অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া আক্তার অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ-বাংলাদেশ। এর আগে একটি নাটকের শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিলেও সেই উদ্যোগ সফল হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া আক্তার অথৈ বরাবর পাঠানো পৃথক চিঠিতে বলা হয়— গত ৭ জুলাই তাদের সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু দুজনের কেউ-ই সেই নোটিশের জবাব দেননি। পরে সালিশবৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। সংগঠনটি তাদের সদস্যপদ স্থগিত ঘোষণার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে গতকাল রাতেই ফেসবুক লাইভে এসে এ নিয়ে প্রতিক্রিয়া জানান তানজিন তিশা। জানান, সেদিন শুটিং সেটে কী হয়েছি; তা থেকে শুরু করে অভিনয়শিল্পী সংঘের সালিশবৈঠক, সদস্যপদ স্থগিতের কারণসহ বিগত সময়ের নানা অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি। সালিশবৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিশা বলেন, বলা হয়েছিল— আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিওবার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখেছি, শাড়ি–কাণ্ডও দেখেছি। আজ হোক কিংবা কাল— সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি। কারণ আমি জানি— আমি ভুল কিছু করিনি।’ অভিনেত্রী বলেন, পেশাগত বিরোধ মীমাংসার বদলে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটি কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল থাকতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, আমি আগে সামাজিক মাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব— যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়। গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ে সামিয়া অথৈর সঙ্গে বিরোধের ঘটনা প্রসঙ্গে তিশা বলেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। ‘পুতুলের বিয়ে’ নাটকে একজন মহান শিল্পী আছেন। তার সঙ্গে আমার একটা সমস্যা হয়েছিল। পুরো শুটিং সেটের সবাই সেই ঘটনার সাক্ষী। কী হয়েছে, কী হয়নি— সবাই দেখেছেন। নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, 'আমার পাগলের চরিত্র তো আমি করেছি। নাকি আরেকজন পাগলের চরিত্র করেছে— সেটাও আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। কে আগে অ্যাটাক করেছে? কে অ্যাটাক করে নিজেকে নির্যাতিত হিসেবে দাবি করেছে; সেটি আপনারা বুঝতে পারবেন।' ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল। সালিশবৈঠকে কী সিদ্ধান্ত হয়েছিল, সেটিও ফেসবুক লাইভে তুলে ধরেন তানজিন তিশা। তিনি বলেন, আমাদের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে— সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে।
সম্প্রতি আদালত প্রাঙ্গণে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকের বিরুদ্ধে তোলা তার এই অভিযোগের প্রেক্ষিতে অবশ্য নেটিজেনদের বেশিরভাগই সেই সাংবাদিকের পক্ষেই অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে পরীমনিকে ওই সাংবাদিকের দ্বারা কোনো ‘ব্যাডটাচ’-এর শিকার হতে দেখেছেন এমন কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ঠিক এই সময়েই পরীমনির পাশে এসে দাঁড়িয়েছেন আরেক আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে পরীমনির পক্ষে কথা বলতে গিয়ে প্রভা নিজেও পড়েছেন সমালোচনার মুখে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সাদিয়া জাহান প্রভা। ভিডিওতে তাকে বেশ আবেগপ্রবণ ও ক্ষুব্ধ মনে হয়েছে। শুরুতেই প্রভা বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।’ এরপরই তিনি পরীমনির ঘটনার সূত্র ধরে ওই সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’ পরীমনিকে সমর্থন জানাতে গিয়ে প্রভা নিজের জীবনেরও একটি তিক্ত অভিজ্ঞতার কথা টেনে আনেন। তিনি দাবি করেন, অতীতে তিনিও এমন পরিস্থিতির শিকার হয়েছেন। ঘটনা বর্ণনা করে প্রভা বলেন, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন।’ খানিকটা থেমে নিজের রাগ চেপে রেখে তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম! আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’ প্রভার অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার শরীরের প্রায় কাছাকাছি (বুকের দিকে ইঙ্গিত করে) চলে এসেছিলেন। তিনি যতই পেছনের দিকে সরছিলেন, ওই সাংবাদিকের হাত ততই তার কাছাকাছি আসছিল। অভিনেত্রীর মতে, ওই মুহূর্তে একটু এদিক-সেদিক নড়াচড়া হলেই একটি ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ ঘটে যেতে পারত। পরীমনি কাণ্ডে ওই সাংবাদিককে বয়কট বা তার পাশে না দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত দাবি করেন প্রভা। কিন্তু তার এই সহানুভূতিশীল ভিডিও বার্তাটি সাধারণ নেটিজেনদের অতটা মন জয় করতে পারেনি। বরং প্রভার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমের মন্তব্যঘরে শুরু হয়েছে তীর্যক সমালোচনা। অনেকেই প্রভার এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে নানা প্রশ্ন তুলেছেন।
অভিনেতা হিসেবে রণবীর কাপুরের কাজের পাশাপাশি বাবা হিসেবেও তাঁর দায়িত্ববোধে মুগ্ধ আলিয়া ভাট। ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ মুক্তির দিনে স্বামী ও মেয়ে রাহার কয়েকটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। ছবিটির মুক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে রাম চরিত্রের সাজে রণবীর কাপুরকে দেখা গেছে। তাঁর কোলে রয়েছে মেয়ে রাহা। ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় স্বামীর অভিনয় ও পরিশ্রমের প্রশংসার পাশাপাশি মেয়ের প্রতি তাঁর ভালোবাসার কথাও তুলে ধরেছেন আলিয়া। বার্তায় আলিয়া লেখেন, ‘তুমি এই ছবিটার জন্য তোমার সবটুকু উজাড় করে দিয়েছো। তারপরেও নিজের সবটুকু ভালোবাসা রাহার জন্য বাঁচিয়ে রেখেছ। তোমার জন্য অত্যন্ত গর্ববোধ করছি রণবীর! সেইসঙ্গে এই অবিশ্বাস্য সিনেমাটিক অভিজ্ঞতার পেছনে যারা নিজেদের হৃদয় ঢেলে দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমি গর্বিত। কিছু কিছু গল্প আমাদের জীবনের চেয়েও বড়, রামায়ণ ঠিক তেমনই।’ নীতেশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্রের প্রথম ও দ্বিতীয় খণ্ড মিলিয়ে আনুমানিক বাজেট ধরা হয়েছে ৪ হাজার কোটি রুপি। এতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। মুক্তির পর থেকেই ছবিটির প্রথম পর্ব নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে চলচ্চিত্রটির দৃশ্য নির্মাণ ও ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। বড় বাজেটের এই আয়োজনকে আন্তর্জাতিক মানের চলচ্চিত্রের পর্যায়ে নেওয়ার চেষ্টা করেছেন নির্মাতারা।
জন্মের পর থেকেই ছোট মেয়ে রনিয়াকে জনসমক্ষে আড়ালে রেখেছিলেন পাকিস্তানি অভিনেত্রী সারা খান। অবশেষে পাঁচ মাস পর জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন পরিবারের বিশেষ কিছু মুহূর্ত। দুই মেয়েকে নিয়ে সুখের সংসার পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সারা খানের। তবে ছোট মেয়ে রনিয়ার জন্মের পর থেকেই তাকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। জন্মের প্রায় পাঁচ মাস পর অবশেষে মেয়েকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি পাকিস্তানি উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় প্রচারিত ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন সারা খান। গত ৪ অক্টোবর প্রচারিত ওই অনুষ্ঠানে প্রথমবারের মতো ছোট মেয়ে রনিয়াকে দর্শকদের সামনে নিয়ে আসেন তিনি। অনুষ্ঠানে সারা জানান, জন্মের পর থেকেই মেয়েকে জনসাধারণের নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সে কারণেই এত দিন রনিয়ার কোনো ছবি প্রকাশ করেননি। অবশেষে অনুষ্ঠানে শিশুটির মুখ দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থাপক নিদা ইয়াসির। এ সময় নিদা ইয়াসির বলেন, দর্শকেরা এই প্রথম রনিয়ার মুখ দেখার সুযোগ পাচ্ছেন। মাতৃত্বের বিভিন্ন পর্যায়ে সারা খানকে এই অনুষ্ঠানেই আগে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি। টেলিভিশন অনুষ্ঠানে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও পারিবারিক বেশ কিছু ছবি প্রকাশ করেন সারা। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে রনিয়ার জন্ম থেকে শুরু করে জীবনের প্রথম পাঁচ মাসের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন অভিনেত্রী। একটি ছবিতে নবজাতক মেয়েকে কোলে নিয়ে দেখা গেছে সংগীতশিল্পী ফালাক শাবিরকে। অন্য একটি ছবিতে বড় মেয়ে আলিয়ানা ও ছোট মেয়ে রনিয়ার মধ্যকার ভালোবাসার মুহূর্ত ফুটে উঠেছে। ছোট মেয়ের সাম্প্রতিক একটি ছবির সঙ্গে আবেগঘন বার্তাও দিয়েছেন সারা খান। সেখানে আদর করে রনিয়াকে ‘আমার রানি’ বলে সম্বোধন করেছেন তিনি। এত দিন ছোট মেয়েকে ব্যক্তিগত পরিসরে রাখলেও এবার পরিবারের আনন্দঘন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। তার প্রকাশিত ছবিগুলো ঘিরে অনুসারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শারীরিক ও মানসিক সুস্থতা, সৃজনশীলতা এবং সামাজিক সংযোগের বার্তা নিয়ে আগামী ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর। তিন দিনব্যাপী এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘উইন্টার ওয়েলনেস’। ১৪ নভেম্বর পর্যন্ত জলসিঁড়ির ফর্টিস প্লাটিনাম লাউঞ্জে চলবে এই উৎসব। দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমরের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবের লক্ষ্য গুলশানের বাইরেও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সুস্থ জীবনযাপনের চর্চা পৌঁছে দেওয়া। ‘ঢাকা, চলো বাইরে যাই’ স্লোগানে আয়োজিত এ উৎসবে যোগব্যায়াম, ধ্যান, সাউন্ড হিলিং, মার্শাল আর্ট, নাচ, ফিটনেস চ্যালেঞ্জ এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা ও কর্মশালা থাকবে। উৎসবে সংগীত পরিবেশন করবে নেমেসিস, ক্যাসেট, এসওয়াইএম সোসাইটি এবং ‘তুই’। শিশুদের জন্য থাকবে গল্প বলা, শিল্পকর্ম ও খেলাধুলার আয়োজন। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের পণ্য নিয়ে বসবে ‘ফ্লো মার্কেট’। রাজধানীর গুলশানে এক মিডিয়া ইভেন্টে বুধবার সন্ধ্যায় এ আয়োজনের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন আয়োজকেরা। ২৫ বছরেরও বেশি সময় ধরে যোগব্যায়াম শেখানো শাজিয়া ওমরের মতে, সুস্থতার চর্চা বিলাসিতা নয়, বরং সবার নাগালের মধ্যে থাকা প্রয়োজন। উৎসবে এক দিনের টিকিট ৩৫০ টাকা এবং তিন দিনের পাস ৮৫০ টাকা। পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বিনামূল্যে। নির্ধারিত স্থান থেকে বিনামূল্যে শাটল সার্ভিসও থাকবে।
স্টাফ রিপোর্টার, ঢাকাঃ ঢাকায় পোল্যান্ডের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের দর্শক ও পাঠকদের পরিচয় করিয়ে দিতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনেমা হলে অনুষ্ঠিত হবে পোলিশ চলচ্চিত্র প্রদর্শনী ও নোবেলজয়ী পোলিশ সাহিত্যিকদের নিয়ে বিশেষ আলোচনা। ‘Polish Culture in Bangladesh’ শীর্ষক এ আয়োজন যৌথভাবে উপস্থাপন করছে নয়াদিল্লির পোলিশ ইনস্টিটিউট এবং বাংলাদেশে পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেট জেনারেল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম দিনের আয়োজন ৬ নভেম্বর, এদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিশ্বখ্যাত পোলিশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেজ ভাইদা (Andrzej Wajda) পরিচালিত চলচ্চিত্র ‘আফটারইমেজ’ (Afterimage/Powidoki)। ২০১৬ সালে নির্মিত চলচ্চিত্রটি পোল্যান্ডের বিশিষ্ট চিত্রশিল্পী ভ্লাদিস্লাভ স্ত্রেমিনস্কির (Władysław Strzemiński) জীবন ও শিল্পসাধনার প্রেক্ষাপটে নির্মিত। চলচ্চিত্রটিতে একজন শিল্পীর সৃজনশীল স্বাধীনতা, ব্যক্তিগত আদর্শ এবং রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে শিল্পের জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। শিল্প ও রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্ব, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রতিকূল পরিস্থিতিতেও একজন শিল্পীর নিজস্ব আদর্শে অবিচল থাকার সংগ্রাম চলচ্চিত্রটির অন্যতম প্রধান বিষয়। চলচ্চিত্র প্রদর্শনীতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। তাঁর আলোচনায় চলচ্চিত্রটির শিল্পভাবনা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং চলচ্চিত্রমাধ্যমে স্বাধীন সৃজনশীলতার গুরুত্ব উঠে আসবে। এ ছাড়া আলোচনায় অংশ নেবেন ইতিহাসবিদ ও শিল্পসমালোচক মোস্তফা আনোয়ার প্রিন্স। তিনি চলচ্চিত্রটির ঐতিহাসিক প্রেক্ষাপট, শিল্পভাবনা এবং পোল্যান্ডের সাংস্কৃতিক ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। দ্বিতীয় দিনের আয়োজনে ৭ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘Literary Talk: Nobel Laureates of Poland’ শীর্ষক সাহিত্য আলোচনা। বিশ্বসাহিত্যের ইতিহাসে পোলিশ সাহিত্যের একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। দেশটির নোবেলজয়ী সাহিত্যিকদের রচনায় মানবিক মূল্যবোধ, ইতিহাস, স্বাধীনতা, যুদ্ধ, স্মৃতি, সমাজ ও ব্যক্তিমানুষের অস্তিত্বের প্রশ্ন গভীরভাবে প্রতিফলিত হয়েছে। হেনরিক সিয়েনকিয়েভিচ, ভ্লাদিস্লাভ রেইমন্ট, চেস্লাভ মিউওশ, ভিস্লাভা শিম্বোরস্কা এবং ওলগা তোকারচুকের মতো নোবেলজয়ী সাহিত্যিকদের সৃষ্টিকর্ম পোলিশ সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। দেশের স্বনামধন্য অনুবাদক, কবি ও সাহিত্যসমালোচকগণ ‘Literary Talk: Nobel Laureates of Poland’ পর্বে আলোচনায় অংশ নেবেন। তাঁদের অংশগ্রহণে পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের সাহিত্যদর্শন, সৃজনশীলতা, বিশ্বসাহিত্যে তাঁদের অবদান এবং অনুবাদের মাধ্যমে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা হবে। আয়োজকদের প্রত্যাশা-- এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী, সাহিত্যিক, গবেষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পোল্যান্ডের শিল্প-সাহিত্য সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
অভিনয়ে আসার আগে আইনজীবী হিসাবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। এখনো সেখানে সময় দেন। তবে কম। এখন তিনি পেশাদার অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাতকারে সিয়াম বলেন, অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতরের ডাক।’ আইন বিষয়ে পড়াশোনা করলেও তা ছেড়ে দেওয়ার জন্য কোনো আফসোস নেই বলে জানান সিয়াম। তিনি বলেন, ‘অর্জিত শিক্ষা বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ ও চরিত্র ফুটিয়ে তুলতে এটি আমার কাজে লাগে।’ ওকালতি ছেড়ে অভিনয়ে যোগ দেওয়ার পর ক্যারিয়ারের শুরুর দিকে এ পেশা নিয়ে অনেকটা অনিশ্চয়তাও ছিল। এই নায়ক বলেন, ‘সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল। তবে আমি নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। বস্তুগত বিলাসিতার চেয়ে নিজের সময় ও কাজ উপভোগ করাকেই আমি প্রাধান্য দিই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।’ পারিবারিক জীবন নিয়ে সিয়াম বলেন, ‘সন্তান হওয়ার পর আমি বেশ পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছি। চার দেওয়ালের ভেতরের প্রিয় মানুষগুলোর সঙ্গই এখন আমার কমফোর্ট জোন। নিজে বাবা হওয়ার পর সম্পর্কের গভীর আবেগ বুঝতে পেরেছি। তাই এখন পরিবার ও শিশুদের উপযোগী সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছি।’ বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট হলেও এর অসঙ্গতিটাও এ অভিনেতাকে বেশ কষ্ট দেয়। এই যেমন, এখন শুধু ঈদেই সিনেমা মুক্তি দেওয়া হয়। বিষয়টিকে স্বাভাবিক চোখে দেখেন না সিয়াম। তিনি বলেন, ‘শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা দরকার। আমি বিশ্বাস করি, বাংলাদেশের দর্শক সব সময় ভালো গল্প ও নির্মাণকে সাদরে গ্রহণ করে। শুধু সিনেমা বানালেই হবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রচারণার বাজেট রেখে দর্শকের কাছে ভালো কাজের বার্তা পৌঁছে দেওয়াও প্রডিউসারদের দায়িত্ব।’ অভিনেতা আরও জানিয়েছেন, নির্দিষ্ট একটি লক্ষ্য নিয়েই তিনি এগোচ্ছেন। বলেছেন, ‘সস্তা তারকাখ্যাতির পেছনে ছোটা আমার লক্ষ্য নয়। কাজের সততা ও পারফরম্যান্স দিয়ে দর্শকের মনে ইতিবাচক প্রভাব ফেলতে চাই। এটাই আমার অভিনয় জীবনের মূল লক্ষ্য।’ এদিকে কাজের সূত্রে সিয়ামকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ঈদুল ফিতরে ‘রাক্ষস’ সিনেমায়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য না পেলেও একেবারেই হতাশ করেনি। আলোচনায়ও ছিল বেশ। ঈদের দিন শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পায় এটি। ঈদের পর দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহেও দেখানো শুরু হয়। বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত থ্রিলার সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি গত অক্টোবর মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়। পরিচালক জানান, ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।
অভিনেতা শরিফুল রাজকে চুক্তিভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে নোটিশটি পাঠিয়েছেন ব্যারিস্টার সজিব মাহমুদ আলম। প্রযোজনা সংস্থার আগামী ঈদুল আজহার ছবি ‘ঠিকানা’র শুটিংয়ের তারিখ না দেওয়া এবং একই ঈদে অন্য ছবির ঘোষণা দেওয়ার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের শিডিউল নিশ্চিত না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে শরিফুল রাজের ‘ঠিকানা’ ছবিতে অভিনয়, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন শর্তে একটি আর্টিস্ট সার্ভিস অ্যাগ্রিমেন্ট হয়েছিল। চুক্তির অংশ হিসেবে তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছেন। চুক্তির ৯ নম্বর ধারায় ঠিক হয়, ছবিটি ২০২৭ সালের ঈদুল আজহা বা তার পরে মুক্তি পাবে। ৪.১১ ধারায় বলা আছে, ‘ঠিকানা’র মুক্তির সময়ে শিল্পীর প্রধান বা উল্লেখযোগ্য চরিত্রে অভিনীত অন্য কোনো প্রজেক্ট মুক্তি পাবে না। গত ৩১ আগস্ট ফেসবুকে শরিফুল রাজ জানান, তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন, যেটিও আগামী ঈদুল আজহায় মুক্তির কথা। ওই পোস্টের পর ‘ঠিকানা’র স্পনসর ও অংশীজনেরা সরে যেতে চাইছেন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ নিয়ে ২ সেপ্টেম্বর প্রথম নোটিশ পাঠিয়ে চারটি দাবি জানানো হয়েছিল—প্রতিদ্বন্দ্বী ছবির প্রচার বন্ধ, ফেসবুক পোস্ট সরানো, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং চুক্তি মেনে চলার লিখিত নিশ্চয়তা। নোটিশে বলা হয়েছে, ওই নোটিশের পর শিল্পী ও তার ম্যানেজার সরাসরি যোগাযোগ করে বিষয়টি সমঝোতায় মেটানোর কথা দিলেও শুটিংয়ের কোনও সময়সূচি দেননি। নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত শুটিংয়ের জন্য সময় চাওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ঈদুল আজহায় মুক্তি দিতে হলে পোস্ট-প্রোডাকশনে দুই মাস লাগবে। এই বিষয়ে শরিফুল রাজের বক্তব্য জানতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি অর্জন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’। তারা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে মানসম্মত ও মৌলিক সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছে। এর মধ্যে তারা ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ এবং ‘দম’ সিনেমার মতো সফল প্রজেক্টের পর এবার বড় ক্যানভাসে নিয়ে আসছে নতুন একটি সিনেমা ‘খলনায়ক’। এর মাধ্যমে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা নির্মাণে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করছেন নির্মাতা ভিকি জাহেদ। 'খলনায়ক' সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো কোলাবরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। খুব শিগগির এ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য এবং কনটেন্ট প্রকাশ করা হবে। এ সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, সুমন আনোয়ার, তুষার খান, সেন্টু প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার। 'খলনায়ক' সিনেমা প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন, ‘খলনায়ক’ সিনেমার চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে— এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। দেশের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করাটা সবসময়ই আনন্দের ও নতুন চ্যালেঞ্জের। আশা করি দর্শকরা নতুন এক অভিজ্ঞতা পাবেন। অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ধাঁচ গল্প থাকে। ‘খলনায়ক’ সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় উপভোগ্য। আশা করি, বড়পর্দায় এ সিনেমাটি দর্শকদের একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে। 'খলনায়ক' সিনেমা প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন ‘খলনায়ক’ শুধু একটি গল্প নয়, এটি মানব চরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী— প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। তিনি বলেন, 'নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, ঠিক তেমনই আনন্দের।' এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, ‘খলনায়ক’ সেই অগ্রযাত্রারই একটি বড় মাইলফলক। একঝাঁক অসাধারণ তারকা ও দক্ষ টেকনিক্যাল টিমের সমন্বয়ে নির্মিত এ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদের মন জয় করবে বলে আমি আশাবাদী। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান এবং দর্শক চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। ‘খলনায়ক’ সিনেমার মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের পরিচালনায় নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও মূল্যবোধকে কেন্দ্র করে তৈরি এই নাটকটি আগামী নভেম্বর থেকে এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। মীর সাব্বিরের নিজস্ব গল্প ভাবনায় নির্মিত ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ। এতে অভিনয় করেছেন ডলি জহুর, শাহেদ আলী, দীপা খন্দকার, কাজী রাজু, তাহমিনা সুলতানা মৌসহ একঝাঁক অভিনয়শিল্পী। নতুন নাটক প্রসঙ্গে মীর সাব্বির জানিয়েছেন, মানুষের প্রতিদিনের জীবন, পারিবারিক বন্ধন ও মূল্যবোধের নানা বিষয় তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। পরিচিত জীবনের অনেক ঘটনা ও সম্পর্কের গুরুত্ব মানুষ প্রায়ই উপলব্ধি করতে পারে না। সেই চেনা অনুভূতিগুলোই নাটকের গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। মীর সাব্বিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অভিনেতা হিসেবে সাব্বির যেমন দায়িত্বশীল, পরিচালক হিসেবে তার আন্তরিকতা ও মনোযোগ আরও বেশি। এর আগেও তার পরিচালিত একাধিক নাটকে কাজ করেছেন তিনি। অন্যদিকে অভিনেতা শাহেদ আলীও মীর সাব্বিরের পরিচালনাশৈলীর প্রশংসা করেছেন। তার মতে, কাজের প্রতি সাব্বির অত্যন্ত মনোযোগী ও নিবেদিতপ্রাণ। পারিবারিক জীবনের পরিচিত ঘটনা ও সম্পর্কের নানা দিক নিয়ে নির্মিত ‘খুব চেনা গল্প’ দর্শকদের সামনে তুলে ধরবে দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা ও আবেগের প্রতিচ্ছবি।
বলিউড অভিনেত্রী পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের সম্পর্কে ভাঙনের খবর সামনে এসেছে। তিন বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর তারা আলাদা হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি দুজনের কেউই। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সম্পর্কের ইতি টেনেছেন পলক ও ইব্রাহিম। সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটি ইব্রাহিম নিয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। বিচ্ছেদের পর দুজনই নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দিতে চান। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পলক ও ইব্রাহিমকে নিয়ে একসঙ্গে কিছু শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে সেগুলোর কয়েকটি বাতিল করা হয়েছে, বাকিগুলো আপাতত স্থগিত রয়েছে। বিচ্ছেদের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করতে চান না তারা। ২০২২ সালে প্রথমবার পলক ও ইব্রাহিমকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দুজনকে একসঙ্গে দেখার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন অনুষ্ঠান ও ছুটিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা। পলক ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে। অন্যদিকে ইব্রাহিম অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে।
মাতৃত্ব জীবনের এক নতুন অধ্যায়, কিন্তু মা হওয়া মানেই কি অভিনয়জীবনে ইতি টানা? এই ধারণার সঙ্গে একমত নন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর স্পষ্ট বক্তব্য, সন্তান জন্ম দিয়েছেন বলে কাজের সুযোগ হারাতে চান না তিনি। বরং সংসার, সন্তান ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে আরও ভালো কাজ করতে চান। নতুন ওয়েব সিরিজ ট্রাস্ট নো ওয়ান (Trust No One)-এ অভিনয়, অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতা, স্বামী রাঘব চাড্ডার সহযোগিতা এবং মাতৃত্বের পর ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী। আড়াই ঘণ্টায় পড়ে ফেলেছিলেন পুরো চিত্রনাট্য কোনো একটি কাজের প্রতি ভালো লাগা কখনও কখনও প্রথম পরিচয়েই তৈরি হয়ে যায়। পরিণীতির ক্ষেত্রেও ট্রাস্ট নো ওয়ান সিরিজের চিত্রনাট্য ছিল তেমনই এক অভিজ্ঞতা। চিত্রনাট্যটি হাতে পাওয়ার পর কী ঘটেছিল, তা বলতে গিয়ে অভিনেত্রী জানান, বই পড়া তার অন্যতম প্রিয় অভ্যাস। তবে পড়তে বসলে মাঝেমধ্যে মনোযোগ অন্যদিকে চলে যায়। সে কারণে অনেক সময় অন্য কাউকে দিয়ে পড়ে শোনতে পছন্দ করেন তিনি। কিন্তু সিদ্ধার্থ পি মালহোত্রা ও রেনসিল ডি’সিলভা যখন সিরিজটির চিত্রনাট্য পাঠান, তখন পরিণীতি শহরের বাইরে ছিলেন। তার ধারণা ছিল, পুরো চিত্রনাট্য শেষ করতে দু-তিন দিন সময় লাগবে। বাস্তবে ঘটেছিল ঠিক উল্টোটা। মাত্র আড়াই ঘণ্টায় এক বসায় পুরো চিত্রনাট্য পড়ে শেষ করেন তিনি। শেষ পাতা পড়ার পরই তার মনে হয়েছিল, এই সিরিজে অভিনয় করতেই হবে। গল্পের আকর্ষণই তাকে সবচেয়ে বেশি টেনেছিল। পাশাপাশি কাজটির সঙ্গে যুক্ত মানুষদের নিয়েও যথেষ্ট আশাবাদী ছিলেন অভিনেত্রী। পরিণীতির কথায়, চিত্রনাট্য এতটাই ভালো ছিল যে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো কারণই ছিল না। তার সঙ্গে নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ, প্রযোজক সিদ্ধার্থ পি মালহোত্রা এবং পরিচালক রেনসিল ডি’সিলভার মতো অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করার সম্ভাবনা—সব মিলিয়ে প্রকল্পটি তার কাছে বিশেষ হয়ে ওঠে। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং, পাশে ছিল পুরো পরিবার ট্রাস্ট নো ওয়ান সিরিজের শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন পরিণীতি। জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে কাজ চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে শুটিংয়ের পরিবেশ এবং সহকর্মীদের সহযোগিতা তার অভিজ্ঞতাকে অনেকটাই সহজ করে দিয়েছিল। অভিনেত্রী জানান, শুটিংয়ের সময় ইউনিটের সবাই তার শারীরিক অবস্থার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। কাজের পরিবেশে বাড়তি চাপ ছিল না, বরং সবাই একে অপরকে সহযোগিতা করেছেন। ফলে শুটিংয়ের সময়সূচি সামলাতেও বড় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি তাকে। পরিবারের সদস্যরাও এই সময়ে পরিণীতির পাশে ছিলেন। বিশেষ করে স্বামী রাঘব চাড্ডার সহযোগিতার কথা বলতে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে কৃতজ্ঞতা। সুখবরটি শোনার পরই রাঘব শিমলায় ছুটে গিয়েছিলেন। পরিণীতির মা, শাশুড়ি এবং ভাইয়েরাও তাকে দেখতে সেখানে পৌঁছে যান। পরিবারের সবার এমন উপস্থিতি নিয়ে মজার ছলে পরিণীতি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, তার পুরো পরিবারই বুঝি শুটিংয়ে চলে এসেছে! সেই সময়ের স্মৃতি মনে করে অভিনেত্রী আরও জানান, তারা মজা করে বলতেন, এই সিরিজ যেমন তার ছেলে নীরের অভিষেকের সঙ্গে জড়িয়ে আছে, তেমনই ওয়েব দুনিয়ায় তার নিজেরও অভিষেক। তাই কাজটি তার কাছে বরাবরই বিশেষ স্মৃতি হয়ে থাকবে। মা হওয়ার পরও কাজের সুযোগ চান পরিণীতি মাতৃত্বের অভিজ্ঞতা পরিণীতির জীবনকে নতুনভাবে সাজিয়েছে। তবে মা হওয়ার কারণে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। বরং সন্তান জন্মের পর একজন অভিনেত্রীর কাজের সুযোগ কমে যেতে পারে—এই আশঙ্কাই তাকে বেশি ভাবায়। পরিণীতির মতে, মা হওয়া জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। কিন্তু সেই অভিজ্ঞতার কারণে পেশাগত জীবনে পিছিয়ে পড়তে হবে, এমনটা হওয়া উচিত নয়। তিনি মনে করেন, কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেই সব সমস্যার সমাধান হয় না; অভিনেত্রীদের কাজের প্রস্তাবও পেতে হবে। মাতৃত্বের পরও যদি শুধু মা হওয়ার কারণে কোনো শিল্পী কাজের সুযোগ হারান, তবে তা তার কাছে অত্যন্ত হতাশাজনক হবে। বলিউডে মাতৃত্বের পরও নিয়মিত কাজ করে চলেছেন এমন অভিনেত্রীর সংখ্যা বাড়ছে। বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেন পরিণীতি। উদাহরণ হিসেবে উঠে এসেছে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন এবং তার দিদি প্রিয়াঙ্কা চোপড়ার নাম। পরিণীতির মতে, তাদের প্রজন্মের অভিনেত্রীরা মাতৃত্বের পরও নিজেদের কাজ চালিয়ে যেতে পারছেন, যা আনন্দের বিষয়। প্রিয়াঙ্কা যেমন বলিউডের বাইরেও আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করছেন, তেমনই অন্য অভিনেত্রীরাও নিজেদের পেশাগত জায়গা ধরে রেখেছেন। তার বিশ্বাস, তারা এখন ভালো কাজ করছেন এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আরও ভালো কাজ করার সুযোগও তৈরি হচ্ছে। সংসার, সন্তান, নিজের সময়—সবকিছুরই গুরুত্ব রয়েছে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও বরাবর গুরুত্ব দিয়েছেন পরিণীতি। পরিবার, বন্ধু, ভ্রমণ, ছুটি কাটানো, উৎসব কিংবা একান্তে নিজের জন্য কিছুটা সময়—জীবনের এই ছোট ছোট আনন্দগুলো তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়। তবে মা হওয়ার পর সময়ের হিসাব অনেকটাই বদলে গেছে। এখন নিজের কাজের পাশাপাশি সন্তানের প্রয়োজন এবং পরিবারের দায়িত্বও সমান গুরুত্ব পায়। তাই জীবনের ভারসাম্য বজায় রাখার বিষয়টি আগের চেয়ে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পরিণীতির কাছে সাফল্য মানে শুধু পেশাগত অর্জন নয়; বরং জীবনের বিভিন্ন দিককে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। কাজের ব্যস্ততার মধ্যেও প্রিয়জনদের সময় দেওয়া এবং নিজের ভালো থাকার দিকে নজর রাখা—এই দুইয়ের সমন্বয়ই তার কাছে গুরুত্বপূর্ণ। ছেলের দায়িত্ব মা-বাবার দুজনেরই রাজনীতির ব্যস্ততায় সময় কাটে রাঘব চাড্ডার, অন্যদিকে অভিনয়, শুটিং ও প্রচারের কাজে ব্যস্ত থাকেন পরিণীতি। ফলে তাদের ছোট্ট ছেলের দেখাশোনা কীভাবে হয়, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। এ বিষয়ে পরিণীতির উত্তর একেবারেই স্পষ্ট— সন্তানের দায়িত্ব তারা দুজন সমানভাবে ভাগ করে নিয়েছেন। অভিনেত্রীর কথায়, তারা দুজনেই মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সন্তানের দায়িত্বও দুজনেরই। পরিণীতি যখন কাজে ব্যস্ত থাকেন, তখন রাঘব ছেলের সঙ্গে সময় কাটান। আবার রাঘবের কাজ থাকলে সন্তানের দায়িত্ব সামলান পরিণীতি। অর্থাৎ, সংসার ও সন্তান পালনের দায়িত্বকে তারা একজনের ওপর চাপিয়ে দেননি। বরং নিজেদের কাজের সময় এবং প্রয়োজন বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়ার পথ বেছে নিয়েছেন। পরিণীতির কাছে স্বামীর এই সহযোগিতা বিশেষভাবে মূল্যবান। কারণ, অভিনয়ের ব্যস্ততা সব সময় একই রকম থাকে না। কোনো দিন শুটিং বা কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তখন রাঘবের আশ্বাস তাকে নতুন করে সাহস জোগায়। পরিণীতি জানান, এমন অনেক দিন যায়, যখন কাজের শেষে তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাঘব তাকে আশ্বস্ত করেন, তিনি নিশ্চিন্তে কাজে যেতে পারেন, বাকি সব দায়িত্ব তিনি সামলে নেবেন। স্বামীর এই ভরসা তার কাছে অনেক বড় প্রাপ্তি। কারণ, পেশাগত জীবন এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্তানকে সময় দেওয়ার ক্ষেত্রেও দুজনের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। অভিনয় আর রাজনীতি—দুজনের জগৎ আলাদা পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার পেশাগত জগৎ সম্পূর্ণ আলাদা। একজন অভিনয়ের সঙ্গে যুক্ত, অন্যজন রাজনীতির মানুষ। সংসারে তাদের বোঝাপড়া ভালো হলেও কাজের ক্ষেত্রে একে অপরকে পরামর্শ দেওয়ার অভ্যাস খুব একটা নেই। রাজনীতির জটিল হিসাব, সংসদীয় বক্তৃতা কিংবা নির্বাচনের বিষয়ে নিজের বিশেষ জ্ঞান নেই বলেই জানান পরিণীতি। তাই এসব বিষয়ে রাঘবকে পরামর্শ দেওয়ার প্রশ্ন ওঠে না। অন্যদিকে সিনেমার চিত্রনাট্য বা অভিনয়ের জগতেও রাঘবের অভিজ্ঞতা সীমিত। এই প্রসঙ্গে মজার একটি ঘটনাও শোনান অভিনেত্রী। কোথাও তার নিজের গান বাজছিল, অথচ গানটি যে তারই, তা রাঘবকে আলাদা করে জানাতে হয়েছিল তাকে! ঘটনাটি বলতে গিয়ে হেসে ফেলেন পরিণীতি। তার বক্তব্য, কাজের ক্ষেত্রে দুজনের জগৎ আলাদা থাকাই ভালো। একে অপরের পেশাগত পরিসরে অযথা হস্তক্ষেপ না করেও যে ভালো বোঝাপড়া বজায় রাখা যায়, তাদের সম্পর্ক যেন তারই উদাহরণ। মাতৃত্বের সঙ্গে স্বপ্নের সহাবস্থান পরিণীতি চোপড়ার সাম্প্রতিক অভিজ্ঞতার গল্পে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দিক। একদিকে রয়েছে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা, অন্যদিকে মা হওয়ার পরও নিজের পেশাগত পরিচয় ধরে রাখার দৃঢ় ইচ্ছা। এর সঙ্গে যুক্ত হয়েছে স্বামী রাঘব চাড্ডার সহযোগিতা, পরিবারের সমর্থন এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার বাস্তব চিত্র। তাঁর বক্তব্যের মূল সুর একটাই— মাতৃত্ব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও তা কোনো নারীর পেশাগত স্বপ্নের সমাপ্তি হতে পারে না। একজন নারী একই সঙ্গে মা এবং সফল পেশাজীবী হতে পারেন, যদি তার কাজের সুযোগ থাকে এবং পরিবার ও কর্মক্ষেত্র থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলে। পরিণীতির কাছে তাই মা হওয়া মানে অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানো নয়। বরং জীবনের নতুন দায়িত্বকে সঙ্গে নিয়েই এগিয়ে চলা। আর সেই পথচলায় নিজের পরিচয়, ভালোবাসার মানুষদের সময় দেওয়া এবং কাজের প্রতি দায়বদ্ধতা—সবকিছুকেই সমান গুরুত্ব দিতে চান তিনি।
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খলঅভিনেতা শিবা শানু এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারার আওতায় তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। এ সময়ে গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। তবে নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। অভিনেতা শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী তাকে সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে নতুন দায়িত্ব গ্রহণের আগে চলচ্চিত্র শিল্পী সমিতির পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি এই অভিনেতা। শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে নিজস্ব পরিচিতি তৈরি করেন। বিভিন্ন তথ্য অনুযায়ী, দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি বলে জানা যায়। সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত হলেও রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন শিবা শানু। এবার বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।