তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে, তাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদেরও নাম রয়েছে। ব্যবসায়ী মহলে এসব ব্যবসায়ীর রয়েছে ইতিবাচক ভাবমূর্তি। আবার তালিকায় এমন কয়েকজন ব্যবসায়ীর নাম রয়েছে, যাঁদের রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। ফলে এ তালিকা নিয়ে আলোচনা–সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। শেল্টেক্ গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ও তাঁর মা রাশিদা আহমেদের ব্যাংক হিসাবও জব্দ করেছে এনবিআর। এই দুজনের রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তৈরি পোশাক, বস্ত্র, সিরামিক, আবাসনসহ বিভিন্ন খাতের ব্যবসার সঙ্গে যুক্ত শেল্টেক্ গ্রুপের দ্বিতীয় প্রজন্মের তরুণ ব্যবসায়ী তানভীর আহমেদের ইতিবাচক ভাবমূর্তি রয়েছে ব্যবসায়ী মহলে। তাঁর বাবা দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্রুপের সঙ্গে একসময় ব্যবসায়িক অংশীদার ছিলেন কুতুবউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে। সাড়ে চার বছর আগে ব্যবসায়িকভাবে তাঁরা আলাদা হলেও সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের সঙ্গে আগের সূত্র ধরেই তানভীর আহমেদ ও তাঁর মায়ের ব্যাংক হিসাবও জব্দ করেছে এনবিআর। জানতে চাইলে শেল্টেক্ গ্রুপের এমডি তানভীর আহমেদ বলেন, ‘যাচাই-বাছাই করে তালিকায় নাম দিলে হয়রানির ঘটনা ঘটত না। আমাদের মতো একটা প্রতিষ্ঠানের আজকের অবস্থানে আসতে ৪০ বছর সময় লেগেছে। অভিযোগ থাকলে আমাদের সঙ্গে কথা বলা যেত। আমরা যদি সহায়তা না করতাম, তাহলে ব্যবস্থা নিত। আশা করি, দ্রুত যাচাই করে বিষয়টির সমাধান করা হবে।’ এনভয় গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। একই সঙ্গে সালাম মুর্শেদী, তাঁর স্ত্রী শারমিন সালাম এবং মেয়ে শেহরীন সালামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর সালাম মুর্শেদী গ্রেপ্তার হলে তাঁর দুই সন্তান শেহরীন সালাম ঐশী ও ইশমাম সালাম বর্তমানে ব্যবসা দেখভাল করছেন। পোশাক খাতের আরেক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন ও তাঁর সন্তানদেরও রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার নেই বলে ব্যবসায়ীরা জানান। তাঁদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আবার তুসুকা গ্রুপের একজন উদ্যোক্তা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে সংসদ সদস্য থাকার সূত্র ধরে গ্রুপটির অন্য তিনজন উদ্যোক্তাসহ আটজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। যদিও এই তিন উদ্যোক্তা রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের একজন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি আরশাদ জামাল। ব্যবসায়ী মহলে উদ্যোক্তা হিসেবে তাঁরও রয়েছে ইতিবাচক ভাবমূর্তি। পোশাকের বাইরে এই গ্রুপটি এয়ারলাইনস ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক হিসাব জব্দের বিষয়ে একাধিক ব্যবসায়ী জানান, সব সরকারের আমলেই পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলনে বাইরে থেকে ইন্ধনের অভিযোগ ওঠে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে এ প্রবণতা বেশি ছিল। তখন দেশি-বিদেশি ইন্ধনের অভিযোগও করা হতো। যদিও এ ধরনের অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সামনে আনা হতো না। এবার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে দুই শতাধিক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের ঘটনা নজিরবিহীন। এভাবে ঢালাও পদক্ষেপ না নিয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে তাতে কারও আপত্তি থাকত না। এভাবে ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টিও সামনে আসত না। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে এক সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শ্রমিক আন্দোলনের মুখে গত রোববার মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বিদ্যমান পরিস্থিতি নিয়ে শিল্পমালিকেরা গত সপ্তাহে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে। সেখানে তিনি শ্রমিকদের এ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ করেন। গত সোমবার সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশিল্পের মালিকেরা যাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরাও অস্থিরতা সৃষ্টি পেছনে কাজ করেছেন। দুঃখজনক বিষয় হলো এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পর গত সপ্তাহে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের একাধিক কর্মকর্তা। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পৃথকভাবে এই তালিকা করেছে। এর মধ্যে আইটিআইআইইউর একটি তালিকা এসেছে। এতে দেখা যায়, ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ জন ব্যবসায়ী। আর প্রতিষ্ঠানগুলো সাতটি শিল্প গ্রুপের; যার মধ্যে একাধিক গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। ৬৭ জন ব্যবসায়ীর মধ্যে ৬ জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে সংসদ সংসদ ছিলেন। দুজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে ছিলেন। এই আটজনের স্ত্রী, ভাই ও ব্যবসায়ী অংশীদারদের নামও রয়েছে তালিকায়। এর বাইরে একটি অংশ শীর্ষস্থানীয় ব্যবসায়ী। জানতে চাইলে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক গতকাল বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে। তবে ভালো করে তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দিলে কারও কোনো আপত্তি থাকবে না। ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ ও তলবের মতো উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাও থাকে তাতে। সরকারের প্রতি আহ্বান, প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ কেউ যেন হয়রানির মুখে না পড়েন। রাজনৈতিক যোগসূত্রকে প্রাধান্য পোশাক খাতে অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের একটি মণ্ডল গ্রুপ। গত ২০২৫-২৬ অর্থবছরে ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে তারা। এ গ্রুপে কাজ করেন প্রায় ৫০ হাজার কর্মী। গ্রুপটির ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি গ্রুপের চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলিম মণ্ডল, পরিচালক জোবায়ের মণ্ডল, আসাদুর রহমানসহ ১৯ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গ্রুপটির চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে। চট্টগ্রামের ওয়েল গ্রুপের তিন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি গ্রুপটির চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক সৈয়দ নুরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ শহীদুল ইসলাম, সৈয়দ তারিকুল ইসলামসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর ভাই সৈয়দ নুরুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ছিলেন, বর্তমানে কারাবন্দী। ওয়েল গ্রুপের তৈরি পোশাক, বস্ত্র ও প্রক্রিয়াজাত খাদ্যের ব্যবসা রয়েছে। এ ছাড়া গিভেন্সি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও গ্রুপের চেয়ারম্যান খতিব আবদুল জাহিদসহ চারজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আবদুল জাহিদ আওয়ামী লীগের কোনো পদে ছিলেন কি না, তা বিজিএমইএ নেতারাও জানেন না। উত্তরার নিপা গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরীসহ চারজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। খসরু চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে আছেন। এ ছাড়া বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক এস এম আবদুল মান্নান ও তাঁর পরিবারের সদস্য ফরিদা মান্নানের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর। মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও তাঁর পরিবারের সদস্য ফরিদা ইলিয়াসের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। স্বচ্ছ ব্যবসায়ীরাও তালিকায় আশির দশকে যাত্রা শুরু করা স্ট্যান্ডার্ড গ্রুপ দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক শিল্প গ্রুপ। গ্রুপটির তিনটি প্রতিষ্ঠানের হিসাব তলব এবং গ্রুপের প্রতিষ্ঠাতা এ কে এম মোশাররফ হোসেন ও আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসনাত মোশাররফসহ আটজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জানতে চাইলে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি হাসনাত মোশাররফ বলেন, ‘এনবিআর খুবই অন্যায্যভাবে আমাদের নাম তালিকায় দিয়েছে। আমরা কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। অন্য অনেক কারখানার পাশাপাশি আমাদের কারখানার শ্রমিকেরাও আন্দোলনে নেমেছে। তার মানে এই নয় যে আমরা শ্রমিকদের ইন্ধন দিয়ে রাস্তায় নামিয়েছি। এটা কোনোভাবেই সম্ভব নয়।’ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান ব্যবসায়িক অংশীদার হওয়ায় তুসুকা গ্রুপও বিপদে পড়েছে। গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব এবং পরিচালক ফয়জুর রহমান, আরশাদ জামাল, রেফায়েত উল্লাহ, ফিরোজ আলমসহ নয়জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ফয়জুর রহমান গ্রেপ্তার হন। এখন অন্য অংশীদারেরা ব্যবসায় যুক্ত রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তুসুকা গ্রুপের একজন পরিচালক বলেন, গত বৃহস্পতিবার ব্যাংকের মাধ্যমে কর্মীদের বেতন স্থানান্তর করা হয়েছে। তবে একটা অংশ বেতন পাননি। কারণ, কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কারখানায় ২০–২৫ হাজার শ্রমিক কাজ করেন। একদিন উৎপাদন বন্ধ থাকলে এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়। তিনি আরও বলেন, গ্রুপের চার উদ্যোক্তার একজন রাজনীতির সঙ্গে যুক্ত। অন্য তিনজন কখনো রাজনীতি করেননি। তাঁদেরও ব্যাংক হিসাব জব্দ। এ ধরনের উদ্যোগে বিদেশি ক্রেতাদের কাছে প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক বার্তা যেতে পারে। সার্বিক বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চূড়ান্ত অভিযোগ আনার আগে ভালোভাবে তদন্ত করা উচিত। এরপরই ব্যবস্থা নেওয়া যুক্তিযুক্ত। আমরা এখনো পুরো তালিকা পাইনি। এরপরও আমরা বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে যোগাযোগ করব।’
শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় ঢাকার কাঁচাবাজারগুলোতে তরিতরকারির দাম কমতে শুরু করেছে। কয়েকটি সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ডিমের দামও আরও কিছুটা কমেছে; তবে গত সপ্তাহের মতই আছে মাছ-মাংসের বাজার। শুক্রবার ঢাকার রায়েরবাগ, মতিঝিল, সেগুনবাগিচা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। সবজির দাম কমছে ক্রেতা-বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী, সবচেয়ে বেশি কমেছে শিম, লাউ ও ফুলকপির দাম। শুক্রবার ঢাকার কাঁচাবাজারগুলোতে শিমের কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা। এদিন সেগুনবাগিচা কাঁচাবাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। চিচিঙ্গা ৫০ টাকা কেজি এবং লাউ প্রতিটি কেনাবেচা হচ্ছিল ৫০ থেকে ৬০ টাকায়। মতিঝিল বাজারে লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতা সাইফুল ইসলাম। এ বাজারে পেঁপে ২০ টাকা, মুলা ৪০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, দুন্দুল ৫০ টাকা, করলা ৭০ টাকা ও বরবটি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কর্মজীবী নারী মরিয়ম আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সময়ে তো ফুলকপি একটু মজা লাগে। বাজারে সবজি আছে প্রচুর। দাম ঠিকই আছে, এবার মনে হচ্ছে দাম বাড়েনি।” দরদাম করে ৪০ টাকায় একটি ফুলকপি কেনার পর তিনি বলেন, “তেল-গ্যাসের দাম বাড়ছে। ভাবছিলাম সবজিও বাড়বে। এইটা একটু স্বস্তির।” মহাখালী কাঁচাবাজারে প্রতি কেজি মরিচ ৮০ টাকা দরে বিক্রি হলেও রায়েরবাগ বাজারে তা পাওয়া যাচ্ছে ৬০ টাকায়। সালাদের উপকরণ হাইব্রিড শসা প্রতি কেজি ৫০ টাকা এবং দেশি জাতের শসা সেগুনবাগিচা বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বাজারে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ১০ টাকায়। মাছ-মাংসের বাজার আগের মতই মতিঝিল টি অ্যান্ড টি কলোনি বাজারের বিক্রেতা আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন মাছের দাম আগের মতোই। এক বছরে তো খুব বেশি হেরফের হয়নি। দরদাম করেই সবাই কেনেন। ২০-৩০ টাকার পার্থক্য সব সময়ই থাকে।” এ বাজারে ৫ কেজি ওজনের কাতলা প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫ কেজির কম ওজনের কাতলা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে। মহাখালী কাঁচাবাজারে ৫ কেজি ওজনের কাতলা প্রায় একই দামে বিক্রি করেন আব্দুল লতিফ। সেগুনবাগিচা কাঁচাবাজারে বেলা সাড়ে ১১টার মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। বিক্রেতা আবুল হোসেন বলেন, “মাছ যা আনছি, তা সবই বিক্রি হয়ে গেছে। বাজারে কোনো দোকানে মাছ নাই। দাম তো একই রকম আছে। শুক্রবার তো একটু বেশি বেচাকেনা হয়। সবাই বেশি করে নিয়ে ফ্রিজে রাখে।” সেগুনবাগিচায় পুঁটি মাছ কেজিতে ৩৫০ টাকায় বিক্রি হলেও রায়েরবাগ বাজারে দাম ৩০০ টাকা। মতিঝিলে প্রতি কেজি রুই ৩২০ থেকে ৩৪০ টাকা, বড় আকারের চাষের তেলাপিয়া ২৫০ টাকা এবং মাঝারি আকারের তেলাপিয়া ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। মহাখালী কাঁচাবাজারে মলা মাছ ৪০০ টাকা ও কাচকি মাছ ৩৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বাজারে পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা, চাষের কৈ ২০০ টাকা এবং পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ কিনতে আসা নাজমুল হোসেন বলেন, “নাতি চিংড়ির জেদ ধরেছে। তাই চিংড়ি নিলাম ৭৭০ টাকা কেজি দরে।” মহাখালী বাজারে মাঝারি আকারের এই চিংড়িই শুক্রবার বেশি বিক্রি হয়েছে বলে জানান বিক্রেতা আব্দুল লতিফ। রায়েরবাগ ও সেগুনবাগিচা বাজারে ব্রয়লার মুরগি আগের মতো প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি বা কক মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ৩৪০ টাকা। গরুর মাংস আগের সপ্তাহের মতো প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। সে হিসাবে ডিমের হালির দাম পড়ছে ৪৫ টাকা।
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচার নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। পাশাপাশি এ শিল্পে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
বন্ধ কারখানা চালু করতে সরকারের গঠিত ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের নাম ও কিছু শর্ত পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে স্কিমটি ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম’ নামে পরিচিত হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বিআরপিডি সার্কুলার লেটার নং-১৩ (৪ আগস্ট ২০২৬), বিআরপিডি-৩ সার্কুলার লেটার নং-০১ (৭ সেপ্টেম্বর ২০২৬) এবং সার্কুলার লেটার নং-০২ (১৯ সেপ্টেম্বর ২০২৬)-এর অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। স্কিমের যেসব পরিবর্তন এসেছে সার্কুলার লেটারে স্কিমটির বিভিন্ন অনুচ্ছেদে সংশোধন আনা হয়েছে। স্কিমের নাম এখন থেকে ‘প্রাক-অর্থায়ন স্কিম’-এর পরিবর্তে ‘পুনঃঅর্থায়ন স্কিম’ ব্যবহৃত হবে। বন্ধ শিল্প ও সেবা খাতের যেসব গ্রাহক প্রত্যাশী, তাদের মধ্যে যারা ব্যাংকের কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট পাননি, তাদের জন্য বিষয়টি প্রযোজ্য হবে। কারখানার জমি-জায়গা, ভবন বা মেশিনারিজ-সংক্রান্ত নির্দিষ্ট শর্ত ব্যাংক থেকে একটি ঘোষণাপত্রের মাধ্যমে নিশ্চিত করতে হবে। ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবেন, সেই ব্যাংকে ঋণ পরিশোধের লেনদেন একটি এসক্রো অ্যাকাউন্ট বা রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ-সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী নির্দেশনা অনুসারে সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড বা নির্বাহী কমিটি ঋণ অনুমোদনের পর পরবর্তী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে আবেদন করতে না পারলে যথাযথ কারণ উল্লেখ করে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদন দাখিলের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পাদিত অংশগ্রহণমূলক চুক্তিতেও (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) প্রয়োজনীয় সংশোধন আনার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এক দিন বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রিনিচ মান সময় সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৪০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৮৮ ডলার ২৩ সেন্টে পৌঁছায়। নির্বাচনের ফলাফলে বাজারে অস্থিরতা এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে শুরু করলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নির্বাচনী বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং পররাষ্ট্রনীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে নতুন করে হিসাবনিকাশ শুরু করেছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ কী হবে, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠেছে। যুদ্ধের বিস্তার, জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে তেলের বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাতের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকতে পারে। সূত্র: আল জাজিরা।
খেলাপি হওয়া সিটি গ্রুপকে নতুন করে ৩ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারা থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিটি ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেটেড ঋণের আওতায় সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে এ ঋণ সুবিধা দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপটির এ পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, সিটি এডিবল অয়েল লিঃ, সিটি ডাল মিলস্ ও শম্পা ফ্লাওয়ার মিলস্। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা চালিয়ে যেতে চলতি মূলধন পাওয়ার পথ সুগম হলো। দুই ডজন ব্যাংকের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে সিটি গ্রুপ এখন খেলাপির কাতারে নাম লিখিয়েছে বলে খবরে এসেছে। গ্রুপটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। বিপুল এ ঋণ পরিশোধ করতে না পারায় ভোগ্যপণ্য থেকে বিভিন্ন খাতে ব্যবসা চালিয়ে যাওয়া কোম্পানিটি চাপের মধ্যে পড়েছে। শিল্পগ্রুপটির বিপুল এ ঋণ খেলাপি হয়ে গেলেও গত সেপ্টেম্বরে তা খেলাপি না করার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে গ্রুপটিকে উদ্ধারে এগিয়ে এসে নতুন ঋণ দেওয়ার প্রস্তাব দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সব ব্যাংক তাতে রাজী না হলে গত সপ্তাহে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে সভা হয় কেন্দ্রীয় ব্যাংকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সভায় খেলাপি করা নিয়ে দুই ধরনের মতামত দেন ব্যবস্থাপনা পরিচালকরা। তাতে আগের অবস্থান থেকে সরে এসে ধীরে ধীরে সিদ্ধান্ত বাস্তবায়নের পথ বেছে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সিটি গ্রুপের সব ঋণকে কয়েকটি ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেট ঋণে রূপান্তর করে বিষয়টি সামাল দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম ধাপে সিটি ব্যাংকের নেতৃত্বে সিন্ডিকেট ঋণের আওতায় পাচঁ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ব্যাংক। এসবই ভোগ্যপণ্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আগামী রোজার সময়ে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগ নেওয়ার কথা বলেছেন কর্মকর্তারা। ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ২৭কক (৩) ধারায় বলা আছে, ‘‘কোনো খেলাপি ঋণ গ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক-কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান কোনোরূপ ঋণ সুবিধা প্রদান করিবে না।” অর্থাৎ কোনো খেলাপি হওয়া প্রতিষ্ঠানকে নতুন করে কোনো ব্যাংক ঋণ নিতে পারবে না। আইনের সেই শর্তে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রস্তাবিত ঋণ-সুবিধার বিপরীতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে সিটি ব্যাংক পিএলসি বা সিন্ডিকেটভুক্ত অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনোরূপ আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। নতুন ঋণ সুবিধা দিতে নতুন করে জামানত নিতে হবে ব্যাংকগুলোকে। এর পাশাপাশি আরো শর্ত দিয়ে বলা হয়, নতুন করে দেওয়া সিন্ডিকেটেড ঋণের টাকায় কেনা পণ্য বিক্রয় করে পাওয়া অর্থ নির্দিষ্ট ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেখান থেকে আনুপাতিক হারে ঋণ দেওয়া ব্যাংকগুলো কিস্তি গ্রহণ করবে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘‘এ ঋণের আওতায় আমদানি করা কাঁচামাল ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলো ঋণদাতা ব্যাংকগুলোর সিকিউরিটি এজেন্টের প্রতিনিধি হিসেবে কিনবে এবং জিম্মাদার হিসেবে তা প্রক্রিয়াজাত করবে।’’ এর মানে হচ্ছে, সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে পণ্য আমদানি ও তা বাজারে বিক্রি করতে জড়িত হওয়া প্রতিষ্ঠানগুলো ঋণ দেওয়া ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে তৃতীয় কোনো প্রতিষ্ঠান এ প্রক্রিয়া যুক্ত হতে পারবে। পুরো অর্থ ও পণ্য ব্যবস্থাপনা নজরদারি করবে ব্যাংক। এ ঋণের অর্থ অন্য কোথাও ব্যবহার বা স্থানান্তর করতে পারবে না কোনো প্রতিষ্ঠান বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদন ব্যবস্থা তুলে ধরতে হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো-২০২৬’ আয়োজন করেছে এইচএসবিসি বাংলাদেশ ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। ২৮ অক্টোবর হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে আন্তর্জাতিক ক্রেতা, পণ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পোশাক প্রস্তুতকারক ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিসহ ১৩০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। হংকংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ আয়োজন করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোডশোতে বাংলাদেশের পোশাকশিল্পের ক্রমবর্ধমান সক্ষমতা, নতুন বাজার ও পণ্য সংগ্রহের সম্ভাবনা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এইচএসবিসির গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং বিভাগের প্রধান অলিভার টি জোনসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। অনুষ্ঠানে মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক ‘হোয়াই বাংলাদেশ: লেগ্যাসি অ্যান্ড দ্য ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বাংলাদেশের পোশাকশিল্পের ধারাবাহিক পরিবর্তন, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। রোডশোতে ‘কেন বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করবেন’ এবং ‘ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে’ শীর্ষক দু’টি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এইচএসবিসি, বিজিএমইএ, আন্তর্জাতিক পণ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ও শিল্প বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, ক্রেতাদের প্রত্যাশা, পরিবেশগত মানদণ্ড, পণ্য সংগ্রহের নতুন প্রবণতা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দেশীয় প্রস্তুতকারকদের অংশীদারিত্ব জোরদারের বিষয় উঠে আসে। এ ছাড়া ‘দ্য বাংলাদেশ কালেক্টিভ’ শীর্ষক বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশের পোশাকের বৈচিত্র্য, উদ্ভাবন ও আধুনিক উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হয়। পরে আন্তর্জাতিক ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়। হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেন, উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতামূলক পরিবেশ, টেকসই উৎপাদনে অগ্রগতি এবং কৌশলগত বাণিজ্য সুবিধার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্য। প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশের পোশাকশিল্প নিজেদের মানিয়ে নেওয়া, উদ্ভাবন ও অগ্রগতির সক্ষমতা প্রমাণ করেছে। এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখন শুধু বৃহৎ পরিসরে উৎপাদনের ওপর নির্ভরশীল নয়, বরং উচ্চমূল্যের পণ্য, উদ্ভাবন, টেকসই উৎপাদন ও দক্ষতার দিকে এগিয়ে যাচ্ছে। পণ্যের বহুমুখীকরণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক পোশাকশিল্পে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা এখন আন্তর্জাতিক ক্রেতারা সরাসরি দেখতে ও যাচাই করতে পারছেন। মূল্য সংযোজন, পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদনের অগ্রযাত্রায় বাংলাদেশের পোশাকশিল্পের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে তিনি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানান। এইচএসবিসি তার বৈশ্বিক নেটওয়ার্ক, আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘ অভিজ্ঞতা এবং পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে কাজ করছে। আন্তর্জাতিক ক্রেতা, পোশাক প্রস্তুতকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যোগাযোগ বাড়ানো, পণ্য সংগ্রহের উৎস বহুমুখী করা এবং বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টিই এ যৌথ আয়োজনের মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ কথা জানান। তেহরান থেকে এএফপি জানায়, তিনি বলেন, ‘দুই দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা ইরানের সদিচ্ছাপূর্ণ অবস্থানের আরেকটি প্রমাণ।’ বাকাই বলেন, ‘আমরা জানিয়েছি, ইরানের দাবিগুলো পূরণ করা হলে অল্প সময়ের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং আলোচনার প্রক্রিয়া আবার শুরু করা সম্ভব।’ তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। তবে ইরানের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে। তিনি বলেন, ‘শুধু তখনই আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করতে পারব।’ ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে। ইরানের অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করছে তেহরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। গত সেপ্টেম্বরে ইরান প্রথমে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করে, যা কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়। ওই পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা ছিল। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধের অবসান, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, দেশটির তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের অবসান। রোববার প্রকাশিত আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের মধ্যে সম্মত নতুন পথ যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চলটিতে মার্কিন সেনাসংখ্যা কমানোর পদক্ষেপও নিতে হবে ওয়াশিংটনকে। আগস্ট থেকে যুক্তরাষ্ট্র নতুন করে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন এর এ পদক্ষেপকে ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ নীতি হিসেবে বর্ণনা করেছে। এদিকে, দুই দেশেই গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুমকি জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বতসহ এক বা দুটি লক্ষ্যবস্তু নিয়ে তাঁকে এখনো ‘ব্যবস্থা নিতে হবে’। স্থানটিকে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হলেও তেহরান সেখানে এমন কোনো স্থাপনা থাকার কথা অস্বীকার করে আসছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা, যে পদ্ধতিতেই তা চালানো হোক না কেন, আমরা তার শক্তিশালী, তাৎক্ষণিক ও সর্বাত্মক জবাব দেব।’
আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর মিরপুর-১৩-তে অবস্থিত পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই দিনব্যাপী ‘৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ ও নগরীর আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন হবে ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায়। উদ্বোধন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। ‘৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৬’-এর আয়োজক কমিটির সদস্য রেলী চাকমা এ বিষয়ে বলেন, বরাদ্দকৃত স্টলের মধ্যে আদিবাসী নারী উদ্যোক্তাদের প্রাধান্য রয়েছে। পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের মান্দি, মণিপুরি, সাঁওতাল ও রাখাইন সম্প্রদায়ের অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই স্টল বুকিং দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ভিন্নধর্মী এ উদ্যোগটি। মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বর্তমানে বাঙালিদের কাছে জনপ্রিয় খাবার ‘মুংডি’ ও আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন জনপ্রিয় খাবার, যেমন—ব্যাম্বু শুট বা বাঁশ কোঁড়ল, কলাপাতায় রান্না করা বিভিন্ন পদের হেবাঙ ও পাজনসহ জুমিয়া সবজির মুখরোচক নানা খাবার। মেলায় আরও থাকছে ‘লাকসো’, মণিপুরীদের বৈচিত্র্যময় খাবার ডাল দিয়ে তৈরি বিশেষ পদ ‘উতি’, বিন্নি চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীর ‘সাঙ্গোম’, রাখাইন সম্প্রদায়ের প্রিয় খাবার কালো ও সাদা বিন্নি চালের তৈরি মুখরোচক নানা পদের পিঠা, বিভিন্ন জাতের চাল, পাহাড়ি মধু, জুমের শাকসবজি ও ফল, যেমন— পাহাড়ি কলা, পেঁপে, মধুপুরের আনারস, কাপ্তাই হ্রদের মাছ ও শুঁটকিসহ বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষিপণ্য। উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, শহুরে নাগরিক জনগোষ্ঠীকে আদিবাসীদের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ জুম কৃষির বিভিন্ন শস্য ও ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ মেলার আয়োজন। তিনি আরও বলেন, এ বছরসহ টানা পাঁচ বছর ধরে আদিবাসী খাদ্য ও শস্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি ইতোমধ্যেই রাজধানীবাসীর কাছে বেশ সমাদৃত হয়েছে। মেলার অন্যতম আয়োজক মেইনথিন প্রমীলা জানান, আমাদের দেশে বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আদিবাসীদের বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস। তিনি বলেন, এ বৈচিত্র্যপূর্ণ খাবারের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের মেলবন্ধন ঘটানোর প্রয়াসেই আদিবাসী খাদ্য ও শস্য মেলার আয়োজন। পাশাপাশি আদিবাসীদের মধ্যে দীর্ঘকাল ধরে চর্চিত জৈব কৃষিপণ্য সম্পর্কেও নগরবাসীকে আরও বেশি পরিচিত করানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজকরা জানান, মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতি সন্ধ্যায় আয়োজন করা হবে মনোজ্ঞ আদিবাসী সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের মাতাবেন বাংলাদেশী আইডল মং, পাহাড়ের জনপ্রিয় সংগীতশিল্পী বর্ষা চাকমা, বুলু তঞ্চঙ্গ্যা ও গারোদের উদীয়মান গায়ক মার্কুস চিসিম। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় ব্যাপক লোকসমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
চীন থেকে আসা বিপুলসংখ্যক ছোট পার্সেলের প্রবাহ নিয়ন্ত্রণে রোববার থেকে নতুন হ্যান্ডলিং ফি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের বাইরের দেশগুলো থেকে আসা প্রতিটি পার্সেলের ওপর দুই ইউরো (২ দশমিক ২৫ মার্কিন ডলার) ফি আরোপ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে ও বড়দিনের কেনাকাটার মৌসুম শুরুর কয়েক সপ্তাহ আগে এ নতুন ফি কার্যকর হলো। এর ফলে ছোট পার্সেলের ওপর আগে থেকে আরোপিত তিন ইউরো শুল্কের পাশাপাশি নতুন করে দুই ইউরো হ্যান্ডলিং ফি দিতে হবে। কীভাবে কার্যকর হবে নতুন ফি? ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশ থেকে সরাসরি ক্রেতার কাছে পাঠানো পার্সেলে থাকা প্রতিটি ধরনের পণ্যের ওপর এ ফি প্রযোজ্য হবে। পার্সেলের মূল্য যতই হোক, এ নিয়ম কার্যকর থাকবে। উদাহরণ হিসেবে, কোনো পার্সেলে যদি ১০টি টি-শার্ট থাকে, তাহলে এর জন্য দুই ইউরো হ্যান্ডলিং ফি দিতে হবে। কিন্তু একই পার্সেলে যদি দুটি টুপি ও ১০টি টি-শার্ট থাকে, তাহলে দুটি ভিন্ন ধরনের পণ্য থাকায় ফি দিতে হবে চার ইউরো। এর আগে গত জুলাইয়ে ১৫০ ইউরোর কম মূল্যের ছোট পার্সেলের ওপর তিন ইউরো শুল্ক আরোপ করেছিল ইইউ। নতুন দুই ইউরো ফি ওই শুল্কের অতিরিক্ত। ইউরোপীয় ইউনিয়নের দাবি, নতুন হ্যান্ডলিং ফি সরাসরি ভোক্তাদের দিতে হবে না। তবে অনলাইন খুচরা বিক্রেতারা বিক্রির আগে পণ্যের দামের সঙ্গে দুই ইউরো যুক্ত করতে পারবেন। ইউরোপীয় ভোক্তা অধিকার সংস্থা (বিইইউসি) এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম কেনাকাটার শেষ পর্যায়ে ক্রেতাদের ওপর নতুন এ খরচ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সংস্থাটি আরও বলেছে, এমনটি করা ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী বেআইনি। কারণ, আইন অনুসারে কেনাকাটার শুরুতেই ক্রেতাকে পণ্যের সম্পূর্ণ মূল্য জানাতে হবে।’ কেন নতুন ফি চালু করছে ইইউ? সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ইউরোপীয় ইউনিয়নে প্রায় ৬০০ কোটি ছোট পার্সেল প্রবেশ করেছে। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশ পার্সেলই এসেছে চীন থেকে। এসব পণ্য সাধারণত আলিএক্সপ্রেস ও টেমুর মতো জনপ্রিয় এশীয় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইউরোপে পৌঁছায়। ব্রাসেলসের মতে, বিপুলসংখ্যক পার্সেল আসার কারণে শুল্ক কর্তৃপক্ষের ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে। এতে তাদের পরিচালন ব্যয়ও বাড়ছে। নতুন হ্যান্ডলিং ফি থেকে পাওয়া অর্থ দিয়ে শুল্ক বিভাগের এ অতিরিক্ত কাজের ব্যয় মেটানো হবে। গত জুলাইয়ে ছোট পার্সেলের ওপর তিন ইউরো শুল্ক আরোপের পর ইউরোপে এ ধরনের পণ্য আমদানি প্রায় ৬৪ শতাংশ কমেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এখনই সময় হয়নি বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। এ ছাড়া চীনের ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তাবিধি লঙ্ঘনকারী খেলনাসহ বিভিন্ন অনিরাপদ পণ্য প্রবেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ। বিইইউসির কর্মকর্তা অগাস্টিন রেইনা বলেন, ‘বছরের পর বছর ধরে সীমিত জনবল ও সম্পদ নিয়ে শুল্ক বিভাগকে অবৈধ পণ্য আমদানি ঠেকানোর দায়িত্ব পালন করতে হয়েছে। অথচ ছোট পার্সেলের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়েছে।’ এরপর কী হবে? নতুন দুই ইউরো হ্যান্ডলিং ফি স্থায়ীভাবে কার্যকর থাকবে। তবে কম মূল্যের পার্সেলের ওপর আরোপিত তিন ইউরো শুল্ক আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে চালু রয়েছে, যা ২০২৮ সালের ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ওই তারিখ থেকে পণ্যের ধরন অনুযায়ী প্রচলিত নিয়মে নির্ধারিত শুল্ক কার্যকর হবে। এ ছাড়া নতুন হ্যান্ডলিং ফির পরিমাণ প্রতি দুই বছর পরপর পর্যালোচনা করতে হবে। শুল্ক কার্যক্রম পরিচালনার প্রকৃত ব্যয়ের সঙ্গে ফির পরিমাণ সামঞ্জস্যপূর্ণ রয়েছে কি না, তা নিশ্চিত করতেই এ পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপে পারিবারিক ব্যবসার নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। গ্রুপটির প্রতিষ্ঠাতা প্রয়াত আবুল খায়েরের চার ছেলের মধ্যে ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে সমঝোতা না হওয়ায় কার্যত আলাদা পথে হাঁটছেন তারা। পরিবারের বড় ছেলে ও গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম নিজের উদ্যোগে নতুন ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলছেন। অন্যদিকে তার তিন ভাই পরিচালনা করছেন আবুল খায়ের গ্রুপের প্রধান ব্যবসা ও ব্র্যান্ডগুলো। আবুল খায়ের গ্রুপের বার্ষিক টার্নওভার আনুমানিক ৫০ হাজার কোটি টাকা। তবে এত বড় ব্যবসায়িক সাম্রাজ্যের আনুষ্ঠানিক বিভাজন এখনো হয়নি। মালিকানা, ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ এবং ব্যবসা সম্প্রসারণে কার অবদান কতটুকু—এসব বিষয় নিয়ে চার ভাইয়ের মধ্যে মতপার্থক্য রয়েছে। সমঝোতার সঙ্গে যুক্ত ব্যাংকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, আবুল কাশেম স্মাইল ফুড প্রোডাক্টসের মাধ্যমে খাদ্যপণ্যের ব্যবসা সম্প্রসারণ করছেন। সম্প্রতি তিনি আবদুল মোনেম সুগার রিফাইনারি, যা ইগলু সুগার নামে পরিচিত এবং গ্লোব ফার্মাসিউটিক্যালসের ভোজ্যতেলের ব্যবসা অধিগ্রহণ করেছেন। এ দুটি অধিগ্রহণে মোট প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী ও তার দুই ভাই শাহ সিমেন্ট, একে এস স্টিল, মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, সিলন টি এবং স্টারশিপ কনডেন্সড মিল্কের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ব্যবসা পরিচালনা করছেন। আবুল কাশেম এখনো গ্রুপের চেয়ারম্যান। তবে ব্যাংকারদের ভাষ্য, গ্রুপের মূল ব্যবসাগুলোর দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা সীমিত হয়ে পড়েছে। তিন ভাই মিলে এখন প্রধান ব্যবসাগুলো পরিচালনা করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, চার ভাই নীতিগতভাবে ব্যবসায় সমান মালিকানা, অর্থাৎ প্রত্যেকের ২৫ শতাংশ করে অংশীদারত্বের বিষয়ে একমত হয়েছেন। কিন্তু কোন ভাই কোন প্রতিষ্ঠান বা সম্পদ পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। কাশেমের সাম্প্রতিক অধিগ্রহণ করা প্রতিষ্ঠানগুলোও পরিবারের সম্মিলিত ব্যবসার পরিবর্তে তার ব্যক্তিগত অংশের বিপরীতে কেনা হচ্ছে বলে জানিয়েছেন গ্রুপটির সঙ্গে যুক্ত ব্যাংকাররা। যেভাবে গড়ে ওঠে আবুল খায়ের গ্রুপ ১৯৭৬ সালে আবুল খায়ের মারা যাওয়ার সময় তার বড় ছেলে আবুল কাশেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাবার মৃত্যুর পর পরিবারের ব্যবসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সাত ছোট ভাইবোনের দেখাশোনার দায়িত্বও তার কাঁধে পড়ে। উত্তরাধিকারসূত্রে পাওয়া ব্যবসার পরিসর খুব বড় ছিল না। চারটি বিড়ি কারখানা, একটি ইটভাটা, একটি সিনেমা হল, চট্টগ্রামের জেল রোডে একটি ট্রেডিং ব্যবসা এবং কিছু জমি ছিল তাদের সম্পদ। পরবর্তী সময়ে ছোট ভাইদের ব্যবসায় যুক্ত করেন কাশেম। তাদের সহযোগিতা করেন এবং ধীরে ধীরে ব্যবসার দায়িত্বও বুঝিয়ে দেন। ১৯৯৩ সালে ঢেউটিন উৎপাদনের ব্যবসায় প্রবেশের মধ্য দিয়ে আবুল খায়ের গ্রুপের শিল্পগোষ্ঠী হয়ে ওঠার যাত্রা শুরু হয়। ‘গরু মার্কা ঢেউটিন’ বাজারে ব্যাপক পরিচিতি পায়। ২০০২ সালে সিমেন্ট ব্যবসায় প্রবেশ করে গ্রুপটি। এরপর ইস্পাত, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসায় সম্প্রসারণ ঘটে। এভাবেই শাহ সিমেন্ট, একে এস স্টিল, মার্কস, সিলন টি ও স্টারশিপের মতো ব্র্যান্ড গড়ে ওঠে। তবে ২০০৩ সালে কাশেমের এক ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর পারিবারিক ব্যবসার নেতৃত্বে পরিবর্তন আসে। একপর্যায়ে ব্যবসা থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন কাশেম। দীর্ঘ সময় তিনি ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডেও তেমন সক্রিয় ছিলেন না। এ সময় তার অন্য ভাইয়েরা ব্যবসার দায়িত্ব নিয়ে গ্রুপের সম্প্রসারণ অব্যাহত রাখেন। বিরোধের শুরু যেভাবে ২০২২ সালের দিকে কাশেম আবার সক্রিয়ভাবে ব্যবসায় যুক্ত হন। এরপর পরিবারের পরবর্তী প্রজন্মের অংশগ্রহণ ও ব্যবসার ব্যবস্থাপনা নিয়ে মতপার্থক্য দেখা দেয়। গ্রুপের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির দাবি, কাশেম মনে করতেন, তার ছেলেকে পারিবারিক ব্যবসায় যথাযথ দায়িত্ব দেওয়া হয়নি। তবে অন্য ভাইদের অবস্থান ভিন্ন। তাদের যুক্তি, কাশেম যখন ব্যবসা থেকে সরে দাঁড়ান, তখন গ্রুপের আকার বর্তমানের তুলনায় অনেক ছোট ছিল। পরবর্তী সময়ে তারা নিজেদের উদ্যোগ ও ঝুঁকিতে ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছেন। তাই এই প্রবৃদ্ধিতে তাদের অবদানও যথাযথভাবে বিবেচনা করা উচিত। সমঝোতার উদ্যোগে যুক্ত এক ব্যাংকার বলেন, অন্য ভাইদের ধারণা, তাদের ব্যবস্থাপনাতেই ব্যবসার সম্প্রসারণ ঘটেছে। তারা দায়িত্ব নেওয়ার পর ব্যবসা শুধু টিকে থাকেনি, বরং আরো বড় হয়েছে। অন্যদিকে কাশেম মনে করেন, পরিবারের ব্যবসার ভিত্তি গড়ে তোলা, ছোট ভাইদের প্রতিষ্ঠিত করা এবং দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার অবদান বর্তমান মালিকানা ও ব্যবস্থাপনা কাঠামোয় স্বীকৃতি পাওয়া উচিত। ফলে দুই পক্ষই পারিবারিক ব্যবসার উত্তরাধিকার নিজেদের বলে মনে করলেও মালিকানা, নিয়ন্ত্রণ ও ব্যবসার প্রবৃদ্ধির কৃতিত্ব বণ্টন নিয়ে বিরোধ তৈরি হয়েছে। সমঝোতার উদ্যোগও থেমে গেছে ব্যবসার বিভাজন নিয়ে সাত থেকে আট বছর ধরে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২০২৫ সালে কয়েকজন ব্যাংকারের উদ্যোগে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। প্রস্তাব ছিল, গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের সম্পদের মূল্য নির্ধারণ করে চার ভাইয়ের মালিকানার অংশ অনুযায়ী ব্যবসা ভাগ করে দেওয়া হবে। উদাহরণ হিসেবে, ১০০ কোটি টাকা মূল্যের কোনো প্রতিষ্ঠানে একজনের মালিকানা ২৫ শতাংশ হলে তিনি ২৫ কোটি টাকার সমপরিমাণ সম্পদ পাবেন। প্রথম দিকে এ উদ্যোগে অগ্রগতি হলেও সম্পদ ভাগের পদ্ধতি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে মতৈক্য হয়নি। একপর্যায়ে আলোচনা বন্ধ হয়ে যায়। সমঝোতার উদ্যোগে যুক্ত ব্যাংকাররাও সরে দাঁড়ান। এ ছাড়া পরিবারটি আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছে এবং আইনি পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করেছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকারদের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকার নেওয়ার সময় পর্যন্ত কোনো মামলা করা হয়নি। ব্যাংকগুলোকে চিঠি চেয়ারম্যানের মালিকানা নিয়ে বিরোধের মধ্যেও আবুল কাশেম গ্রুপের চেয়ারম্যান পদে রয়েছেন। তবে ব্যাংকারদের দাবি, গ্রুপের মূল ব্যবসাগুলোর সিদ্ধান্ত নিচ্ছেন তার তিন ভাই। একজন ব্যাংকার জানিয়েছেন, কয়েক মাস আগে কাশেম ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তার সম্পৃক্ততা ছাড়া পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার অনুরোধ জানান। তবে ব্যাংকগুলো আগের মতোই লেনদেন চালিয়ে যাচ্ছে। ব্যাংকারদের ভাষ্য, দুজন পরিচালকের স্বাক্ষর করা বোর্ডের সিদ্ধান্তকে লেনদেনের জন্য যথেষ্ট বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংকাররা আরো জানিয়েছেন, পারিবারিক বিরোধ থাকলেও গ্রুপের প্রধান ব্যবসাগুলো স্বাভাবিকভাবে চলছে। ব্যাংকের পাওনা পরিশোধেও বড় কোনো সমস্যা দেখা যায়নি। এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে গ্রুপের কেউ মন্তব্য করতে রাজি হননি। নতুন ব্যবসায় বড় বিনিয়োগ কাশেমের একদিকে পারিবারিক ব্যবসার ভাগ-বাটোয়ারা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে নিজের ব্যবসার পরিসর বাড়াচ্ছেন আবুল কাশেম। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, আবদুল মোনেম সুগার রিফাইনারি কিনতে তিনি অন্তত ১ হাজার ৭০০ কোটি টাকা এবং গ্লোব এডিবল অয়েলের ব্যবসা অধিগ্রহণে ২ হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছেন। এ অধিগ্রহণের সঙ্গে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় কয়েক একর জমিও যুক্ত হয়েছে। খাদ্য, পানীয় ও বিস্কুট খাতের আরো কয়েকটি প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়ে আলোচনা করছেন তিনি। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে সিটি গ্রুপের কয়েকটি প্রকল্প কেনার আগ্রহও দেখিয়েছেন কাশেম। সিটি গ্রুপ ওই অর্থনৈতিক অঞ্চলে কাগজ, সিমেন্ট, সিরামিক, রাসায়নিক ও জাহাজ নির্মাণ খাতের ছয়টি বড় শিল্প ও অবকাঠামো প্রকল্প গড়ে তুলেছে। আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটি কিছু সম্পদ বিক্রির চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট এক ব্যাংকারের ভাষ্য, আনুষ্ঠানিকভাবে পারিবারিক ব্যবসার বিভাজন না হলেও বাস্তবে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কাশেম স্মাইল ফুডসহ নিজের নতুন ব্যবসাগুলো পরিচালনা করছেন। অন্যদিকে তার তিন ভাই আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ব্যবসাগুলোর দায়িত্ব পালন করছেন। ওই ব্যাংকার আরো বলেন, গ্রুপের মূল ব্যবসাগুলো ভালো করছে এবং ব্যাংকের দায় নিয়মিত পরিশোধ করছে। অন্যদিকে আবুল কাশেম নতুন কারখানা অধিগ্রহণ ও ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে নিজের ব্যবসার পরিধি বাড়াচ্ছেন। সব মিলিয়ে দেশের অন্যতম বৃহৎ পারিবারিক শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপে আনুষ্ঠানিক বিভাজন না হলেও দুই ধারায় ব্যবসা পরিচালনার বাস্তবতা তৈরি হয়েছে। তবে ৫০ হাজার কোটি টাকার এই ব্যবসায়িক সাম্রাজ্যের চূড়ান্ত মালিকানা কীভাবে নির্ধারিত হবে, তা এখনো অনিশ্চিত। তথ্য সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত খাদ্য ব্যবস্থাপনায় জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালায় শিশু, প্রবীণ ও নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ খাদ্যপণ্যের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এ ছাড়া রাস্তার পাশের খাবারের দোকান ও ছোট রেস্তোরাঁ থেকে শুরু করে বড় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং আমদানিকারকদেরও নতুন বিধানের আওতায় আসতে হবে। একই সঙ্গে খাদ্যপণ্যের প্যাকেটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নিবন্ধন নম্বর উল্লেখের বিধান ভোক্তাদের জন্য খাদ্যের উৎস শনাক্ত করা এবং অনিয়মের অভিযোগ জানানোর সুযোগ তৈরি করবে। জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। গত ১৬ জুলাই সরকারি গেজেটে প্রকাশিত এ প্রবিধানমালার আওতায় নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যপণ্যের জন্য নিবন্ধন এবং লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম বাসস’কে বলেন, খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর হলে অনিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণ, ব্যবসাপ্রতিষ্ঠানের দায়বদ্ধতা নির্ধারণ এবং ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তিতে সহায়ক কাঠামো তৈরি হবে। বিশেষ করে শিশুদের ফর্মুলা দুধ, পুষ্টিসমৃদ্ধ খাবার, স্বাস্থ্য সহায়ক খাদ্য এবং রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ পথ্যের মতো সংবেদনশীল পণ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা সম্ভব হবে। তিনি বলেন, মূলত খাদ্য ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় এনে তাদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো, খাদ্যনিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি দ্রুত শনাক্ত করা এবং ব্যবসায় জবাবদিহি প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। চেয়ারম্যান বলেন, শুধু নিবন্ধন করলেই খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে না; এর জন্য প্রয়োজন একাধিক কার্যকর ব্যবস্থা। নিবন্ধনের মাধ্যমে খাদ্য ব্যবসায়ীদের একটি তালিকার আওতায় আনা গেলে তাদের প্রশিক্ষণ দেওয়া, জনসচেতনতা বাড়ানো এবং ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে। একই সঙ্গে কোথায় কারা খাদ্য ব্যবসা করছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকলে খাদ্যজনিত স্বাস্থ্যঝুঁকি বা কোনো অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। নিবন্ধিত খাদ্য ব্যবসায়ীদের সরাসরি ও ডিজিটাল-উভয় পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের নির্দিষ্ট স্থানে আমন্ত্রণ জানিয়ে অথবা বিভিন্ন স্থানে প্রশিক্ষণের আয়োজন করে সচেতনতা বাড়ানো যাবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিয়মিত প্রশিক্ষণ উপকরণ, ভিডিও ও প্রয়োজনীয় নির্দেশনা সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি জানান। বর্তমানে ছোট ব্যবসায়ীদের কাছেও স্মার্টফোন রয়েছে এবং তারা ইউটিউব ও ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন। এসব মাধ্যম কাজে লাগিয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার তৈরি ও পরিবেশন এবং সঠিকভাবে খাদ্য সংরক্ষণের বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও হালনাগাদ তথ্য দেওয়া যাবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিধান অনুযায়ী, নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্য স্থাপনার ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের বিধান রয়েছে। অন্যদিকে বিশেষায়িত খাদ্যপণ্যের নির্ধারিত চার শ্রেণির ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছে স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য ও চিকিৎসাসংক্রান্ত বিশেষ পথ্য, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য এবং নিউট্রাসিউটিক্যালসহ অনুরূপ খাদ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, আমদানি ও বিপণন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল কাদের বাসসকে বলেন, শিশু ও প্রবীণদের জন্য তৈরি বিশেষ খাদ্যপণ্যের নিরাপত্তার বিষয়টি এ বিধানমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কারণ, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে এবং প্রবীণদের পুষ্টির চাহিদা পূরণে এসব পণ্যের ভূমিকা রয়েছে। একইভাবে নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তৈরি চিকিৎসাসংক্রান্ত বিশেষ পথ্যের গুণগত মান ও নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে বিধি অনুযায়ী লাইসেন্স নিতে হবে। তবে শিশু ও প্রবীণদের সব ধরনের খাদ্যপণ্যই যে একইভাবে লাইসেন্সের আওতাভুক্ত, তা নয়; সংশ্লিষ্ট পণ্যের শ্রেণি ও বিধিমালার নির্ধারিত শর্ত অনুযায়ী নিবন্ধন বা লাইসেন্স প্রযোজ্য হবে। এ ছাড়া বংশগত বৈশিষ্ট্য পরিবর্তিত বা সংশোধিত খাদ্য, জৈব খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, অভিনব খাদ্য, পুষ্টিসমৃদ্ধ খাদ্য এবং স্বাস্থ্য সহায়ক বা রোগের ঝুঁকি হ্রাসের দাবি-সংবলিত খাদ্যের ক্ষেত্রে প্রযোজ্য বিধান অনুসারে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ করতে হবে। ফলে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি জোরদারের সুযোগ তৈরি হবে। নতুন বিধান অনুযায়ী, রেস্তোরাঁ, বেকারি, ফলের রসের দোকান, পেস্ট্রি শপ, ক্যাটারিং প্রতিষ্ঠান, মিষ্টির দোকান, দুগ্ধপণ্য প্রস্তুতকারী, মোড়কজাত খাবার উৎপাদনকারী এবং নির্ধারিত শ্রেণির খাদ্য আমদানিকারকদের নিবন্ধন নিতে হবে। রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রেতাদেরও প্রযোজ্য বিধানের আওতায় নিবন্ধন গ্রহণ করতে হবে। পাশাপাশি পাইকারি খাদ্য ব্যবসা, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ, ভোজ্যতেল ও ভোজ্য লবণ উৎপাদন এবং খাদ্য সংযোজন দ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট নির্ধারিত ব্যবসার ক্ষেত্রেও নিবন্ধন বা লাইসেন্সের বিধান প্রযোজ্য হবে। বিধিমালার একটি গুরুত্বপূর্ণ দিক হলো খাদ্যপণ্যের মোড়কে বিএফএসএর নিবন্ধন নম্বর উল্লেখ করা। এর ফলে ভোক্তারা পণ্যের প্যাকেট থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পর্কে তথ্য জানতে পারবেন। কোনো অনিয়ম বা অভিযোগের ক্ষেত্রে নিবন্ধন নম্বর উল্লেখ করে অভিযোগ জানানোর সুযোগও তৈরি হবে। তবে শুধু নিবন্ধন নম্বর থাকলেই কোনো পণ্য নিরাপদ-এমন নিশ্চয়তা পাওয়া যায় না; পণ্যের মান, উপাদান, উৎপাদনপ্রক্রিয়া ও সংরক্ষণব্যবস্থার যথাযথ নিয়ন্ত্রণও জরুরি। বিএফএসএ জানিয়েছে, বিধিমালার তফসিল-১০ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ এবং সংশ্লিষ্ট শর্ত পূরণ করে আবেদন করতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত ফরম ৫.১ এবং বাধ্যতামূলক লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য ফরম ৬.১, ৭.১, ৮.১ ও ৯.১ ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে। পর্যায়ক্রমে শতভাগ অনলাইন আবেদন গ্রহণের ব্যবস্থাও চালু করার উদ্যোগ রয়েছে। বিধিমালা অনুযায়ী, প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন বিনামূল্যে করা হবে। বিশেষায়িত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্সের ফি প্রতিষ্ঠানের আয়তনের ওপর নির্ভর করবে। ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ফি ১০ হাজার টাকা এবং ১০ হাজার বর্গমিটারের বেশি আয়তনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর; এরপর তা নবায়ন করতে হবে। নির্ধারিত ক্ষেত্রে নিবন্ধন বা লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসা পরিচালনা করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই আগামী ১ নভেম্বর থেকে নতুন বিধান কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নিবন্ধন বা লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। নতুন বিধানটির কার্যকারিতা নির্ভর করবে নিবন্ধন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা, নিয়মিত পরিদর্শন, আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির ওপর। বিশেষ করে ছোট ও ভ্রাম্যমাণ খাদ্য ব্যবসায়ীদের কাছে বিধিমালার শর্ত ও আবেদনপ্রক্রিয়া সহজভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিশেষায়িত খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণন পর্যায়ে কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিসহ সব ভোক্তার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির সুযোগ বাড়বে। বিএফএসএর প্রত্যাশা, নতুন নিবন্ধন ও লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে, উৎপাদন ও বিপণন কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ জোরদার হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, আগামী মাসে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। কর্মকর্তারা জানান, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান। কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটে হট কমিশনিংয়ের প্রথম উপধাপ ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হয়েছে। এ পর্যায়ে মূলত প্রাথমিকভাবে পারমাণবিক জ্বালানি লোডিং এবং চুল্লির সাবক্রিটিক্যাল অবস্থা যাচাইয়ের কাজ করা হয়। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইউনিটটিতে ‘বি-২’ পর্যায়ের ভৌত পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এ অনুমোদন দেওয়া হয়েছে। জাহেদুল হাসান বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলে আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।’ কর্মকর্তারা জানান, অনুমোদন পেলেও প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। তারা বলেন, এখন প্রকল্পটিকে ‘সি’ পর্যায়ে প্রবেশ করতে হবে। এ পর্যায়ে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে চালু অবস্থায় প্রধান যন্ত্রপাতি ও বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রকল্পের নথি অনুযায়ী, জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের আগে চুল্লির ক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধির পরীক্ষা এবং যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হবে। বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে কমিশনিংয়ের আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। কর্মকর্তারা জানান, এ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত করা। এর মাধ্যমে কেন্দ্রটির ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে। খবর বাসস।
গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনের সেবার পরিধি বাড়াতে ওয়ান ব্যাংক পিএলসি-এর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। সম্পত্তি রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া এবং ওয়ান ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নগদ। এই চুক্তির ফলে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন মুহূর্তেই। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আগামীতে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা সহ যেকোনো ঋণ ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করার সম্ভাব্যতাও যাচাই করবে দুই প্রতিষ্ঠান। অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকদের কাছে নগদ ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিধি আরও বাড়বে। বিশেষ করে ওয়ান ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেকোনো সময় এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমরা আশা করি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা যুক্ত হলে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে। ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম বলেন, সারাদেশে নগদের বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক ব্যবহার করে যেসব প্রত্যন্ত এলাকায় ব্যাংকের ব্র্যাঞ্চ খোলা সম্ভব হয় না, সেসব এলাকাতেও নগদের মাধ্যমে রেমিট্যান্স বিতরণের পাশাপাশি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা। একইসঙ্গে নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আমরা নিত্যনতুন সেবা চালু করতে চাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান এবং পাইক ইকবাল হোসেন। ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফর, পাবলিক সেক্টর ডিভিশনের ইভিপি এ কে এম সালাহ উদ্দিন খান, আন্তর্জাতিক বিভাগের ইন-চার্জ চৌধুরী মাকসুদুল হক, পাবলিক সেক্টর ডিভিশনের ভিপি আসমা নূরজাহান, রেমিট্যান্স বিভাগের ইন-চার্জ এ কে এম আবদুল্লাহ আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। প্রস্তাব অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২১৮ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ৭০ টাকা হতে পারে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার আবেদন জানিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি, দেশে জ্বালানি খরচ ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়াকে দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিগুলো। তবে তাদের প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে নতুন দাম নির্ধারণের প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত ১৩ অক্টোবর পাঠানো ওই চিঠিতে ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকরের কথা জানানো হয়েছিল। চিঠিতে সংগঠনটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা উল্লেখ করেন, গত ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। প্রতি টন ভোজ্যতেলের দাম ১ হাজার ৩০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারের বর্তমান দর অনুযায়ী উৎপাদন ও অন্যান্য খরচ হিসাব করলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ২৩৩ টাকা হওয়ার কথা বলেও দাবি করেছে সংগঠনটি। এর সঙ্গে দেশের অভ্যন্তরে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছে। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর দাবি, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয়ের সময় সরকার দ্রুত আবারও মূল্য পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছিল। কিন্তু এরপর দীর্ঘ সময় দাম না বাড়ানোয় লোকসানের মুখে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে হচ্ছে তাদের। সংগঠনটির আশঙ্কা, দ্রুত দাম সমন্বয় করা না হলে বাজারে ভোজ্যতেলের সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে। এতে আসন্ন রমজান মাসে বাজারে তেলের সরবরাহ ও প্রাপ্যতার ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর দেশের বাজারে সর্বশেষ সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। এবার কোম্পানিগুলোর প্রস্তাব কার্যকর হলে বোতলজাত ও খোলা- উভয় ধরনের সয়াবিন তেলের দাম আরও বাড়বে। তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
টিন সার্টিফিকেট এখন অনেকের কাছেই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে বা ব্যাংক ঋণ নিতে গিয়ে, কেউ আবার ফেসবুক মনিটাইজেশন করতে গিয়ে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু পরবর্তিতে যে কী ধরনের ঝামেলায় পড়তে পারেন তা জানতেই পারেননি। হয়তো এখন আপনার করযোগ্য আয় নেই বা ফেসবুক থেকেও আর আয় হচ্ছে না কিন্তু এই টিন সার্টিফিকেটের জন্য যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তা বেশিরভাগেরই অজানা। হুট করেই জানলেন রিটার্ন দাখিল না করায় আপনাকে জরিমানা দিতে হবে ৩০০০-৫০০০ টাকা পর্যন্ত। ফলে এখন অনেকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই টিন সার্টিফিকেট। তবে চাইলে কিন্তু আপনি এটি এখনই বাতিল করতে পারেন। অনলাইনে করা গেলেও সার্ভারের সমস্যা বা সঠিকভাবে বুঝতে না পারায় অনেকে তা করতে পারছেন না। তারা সশরীরে কাজটি করতে পারেন। এজন্য টিন সার্টিফিকেট বাতিল করতে আপনার সংশ্লিষ্ট কর অঞ্চলে (ট্যাক্স সার্কেল) বা স্থানীয় কর অফিসে গিয়ে লিখিত আবেদন করতে হবে। বর্তমানে সম্পূর্ণ অনলাইনে সরাসরি টিন সার্টিফিকেট বাতিলের সুযোগ সীমিত; তাই সশরীরে কর অফিসে যোগাযোগ করতে হয়। কোন পরিস্থিতিতে টিন সার্টিফিকেট বাতিল করা যায়? টিআইএন বাতিলের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট পরিস্থিতি বিবেচনা করা হয়। যেমন- ব্যবসা বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট টিআইএন বাতিলের প্রয়োজন হতে পারে। ভুল করে একাধিক টিআইএন হলে কোনো কারণে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক টিআইএন তৈরি হয়ে গেলে প্রয়োজনীয় একটি রেখে অন্যটি বাতিল করার আবেদন করা যেতে পারে। টিআইএন আর ব্যবহার করার প্রয়োজন না থাকলে কোনো কাজে ব্যবহারের জন্য টিআইএন নেওয়া হলেও পরবর্তীসময়ে সেটির আর প্রয়োজন না থাকলে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাতিলের আবেদন করা যেতে পারে। আয় করসীমার নিচে নেমে গেলে কোনো ব্যক্তির আয় কমে গিয়ে যদি তিনি করযোগ্য সীমার বাইরে চলে যান এবং টিআইএন রাখার প্রয়োজন না থাকে, তাহলে বাতিলের আবেদন করার সুযোগ থাকতে পারে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি কোনো বাংলাদেশি নাগরিক কাজের কারণে দীর্ঘ সময় দেশের বাইরে থাকেন এবং বাংলাদেশে তার কোনো করযোগ্য আয় না থাকে, তাহলে দেশে থাকা অবস্থায় নেওয়া টিআইএন বাতিলের জন্য আবেদন করতে পারেন। করদাতার মৃত্যু হলে কোনো করদাতা মারা গেলে তার টিআইএন আর প্রয়োজন না থাকায় সেটি বাতিল করা যেতে পারে। এক্ষেত্রে উত্তরাধিকারীদের পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন করতে হয়। তবে মৃত ব্যক্তির নামে কোনো ব্যবসা বা এমন কার্যক্রম থাকলে, টিআইএন বাতিলের কারণে সংশ্লিষ্ট ব্যবসার কাগজপত্রও বাতিল করে নতুন করে করার মতো জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে উত্তরাধিকারীরা টিআইএন বাতিলের আবেদন করতে পারবেন না এ বিষয়টি আগে যাচাই করা জরুরি। কোথায় যেতে হবে? আপনার রেজিস্ট্রেশনকৃত বা এলাকার সংশ্লিষ্ট ট্যাক্সেস সার্কেল অফিস বা কর অঞ্চলে যেতে হবে। এটি আপনার টিন সার্টিফিকেটেই দেখুন লেখা আছে ট্যাক্সেস সার্কেল এবং জোন কোথায়। এবার আসুন টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ও প্রয়োজনীয় ধাপ জেনে নেই- টিন সার্টিফিকেট বাতিলের জন্য সাধারণত করদাতাকে পরপর ৩ বছর জিরো আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এরপর আপনার এলাকার উপ-কর কমিশনার বরাবর একটি লিখিত দরখাস্ত লিখতে হবে। দরখাস্তে টিন সার্টিফিকেট কবে খুলেছিলেন, কেন খুলেছিলেন, বাতিলের উপযুক্ত ও গ্রহণযোগ্য কারণ (যেমন : ব্যবসা বন্ধ হওয়া, করযোগ্য আয় না থাকা, বা বিদেশে স্থায়ীভাবে বসবাস) উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা : আবেদনের সঙ্গে নিচের কাগজপত্রগুলো জমা দিতে হবে- ই-টিন সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয়পত্র (NID)-এর ফটোকপি বিগত ৩ বছরের শূন্য রিটার্ন জমার রিসিট বা প্রাপ্তি স্বীকারপত্র প্রযোজ্য ক্ষেত্রে করদাতার মৃত্যুসনদ/ ব্যবসা বন্ধ হয়ে থাকলে বা অন্য কোনো কারণ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণপত্র আপনার জমা দেওয়া কাগজপত্র ও আবেদন সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবে। সবকিছু সঠিক থাকলে তারা আপনার টিন সার্টিফিকেট বাতিল করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া টিন বাতিল হয়েছে বলে ধরা যাবে না। এরপর আপনাকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার টিন সার্টিফিকেট বাতিল হয়েছে। মনে রাখবেন একবার বাতিল হলে এই টিন সার্টিফিকেট আর ব্যবহার করতে পারবেন না। জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তারের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মাহবুব আলমকে জনতা ব্যাংক, নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংক এবং মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. মাহবুব আলম এর আগে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মো. নূরুল হুদা বর্তমানে জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। অর্থাৎ জনতা ব্যাংকের শীর্ষ পদে বেসরকারি ব্যাংকের সাবেক একজন কর্মকর্তা নিয়োগ পেলেও বেসিক ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিরই একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হওয়া নূর মোহাম্মদ যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের ধারাবাহিকতায় এ নিয়োগ দেওয়া হলো। এর আগে সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ ও চুক্তির শর্ত পুনর্বিবেচনা নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বিভিন্ন কার্যক্রম চলে। নতুন নিয়োগের মধ্য দিয়ে জনতা ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে যাচ্ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।