খেলা

ছবি: সংগৃহীত
সৌদি লিগে আল নাসরের ম্যাচ স্থগিত, খেলছেন না রোনালদো

সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথিদের মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ায় সৌদি প্রো লিগের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের গুরুত্বপূর্ণ লড়াইও।   সৌদি প্রো লিগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতার নবম সপ্তাহের এই তিন ম্যাচ নতুন সূচিতে আয়োজন করা হবে। খেলোয়াড়দের ম্যাচের মধ্যবর্তী বাধ্যতামূলক বিশ্রাম নিশ্চিত করা এবং সার্বিক লজিস্টিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।   নতুন সূচি অনুযায়ী, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। একই দিনে মাঠে নামার কথা আল ইত্তিহাদ ও আল শাবাবেরও। তবে আল আহলি ও রোনালদোর আল নাসরের বহুল প্রতীক্ষিত ম্যাচটি পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।   অন্যদিকে, নবম সপ্তাহের বাকি ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এসপিএল।   এর আগে সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হতেও বিলম্ব হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ম্যাচটি শুরু হয়েছিল। এর পেছনে ছিল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করা হয়েছে।   সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোকে ঘিরে হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।   প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পর সংঘাত নতুন মাত্রা পায়। হামলায় ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালের পর এটিকে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।   এমন পরিস্থিতিতে নিরাপত্তা ও আয়োজনসংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সৌদি ফুটবলের সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। ফলে আপাতত পিছিয়ে গেল আল নাসর ও আল আহলির মতো দুই শক্তিশালী দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১৪, ২০২৬
সংগৃহীত ছবি
মেন্ডিসের রেকর্ডের দিনে শ্রীলঙ্কার দাপুটে জয়

কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ম্যাচে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় জয় পায় সফরকারীরা।   অবশ্য প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। প্রথম ম্যাচে ৮ উইকেটে ১৮২ রান করেও ৪ উইকেটে হেরে যায় শ্রীলংকা।   দ্বিতীয় ম্যাচে পাকিস্তান রেকর্ড ২১৫ রান করে। টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলংকা। ৮২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক পাকিস্তান।   আজ মঙ্গলবার প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে কুশাল মেন্ডিসের ব্যাটিং তাণ্ডবে ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৪৮ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।   এই ইনিংস খেলার পথে তিনি শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন। ২৭৮৪ রান করে শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। আজ তাকে ছাড়িয়ে শীর্ষে  উঠে গেলেন কুমাল মেন্ডিস। তার সংগ্রহ ২৭৯১ রান।    আজ শ্রীলংকার জয়ে ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন কামিন্দু মেন্ডিস। ২৬ বলে ২৮ রান করেন সিনেথ জয়াবর্ধনে।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত
মেসির বিদায়ী ম্যাচের ঐতিহাসিক জার্সি এবার জাদুঘরে

একটি জার্সি, অসংখ্য স্মৃতি আর বিদায়ের এক আবেগঘন গল্প। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচে পরা ১০ নম্বর জার্সি এখন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের জাদুঘরে। ফুটবল ইতিহাসের স্মরণীয় এক মুহূর্তকে সংরক্ষণ করতেই জার্সিটি সেখানে রাখা হয়েছে। আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকার উপহার দেওয়া জার্সিটি এখন ভক্তদের কাছে হয়ে উঠেছে ভালোবাসা ও আবেগের বিশেষ স্মারক।   জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তি ছিল আবেগে মোড়ানো। বেনিনের বিপক্ষে সেই বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে। দলের তিনটি গোলেই প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান ছিল মেসির। মাঠের পারফরম্যান্সে যেমন নিজের ছাপ রেখেছিলেন, তেমনি বিদায়ের মুহূর্তটিকেও করে তুলেছিলেন স্মরণীয়।   ম্যাচের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ৬১ মিনিটে নিকো পাজের দুর্দান্ত গোলের পেছনেও ছিল মেসির অবদান। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন পাজ। আর ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করে বিদায়ী ম্যাচকে রাঙিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক।   ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে মেসির এই বিদায় ছিল আনন্দ ও বিষণ্নতার মিশেল। গ্যালারিজুড়ে ছিল প্রিয় তারকার প্রতি ভালোবাসা, করতালি আর চোখের জল। যে ফুটবলার দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার সমর্থকদের স্বপ্ন দেখিয়েছেন, তার বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি ভক্তরা।   আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টেনেছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডও নিজের করে রেখেছেন তিনি। বিশ্বকাপ জয় থেকে শুরু করে অসংখ্য সাফল্যে সমৃদ্ধ তার আন্তর্জাতিক ক্যারিয়ার।   বিদায়ী ম্যাচের পর নিজের ১০ নম্বর জার্সিটি রিভার প্লেটকে উপহার দেন মেসি। জার্সিতে লিখে দেন ভালোবাসার বার্তাও। সেই উপহার এখন ক্লাবটির জাদুঘরে সংরক্ষিত। সময়ের সঙ্গে মাঠের উত্তাপ, গ্যালারির উল্লাস কিংবা বিদায়ের অশ্রু মুছে গেলেও এই জার্সি মনে করিয়ে দেবে এক কিংবদন্তির অবিস্মরণীয় যাত্রা।   মেসির বিদায় মানেই তার গল্পের শেষ নয়। তার গোল, পাস, বাঁ পায়ের জাদু আর আর্জেন্টিনার হয়ে অর্জন করা গৌরব ফুটবলপ্রেমীদের স্মৃতিতে বেঁচে থাকবে বহুদিন। আর জাদুঘরে রাখা সেই জার্সি হয়ে থাকবে ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের নীরব সাক্ষী।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১০, ২০২৬
সংগৃহীত
ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন কাণ্ড, গড়ল বিশ্বরেকর্ড

রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে রেকর্ডবইয়ে তোলপাড় ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গড়েছে এমন এক রেকর্ড যা ক্রিকেট ইতিহাসে আর কখনো দেখা যায়নি।   এই ম্যাচে ভারত আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫০ রানের। ক্যারিবীয়রা সেটাই কি-না তাড়া করে ফেলল ৯ বল হাতে রেখে!   ভারতের ইনিংসের নায়ক ছিলেন সাঞ্জু স্যামসন। তিনি ৪১ বলে ৮২ রান করেন। ইশান কিশান ২২ বলে করেন ৪৩ রান। শেষ দিকে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার আর তিলক ভার্মা। শ্রেয়াস ১৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন। তিলক ১৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। এই চার ব্যাটারের কাজেই ভারত বড় পুঁজি পায়।   রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই চাপে পড়ে। পেসার মায়াঙ্ক যাদব পরপর দুই বলে দুটি উইকেট নেন। কামিল পুরান মাত্র ৫ রানে আউট হন। পরের বলেই ফেরেন হেটমায়ার। তখন ভারতের জয়কেই মনে হচ্ছিল ম্যাচের একমাত্র নিয়তি।   তবে অধিনায়ক শাই হোপ ঘাবড়াননি। তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। নিয়মিত বাউন্ডারি মেরে তিনি রানের গতি ধরে রাখেন। রভম্যান পাওয়েল কয়েকটি চার-ছক্কা মারেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি।   এরপর হোপের সঙ্গে জুটি বাঁধেন শেরফান রাদারফোর্ড। দুজনে মিলে যোগ করেন ৮৪ রান। এই জুটিই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে আনে।   শেষ পাঁচ ওভারে জিততে দরকার ছিল ৬৩ রান। হাতে ছিল ছয় উইকেট। এই সময় মাঠে নামেন রোমারিও শেফার্ড। তার আসায় দলের মারার শক্তি আরও বাড়ে। ভারতের বোলাররা শেষ দিকের ঝড় থামাতে পারেননি।   শেষ তিন ওভারে প্রয়োজনটা নেমে এসেছিল ২৭ রানে, ঠিক তখন ১৮তম ওভার করতে আসা আর্শদীপ সিং দেন ১৭ রান। এতে ওয়েস্ট ইন্ডিজ বড় গতি পেয়ে যায়। পরের ওভারে হোপ দুটি ছক্কা হাঁকান। এভাবেই তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।   হোপ শেষ পর্যন্ত ৪৫ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে এটি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সফল রান তাড়ার কীর্তি।   তবে বড় কীর্তিটা গড়া হয়েছে অন্য জায়গায়। প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড এতদিন ছিল ২৪৪; ২০১৮ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া এই এভারেস্টসম লক্ষ্য তাড়া করে ফেলেছিল সেদিন। গত রাতে ২৫০ রান তাড়া করে সে রেকর্ডটা গত রাতে দুইয়ে ঠেলে দিয়ে বিশ্বরেকর্ডটা গড়ে ফেলেছে উইন্ডিজ।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১০, ২০২৬
সংগৃহীত ছবি
বড় জয়ে সিরিজে শুভসূচনা পাকিস্তানের

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে লাহিরু উদারার ৯১ রানের ইনিংসে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ঝোড়ো ফিফটিতে সাত বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা।   শুক্রবার রাওয়াপিন্ডিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই ছিল আগ্রাসী। নতুন উদ্বোধনী জুটি ফখর জামান ও অধিনায়ক সাহিবজাদা ফারহান মাত্র ৫ ওভারে ৫৪ রান তুলে দুর্দান্ত সূচনা এনে দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ফখরকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন এশান মালিঙ্গা। ১৩ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান করে বিদায় নেন এই অভিজ্ঞ ওপেনার।   ফখরের বিদায়ের পর ৩ নম্বরে মাঠে নামেন বাঁহাতি ব্যাটার মাাজ সাদাকাত। অধিনায়ক ফারহানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯২ রানের চমৎকার এক জুটি গড়ে দলের জয়ের ভিত শক্ত করেন তিনি। দুজনই নিজ নিজ ফিফটি পূরণ করে নেন।   ১৪তম ওভারে মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ হয়ে মাাজ আউট হলে এই ম্যাচজয়ী জুটি ভাঙে। ২৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের কার্যকর এক ইনিংস উপহার দেন তিনি।   এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। হাসান নওয়াজ (১) ও সাইম আইয়ুব (৮) পরপর দুই ওভারে আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৫৬/৪। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের একেবারেই কাছাকাছি নিয়ে যান অধিনায়ক ফারহান। বিদায় নেওয়ার আগে ৫৩ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রানের এক অনবদ্য অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। ১৮তম ওভারে নুয়ান থুশারার বলে আউট হন তিনি।   জয় নিশ্চিতের আগে ১৯তম ওভারের দ্বিতীয় বলে আবারও ধাক্কা খায় পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানকে (০) একটি শর্ট বলে পরাস্ত করে সাজঘরে ফেরান মালিঙ্গা। তবে শেষ পর্যন্ত আর কোনো বিপত্তি হতে দেননি উইকেটকিপার-ব্যাটার খাজা নাফে। ১৯তম ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি (১২ রান, অপরাজিত)।   শ্রীলঙ্কার বল হাতে মাহিশ থিকশানা ও এশান মালিঙ্গা ২টি করে উইকেট নেন। এছাড়া দুশমন্থ চামিরা ও নুয়ান থুশারা পান ১টি করে উইকেট।   এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সফরকারী শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ অবদান রাখেন উদারা, ১৯তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে লঙ্কানদের বড় স্কোরের পথ দেখান তিনি। অথচ শুরুটা মোটেও ভালো ছিল না শ্রীলঙ্কার; দলীয় মাত্র ৯ রানের মাথায় প্রথম ওভারেই বিদায় নেন অধিনায়ক কুশল মেন্ডিস (১)।   ১৮ রানে দুই উইকেট হারানোর পর উদারার সঙ্গে জুটি গড়েন কামিন্দু মেন্ডিস। জোড়া ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৬০ রানের এক পাল্টা আক্রমণের জুটি গড়ে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই দুজন।   এরপর ছয়ে নামা দাসুন শানাকা (১৫ বলে ১৮) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেনি লঙ্কান কোনো ব্যাটারের।    পাকিস্তানের পক্ষে বল হাতে সেরা পারফরমার ছিলেন নাসিম শাহ; ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ইমরান ২টি এবং সাইম, শাদাব ও রাজাউল্লাহ ১টি করে উইকেট নেন। একই মাঠে আগামী রোববার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১০, ২০২৬
সংগৃহীত
টস জিতে আফগানিস্তানকে বোলিংয়ে পাঠাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ।   টস জিতে আগে ব্যাট করার কারণ জানিয়েছেন শান্ত। তিনি বলেছেন, ‘উইকেট বেশ শুকনো দেখাচ্ছে। এখানকার আবহাওয়া বেশ গরম। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ব্যাটারদের জন্য একটু কঠিন হবে।’   বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স ও ধারাবাহিকতা নিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই, আমার মনে হয় আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। তবে দল হিসেবে আমাদের যথেষ্ট ধারাবাহিক হতে হবে। নিজেদের দক্ষতা দেখানোর আরেকটি সুযোগ এটি। আমি আশা করি, ছেলেরা গত কয়েক দিন ভালো প্রস্তুতি নিয়েছে। আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’   আফগান স্পিন আক্রমণের মোকাবেলা নিয়ে শান্ত বলেছেন, ‘তারা খুব ভালো দল, এটা আমরা সবাই জানি। তাদের কিছু মানসম্পন্ন স্পিনারও আছে। তাই দেশে যেভাবে অনুশীলন করি, এখানেও একইভাবে করেছি। আমাদেরও কিছু মানসম্পন্ন স্পিনার আছে। প্রস্তুতি নিয়ে আমরা বেশ খুশি। আশা করি, আমরা ভালো ক্রিকেট খেলব।’   উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়ে তিনি বলেছেন, ‘উইকেট শুকনো দেখাচ্ছে। আমার মনে হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনে বল ঘুরতে শুরু করবে। তখন উইকেট এখানকার স্বাভাবিকের চেয়ে একটু ধীর হয়ে যাবে।’   বোলিং সমন্বয় নিয়ে শান্ত জানিয়েছেন, ‘আমরা তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছি।’

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা নিশ্চিত

ভারতে গিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না পাকিস্তান। তাদের পরিবর্তে ছয় দলের এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বাংলাদেশ।      আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে বসবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলো হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।       এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল বলেছেন, ‌‌‌‌‌‌‌‘পাকিস্তান হকি দল ভারতে খেলতে যাবে না। যে কারণে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তাব দিয়েছিল খেলতে চাই কিনা। আমরা খেলার সম্মতি দিয়েছি। ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে।’       আসলে সীমান্ত নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত- পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্ধ। সেই দ্বন্দ্বের কারণে ২০০৮ সালের পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিচ্ছে না ভারত-পাকিস্তান। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেখা যাচ্ছে।     টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল হলো-ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। শুরুতে টুর্নামেন্টে পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। তবে দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া না মেলায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।       পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে মূল পর্বে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আগে রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। ওমানও ছিল রিজার্ভ তালিকায়। কোনো দল সরে দাঁড়ালে যাতে ছয় দল নিয়েই প্রতিযোগিতা আয়োজন করা যায়, সে পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হয়েছিল রিজার্ভ দল।

মারিয়া রহমান অক্টোবর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
মেসিকে বিদায় জানিয়ে রোকুজ্জোর হৃদয়ছোঁয়া বার্তা

বুয়েনস আয়ার্সে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের বর্ণিল জয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্টে এক স্মরনীয় রাত উপহার দিয়েছেন এই মহাতারকা।    ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মেসির উদ্দেশ্যে আবেগপ্লুত বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।   ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে রোকুজ্জো লেখেন, আর্জেন্টিনা দলের জার্সিতে মেসির ব্যক্তিত্ব, নম্রতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের কারণেই তিনি বিশ্বজুড়ে মানুষের এত ভালোবাসা ও সম্মান অর্জন করতে পেরেছেন।   মেসির এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করার পাশাপাশি তিনি মেসিকে ধন্যবাদও জানান।   আন্তোনেলা লেখেন, ‘কিছু রাত থাকে যা পুরো জীবনের গল্প বলে দেয়। গতকালের রাতটি ছিল তেমনই এক রাত। তোমাকে ঘিরে এত ভালোবাসা, মানুষের অগাধ কৃতজ্ঞতা প্রকাশ দেখতে কী যে সুন্দর লাগছিল! এই ভালোবাসা তোমার নিজের অর্জিত। নিজের ব্যক্তিত্ব, নম্রতা, দেশের প্রতি কমিটমেন্ট আর এই জার্সিটার প্রতি উজাড় করে দেওয়া হৃদয় দিয়ে তুমি এটা গড়েছ।’    তিনি আরও যোগ করেন, ‘তোমার পাশে থেকে এই পথ চলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের। জীবনের এত বড় একটা অধ্যায় তুমি যেভাবে শেষ করলে, তা দেখে সত্যি রোমাঞ্চিত। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ! আমরা তোমাকে অনেক ভালোবাসি, লিও মেসি। সবসময় তোমার পাশে আছি।’   প্রসঙ্গত, মেসির এই বিদায়ী ম্যাচ এবং এর আবহজুড়ে ছিল আবেগঘন মুহূর্ত।    বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান থেকে শুরু করে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো নিয়ে বিশেষ ড্রোন শো—সবমিলিয়ে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় এই আর্জেন্টাইন জাদুকরকে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলে মেসির স্থানও চিরস্মরণীয় হয়ে থাকবে। 

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে মেসিকে দেখতে চান অনেকে!

ফুটবল মাঠের সব রূপকথার চিত্রনাট্য লেখা শেষ করে সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে মাঠের সবুজ গালিচা ছাড়তে না ছাড়তেই মহাতারকাকে ঘিরে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক গুঞ্জন। ফুটবলের রাজত্ব শেষে এবার কি তবে দেশের রাজত্বে মন দেবেন ‘এলএম টেন’?   গত জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ঘিরে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে। বিশেষ করে আজ বেনিনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর থেকে যেন বিষয়টি আবারও নতুন করে আলোচনায় উঠে আসে।   যেখানে এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তা চমকপ্রদ তথ্য দিয়ে দাবি করেছেন, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হতে পারেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার।   কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এই আলোড়ন সৃষ্টিকারী দাবিটি করেন।   জিয়াং জানান, মেসি অদূর ভবিষ্যতেই পেশাদার রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেবেন এবং শেষ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটি শাসন করার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হবেন।   প্রফেসর জিয়াংয়ের দাবি, তিনি সচরাচর ‘গেম থিওরি’ ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বিশ্ব ভূ-রাজনীতির বিভিন্ন জটিল ঘটনা বিশ্লেষণ করেন। এর আগেও তার বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যদিও এই প্রফেসরের পেশাগত পরিচয় কিংবা তার পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীনভাবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।   আর্জেন্টিনার রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করতে গিয়ে জিয়াং আরো একধাপ এগিয়ে দাবি করেন, মেসি যদি কোনো দিন দেশটির প্রেসিডেন্ট হন, তবে তিনি প্রায় দুই দশক ধরে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেন নিজেকে।     তবে তার এই দীর্ঘ শাসনকালে আর্জেন্টিনার জাতীয় স্বার্থের জন্য বেশ কিছু ক্ষতিকর ও বিতর্কিত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলেও মনে করেন তিনি। বিজ্ঞানী জিয়াংয়ের মতে, মেসি রাষ্ট্রপতি হলেও ক্ষমতার প্রকৃত কলকাঠি এবং পর্দার আড়ালের মূল প্রভাব বজায় রাখবেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও চরম ডানপন্থি নেতা হাভিয়ের মিলেই।   তথ্যসূত্র : ইয়াহু স্পোর্টস

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
রিয়াদের ৮ ছক্কার ঝড়, তবু হারল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অজিদের তোলা ২০৩ রানের জবাবে ইনিংস থেমেছে ১৬৬ রানে।    টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার।    চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন বার্নস। এরপর ক্রিজে আসেন কালাম ফার্গুসন। ওয়ার্নার এবং ফার্গুসনের জুটিতে ভর করে গতি পায় অজিদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। ফিফটি ছুঁয়ে ফেলেছেন ওয়ার্নার।   ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক প্রান্তে টিকে ছিলেন ফার্গুসন। ফিফটিও তুলে নিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের বোলারদের তুলোধুনো করেন তিনি। রান বের করেছেন দ্রুত গতিতে।   শেষ দিকে বেন ডাঙ্কও ছিলেন দারুণ সাবলীল। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। অজিরা ছুটেছে দুইশ রানের পুঁজির দিকে। ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফার্গুসন, দলের রান তখন ১৭৭। শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ডাঙ্ক। ২৪ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।   বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট তুলেছেন রুবেল হোসেন। জবাব দিতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রনি। ইমরুল টিকে ছিলেন।    উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছুটেছেন দারুণ গতিতে। ইমরুল-রাব্বির ব্যাটে ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ। দলের ৭১ রানের মাথাতে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমরুল। ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি, মিস করেছেন ফিফটি। পরের ওভারেই ফিরেছেন রাব্বি। ২০ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।   এরপর যেন ধস নামে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন রিয়াদ। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি।   ফিফটির পরেও চলেছে রিয়াদের তাণ্ডব। দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। শেষ দিকে জয়ের আশা ছিল না বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৫১ রান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নিতে পেরেছে ১৩ রান। ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে টাইগাররা, ৩৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া। রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সাথে হাঁকিয়েছেন ৮ ছক্কা।   অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেছেন ফাওয়াদ আহমেদ। ১টি করে উইকেট তোলেন ড্যাসি শর্ট, কেইন রিচার্ডসন এবং বেন হিলফেনহাস।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত
নতুন অধিনায়কের নাম ঘোষণা করে চমক দিল ভারত

হারমানপ্রীত কৌরের পর প্রত্যাশিতভাবেই ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা। তবে বিসিসিআই চমকটা দিয়েছে হারমানপ্রীতের পদত্যাগের দিনেই তার উত্তরসূরি হিসেবে স্মৃতির নাম ঘোষণা করে। এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন টিম ইন্ডিয়ার এই বাঁহাতি ওপেনার। এবার তার কাঁধেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার।   আজ মঙ্গলবার সকালেই হারমানপ্রীত ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন। তার নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারী দল। প্রথমবার বিশ্বকাপ এসেছে তারই অধিনায়কত্বে। মাত্র কয়েক দিন আগে তার নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। তবে সূত্র বলছে, বিসিসিআইয়ের সঙ্গে মতানৈক্যের জেরে তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করে হারমানপ্রীত লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপস করেছি অধিনায়ক হিসেবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’   বোর্ড সূত্র বলছে, হারমানকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে রাখলেও টি-২০ থেকে তাকে সরাতে চেয়েছিল বোর্ড। সেই প্রস্তাব যেতেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক একসঙ্গে ৩ ফরম্যাটের অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ১২ ঘণ্টা পার হওয়ার আগেই নতুন অধিনায়ক হিসাবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করে দিল বোর্ড। অবশ্য হারমানের পর স্মৃতিই যে অধিনায়ক হবেন, সেটা প্রত্যাশিতই ছিল। বর্তমান ভারতীয় দলে অভিজ্ঞতার নিরিখে একেবারে প্রথম সারিতে। তাছাড়া ব্যাটার ও ওপেনার হিসাবে তিনি যথেষ্ট নির্ভরযোগ্য।   স্মৃতি মান্ধানা অধিনায়ক হিসেবেও একেবারে অনভিজ্ঞ নন। আপাতত তিনি মহিলাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তাছাড়া আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্বও সামলেছেন। তাতে ৪ ওয়ানডেতে চারটিই জিতেছে ওমেন ইন ব্লু। আবার ১৮টি টি-২০ ম্যাচের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে ভারত।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৭, ২০২৬
সংগৃহীত ছবি
এশিয়াডে ভারতের দাপট, ২১ সোনাসহ ঝুলিতে ৮৫ পদক

শেষ হয়ে গেল ২০২৬ সালের এশিয়ান গেমস। জাপানে আয়োজিত প্রতিযোগিতায় শেষ পর্যন্ত চার নম্বরে শেষ করল ভারত। শীর্ষে চীন। দ্বিতীয় স্থানে জাপান। তিন নম্বরে দক্ষিণ কোরিয়া। তবে দু’দিন আগেও মনে হচ্ছিল, ভারত প্রথম দশের বাইরে শেষ করবে। শেষ তিন দিনেই অনেকটা এগিয়ে যায় ভারত।   এবারের এশিয়ান গেমসে ভারত মোট ৮৫টি পদক জিতেছে। তার মধ্যে ২১ সোনা, ২৭ রুপো ও ৩৭ ব্রোঞ্জ। গতবার এশিয়ান গেমসে ভারত মোট ১০৬ পদক জিতেছিল। তার মধ্যে ২৮ সোনা, ৩৮ রুপো ও ৪০ ব্রোঞ্জ। সেটাই ছিল এশিয়াডে ভারতের সেরা পারফরম্যান্স। দ্বিতীয় সেরা পারফরম্যান্স এল এবার।   এ বার ভারত মোট ২০ খেলায় পদক জিতেছে। সেগুলো হল- তিরন্দাজি — ৯ পদক (৫ সোনা, ২ রুপো, ২ ব্রোঞ্জ) বক্সিং — ৬ পদক (৩ সোনা, ০ রুপো, ৩ ব্রোঞ্জ) শুটিং — ১৫ পদক (৩ সোনা, ৮ রুপো, ৪ ব্রোঞ্জ) ক্রিকেট — ২ পদক (২ সোনা, ০ রুপো, ০ ব্রোঞ্জ) হকি — ২ পদক (২ সোনা, ০ রুপো, ০ ব্রোঞ্জ) কবাডি — ২ পদক (২ সোনা, ০ রুপো, ০ ব্রোঞ্জ) কুস্তি — ৬ পদক (২ সোনা, ২ রুপো, ২ ব্রোঞ্জ) অ্যাথলেটিক্স — ২৪ পদক (১ সোনা, ৯ রুপো, ১৪ ব্রোঞ্জ) গল্‌ফ — ২ পদক (১ সোনা, ১ রুপো, ০ ব্রোঞ্জ) ব্যাডমিন্টন — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) কুরাশ — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) মিক্সড মার্শাল আর্ট — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) রোয়িং — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) সেলিং — ৩ পদক (০ সোনা, ১ রুপো, ২ ব্রোঞ্জ) সেপাকটাক্র — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) সফ্‌ট টেনিস — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) স্কোয়াশ — ৫ পদক (০ সোনা, ২ রুপো, ৩ ব্রোঞ্জ) টেবল টেনিস — ১ পদক (০ সোনা, ০ রুপো, ১ ব্রোঞ্জ) ভারোত্তোলন — ১ পদক (০ সোনা, ১ রুপো, ০ ব্রোঞ্জ) উশু — ১ পদক (০ সোনা, ১ রুপো, ০ ব্রোঞ্জ)

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৪, ২০২৬
সংগৃহীত ছবি
ক্রোয়েশিয়াকে উড়িয়ে ৭ গোলের বড় জয় ইংল্যান্ডের

উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক গোল উৎসব করেছে ইংল্যান্ড। টমাস টুখেলের দল ক্রোয়েশিয়ার জালে গোল দিয়েছে সাতটি, বিপরীতে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকরা।   ৭-০ গোলের এই বিশাল জয় ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসে তাদের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড।   ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে ইংলিশরা। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। এরপর ৩৯ মিনিটে অ্যান্থনি গর্ডন এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে, অর্থাৎ ৪৫ মিনিটে গোল করেন বুকায়ো সাকা। ফলে প্রথমার্ধেই চার-শূন্য ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ইংল্যান্ড।   বিরতির পর ফিরেও ইংল্যান্ডের আক্রমণের ধার কমেনি। ক্রোয়েশিয়াকে পুরোপুরি কোণঠাসা করে রেখে আরও তিনটি গোল আদায় করে নেয় টুখেলের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুজনেই নিজেদের দ্বিতীয় গোল করে জোড়া গোল পূর্ণ করেন। এই জোড়া গোলের সুবাদে জাতীয় দলের জার্সিতে হ্যারি কেইনের গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ঊননব্বইয়ে। এছাড়া প্রথম একাদশে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কেড়েছেন ২৩ বছর বয়সী তরুণ মিডফিল্ডার অ্যালেক্স স্কট।   ম্যাচজুড়ে একদমই নিষ্প্রভ ছিলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ও দলটির কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদরিচ। স্কোরলাইন পাঁচ-শূন্য হওয়ার পর ৫৭ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। নিজের বর্ণিল ক্যারিয়ারে এমন হতাশার রাত খুব কমই দেখেছেন এই ক্রোয়াট তারকা। টুখেলের কৌশলগত এই দুর্দান্ত জয়ে নেশনস লিগে ইংল্যান্ডের বর্তমান ফর্ম নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৪, ২০২৬
সংগৃহীত
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেল বাংলাদেশ হকি দল

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। ২০তম এশিয়ান গেমসের পুল-এ ম্যাচে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়।     ম্যাচের ষষ্ঠ মিনিটে ফাথুর মোচামাদের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। তবে এর পাঁচ মিনিট পরই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।       ৩১তম মিনিটে আবারও গোল করেন আমিরুল। এতে এগিয়ে যায় বাংলাদেশ। এর ছয় মিনিট পর দারুণ একটি ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান রাসেল মাহমুদ জিমি।       এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজকের জয় সেই ধারাবাহিকতারই অংশ।       তার আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ।       গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াই এখনো বাকি। ২৮ সেপ্টেম্বর পুল-এর শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৬, ২০২৬
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ড ওহাশির

এশিয়া গেমসে পুরুষদের সাঁতারে ঘরের পুলে বিশ্বরেকর্ড গড়েছেন জাপানের শিন ওহাশি। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই সাঁতারু।     বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড, যা আগের বিশ্বরেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম।     এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন। ওহাশিই প্রথম পুরুষ সাঁতারু, যিনি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময় নিলেন।     ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওহাশির এই রেকর্ড গড়ার ঠিক এক দিন আগে চীনের ১৩ বছর বয়সী খুদে সাঁতারু ইউ জিদি নিজের অভিষেক এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক (হ্যাটট্রিক) জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।   এই দুই টিনেজ সাঁতারুর দুর্দান্ত পারফরম্যান্স চলতি এশিয়ান গেমসের সাঁতার প্রতিযোগিতায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।     বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে পুলে নেমেছিল উল্লেখ করে ওহাশি বলে, ‘আমার লক্ষ্য ছিল, তাই এটা পেয়ে আমি খুবই আনন্দিত। সমর্থকদের, পরিবারকে এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’   পরবর্তী লক্ষ্য হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা বলে যোগ করেন তিনি।     রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে ছিলেন। আর দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।     এবারের এশিয়ান গেমসে ওহাশি যে দুর্দান্ত কিছু করে ফেলতে পারেন, সেই সম্ভাবনার কথা লিওঁ মারশাঁই কয়েক দিন আগে বলেছেন। ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ টেনে বলেছিলেন, ‘আমি ভয় পাচ্ছি। ওকে নিয়ে আমি সত্যিই খুব ভয় পাচ্ছি।’

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত
১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদকের গৌরব জিন্নাতের

এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের হয়ে পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। ইন্দোনেশিয়ার প্রতিযোগী ইনা ফ্লোরেন্তিনা কোয়ার্টার ফাইনালে ডিসকোয়ালিফাইড হওয়ায় তার ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।     উশু ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তা নিশ্চিত করেছে।    ৫২ কেজি ওজন শ্রেণিতে এই সাফল্য এনে দিলেন তিনি। তবে এখানেই থামছেন না লাল-সবুজের এই প্রতিনিধি। বুধবার রুপা ও সোনার জন্য লড়াই করবেন তিনি।       ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই আসরে ব্যক্তিগত ইভেন্টে এটাই বাংলাদেশের একমাত্র অর্জন ছিল। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে এখন মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত। 

মারিয়া রহমান সেপ্টেম্বর ২২, ২০২৬
ছবি : সংগৃহীত
চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমসে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে ইতিহাস গড়ার পথেই রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার এক রোমাঞ্চকর ও স্নায়ুক্ষয়ী ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় কাবাডি দল।     এই জয়ের ফলে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার একেবারে দোড়গোড়ায় পৌঁছে গেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ২৪-২০ পয়েন্টে এগিয়ে থেকে মাঠ ছাড়লেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। ম্যাচের একপর্যায়ে খেলা ৩৭-৩৭ পয়েন্টে সমতায় রূপ নিলে গ্যালারিতে তীব্র উত্তেজনা ছড়ায়। তবে শেষ মুহূর্তের খেলায় নিয়ন্ত্রণ নিলে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।     গত এশিয়ান গেমসে এই চাইনিজ তাইপের কাছে হেরেই ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। ফলে আজকের এই জয়টি যেন এক মধুর প্রতিশোধ।     এর আগে দিনের শুরুতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ। একই দিনে টানা দুই জয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে লাল-সবুজের দল।     কাবাডির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর), যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জাপান। এই ম্যাচে জাপানকে হারাতে পারলেই কোনো সমীকরণ ছাড়াই সরাসরি সেমিফাইনাল তথা এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয় নিশ্চিত হয়ে যাবে। এরপর ২৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পরাশক্তি ভারতের মুখোমুখি হবে তারা।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২১, ২০২৬
ছবি: সংগৃহীত
যে ভাবনায় বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে প্রস্তুত রাফিনিয়া

নেতৃত্বভার কাঁধে নিয়ে নুইয়ে পড়েননি হাফিনিয়া, বরং বল পায়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি। নতুন মৌসুমের শুরু থেকে গোলের পর গোল করে চলেছেন। দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণাও দিলেন ব্রাজিলিয়ান তারকা।   সেই সঙ্গে জানালেন মনের একটা ইচ্ছার কথাও, সম্ভব হলে কাম্প নউয়েই ক্যারিয়ারে ইতি টানতে চান ২০ বছর বয়সী ফরোয়ার্ড।   গত মৌসুমে চোটে বেশ ভুগতে হয় হাফিনিয়াকে। এর কিছুটা প্রভাব পড়ে তার পারফরম্যান্সে; ক্লাবের হয়ে ওই মৌসুমে কেবল ৩৩টি ম্যাচ খেলতে পারেন তিনি, গোল করেন ২১টি। দেশের হয়ে জুন-জুলাইয়ের বিশ্বকাপেও আরেক দফা চোট পেয়ে ছিটকে যান তিনি।   তবে সব ধাক্কা সামলে এবার অসাধারণভাবে এগিয়ে চলেছেন হাফিনিয়া। লা লিগায় ছয় ম্যাচের পাঁচটি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতেই জালের দেখা পেয়েছেন তিনি। মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ১১টি, করিয়েছেন তিনটি।   দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পেরে নিজেও যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হাফিনিয়া। আরএসি ওয়ান-এর সঙ্গে আলাপকালে ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ইচ্ছাও প্রকাশ করলেন তিনি।   “আমি এর আগে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলাম এই ভাবনায় যে, তখন আমার বয়স হয়ে যাবে ৩০ কিংবা ৩১ বছর এবং তখন আমি জানতামও না যে, আমি কী অবস্থায় থাকব।   “তবে এই মৌসুমে যেভাবে আমি শুরু করেছি, সেই বিবেচনায় আমি বুঝতে পারছি যে, আমি আরও বেশ কয়েক বছর খেলতে পারব। তাই হ্যাঁ, চুক্তির মেয়াদ আরেকটু বাড়াতে পারলে এবং অন্য কোথাও না গিয়ে এখানে ক্যারিয়ার শেষ করতে পারলে খুশিই হব।”   লিগে পরের ম্যাচে শনিবার সেভিয়ার মাঠে খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ১৯, ২০২৬
সংগৃহীত ছবি
ভারত-আফগানিস্তান ম্যাচসহ আজ টিভিতে যত খেলা

ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনাল আজ মুখোমুখি আলেকসান্দার জভেরেভ ও বেন শেলটন। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ডার্বি। এছাড়াও ভারতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের ম্যাচ আছে। ছেলেরা আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আর মেয়েরা শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে লড়বে।    ইউএস ওপেন: পুরুষ ফাইনাল জভেরেভ–শেলটন রাত ১২টা, স্টার স্পোর্টস ১ ও ২   ১ম টি–টুয়েন্টি ভারত–আফগানিস্তান রাত ৮টা, সনি স্পোর্টস ৫   নারী এশিয়া কাপ: ফাইনাল ভারত–শ্রীলঙ্কা রাত ৮–৩০ মি., টি স্পোর্টস   ইংলিশ প্রিমিয়ার লিগ কভেন্ট্রি–ব্রাইটন সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১   ম্যানচেস্টার ইউনাইটেড–ম্যানচেস্টার সিটি রাত ৯–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১   লা লিগা সেল্তা–মালাগা সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস/ট্যাপম্যাড   লেভান্তে–বার্সেলোনা রাত ৮–১৫ মি., টি স্পোর্টস/ট্যাপম্যাড   সোসিয়েদাদ–আতলেতিকো রাত ১টা, টি স্পোর্টস/ট্যাপম্যাড

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত
২০৩০ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে হামজা

২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলবেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম।   আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন আবদেলকারিম। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।   ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেন এই মিশরীয় ফরোয়ার্ড। মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলার কথা থাকলেও খুব দ্রুতই নজর কাড়েন তিনি। ৮ মার্চ উস্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন আবদেলকারিম।   মাত্র ছয়টি লিগ ম্যাচে নয় গোল করেন তিনি। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের জয়ে হ্যাটট্রিকও করেন। ওই ম্যাচেই বার্সেলোনা División d’Honor শিরোপা নিশ্চিত করে।   ২০২৬ সালের গ্রীষ্মে আবদেলকারিমকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। এরপর হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও হন এই ফরোয়ার্ড।   গত ৩১ আগস্ট স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় আবদেলকারিমের।

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ১২, ২০২৬
১৭ বছর বয়সে সেঞ্চুরির স্মৃতি স্মরণ করলেন আশরাফুল

মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছিলেন মোহাম্মদ আশরাফুল। সেই সেঞ্চুরির ২৫ বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই ঐতিহাসিক ইনিংসের স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের সাবেক এই তারকা ক্রিকেটার।   সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল লিখেছেন, ‘২৫ বছর… সময়টা কীভাবে পেরিয়ে গেল, ভাবতেই অবাক লাগে!   ২০০১ সালের এই দিনে, মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সেঞ্চুরিটা ছিল শুধু একটা ইনিংস নয়—আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের শুরু।   সেদিন ব্যাট হাতে মাঠে নামা সেই কিশোরটা জানত না, তার এই ইনিংসটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে এতটা জায়গা করে নেবে। সেই মুহূর্ত, সেই ভালোবাসা, সেই উচ্ছ্বাস—আজও আমার চোখে ভাসে।   ২৫ বছর পরও যখন মানুষ সেই ইনিংসের কথা মনে রাখে, তখন মনে হয়—ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই।   যারা সেদিন পাশে ছিলেন, যারা আজও ভালোবাসেন—আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা চিরদিনের।   বাংলাদেশের ক্রিকেটের সেই ছোট্ট আশরাফুলটা আজও আমার ভেতরে বেঁচে আছে।’   আশরাফুল বর্তমানে জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ১০, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

খেলাধুলা

লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১২, ২০২৬