বিনোদন

ছবি: সংগৃহীত
রাতে ভালো ঘুমের জন্য মানুন বিশেষজ্ঞদের পরামর্শ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়াশোনা, নতুন বন্ধু, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমে অনেকে ব্যস্ত হয়ে পড়েন। ফলে রাত জাগার অভ্যাস তৈরি হয়। তবে এই সময়ে ঘুমকে অবহেলা করলে পড়াশোনা, স্মৃতিশক্তি এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।    নতুন কিছু শেখা এবং তা মনে রাখার ক্ষেত্রে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে হোস্টেলের নতুন পরিবেশে মানিয়ে নিতে প্রায় কয়েক সপ্তাহ লেগে যায়। স্বাভাবিকভাবেই এতে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।    বিশেষজ্ঞদের মতে, সকালে কিছুক্ষণ রোদের আলোতে থাকা, বিছানার চাদর পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো রাতে ঘুমের মান উন্নত করে।    সকালে রোদে থাকুন যুক্তরাজ্যের অধিবাসী, মনোবিজ্ঞানী ও শিক্ষার্থীদের ঘুম, মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ জো বেকার বলেন, সকালে প্রাকৃতিক আলো শরীরে অভ্যন্তরীণ ঘড়ি বা বডি ক্লক নিয়ন্ত্রণে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের বেলা ১১টার আগেই কিছু সময় বাইরে থাকার পরামর্শ দেন।    সকালের আলো মস্তিষ্ককে গুরুত্বপূর্ণ সংকেত দেয় এবং ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণ করে।    বেকারের মতে, রাতে ভালো ঘুম নির্ভর করে সকালে কখন ঘুম থেকে উঠছেন তার ওপর। তাই প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে ঘুমের স্বাভাবিক ছন্দ বজায় থাকে।   জোর করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন না ঘুমের সমস্যা হলে অনেক শিক্ষার্থী হারানো ঘুম পুষিয়ে নিতে স্বাভাবিক সময়ের অনেক আগে বিছানায় যাওয়ার চেষ্টা করেন। এত সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করেন বেকার।    তার মতে, ঘুম না এলেও দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকলে মস্তিষ্ক বিছানাকে ঘুমের বদলে হতাশা ও জেগে থাকার সঙ্গে গুলিয়ে ফেলতে পারে।    ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন পর্যাপ্ত ঘুম না হলে অনেক শিক্ষার্থী দিনের বিভিন্ন সময়ে ক্যাফেইনযুক্ত পানীয় পান করেন। কিন্তু ক্যাফেইন শরীরে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। ফলে স্বাভবিক ঘুম আসার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। অ্যালকোহল গ্রহণের ক্ষেত্রেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অ্যালকোহল পানের পর ঘুম ঘুম ভাব হতে পারে। কিন্তু বেকারের মতে, অতিরিক্ত অ্যালকোহল স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।    ঘুমানোর আগে মনকে শান্ত হওয়ার সময় দিন ঘুমানোর আগে স্বস্তিদায়ক রুটিন তৈরি করলে ঘুমের জন্য শরীর ও মন প্রস্তুত হতে শুরু করে। সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সি নৃত্য বিভাগের শিক্ষার্থী আনা মে ডিক্সন বলেন, ঘুমানোর আগে গরম পানিতে গোসল করলে তিনি আরাম অনুভব করেন।    গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে গরম পানি দিয়ে গোসল করার কারণে শরীরের তাপমাত্রা কমে আসে, যা মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করে।   পাশাপাশি বিশেষজ্ঞরা ঘুমানোর আগে বই পড়া, শান্ত গান শোনা ও পডকাস্ট শোনার পরামর্শ দেন।    সূত্র: সামা টিভি

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ফাইল ছবি
হৃদয় জড়ানো অনুভূতি নিয়ে তমা মির্জার বার্তা

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অভিনয়ের পাশাপাশি মন চলে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। এবার তেমনই একটি পোস্ট শেয়ার করে নিলেন অভিনেত্রী, যা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।   এদিকে সম্প্রতি তমা মির্জা করপোরেট জীবনেও পা রেখেছেন। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই তার নতুন এই পোস্ট ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।   এবার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন তমা মির্জা। সেই আবেগপ্রবণ পোস্টও ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল জন্ম নিয়েছে।   পোস্ট করা ছবিতে দেখা গেছে, কালো রঙের ফুলেল নকশার পোশাকে বেশ স্নিগ্ধ সাজে তমা মির্জা। খোলা চুল, কপালে ছোট টিপ, আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর  তার সেই পোস্ট করা ছবির চেয়ে বেশি কৌতূহল জেগেছে তার ক্যাপশন। তিনি লিখেছেন— ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’   তমা মির্জার এই আবেগঘন পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে নিজেদের অনুভূতি জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক নেটিজেন লিখেছেন—‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত
মধ্যরাতে মেকআপহীন ছবি পোস্ট সাদিয়ার

পুরোনো কিছু ছবি অন্তর্জালে টুকে রাখতেই হঠাৎ করে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।   মঙ্গলবার দিনগত রাত ২টা ৬ মিনিটে ছবি পোস্ট করেন তিনি।    সেই পোস্টে মেকআপহীন সাদামাটা চেহারার তিনটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। দুটি সেলফি। তার হাতে ফুলের তোড়া। বুঝতে অসুবিধা নেই, ফুল উপহার পেয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা গেছে, ফুলের সঙ্গে বসে আছে তার প্রিয় বিড়াল।   সাত মাস আগে ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন সাদিয়া আয়মান। তখনই তুলেছিলেন এ সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সে জন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে।   সামাজিক মাধ্যমে মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী সাদিয়া বলেন, ‘আমি কাউকে একদমই রাত ২টায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’   সামাজিক মাধ্যমে মেকআপহীন সাদিয়া আয়মানকে দেখে নেটিজেনসহ তার ভক্ত-অনুসারীরাও ভীষণ খুশি। এক নেটিজেন লিখেছেন— ‘ভুবন ভুলানো হাসি’;  আরেক নেটিজেন লিখেছেন— ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’।    উল্লেখ্য, নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে’ সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ নাটকে সাদিয়া আয়মানের  সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশার প্রমুখ। ১৯ সেপ্টেম্বর এটি এসেছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে ৩২ লাখ।     অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো এক মন্তব্যের প্রতক্রিয়া দেননি অভিনেতা।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
ফাইল ছবি
দুবাইয়ে বর্ষবরণে মঞ্চ মাতাবেন কেটি পেরি

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিখ্যাত ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারে গান গাইবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ রাতে এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি দর্শকদের সঙ্গে ২০২৭ সালকে স্বাগত জানাবেন।   মার্কিন পপতারকা কেটি পেরি এবার বর্ষবরণ অনুষ্ঠানে গালা ডিনারে গান গাইবেন। নতুন বছরকে স্বাগত জানাতে খোলা আকাশের নিচে তারার আলোয় তিনি তার ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আর ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে এই জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে।   আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার বিশ্বমঞ্চের এই জনপ্রিয় পপ সংগীতশিল্পীকে প্রধান শিল্পী হিসেবে পেয়ে তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার কথা ব্যক্ত করেছেন। ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকসের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবে ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ড।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২৫, ২০২৬
২ হাজার ৪৯০ কোটির ধাক্কা সামলেও ধনীদের তালিকায় শীর্ষে শাহরুখ

সম্পদের হিসাবে বড় ধাক্কা, কমল হাজার হাজার কোটি তবু শাহরুখ খানের রাজত্বে পড়েনি ভাটা। কারণ সুখবর হলো, সম্পদের অঙ্ক কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ঠিকই ধরে রেখেছেন বলিউড বাদশাহ।   ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। এবারের তালিকায় তার আনুমানিক সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১০ হাজার কোটি রুপি।   ২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এবারের হিসাবে তার সম্পদ কম দেখানো হয়েছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবে এর অর্থ এই নয় যে শাহরুখ বাস্তবে এক বছরে এত অর্থ হারিয়েছেন।   হুরুনের এই হিসাব মূলত বিভিন্ন ব্যাবসা, বিনিয়োগ ও সম্পদের আনুমানিক মূল্যায়নের ওপর নির্ভর করে। বিশেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মূল্যায়ন পরিবর্তিত হলে মোট সম্পদের হিসাবেও বড় পার্থক্য দেখা দিতে পারে। শাহরুখের সম্পদের মধ্যে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ব্যাবসায়িক স্বার্থ। জমি-বাড়ি, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্যও এই হিসাবের অংশ।   এর আগে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল। অর্থাৎ বিভিন্ন তালিকায় তার সম্পদের হিসাবেও কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।   অন্য অভিনেতাদের অবস্থানও এবার বেশ আলোচনায়। তালিকায়—   আমিতাভ বাচ্চান: আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।   সালমান খান : আনুমানিক সম্পদ ৩ হাজার কোটি রুপি।   হৃতিক রোশান : আনুমানিক সম্পদ ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে তার সম্পদের হিসাব ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। তার ফিটনেস ও জীবনধারাভিত্তিক ব্র্যান্ড এইচআরএক্সও তার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ।   তবে তালিকায় এবার নেই জুহি চাওলা ও কারাণ জোহর। ২০২৫ সালের তালিকায় জুহি চাওলার সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি এবং কারাণ জোহরের ১ হাজার ৮৮০ কোটি রুপি।   শুধু অভিনেতারাই নন, চলচ্চিত্র ব্যাবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এবারের তালিকায় জায়গা পেয়েছেন। ‘রামায়ণ’ সিনেমার প্রযোজক নমিত মালহোত্রার বাবা নরেশ মালহোত্রার আনুমানিক সম্পদ ১৬ হাজার কোটি রুপি। এছাড়া প্রযোজক ভূষণ কুমার, রনি স্ক্রুওয়ালা ও কালানিথি মারানের নামও রয়েছে তালিকায়।   এদিকে সম্পদের হিসাবের এই চমকের পর শাহরুখের ভক্তদের নজর এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর দিকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অাভিষেক বাচ্চান ও সুহানা খান। রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও জ্যাকি শ্রফকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।   সূত্র : হিন্দুস্তান টাইমস

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৪, ২০২৬
রিফাত চৌধুরী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরী

একসময় বাংলা নাটকের পর্দায় যার অভিনয় মুগ্ধ করত দর্শকদের, সেই অভিনেতা রিফাত চৌধুরী এখন হাসপাতালের কেবিনে শয্যাশায়ী। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেডও জোটেনি। দুই দিন ফ্লোরে কাটানোর পর অবশেষে মিলেছে কেবিন।     সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি সামনে আসার পর শোবিজ অঙ্গনে রিফাত চৌধুরীর অসুস্থতা ও সংকট নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই সোমবার রাতে তাকে হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর করা হয়।     মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রিফাত চৌধুরী। তিনি জানান, গতকাল সোমবার রাতে আমাকে কেবিনে নেওয়া হয়েছে। এখন বেড রেস্টে রয়েছি, সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার ফাইল দেখে চিকিৎসা শুরু করা হবে।     তবে শারীরিক অসুস্থতার পাশাপাশি এখন অভিনেতার সামনে বড় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার খরচ।     এ অভিনেতার পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এখন আর্থিক সহযোগিতা প্রয়োজন। অভিনেতার নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট না থাকায় সহযোগিতা করতে আগ্রহীরা অমিতাভ অরণ্যের বিকাশ পারসোনাল অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।     তার কথায়, কেউ যদি সহযোগিতা করতে চান, আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ০১৯৩৪-৭৪১৪৫০ নম্বরে অনুদান পাঠাতে পারেন। সেটা যথাযথভাবে রিফাত ভাইয়ের কাছে পৌঁছে যাবে।     অমিতাভ অরণ্য আরও জানান, রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে করা হয়েছে। বুধবার আরও দুটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এরপর মূল চিকিৎসা শুরু হবে।       মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। পরিবার থেকেও বহুদিন ধরে তিনি বিচ্ছিন্ন। ফলে অনেকটা একাকী জীবন কাটাচ্ছিলেন এই অভিনেতা। অসুস্থতার মধ্যেও শেষ পর্যন্ত একাই হাসপাতালে ছুটে যেতে হয়েছে তাকে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২২, ২০২৬
সংগৃহীত ছবি
সামাজিক মাধ্যম ছাড়ায় আর্থিক ক্ষতি, তবু মানসিক প্রশান্তিতে অভিনেত্রী

ক্যারিয়ারে সুসময় পার করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ঐশ্বরিয়া লক্ষ্মী। সাফল্যের এই উজ্জ্বল সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ছেড়ে দেওয়ার এক বছর পূর্তিতে নিজের জীবনের এক বড় পরিবর্তনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে না থাকার কারণে ক্যারিয়ারে একাধিক আর্থিক সুযোগ হারালেও, এর বিনিময়ে যে মানসিক শান্তি তিনি খুঁজে পেয়েছেন, তা কোটি টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।    সম্প্রতি আন্তর্জাতিক বিনোদনভিত্তিক মাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইনস্টাগ্রামের বিষাক্ত পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত কথা বলেন ঐশ্বরিয়া।    সামাজিক মাধ্যম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, শুরুতে তিনি অনির্দিষ্টকালের জন্য দূরে সরে যাওয়ার কথা ভাবেননি। কেবল কাজের প্রয়োজনে সাময়িকভাবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পরিকল্পনা ছিল তার। তবে প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত কনটেন্ট এবং তারকাদের নিয়ে তৈরি ‘অশ্লীল এডিট কালচার’ বা নোংরা এডিটিং সংস্কৃতি তাকে চূড়ান্তভাবে ক্লান্ত ও বিরক্ত করে তোলে। যদিও তিনি ভালো করেই জানেন যে এ ধরনের বিকৃত ছবি ও ভিডিও এখনো নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুরো সময় সামাজিক মাধ্যমে না থাকা এবং প্রতিনিয়ত ভার্চুয়াল দর্শকের জন্য নিজেকে উপস্থাপন করার চাপ থেকে মুক্ত হতে পেরে তিনি একজন মানুষ হিসেবে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য ও সুখে আছেন।   সোশ্যাল মিডিয়ায় না থাকার কারণে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হলেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন ঐশ্বরিয়া। তিনি জানান, তার ম্যানেজার ও এজেন্টরা প্রতিনিয়ত তাকে সামাজিক মাধ্যমে ফিরে আসার অনুরোধ জানান এবং অ্যাকাউন্টে সক্রিয় না থাকার ফলে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ হাতছাড়া হচ্ছে বলে সতর্ক করেন। কিন্তু তার স্পষ্ট জবাব, ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে থেকে তিনি যে পরিমাণ মানসিক সুস্থতা ও ভারসাম্য অর্জন করেছেন, তার মূল্য ওই হারিয়ে যাওয়া অর্থের চেয়ে বহুগুণ বেশি। তিনি চান তার অভিনীত চলচ্চিত্রগুলোই তার হয়ে কথা বলুক। যেসব ব্র্যান্ডের সঙ্গে তিনি চুক্তি করেন, তারাও জানে যে তার এই সীমাবদ্ধতা রয়েছে এবং সামাজিক মাধ্যমে কোনো ব্র্যান্ডের প্রচারণা চালানো তার পক্ষে সম্ভব নয়। যদি তারা এতে রাজি থাকে, তবেই তিনি তাদের কাজ হাতে নেন এবং এখন পর্যন্ত এই প্রক্রিয়াটি তার ক্ষেত্রে চমৎকারভাবে কাজ করছে। উপরন্তু সামাজিক মাধ্যমে না থাকার ফলে তার উপস্থিতিতে একধরনের স্বতন্ত্র বিশেষত্ব তৈরি হয়েছে।   ইনস্টাগ্রাম ছাড়ার পর বাস্তব জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে এই অভিনেত্রী জানান, আগে তিনি অনুরাগী ও সাধারণ মানুষের হাজার হাজার মেসেজ এবং মন্তব্য পড়তে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন। তার মনে হতো পুরো বিশ্ব যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্য একটি সাক্ষাৎকারে যখন তিনি এ বিষয়ে কথা বলেছিলেন, পরবর্তীতে ইউটিউবে সেই ভিডিওর নিচে পড়া মন্তব্যগুলোই যেন তার ধারণাকে সত্যি প্রমাণ করেছিল। দর্শকরা তার বক্তব্য শোনার বা বোঝার চেষ্টা না করেই নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। কিন্তু বর্তমানে বাস্তব জীবনে মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাতের সময় তার আর এমন কোনো ভীতি কাজ করে না। সামাজিক মাধ্যম মানুষকে যে ভয়াবহ ট্রোলিং এবং বিষাক্ত অনুভূতির মুখোমুখি দাঁড় করায়, সেখান থেকে তিনি এখন সম্পূর্ণ মুক্ত।   ভার্চুয়াল জগৎ থেকে সরে আসার কারণে যে কিছু কাজের সুযোগ হাতছাড়া হচ্ছে, তা মেনে নিয়েই ক্যারিয়ার নিয়ে নিজের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ঐশ্বরিয়া। তিনি জানান, চলচ্চিত্রশিল্পে যখন তিনি পা রেখেছিলেন, তখন প্রথম কয়েক বছর সিনেমা ছাড়া তার জীবনে আর কিছুই ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা তার জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। এখন তিনি কেবল সেই ধরনের ছবিতেই কাজ করতে চান যা তিনি সত্যি উপভোগ করেন। বছরে যদি একটিমাত্র মানসম্পন্ন ও পছন্দসই ছবিতে কাজ করতে হয়, তাতেই তিনি সম্পূর্ণ তৃপ্ত।   ভারতের তিরুবনন্তপুরমের একটি চিকিৎসক পরিবার থেকে আসা ঐশ্বরিয়া লক্ষ্মী পেশায় একজন নিবন্ধিত চিকিৎসক ছিলেন। তবে চিকিৎসাসেবার প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে ২০১৭ সালে মালয়ালম চলচ্চিত্র ‘নান্দুকালুদে নাটিল ওরিদাভেলা’-এর মাধ্যমে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন তিনি। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘মায়ানাদী’ ছবিতে অভিনয় করে তিনি সর্বসাধারণের ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ান। এরপর ফাহাদ ফাসিলের বিপরীতে ‘ভারাথান’ ছবিতে তার অভিনয় ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে তামিল চলচ্চিত্রশিল্পেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন ঐশ্বরিয়া, যেখানে প্রখ্যাত পরিচালক মণি রত্নমের ব্লকবাস্টার হিট ‘পোন্নিয়িন সেলভান’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে আন্তর্জাতিক স্তরে পরিচিতি পান। এটিই এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ও সর্বোচ্চ আয়কারী ছবি।    দীর্ঘ এই ক্যারিয়ারে ‘কানেক্কানে’, ‘আম্মু’, ‘কুমারী’, ‘গাট্টা কুস্তি’, ‘হ্যালো মাম্মি’ এবং সুরির সঙ্গে ‘মামান’-এর মতো বেশ কিছু আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।   সূত্র: এনডিটিভি

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২২, ২০২৬
সংগৃহীত ছবি
মাতৃত্বের পর বদলে গেছে শরীর, অকপট ক্যাটরিনা

মা হওয়ার পর নিজের চেহারায় আসা পরিবর্তন এবং তা নিয়ে চলা নানা আলোচনার মুখে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।    সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বকালীন ত্বকের যত্ন, নিজের পরিচর্যা এবং সৌন্দর্য নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে কীভাবে পরিবর্তন এসেছে, তা নিয়ে আলোচনা করেন এই তারকা।    মাতৃত্ব কীভাবে তার ত্বক ও শরীরের যত্নের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে—এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা জানান, গর্ভাবস্থার পর তার ত্বক আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে কোন প্রসাধন সামগ্রী তার ত্বকের উপযোগী, তা বুঝে ওঠা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল।    প্রসাধন ব্র্যান্ড ‘কে বিউটি’-এর সহ-প্রতিষ্ঠাতা এই অভিনেত্রী জানান, এ সময় তিনি এমন পণ্য খোঁজ করতেন যা ত্বককে প্রশমিত ও পুনরুজ্জীবিত করে। ব্র্যান্ডটির একটি ক্রিমের চূড়ান্ত পরীক্ষার সময় তিনি লক্ষ্য করেন যে এটি ব্যবহারের পর তার ত্বক অনেক বেশি শান্ত ও সতেজ অনুভূত হচ্ছে। এ ছাড়া ত্বকের প্রথম প্রতিরক্ষা স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুস্থ রাখার ওপরও তিনি বিশেষ জোর দেন।    মডেলিং ও অভিনয়ে আসার পর সৌন্দর্যের সংজ্ঞা তার কাছে কীভাবে বদলেছে, সে কথাও জানিয়েছেন ক্যাটরিনা।    ক্যারিয়ারের শুরুর দিকের সৌন্দর্যের মাপকাঠি ও প্রচলিত ধারণাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, এখন তার কাছে সেরা লুক পাওয়ার অর্থ হলো ভেতর থেকে সুস্থ ও ভালো বোধ করা।    সামগ্রিক সুস্থতার জন্য তিনি বেশ কিছু স্বাস্থ্যকর অভ্যাসের কথা উল্লেখ করেন—যেমন সুষম ডায়েট মেনে চলা, সক্রিয় থাকা, নিয়মিত ধ্যান করা, সকালবেলা এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং দিনের শুরুতে প্রাকৃতিক আলো গায়ে লাগানো।    তার মতে, মানুষ যখন ভেতর থেকে সুস্থ বোধ করে, তখন সেই আত্মবিশ্বাস বাইরেও স্পষ্টভাবে ফুটে ওঠে।    ব্যক্তিগত জীবন ও পরিবার   ২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। তারকা দম্পতি হিসেবে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করলেও মাঝে মধ্যে অনুরাগীদের সঙ্গে জীবনের সুন্দর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তারা।    সম্প্রতি প্রথম সন্তানের মা হওয়ার পর থেকেই নিজের শারীরিক পরিবর্তন নিয়ে এই অভিনেত্রীকে নানা আলোচনা-সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, যার জবাবে ক্যাটরিনার এই সচেতন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রশংসিত হচ্ছে। 

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ২২, ২০২৬
সংগৃহীত ছবি
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি মুর্মু

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জমকালো আয়োজন বসেছে গুজরাটের কেভাদিয়ায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্ট্যাচু অব ইউনিটির কাছে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।     দীর্ঘদিনের রীতি ভেঙে এবার রাজধানী দিল্লির বাইরে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মূল আয়োজন। গত ১৮ জুলাই ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমা ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রেও মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।       এবার যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি।       ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’-এর জন্য মামুট্টি এই সম্মান অর্জন করেছেন। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। একই সিনেমা জিতে নিয়েছে সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কারও। আঞ্চলিক ভাষার চলচ্চিত্রগুলোর মধ্যেও এবারের পুরস্কারে রয়েছে বৈচিত্র্য।   সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘চালচিত্র এখন’। সেরা হিন্দি চলচ্চিত্র হয়েছে ‘শ্রীকান্ত’। এ ছাড়া সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রায়ান’, সেরা অসমিয়া চলচ্চিত্র ‘জুইফুল’, সেরা তেলুগু চলচ্চিত্র ‘কমেটি কুর্রোল্লু’, সেরা মালয়ালম চলচ্চিত্র ‘ফেমিনিচি ফাতিমা’ এবং সেরা কন্নড় চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মিথিয়া’।   এবারের আয়োজনে একাধিক পুরস্কার পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। ‘আর্টিকেল ৩৭০’ ও ‘অমরন’ জিতেছে তিনটি করে পুরস্কার।       অন্যদিকে ‘পুষ্পা ২’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘মহারাজা’, ‘ক্যাপ্টেন মিলার’, ‘ব্রহ্মযুগম’, ‘মিথিয়া’ ও ‘কমেটি কুর্রোল্লু’ পেয়েছে দুটি করে পুরস্কার।     ‘অমরন’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন রাজকুমার পেরিয়াসামি। ‘পুষ্পা ২’-এর জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সুকুমার। ‘ব্রহ্মযুগম’-এর জন্য সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন শাহনাদ জালাল। অন্যদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ পেয়েছে সেরা শিল্প নির্দেশনার সম্মান।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২২, ২০২৬
সংগৃহীত ছবি
অপ্রতিমের নির্মম মৃত্যুতে তারকাদের আহাজারি

বয়স মাত্র ১৩ বছর। সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম মুঠোফোনে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসত।   কিন্তু ছবি তোলার শখটাই যে তার জীবনের শেষ অধ্যায় হয়ে যাবে, তা কে জানত! গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলেও মায়ের আইফোনটি নিয়ে সেই উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছিল সে। কিন্তু আর ফেরা হয়নি। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ।   কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।   ঘটনাটি নাড়া দিয়েছে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকেও। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় স্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে অনেকেই অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাশাপাশি দাবি তুলেছেন সুষ্ঠু তদন্ত ও বিচারের।   অভিনেতা সিয়াম আহমেদ নিজের ফেসবুক পোস্টে অপ্রতিমের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ার কথা জানান। তিনি লিখেছেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না। একজন বাবা মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর কোনো অপেক্ষা, কোনো সংবাদ হতে পারে কিনা আমি জানি না।   সিয়াম আরো লেখেন, ‘অপ্রতিমের বাবা মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা। কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। একজন বাবা হিসেবে আজ শুধু এটুকুই মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরো নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।’   তৌসিফ মাহবুব লেখেন, ‘আমরা আইফোনকে এতটাই মহিমান্বিত করেছি যে এটি একটি জীবনের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে। দোষটা আমাদেরই।’   অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’   বিচারের দাবি জানিয়ে পূজা লেখেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা। অপ্রতিম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’   অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন, এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। আর যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ জীবনেও নিরাপদ হবে না। যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুর বেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।’   অপ্রতিমের এমন মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়ায় যেমন গভীর শোক উঠে এসেছে, তেমনি উঠে এসেছে নিরাপদ পরিবেশ ও সুষ্ঠু বিচারের দাবি। এখন তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার অপেক্ষায় অপ্রতিমের পরিবারসহ সাধারণ মানুষ।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২০, ২০২৬
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট

দীর্ঘ অপেক্ষার পর ২০১৩-র জনপ্রিয় ছবি ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’-এর সিক্যুয়েলে আবার গেরি লেনের চরিত্রে ফিরছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ছবিটি তৈরি করবে ‘প্যারামাউন্ট পিকচার্স’। পরিচালনার দায়িত্বে থাকছেন ‘কনক্লেভ’ এবং ‘অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর পরিচালক এডওয়ার্ড বার্গার। চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি।   শুধু অভিনয় নয়, ছবির প্রযোজনার দায়িত্বও সামলাবেন ব্র্যাড। ডিডি গার্ডনার এবং জেরেমি ক্লিনারের সঙ্গে নিজের প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন তিনি।   তবে নতুন ছবির গল্প নিয়ে এখনও মুখে কুলুপ নির্মাতাদের। ২০১৩-এ মুক্তি পাওয়া ‘ওয়ার্ল্ড ওয়র জেড’-এ রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন তদন্তকারী আধিকারিক গেরি লেনের ভূমিকায় দেখা গিয়েছিল ব্র্যাডকে। আচমকাই ছড়িয়ে পড়া এক ভয়াবহ জম্বি মহামারির উৎস খুঁজতে গোটা বিশ্ব জুড়ে ছুটেছিলেন তিনি। ম্যাক্স ব্রুকসের উপন্যাস অবলম্বনে তৈরি সেই ছবি বিশ্ব জুড়ে বিপুল অঙ্কের ব্যবসা করেছিল।   কিন্তু সিক্যুয়েলের পথটা মোটেই মসৃণ ছিল না। এক সময় ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ছবিটি তৈরির পরিকল্পনা হয়েছিল। ব্র্যাডেরও ফেরার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। চলতি বছরের এপ্রিলেই প্যারামাউন্ট নতুন করে ‘ওয়ার্ল্ড ওয়র জ়েড’ তৈরির কথা ঘোষণা করে। তখন অবশ্য পরিচালক বা অভিনেতার নাম প্রকাশ্যে আনা হয়নি।   এ বার সেই ছবিতেই ব্র্যাডের প্রত্যাবর্তন নিশ্চিত। বার্গারের সঙ্গে এটিই তার দ্বিতীয় কাজ। এর আগে দু’জনে আসন্ন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য রাইডার্স’-এ একসঙ্গে কাজ করেছেন। ফলে জম্বি-দুনিয়ায় গেরি লেনের প্রত্যাবর্তনের পাশাপাশি ব্র্যাড-বার্গার জুটির দ্বিতীয় অধ্যায় নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২০, ২০২৬
দ্বিতীয়বার কন্যা সন্তানের মা-বাবা হলেন দীপিকা ও রণবীর

দ্বিতীয়বার মা-বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।   সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।   ইনস্টাগ্রামে একটি নবজাতকের পায়ের ছাপের ছবি প্রকাশ করেছেন দীপিকা। ছবিতে লেখা রয়েছে, ‘কন্যাসন্তানকে স্বাগতম’।   এর মধ্য দিয়ে দ্বিতীয় সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।   এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই ঘোষণায় তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ছিল গর্ভধারণ পরীক্ষার ফল। একই পোস্টে তারা জানিয়েছিলেন, তাদের পরিবারে আসছে নতুন অতিথি।   সম্প্রতি দুয়ার জন্মদিনেও মেয়েকে ঘিরে আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছিলেন তারকা দম্পতি। সেই ছবিতে রণবীর ও দুয়ার সঙ্গে দেখা গিয়েছিল দীপিকাকে। সেখানে স্পষ্ট ছিল অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরো বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’     এবার সেই অপেক্ষার অবসান। পরিবারে নতুন সদস্যের আগমনে দীপিকা-রণবীরের আনন্দ যেন আরো পূর্ণতা পেল।     প্রথম সন্তান দুয়ার পর এবার তাদের পরিবারে এলো আরেক কন্যাসন্তান।

মারিয়া রহমান সেপ্টেম্বর ১৯, ২০২৬
সংগৃহীত ছবি
মোদি সম্পর্কে শ্রীলেখার মন্তব্য, ‘স্বৈরাচার’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। দিবসটি ঘিরে দেশব্যাপী ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি পালনের ডাক দেয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিষয়টি নিয়ে নিজের ভেতরে থাকা ক্ষোভ উগরে দেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।   ফেসবুকে তিনি লেখেন, মানুষকে বলা হচ্ছে প্রদীপ জ্বালাতে। কী এক অদ্ভুত বৈপরীত্য... আমাদের জীবনকে নরকে পরিণত করার পর... এমন আবদার!!!! ঠিক যেন এক বেদনাদায়ক পরিহাস।   মোদি ও তার সমর্থক গোষ্ঠীর আচরণকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে শ্রীলেখা আরও বলেন, একজন স্বৈরাচারী—অথবা এক স্বৈরাচারী গোষ্ঠী—সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে: সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, জীবিকা কেড়ে নিচ্ছে, আর সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও গভীর করছে; অথচ একই সঙ্গে তারা দাবি করছে যে তারা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার! আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কেমন এক সমাজ গড়ে তুলছি যেখানে অন্ধ অনুসারীদের ‘ভক্ত’ হিসেবে মহিমান্বিত করা হয়। আর শিক্ষিত ও ভিন্নমতাবলম্বীদের তকমা দেওয়া হয় ‘দিমাগি নকশাল’ হিসেবে? এমন একসময় যখন ভয়ই হয়ে ওঠে শাসনের হাতিয়ার আর ভিন্নমতকে দেখা হয় বিশ্বাসঘাতকতা হিসেবে? আর তারপর আমাদের বলা হচ্ছে প্রদীপ জ্বালাতে। কী এক ঘোরতর পরিহাস। কী এক অন্ধকার যুগে আমরা বাস করছি!   শ্রীলেখার ওই পোস্টে অনেকেই তার সঙ্গে একাত্মতা পোষণ করেন। একজন লেখেন, ‘আমি আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আমার বাড়ির সব আলো নিভিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি… এটাই তো প্রদীপ জ্বালানোর নির্দিষ্ট সময় তাই না?’ অন্যজন লিখলেন, ‘কিছু মানুষ বুঝছেন আর কিছু মানুষ বুঝেও নিজেদের স্বার্থ, জীবিকা সুরক্ষিত রাখতে চুপ।’ অন্য কমেন্টে লেখা হয়, ‘প্রদীপের নিচেই তো আসল অন্ধকার।’   বরাবরই মোদির সমালোচক হিসেবে পরিচিত শ্রীলেখা এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে ভারতজুড়ে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলনে মোদিবিরোধী প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে রাজ্য বিজেপির রোষানলে পড়েন। যার জেরে তার বিরুদ্ধে মামলাও হয়।    এখন দেখার বিষয়, তার এবারের মন্তব্যে কী প্রতিক্রিয়া দেখান রাজ্য বিজেপির নেতারা। 

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১৮, ২০২৬
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’

হত্যা মামলার আসামি হয়ে কারাগারে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক মরতুজা পলাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।   নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে পুলিশ।   জানা যায়, হত্যা মামলায় গ্রেফতারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।   এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এখনও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি।   আগামী অক্টোবরে সেগুলোর দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।   কামরুজ্জামান রোমান বলেন, ‘নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনও চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনও উপায় নেই।’   নেপালে অপু বিশ্বাস ও পলাশ ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরেন তারা। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেফতার করা হয়। তবে তার গ্রেফতারের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসেনি।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
দ্বিতীয়বার মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন

হলিউড অভিনেত্রী মিলি ববি ব্রাউনের পরিবারে এসেছে নতুন অতিথি। ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত এই তারকা। স্বামী জেক বনজোভির সঙ্গে এবার একটি পুত্রসন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন তিনি।   সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছোট্ট হাতের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন মিলি। ছবিতে তার আঙুলে ‘মম’ লেখা একটি বিশেষ আংটিও দেখা যায়। পোস্টের সঙ্গে তিনি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’   মিলি ও জেক ২০২৫ সালের আগস্টে প্রথমবারের মতো বাবা-মা হন। সে সময় তারা একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছিলেন। এবার পুত্রসন্তানকে পরিবারে যুক্ত করার মাধ্যমে চার সদস্যের পরিবার পূর্ণ হলো।   ব্যক্তিগত জীবন সাধারণত প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করেন মিলি ও জেক। তাই পরিবারের নতুন সদস্যের আগমনের খবরটি হঠাৎ প্রকাশ করায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আনন্দ ও বিস্ময়।   ২০২১ সাল থেকে মিলি ও জেকের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ২০২৪ সালে তারা বিয়ে করেন। এরপর ২০২৬ সালের জুনে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-এ ভবিষ্যতে আরও সন্তান দত্তক নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন মিলি।   অভিনেত্রী জানিয়েছিলেন, সমাজকর্মী হওয়ার লক্ষ্যে পড়াশোনার সময় থেকেই দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। ভবিষ্যৎ জীবনের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই সন্তান দত্তক নেওয়ার বিষয়টি দেখেন তিনি।   নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ইলেভেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউন। এরপর ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজিসহ বেশ কয়েকটি আলোচিত প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
উত্তম কুমারের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন দেব

বাঙালি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে বিনয়ী মন্তব্য করেছেন অভিনেতা দেব। তার স্পষ্ট বক্তব্য, মহানায়কের সঙ্গে অন্য কারও তুলনা করা সম্ভব নয়।   সম্প্রতি বিনোদনমূলক রিয়েলিটি শো ‘দাদাগিরি’র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দেব। অনুষ্ঠানে সঞ্চালক ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় দেবের প্রশংসা করতে গিয়ে বলেন, বর্তমান প্রজন্মের অনেক দর্শক তার মধ্যে মহানায়ক উত্তম কুমারের ছায়া খুঁজে পান।   সুদীপার এমন মন্তব্যের পর দেব তার পুরোনো একটি স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীও একবার তাকে দেখে তার হাসি ও উপস্থিতির মধ্যে উত্তম কুমারের ছাপ দেখতে পাওয়ার কথা বলেছিলেন।   সুপ্রিয়া দেবীর মতো একজন বরেণ্য শিল্পীর কাছ থেকে এমন প্রশংসা পাওয়া যে তার জন্য আনন্দের ছিল, সেটিও জানান দেব। তবে সেই প্রশংসা গ্রহণ করলেও উত্তম কুমারের সঙ্গে নিজের তুলনাকে তিনি কোনোভাবেই সমর্থন করেননি।   দেব বলেন, ‘মহানায়ক একজনই হয়। তারপরে আর দ্বিতীয় কারও সঙ্গে সেই তুলনা টানা একেবারেই সম্ভব নয়।’   দেবের এই বক্তব্যের পর অনুষ্ঠানের স্টুডিওতে উপস্থিত দর্শক ও সহশিল্পীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা কাঞ্চন মল্লিকও দেবের চিন্তাভাবনার প্রশংসা করেন।   এদিকে সুদীপা চট্টোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দেবের হাসি ও ব্যক্তিত্বের সঙ্গে উত্তম কুমারের কিছুটা মিল খুঁজে পেলেও অনেকে মনে করেন, অভিনয় ও ব্যক্তিত্বের বিচারে উত্তম কুমারের অবস্থান স্বতন্ত্র।   তবে তুলনা নিয়ে নানা আলোচনা থাকলেও মহানায়কের প্রতি দেবের শ্রদ্ধাশীল অবস্থানই এই পর্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
‘জয় জয় রাম’ গাইতে অরিজিতের ২০০ টেক, পেছনে যে কারণ

প্লেব্যাক গান থেকে সাময়িক বিরতিতে থাকলেও অরিজিৎ সিংয়ের কণ্ঠ নিয়ে শ্রোতাদের আগ্রহের কমতি নেই। এবার নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এর গান ‘জয় জয় রাম’ প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী।   গানটির রেকর্ডিং ঘিরে চমকপ্রদ একটি তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জয় জয় রাম’ গানটি রেকর্ড করতে গিয়ে অরিজিৎ সিং প্রায় ২০০টি টেক দিয়েছিলেন।   প্রতিবেদনটিতে একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গানটি রেকর্ড করার সময় অরিজিৎ ভক্তির আবেগে গভীরভাবে নিমগ্ন হয়ে পড়েছিলেন। প্রতিটি চরণে আলাদা অনুভূতি তুলে ধরার চেষ্টা করছিলেন তিনি। ফলে একের পর এক টেক দেওয়ার পরও নিজের কাঙ্ক্ষিত আবেগের প্রকাশ খুঁজে যাচ্ছিলেন এই শিল্পী।   সূত্রটির দাবি, রেকর্ডিংয়ের সময় অরিজিৎ প্রায় ২০০ বার গানটি পরিবেশন করেন। প্রতিটি টেকেই সুর ও আবেগের ভিন্ন মাত্রা আনার চেষ্টা ছিল তার। শেষ পর্যন্ত প্রযুক্তিগত নিখুঁততার চেয়ে গানের অনুভূতিকে বেশি গুরুত্ব দিয়েই তিনি রেকর্ডিং শেষ করেন।   ‘জয় জয় রাম’ গানটিতে অরিজিৎ সিংয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটির সুর করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এবং কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। প্রচলিত ‘জয় সিয়া রাম’ ভক্তিগীতির ভাবনা থেকে গানটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।   গানটির দৃশ্যায়নে শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবীর বিয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে।   এদিকে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’কে ভারতের অন্যতম বড় বাজেটের চলচ্চিত্র প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমায় রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের পাশাপাশি অভিনয় করছেন সানি দেওল, রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং ও বিবেক ওবেরয়সহ আরও অনেকে।   জানা গেছে, দুই পর্বে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পর্ব ২০২৬ সালের ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ১৭, ২০২৬
আফিয়া নুসরাত বর্ষা। ছবি - সংগৃহীত
সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সম্পর্কে ইনভেস্ট করতে হয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। অভিনয়ে এখন অনেকটাই বিরতিতে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের ভাবনা ও ব্যক্তিজীবনের নানা বিষয় ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার সম্পর্কের টানাপোড়েন ও তা দীর্ঘস্থায়ী করার উপায় নিয়ে নিজের উপলব্ধির কথা জানালেন এই অভিনেত্রী।   সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা লিখেছেন, কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেখানে বিনিয়োগ করতে হয়। তবে সেই বিনিয়োগকে শুধু অর্থের সঙ্গে মিলিয়ে দেখতে চান না তিনি। বর্ষার ভাষ্য, সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হলো সময়, যত্ন, ব্যবহার এবং আন্তরিকতা।   তিনি লিখেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’ জীবনের প্রয়োজন মেটাতে অর্থ গুরুত্বপূর্ণ হলেও সম্পর্কের ক্ষেত্রে সেটিই সবচেয়ে বড় বিষয় নয় বলে মনে করেন বর্ষা।   তাঁর মতে, প্রিয় মানুষটির জন্য সময় দেওয়া, যত্ন নেওয়া এবং ভালো ব্যবহারের পাশাপাশি তাকে নিজের পারিবারিক পরিসরের সঙ্গে যুক্ত করাও সম্পর্ককে গভীর করে। বর্ষা মনে করেন, কোনো মানুষকে যদি সত্যিই জীবনের দীর্ঘ পথের সঙ্গী হিসেবে দেখতে হয়, তাহলে তাকে শুধু নিজের জীবনের নয়, পরিবারেরও অংশ করে নেওয়া প্রয়োজন।   এ প্রসঙ্গে তিনি বলেন, 'একজন মানুষের সঙ্গে যখন পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হয়, তখন সেই বন্ধন আর কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা অন্য মানুষগুলোর কথাও ভাবতে হয়।'   বর্ষার পরামর্শ, পছন্দের মানুষটিকে পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পারিবারিকভাবে আপন করে নেওয়া উচিত। কারণ একটি সম্পর্ক যত বেশি পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত হয়, ততই সেখানে মায়া, সম্মান ও দায়িত্ববোধ তৈরি হয় বলে মনে করেন তিনি।   দাম্পত্য জীবনে এক যুগেরও বেশি সময় পার করেছেন বর্ষা ও চিত্রনায়ক অনন্ত জলিল। ২০১১ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। দীর্ঘদিন ধরে একসঙ্গে পথ চলার কারণে শোবিজে তাদের দাম্পত্য প্রায়ই আলোচনায় এসেছে। গত বছর পারিবারিক কারণ দেখিয়ে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বর্ষা। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।   সম্পর্ক নিয়ে নিজের বক্তব্যের শেষাংশে বর্ষা স্পষ্ট করেছেন, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন সময়, যত্ন, সম্মান, সুন্দর ব্যবহার, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধনের সমন্বয়।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত
২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’

পরিচালনার ২৫ বছর উপলক্ষে নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করলেন বিশেষ নাটক ‘জোছনায় ফেরা’। বৈশাখী টিভিতে আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টায় প্রচার হবে নাটকটি। লেজার ভিশনের প্রযোজনায় নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, দীপা খন্দকারসহ অনেকে।   স্বামী-স্ত্রীর মান-অভিমান, আত্মদহন আর সন্দেহকে ঘিরেই গড়ে উঠেছে নাটকের কাহিনি। খুবই সুখী দম্পতি আয়ান ও আয়রা। মোবাইল ফোনে একটা এসএমএসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই সম্পর্কের টানাপড়েন শুরু হয় দুজনের। ক্রমেই অশান্তির আগুনে পুড়তে থাকে দুজন, বাড়তে থাকে দূরত্ব। এরই মধ্যে বিদেশ থেকে এসে হাজির হয় আয়ানের বিশ্ববিদ্যালয় জীবনের ক্রাশ অবন্তি। অশান্তির আগুনে পোড়া সংসারে হঠাৎ করে অবন্তির উপস্থিতি আগুনে ঘি ঢালার মতোই। নাটকের কাহিনি এগিয়ে চলে এভাবেই।   নাটকের পরিণতি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে বলেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি আরও বলেন, যারা বৈশাখী টিভিতে মিস করবেন তারা দেখে নিতে পারেন লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। কারণ, ১৯ সেপ্টেম্বর এই চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।  

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১৭, ২০২৬
মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি : সংগৃহীত
এক যুগ পর ফের একসঙ্গে রাজ-মিমি, শুভশ্রীর মুখে হাসি

পশ্চিমবঙ্গের বিনোদন ভুবনের সবচেয়ে চর্চিত একটি অধ্যায় হলো রাজ ও মিমির অতীতের প্রেম-রোমান্স। টালিপাড়ার বহুলচর্চিত সেই অধ্যায়ে টুইস্ট যোগ হয় শুভশ্রীর আগমন। পরিচালক রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ের পরও মিমিকে নিয়ে নানা সময়ে নানা কথা চাউর হতে থাকে। সে কারণে দীর্ঘদিন কিছুটা দূরত্ব বজায় রাখেন একে অন্যের কাছ থেকে।   অবশেষে দীর্ঘ এক যুগ পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাদের সর্বশেষ কাজ ছিল ‘কাটমুণ্ডু’ সিনেমাটি। এরপর ব্যক্তিগত জীবনের সমীকরণে অনেক বদল এলেও পেশাদার সম্পর্কের খাতিরে তারা আবারও জুটি বাঁধছেন। তাদের নতুন এই থ্রিলার ঘরানার প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘তাণ্ডব’।   সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপবোর্ড হাতে একটি লুক প্রকাশ করে ছবির ঘোষণা দেন মিমি। সবুজ কুর্তিতে তার রহস্যময় চোখ ও ভ্রুর চাহনি ভক্তদের নজর কেড়েছে। তবে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি ক্যাপশনে কেবল হ্যাশট্যাগ ‘#Tandav’ ব্যবহার করেছেন।   মিমির এই পোস্টে মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন পরিচালকপত্নী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘সুপার হ্যাপি’। রাজ ও মিমির অতীতের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস এবং টালিপাড়ার বহুলচর্চিত সেই অধ্যায় পেরিয়ে শুভশ্রীর এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।   সব পুরোনো আলোচনা পেছনে ফেলে ‘তাণ্ডব’ সিনেমায় মিমিকে একবারে নতুন অবতারে দেখা যাবে। সূত্রের খবর, এই থ্রিলার ছবিতে তাকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে। এর আগে ‘কুইন্স’ বা ‘ডাইনি’-র মতো ভিন্নধর্মী চরিত্রে নজরকাড়া মিমিকে নতুন এই প্রজেক্টে কেমন লুকে দেখা যাবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। ছবির গল্প বা মুক্তির তারিখ এখনো প্রকাশ না পেলেও, মিমির ঘোষণা ও শুভশ্রীর ইতিবাচক মন্তব্যে ছবিটি নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।   উল্লেখ্য, অতীতে রাজ-মিমির সম্পর্ক থাকলেও ২০১৮ সালে রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ে হয়। পরবর্তী সময়ে মিমির সঙ্গে তাদের সৌজন্যের সম্পর্ক গড়ে ওঠে এবং রাজ-শুভশ্রীর সন্তানদের জন্য মিমি উপহার পাঠানোর ঘটনাও সামনে এসেছিল।   এদিকে মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বর্তমানে ভারতের সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র গুঞ্জন চলছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি আগামী ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও মিমি বা তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি। সূত্র : দ্য ওয়াল

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১৭, ২০২৬
হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার। ছবি : সংগৃহীত
হেইডেনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি এক মাসেও

হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের আকস্মিক মৃত্যুর প্রায় এক মাস পর এ বিষয়ে মুখ খুলেছেন তার মুখপাত্র। তিনি স্পষ্ট জানিয়েছেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।   গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে নিজ বাসভবনে ৩৬ বছর বয়সে মৃত অবস্থায় পাওয়া যায় ‘নাশভিল’খ্যাত এই অভিনেত্রীকে। তার মৃত্যুর তদন্ত প্রসঙ্গে গ্রিনভিল কাউন্টি করোনারের কার্যালয় জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হলেও পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে তদন্ত প্রক্রিয়া এখনো সক্রিয় ও চলমান।   সম্প্রতি এক বিবৃতিতে হেইডেনের মুখপাত্র জানান, তদন্ত এখনো চলছে এবং কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য অজ্ঞাত সূত্রনির্ভর হওয়ায় নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, আমরা সবাই নিশ্চিত তথ্য জানতে চাই। তবে তদন্ত প্রক্রিয়াকে সময় দিতে হবে। আমরা যেসব উত্তর খুঁজছি, সেগুলো একদিন অবশ্যই পাওয়া যাবে।   এদিকে মার্কিন সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এই তদন্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাও (ডিইএ) যুক্ত হয়েছে। মৃত্যুর ৯ দিন পর অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে অবৈধ মাদকের প্রমাণ খুঁজতে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়। মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রেমিক ব্রায়ান হিকরসন ও তার ভাই।   অন্যদিকে, হিকরসনের আইনজীবী কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে, এই মর্মান্তিক মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।   সূত্র : পিপল

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১৭, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কেমন

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২১, ২০২৬