশী দেশেগুলোতে এসব জ্বালানির দাম কত? আন্তর্জাতিক তেল সূচক ও দক্ষিণ-পূর্ব এশীয় বার্তা সংস্থাগুলোর সোমবার (২১ সেপ্টেম্বর) তারিখের হালনাগাদ তথ্যানুযায়ী বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে লিটারপ্রতি জ্বালানি তেলের বর্তমান খুচরা বাজারদর বিস্তারিত তুলে ধরা হলো। ভারত (রাজ্যভেদে) পেট্রোল: ১০২.১২ - ১১৬.১৫ ভারতীয় রুপি (প্রায় ১৩১ - ১৪৯ টাকা) অকটেন (প্রিমিয়াম): ১১৫.৫০ - ১২০.০০ ভারতীয় রুপি (প্রায় ১৪৮ - ১৫৪ টাকা) ডিজেল: ৯৫.২০ - ১০৪.২৩ ভারতীয় রুপি (প্রায় ১২২ - ১৩৪ টাকা) (ভারতে রাজ্যভিত্তিক ভ্যাট ও শুল্কের ভিন্নতার কারণে মেট্রো শহরগুলোতে মূল্যের তারতম্য রয়েছে) পাকিস্তান পেট্রোল (সুপার/প্রিমিয়াম ইউরো ৫): ৩৯০.০০ পাকিস্তানি রুপি (প্রায় ১৭৩ টাকা) অকটেন: ৩৯৫ - ৪০০ পাকিস্তানি রুপি (প্রায় ১৭৫ - ১৭৭ টাকা) ডিজেল (হালকা): ৩০৪ পাকিস্তানি রুপি ( প্রায় ১৩৪.৬৭ টাকা ) ডিজেল (হাইস্পিড): ৪২৪.০৪ পাকিস্তানি রুপি ( প্রায় ১৮৮ টাকা) শ্রীলঙ্কা: পেট্রোল (৯২ অকটেন): ৩৯৯ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪৮.২৪ টাকা) অকটেন (৯৫ অকটেন): ৪৭৫ শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৭৬.৪৭ টাকা) ডিজেল: ৩৮২ - ৪৭৮ (সুপার ৪ স্টার) শ্রীলঙ্কান রুপি (প্রায় ১৪২ - ১৭৮ টাকা) নেপাল পেট্রোল: ১৯৭ নেপালি রুপি থেকে ২০০ নেপালি রুপি (প্রায় ১৫৮ টাকা) অকটেন: ২৯৫.০০ নেপালি রুপি (প্রায় ২৩৬ টাকা) ডিজেল: ১৯৭ - ২০০ নেপালি রুপি (প্রায় ১৫৮ - ১৬০ টাকা) মিয়ানমার: পেট্রোল (মান ভেদে) : ৩৭১০ - ৩৮১৫ কিয়াত (প্রায় ২১৮ - ২২৪ টাকা) অকটেন (৯৫ অকটেন): ৪০৯২ কিয়াত (প্রায় ২৪১ টাকা) ডিজেল: ৪৩৩১ কিয়াত (প্রায় ২৫৫ টাকা) ভুটান পেট্রোল ও অকটেন: ৯৯: ১০৬ গুলট্রাম (প্রায় ১২৭ - ১৩৫ টাকা) ডিজেল: ১০৪.৩৮ - ১০৮.৬২ গুলট্রাম (প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা) ভুটানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ফুয়েল স্টেশনে ‘পেট্রোল’ ও ‘অকটেন’ নামে আলাদা দুটি পাম্প থাকে না। সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলত গ্যাসোলিন (পেট্রোল) ও ডিজেল- এই দুই ভাগে জ্বালানি বিক্রি হয়। তার মধ্যে পেট্রোল ও অকটেন হলো গ্যাসোলিন।আন্তর্জাতিক সূচক ও ভুটানের ফুয়েল স্টেশনগুলোতে যাকে অকটেন-৯৫ বা মোটর স্প্রিট (এমএস) বলা হয়, সেটিই মূলত সে দেশের প্রধান পেট্রোল। সূত্র: গ্লোবাল পেট্রোল প্রাইস, এনডিটিভি