শরীরে এনার্জি জোগানোর জন্য অনেকেই এনার্জি ড্রিঙ্কস পান করে থাকেন। কিন্তু এই ড্রিঙ্কস শরীরে এনার্জি বাড়ানোর চেয়ে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। গবেষণায় উঠে এসেছে ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত পানীয় এবং সাপ্লিমেন্টের সঙ্গে হৃদযন্ত্রের গুরুতর সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রিপোর্ট বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন। আরও উদ্বেগের বিষয়, এই ধরনের পণ্যের সঙ্গে সম্পর্কিত হৃদরোগের রিপোর্টের প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের। যে বয়সে শরীরের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি, সেই বয়সিদের মধ্যেই দেখা যাচ্ছে উদ্বেগজনক প্রবণতা। গবেষণায় কী দেখা গেল? যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) ২০২৬ সালের সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপিত এই গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে এফডিএর নিরাপত্তা সংক্রান্ত তথ্যভাণ্ডারে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৮৫৪টি রিপোর্ট ছিল এনার্জি ড্রিঙ্কস এবং ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত খাদ্য-পরিপূরক সংক্রান্ত। বাকি ২৭ হাজার ৪৯১টি রিপোর্টে এই ধরনের উপাদান ছিল না। বিশ্লেষণে দেখা গেছে ক্যাফেইন ও উত্তেজক উপাদানযুক্ত পণ্যের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের হার প্রায় এগারো গুণ বেশি। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে প্রায় সাড়ে চার গুণ। অস্বাভাবিক হৃদ্স্পন্দন বা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া এবং বুক ধড়ফড়ের হারও প্রায় চার গুণ বেশি। এছাড়া হৃদ্স্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা প্রায় তিন গুণ বাড়ে, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রায় দ্বিগুণ। ক্যাফেইনে কি বিপদ বাড়ে? ক্যাফেইন শরীরকে সাময়িক ভাবে চনমনে করে, ঘুমের ভাব কাটায় এবং সতর্কতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত মাত্রায় এই উপাদান শরীরে প্রবেশ করলে হৃদ্স্পন্দন ও রক্তচাপের উপর প্রভাব পড়তে পারে। এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে সমস্যা আরও জটিল। কারণ, এতে অনেক সময় বেশি মাত্রায় ক্যাফেইনের পাশাপাশি একাধিক উত্তেজক উপাদান মেশানো থাকে। চিকিৎসকদের ভাষায়, এনার্জি ড্রিঙ্কস শুধু শরীরের এনার্জি বা সতর্কতা বাড়ায় না, হৃদ্যন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে। এতে থাকা অতিরিক্ত ক্যাফেইন এবং অন্যান্য উত্তেজক উপাদান হৃদ্যন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপে বিঘ্ন ঘটাতে পারে। এর ফলে অনিয়মিত হৃদ্স্পন্দনের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। কিছু এনার্জি ড্রিঙ্কস ক্যাফেইনের পরিমাণ সাধারণ কফির তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি হতে পারে। শরীরচর্চার আগে খাওয়ার জন্য তৈরি কিছু সাপ্লিমেন্টে ক্যাফিনের ঘনত্ব আরও বেশি। অনেক তরুণ শরীরচর্চার আগে এই ধরনের পানীয় বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন। কেউ কেউ আবার অ্যালকোহল বা অন্য উত্তেজক উপাদানের সঙ্গেও এই পানি মিশিয়ে নেন। এতে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
নারীদের মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) একটি পরিচিত স্বাস্থ্যসমস্যা। প্রস্রাবের বেগ ঘন ঘন হওয়া, কিন্তু অল্প পরিমাণ প্রস্রাব হওয়া, প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত হওয়া এবং প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া—এসব এর সাধারণ লক্ষণ। একবার ইউটিআইয়ে আক্রান্ত হওয়া নারীদের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশের ছয় মাসের মধ্যে আবার সংক্রমণ দেখা দেয়। বারবার এ সংক্রমণ হলে দৈনন্দিন জীবন ব্যাহত হতে পারে। তবে চিকিৎসকদের মতে, এর জন্য নারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করা ঠিক নয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসাবিষয়ক প্রভাষক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. কল্পনা গুপ্তের মতে, কিছু নারী স্বাভাবিকভাবেই মূত্রনালির সংক্রমণে বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে জন্মান। কেন বারবার সংক্রমণ হয়? মূত্রনালির সংক্রমণের প্রধান কারণ ইশেরিশিয়া কোলাই (ই-কোলাই) নামের ব্যাকটেরিয়া, যা সাধারণত অন্ত্রে বসবাস করে। মলদ্বার থেকে যোনিপথ হয়ে এই ব্যাকটেরিয়া মূত্রনালিতে প্রবেশ করলে মূত্রথলিতে সংক্রমণ ঘটতে পারে। মেনোপজের আগে যৌনমিলন এবং স্পার্মিসাইডযুক্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। যৌনমিলনের পর মূত্রথলিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, স্পার্মিসাইড যোনিপথের উপকারী ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কমিয়ে দিতে পারে। মেনোপজের পর যোনিপথে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যায়। পাশাপাশি মূত্রথলির সংকোচনক্ষমতা কমে যাওয়ায় পুরোপুরি প্রস্রাব বের হতে সমস্যা হতে পারে। বংশগত কারণও এতে ভূমিকা রাখে। মা বা বোনের বারবার ইউটিআই হওয়ার ইতিহাস থাকলে ঝুঁকি বাড়তে পারে। সংক্রমণ প্রতিরোধে করণীয় প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। সাধারণভাবে দুই থেকে তিন লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়। স্পার্মিসাইডবিহীন বিকল্প জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন। শারীরিক সম্পর্কের পর প্রস্রাব করুন। মেনোপজের পর চিকিৎসকের পরামর্শে যোনিপথে ইস্ট্রোজেন থেরাপি বিবেচনা করুন। মলত্যাগের পর সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করুন। বারবার সংক্রমণ হলে কী চিকিৎসা? বারবার ইউটিআই হলে চিকিৎসকের পরামর্শে কম মাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। কারও ক্ষেত্রে ছয় মাস বা তার বেশি সময় প্রতিদিন, কারও ক্ষেত্রে যৌনমিলনের পর এবং কারও ক্ষেত্রে সংক্রমণের লক্ষণ দেখা দিলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তবে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহারে ব্যাকটেরিয়ার ওষুধ প্রতিরোধক্ষমতা তৈরি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত নয়। এ ছাড়া পর্যাপ্ত পানি পান, শারীরিক সম্পর্কের আগে-পরে প্রস্রাব করা এবং আঁটসাঁট অন্তর্বাস ও জিনস এড়িয়ে চলার মতো অভ্যাসও অনুসরণ করা যেতে পারে। এসব অভ্যাস সংক্রমণ প্রতিরোধে কার্যকর—এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও ক্ষতিকর নয়। বারবার সংক্রমণ হলে অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যক্তিভেদে উপযুক্ত প্রতিরোধ ও চিকিৎসার পরিকল্পনা তৈরি করা জরুরি। সূত্র: হার্ভার্ড হেল্থ পাবলিকেশন্স
খাদ্যাভ্যাস ও ক্যানসার চিকিৎসার মধ্যে এক অপ্রত্যাশিত সম্পর্ক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব খাবার সাধারণত অস্বাস্থ্যকর বা ওজন বাড়ানোর জন্য দায়ী বলে মনে করা হয়, সেসব খাবারের কিছু ইঁদুরের শরীরে ক্যানসারের একটি প্রচলিত ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়িয়েছে। এই আবিষ্কার থেকে গবেষকেরা ধারণা করছেন, ক্যানসার চিকিৎসার সাফল্য শুধু অন্ত্রে কী ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, তার ওপর নির্ভর করে না। বরং এসব ব্যাকটেরিয়া টিকে থাকতে ও বেড়ে উঠতে কী ধরনের খাবার পাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং রোজালিন্ড অ্যান্ড মরিস গুডম্যান ক্যানসার ইনস্টিটিউটের প্রধান গবেষক ড্যানিয়েলা কুয়েল বলেন, ‘আমাদের পরিপাকতন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া এবং আমরা যে খাবার খাই, তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সঠিক সমন্বয় থাকলেও সেগুলোকে পুষ্টি জোগাতে আমরা কী ধরনের খাবার খাচ্ছি, তার ওপর নির্ভর করতে পারে চিকিৎসায় সাড়া দেওয়ার বিষয়টি।’ কুয়েল ও তার সহকর্মীরা গবেষণাটিতে পরীক্ষা করেছেন, খাদ্যাভ্যাস কীভাবে ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর নামের ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করে। এসব ওষুধ ক্যানসার ইমিউনোথেরাপিতে বহুল ব্যবহৃত হয়। এগুলো শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত করতে এবং সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। গবেষণায় ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লোগান ওয়ালশ এবং সিআর-সিএইচইউএমের গবেষক বার্ট্রান্ড রুতি ও অ্যারিয়েল এলক্রিফও যুক্ত ছিলেন। গবেষণার ফলাফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ প্রকাশিত হয়েছে। অস্বাস্থ্যকর খাবারে কেন মিলল ইতিবাচক ফল? গবেষণার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, ওজন বাড়ায় এমন কিছু খাদ্যাভ্যাস ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়াতে সাহায্য করেছে। এই ফলাফল পুষ্টি ও ক্যানসার চিকিৎসার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ড্যানিয়েলা কুয়েল বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল বিস্ময়কর। কারণ, এতে দেখা গেছে, স্থূলতা বাড়াতে পারে—এমন কিছু খাদ্যাভ্যাসেরও ইতিবাচক প্রভাব রয়েছে। এটি প্রমাণ করে, ক্যানসার চিকিৎসায় খাদ্যের ভূমিকা শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়া ও ব্যায়াম করার পরামর্শের মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়টি আরও জটিল।’ তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই ফলাফলের অর্থ এই নয় যে ক্যানসার রোগীদের ওজন বাড়ায় এমন খাবার খাওয়া উচিত। অতিরিক্ত ওজনের কারণে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তা ছাড়া ইঁদুরের ওপর পাওয়া এই ফলাফল মানুষের ক্ষেত্রেও একইভাবে কার্যকর হবে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। গবেষকদের মূল লক্ষ্য হলো, বিভিন্ন ধরনের খাবার অন্ত্রের মাইক্রোবায়োমকে কীভাবে প্রভাবিত করে, তা বোঝা। স্থূলতা নিয়ে ক্যানসার গবেষণায় নতুন ব্যাখ্যা গবেষণাটি শুরু হয়েছিল ক্যানসারবিষয়ক একটি দীর্ঘদিনের রহস্যের সূত্র ধরে। চিকিৎসাবিজ্ঞানে এটি অবেসিটি প্যারাডক্স বা স্থূলতার আপাতবিরোধী প্রভাব নামে পরিচিত। সাধারণভাবে স্থূলতা ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং ক্যানসারে মৃত্যুর আশঙ্কা বাড়ায়। কিন্তু কয়েকটি গবেষণায় দেখা গেছে, যেসব ক্যানসার রোগীর বডি মাস ইনডেক্স (বিএমআই) তুলনামূলক বেশি, তারা কখনো কখনো ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর চিকিৎসায় ভালো সাড়া দেন। এই রহস্যের কারণ খুঁজতে গবেষকেরা ইঁদুরের ওপর ১২ ধরনের খাদ্যাভ্যাস পরীক্ষা করেন। এতে দেখা যায়, স্থূলতার সঙ্গে সম্পর্কিত কিছু খাদ্যাভ্যাস ইমিউনোথেরাপির কার্যকারিতা বাড়িয়েছে। এমনকি অল্প সময় ধরে এসব খাবার খাওয়ানোর পরও একই ধরনের ফল পাওয়া গেছে। গবেষকদের ধারণা, স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে ক্যানসার চিকিৎসায় ভালো সাড়া পাওয়ার পেছনে শুধু অতিরিক্ত শারীরিক ওজন দায়ী নয়। বরং খাদ্যাভ্যাস ও অন্ত্রের ব্যাকটেরিয়ার সম্মিলিত প্রভাব রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে পরিবর্তন করতে পারে, যা চিকিৎসার কার্যকারিতায় ভূমিকা রাখে। এই পারস্পরিক সম্পর্ক কীভাবে কাজ করে, তা আরও ভালোভাবে বুঝতে পারলে ভবিষ্যতে স্থূলতার স্বাস্থ্যঝুঁকি ছাড়াই ইমিউনোথেরাপির ইতিবাচক প্রভাব পাওয়ার নতুন উপায় বের করা সম্ভব হতে পারে। সূত্র: সাইন্স ডেইলি
ফুসফুসের ক্যানসার মানেই ধূমপায়ী পুরুষ—এমন ধারণা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, কখনো ধূমপান করেননি এমন নারীদের মধ্যেও বাড়ছে এই রোগের প্রকোপ। বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ, পরোক্ষ ধূমপান, জিনগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন কারণে নারীরা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। নারীদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। তাদের মধ্যে নারী ছিলেন প্রায় ৯ লাখ ৮ হাজার। নারীদের ক্ষেত্রে অ্যাডেনোকার্সিনোমা ছিল সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ধরন। মোট আক্রান্ত নারীদের প্রায় ৬০ শতাংশের এই ক্যানসার ধরা পড়ে। গবেষণায় বায়ুদূষণের সঙ্গে নারীদের ফুসফুসের ক্যানসারের উল্লেখযোগ্য সম্পর্কও পাওয়া গেছে। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। ২০২২ সালে প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, নারীদের ফুসফুসের ক্যানসারের প্রায় ৫২ দশমিক ৭ শতাংশ ছিল অ্যাডেনোকার্সিনোমা। চিকিৎসকদের মতে, বাতাসে থাকা অতিসূক্ষ্ম কণা বিশেষ করে পিএম ২.৫ ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। যানবাহনের ধোঁয়া, কলকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলা এবং ঘরে কাঠ বা অন্যান্য জ্বালানি পোড়ানোর ধোঁয়া দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া পরোক্ষ ধূমপান, রেডন গ্যাস, অ্যাসবেস্টস ও আর্সেনিকের সংস্পর্শ, পারিবারিক ইতিহাস এবং জিনগত বৈশিষ্ট্যও ঝুঁকির কারণ। যেসব উপসর্গ অবহেলা নয় বিশেষজ্ঞদের মতে, অনেক সময় কাশি, শ্বাসকষ্ট বা বুকে সংক্রমণকে মৌসুমি অ্যালার্জি কিংবা হাঁপানি ভেবে উপেক্ষা করা হয়। ফলে রোগ শনাক্তে দেরি হতে পারে। কয়েক সপ্তাহ ধরে কাশি, অকারণে ওজন কমে যাওয়া, কাশির সঙ্গে রক্ত পড়া, ক্রমবর্ধমান শ্বাসকষ্ট কিংবা বারবার বুকে সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ফুসফুসের ক্যানসারের ধরন ও পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি দেওয়া হয়। ইজিএফআর মিউটেশন ও এএলকে পরিবর্তন শনাক্তে মলিকিউলার পরীক্ষা ব্যক্তিভিত্তিক চিকিৎসা নির্ধারণে সাহায্য করে। তবে উপসর্গহীন, কখনো ধূমপান করেননি এমন সব নারীর নিয়মিত সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয় না। ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ, ঘরের বায়ু চলাচল নিশ্চিত করা, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরোক্ষ ধূমপান এড়িয়ে চলার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনো ধূমপান না করার অর্থ ফুসফুসের ক্যানসারের ঝুঁকি একেবারে না থাকা নয়। তাই সচেতনতা ও সময়মতো রোগ নির্ণয়ই পারে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। সূত্র: হিন্দুস্তান টাইমস
সকালে ঘুম থেকে উঠেই কি নাক বন্ধ হয়ে আসে? গলার ভেতরটা খুসখুসে ভাব বা শুকনো কাশি কি নিত্যদিনের সঙ্গী? ঋতু পরিবর্তনের এই সময়ে এমন সমস্যায় ভোগেন অনেকেই। তাপমাত্রার ওঠানামা, আর্দ্রতার পরিবর্তন এবং বায়ুদূষণ একসঙ্গে শ্বাসনালিতে অস্বস্তি তৈরি করে। নাক ও গলার ভেতরের আর্দ্র আবরণ শুকিয়ে গেলে জ্বালা বা অস্বস্তি আরও বেড়ে যায়। এ সময় শুধু ওষুধের ওপর ভরসা না করে নজর দিতে হবে খাওয়াদাওয়ার দিকেও। কারণ, সুষম আহার ও পর্যাপ্ত পানি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাদুকরি ভূমিকা রাখে। জেনে নিন, প্রতিদিনের খাদ্যতালিকায় কী কী পরিবর্তন আনবেন। ১. উষ্ণ খাবার বেছে নেওয়া নাক বন্ধ বা গলায় অস্বস্তি থাকলে উষ্ণ খাবার সবচেয়ে বেশি আরাম দেয়। স্যুপ, স্ট্যু, খিচুড়ি, নরম করে রান্না করা সবজি কিংবা ওটস খেতে পারেন। এ ছাড়া তুলসী, আদা বা গোলমরিচ দিয়ে তৈরি চা-ও বেশ উপকারী। উষ্ণ খাবার ও পানীয় গলার অস্বস্তি সাময়িকভাবে কমাতে সাহায্য করে। তবে খুব গরম খাবার বা পানীয় খাওয়া থেকে বিরত থাকুন, এতে মুখের ভেতরের কোমল আবরণ পুড়ে যেতে পারে। ফ্রিজের ঠান্ডা খাবার সরাসরি না খেয়ে সবসময় গরম করে খাওয়া উচিত। এ সময় ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলুন, কারণ তা সঙ্গে সঙ্গে পেশি সংকুচিত করে অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। ২. ভাজাপোড়াকে না বলুন ডুবো তেলে ভাজা খাবার, প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার শরীরে শ্লেষ্মা বা কফ জমাতে পারে। পাশাপাশি এগুলো হজমক্ষমতা ও বিপাকীয় স্বাস্থ্যেরও ক্ষতি করে। এর বদলে সব সময় ঘরোয়া ও গরম খাবার খাওয়ার অভ্যাস করুন। ৩. পর্যাপ্ত পানি পান গরম চা, ভেজিটেবল স্যুপ বা লেবুর রস মেশানো ঈষদুষ্ণ পানি পান করলে গলা অনেক আরাম পায়। এটি ঋতু বদলের সময়ে শরীরে পানির ঘাটতি দূর করতে দারুণ কার্যকর। ৪. মশলার সঠিক ব্যবহার প্রদাহনাশক বা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে—এমন মশলা এ সময়ে বেশ উপকারী। যেমন, হলুদে থাকা কারকিউমিন, রসুনের অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ, কিংবা আদা ও মধু গলার অস্বস্তি ও কাশি কমাতে দারুণ কাজ করে। ৫. পাতে রাখুন মৌসুমি ফল আমলকি, কমলালেবু, পেয়ারার মতো ফলগুলো এই সময়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পেলে শরীরে যেমন শক্তি আসে, তেমনই ক্লান্তিও দূর হয়। ৬. প্রোবায়োটিকের জাদুকরী ছোঁয়া টক দইয়ের মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই বারবার সর্দি-কাশি বা পেটের সমস্যায় ভুগলে নিয়মিত পাতে রাখুন প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার।
স্ট্রোক খুবই গুরুতর জরুরি চিকিৎসা পরিস্থিতি, যা হঠাৎ করেই কারো সঙ্গে ঘটতে পারে। এ থেকে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা তৈরি হতে পারে। কখনো কখনো প্রাণঘাতীও হয়ে থাকে। এ কারণে স্ট্রোকের ক্ষেত্রে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম স্ট্রোকের ঝুঁকি কমানোর অন্যতম উপায়। তবে হাঁটাচলা, যোগব্যায়াম থেকে শুরু করে স্ট্রেংথ ট্রেনিংয়ের মতো নানা উপায় রয়েছে। কিন্তু এসবের মধ্যে কোনটিকে বেশি প্রাধান্য দেয়া উচিত, না নিয়ে প্রশ্ন অনেকের। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সারজাপুর রোডের মণিপাল হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ও সিনিয়র কনসালটেন্ট ড. শিব কুমার জানিয়েছেন, শারীরিক নিষ্ক্রিয়তা বা কায়িম পরিশ্রম না করার কারণে বয়স্কদের স্ট্রোকের ঝুঁকি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এই ঝুঁকি দ্বিগুণ করে। তবে ঝুঁকি কাটাতে কিছু ব্যায়ামের গুরুত্ব জানিয়েছেন এ চিকিৎসক। হাঁটা হাঁটাকে অনেকেই কম পরিশ্রমের ব্যায়াম বলে মনে করতে পারেন। কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। ডা. শিব কুমার হাঁটাকে অবহেলা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, হাঁটার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। সপ্তাহে পাঁচদিন ৩০ মিনিট করে দ্রুত গতিতে হাঁটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া সপ্তাহে ১৫০ মিনিটের মাঝারি ধরনের শারীরিক পরিশ্রমের টার্গেট পূরণ করে। যা সুস্থ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল বজায় রাখতে সহায়তা করে। স্ট্রেংথ ট্রেনিং নারীদের জন্য চিকিৎসকরা স্ট্রেংথ ট্রেনিং বা পেশি মজবুত করার ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। কেননা, মেনোপজের পর তাদের পেশি ও হাড়ের দ্রুত ক্ষয় হতে থাকে। ডা. শিব কুমার বলেন, সপ্তাহে দুই দিন স্ট্রেংথ ট্রেনিং করা উচিত। ওজন বা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার পেশি ও হাড় উভয়কে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং এসব ওজন ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। যোগব্যায়াম বা ইয়োগা যোগব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ, যা জয়েন্টের ওপর চাপ কম ফেলে এবং মানসিক চাপ দূর করে থাকে। বিশেষজ্ঞদের মতে, কিছু গবেষণায় দেখা গেছে, যোগব্যায়ামের সঙ্গে রক্তচাপ কিছুটা কমার সম্পর্ক রয়েছে। যা হাঁটার পরিপূরক বা সঙ্গী হিসেবে কাজ করে। তবে তা হাঁটার বিকল্প নয়। সঠিক পরিকল্পনা প্রয়োজন ডা. শিব কুমারের পরামর্শ হলো, সপ্তাহের অধিকাংশ দিন হাঁটাচলা করা, সপ্তাহের দুই দিন স্ট্রেংথ ট্রেনিং বা ওজন তোলার ব্যায়াম করা এবং শরীরকে নমনীয় ও মনকে শান্ত রাখার জন্য সকালে বা ঘুমানোর আগে যোগব্যায়াম করা উচিত। তবে স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার পরীক্ষা, লবণ কম খাওয়া, তামাক বা ধূমপান ত্যাগ করা এবং অনিয়মিত হৃদস্পন্দনের চিকিৎসায় জোর দিতে হবে।
রাতভর ঘুমানোর পর সকালে ঘুম ভেঙেই মাথাব্যথা। কারও ক্ষেত্রে মাথা ভার হয়ে থাকে, কারও আবার কপাল বা মাথার এক পাশে শুরু হয় তীব্র যন্ত্রণা। এমন হলে অনেকেই প্রথমে ভাবেন, ঘুম ঠিকমতো হয়নি কিংবা শরীরে পানির ঘাটতি রয়েছে। আবার কেউ কেউ ভয় পেয়ে যান, এটি স্ট্রোকের কোনো আগাম সংকেত নয় তো? বিশেষজ্ঞদের মতে, সকালে মাথাব্যথা হলেই তা স্ট্রোকের লক্ষণ, এমন ধারণা ঠিক নয়। তবে কিছু উপসর্গ রয়েছে, যেগুলো দেখা দিলে এক মুহূর্তও অবহেলা করা উচিত নয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব বিষয়ে সতর্ক করেছেন ভারতের গুরুগ্রামের মারেঙ্গো এশিয়া হাসপাতালের এমএআইআইএনএসের চেয়ারম্যান ও নিউরোলজিস্ট চিকিৎসক প্রবীণ গুপ্ত। তিনি কিছু ভুল ধারণা নিয়ে কথা বলেছেন। এগুলো হলো- মাথাব্যথা ছাড়াও হতে পারে স্ট্রোক অনেকের ধারণা, স্ট্রোক হলে প্রচণ্ড মাথাব্যথা হবেই। কিন্তু চিকিৎসক প্রবীণ গুপ্তের মতে, সব স্ট্রোকের ক্ষেত্রে মাথাব্যথা হয় না। অনেক সময় কোনো ব্যথা ছাড়াই স্ট্রোকের লক্ষণ দেখা দিতে পারে। হঠাৎ শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, মুখের এক পাশ বেঁকে যাওয়া কিংবা কথা জড়িয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই শুধু মাথাব্যথার অপেক্ষায় থাকলে স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ চোখ এড়িয়ে যেতে পারে। তরুণদেরও স্ট্রোক হতে পারে স্ট্রোক শুধু বয়স্কদের রোগ এমন ধারণাও ভুল। চিকিৎসকের মতে, বর্তমানে ৩০ ও ৪০ বছর বয়সীদের মধ্যেও স্ট্রোকের ঘটনা দেখা যাচ্ছে। এর পেছনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত ঘুমের মতো বিষয় ভূমিকা রাখতে পারে। তাই বয়স কম বলে স্ট্রোকের ঝুঁকি নেই, এমনটা ভাবার সুযোগ নেই। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। উপসর্গ কমে গেলেও বিপদ কেটে যায় না হঠাৎ কয়েক মিনিটের জন্য মাথা ঘোরা, কথা জড়িয়ে যাওয়া কিংবা শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়ার পর আবার সব স্বাভাবিক হয়ে যেতে পারে। অনেকেই তখন বিষয়টি আর গুরুত্ব দেন না। কিন্তু চিকিৎসকের মতে, এমন সাময়িক উপসর্গও মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের (টিআইএ) লক্ষণ হতে পারে। টিআইএকে অনেক সময় বড় স্ট্রোকের আগাম সতর্কবার্তা হিসেবে দেখা হয়। এর উপসর্গ সাময়িকভাবে চলে গেলেও ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে। ঘুমিয়ে বা ঘরোয়া উপায়ে স্ট্রোকের চিকিৎসা নয় মাথাব্যথা কিংবা শরীরে অস্বাভাবিক কিছু অনুভব করলে অনেকেই বিশ্রাম নেন, ঘুমিয়ে পড়েন কিংবা ঘরোয়া উপায়ে উপশমের চেষ্টা করেন। কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে এমন অপেক্ষা বিপজ্জনক হতে পারে। চিকিৎসক প্রবীণ গুপ্তের মতে, স্ট্রোকের সময় প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। যত দেরি হয়, মস্তিষ্কের কোষের ক্ষতির আশঙ্কা তত বাড়ে। তাই স্ট্রোকের লক্ষণ দেখা দিলে ঘরোয়া চিকিৎসা বা বিশ্রামের ওপর নির্ভর না করে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিতে হবে। যে ৫ লক্ষণ দেখলে সতর্ক হবেন চিকিৎসকের মতে, কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরি। বিশেষ করে— হঠাৎ তীব্র মাথাব্যথা: কোনো পূর্বলক্ষণ ছাড়াই আচমকা প্রচণ্ড মাথাব্যথা শুরু হওয়া, বিশেষ করে জীবনের সবচেয়ে তীব্র মাথাব্যথা মনে হলে। শরীরের এক পাশ দুর্বল হওয়া: হাত-পা অবশ হয়ে যাওয়া কিংবা শরীরের এক পাশের শক্তি কমে যাওয়া। কথা জড়িয়ে যাওয়া: হঠাৎ কথা বলতে অসুবিধা হওয়া, কথা অস্পষ্ট হয়ে যাওয়া কিংবা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া দৃষ্টিশক্তিতে পরিবর্তন: হঠাৎ চোখে ঝাপসা দেখা, এক বা দুই চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া কিংবা দৃষ্টি হারানো। বিভ্রান্তি, বারবার বমি বা খিঁচুনি: মাথাব্যথার সঙ্গে হঠাৎ বিভ্রান্তি, বারবার বমি কিংবা খিঁচুনি দেখা দিলে জরুরি চিকিৎসা প্রয়োজন। এ ছাড়া কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে মাথাব্যথা ক্রমাগত বাড়তে থাকলেও চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। স্ট্রোকের লক্ষণ চিনতে মনে রাখুন BE-FAST স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে চিকিৎসকরা BE-FAST পদ্ধতির কথা বলেন। এতে ছয়টি বিষয় খেয়াল রাখতে হয়। B (Balance): হঠাৎ ভারসাম্য হারানো বা হাঁটতে সমস্যা হওয়া। E (Eyes): হঠাৎ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি হারানো। F (Face): মুখের এক পাশ বেঁকে যাওয়া। A (Arms): এক হাত দুর্বল হয়ে যাওয়া বা তুলতে না পারা। S (Speech): কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে সমস্যা হওয়া। T (Time): এসব লক্ষণের কোনোটি দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত জরুরি চিকিৎসাসেবা নেওয়া। প্রতিদিন সকালে মাথাব্যথা নিয়ে ঘুম ভাঙলে প্রথমেই এর ধরন ও কারণ বোঝার চেষ্টা করা প্রয়োজন। পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, রাতে পানি কম পান করছেন কি না, অতিরিক্ত মানসিক চাপ রয়েছে কি না এসব বিষয় খেয়াল রাখতে হবে। নিয়মিত মাইগ্রেনের সমস্যা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর স্বাস্থ্যে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের কারণে গর্ভপাত, মৃত সন্তান প্রসব, জন্মগত ত্রুটি এবং নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম দেওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ ঝুঁকি শুধু উষ্ণ বা মরুভূমি অঞ্চলের নারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। নাতিশীতোষ্ণ ও শীতল জলবায়ুর দেশেও অন্তঃসত্ত্বা নারীরা একই ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কোনো অঞ্চলের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় সামান্য বৃদ্ধি ঘটলেও গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতার আশঙ্কা বেড়ে যেতে পারে। অর্থাৎ তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোর প্রয়োজন নেই। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ১০০ কোটিরও বেশি নারী এ ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ও গবেষক দর্শনিকা লাখুর অভিজ্ঞতাও বিষয়টির গুরুত্ব তুলে ধরেছে। যদিও তার গর্ভাবস্থায় দেখা দেওয়া জটিলতার পেছনে তাপপ্রবাহের ভূমিকা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গবেষকদের পর্যবেক্ষণ বলছে, আগে থেকেই স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা নারীদের ওপর অতিরিক্ত তাপমাত্রার নেতিবাচক প্রভাব আরও বেশি হতে পারে। বাড়ছে হিট স্টর্মের সংখ্যা ও স্থায়িত্ব রয়টার্সের সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকায় টানা পাঁচ দিন তাপমাত্রা ঐতিহাসিক সর্বোচ্চ তাপমাত্রার ১০ শতাংশের মধ্যে থাকলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। আর কোনো তাপপ্রবাহ সর্বোচ্চ বিস্তারের সময় পৃথিবীর অন্তত ১ শতাংশ এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে তাকে বলা হয় ‘হিট স্টর্ম’। রয়টার্সের বিশ্লেষণে দেখা গেছে, ১৯৬০-এর দশকে বিশ্বজুড়ে এ ধরনের হিট স্টর্মের সংখ্যা ছিল মাত্র ৫০টি। অথচ চলতি দশকেই এ সংখ্যা ৬৬৫ ছাড়িয়েছে। সবচেয়ে বিস্তৃত একটি হিট স্টর্ম প্রায় এক বছর স্থায়ী হয়েছিল এবং পৃথিবীর ৮৫ শতাংশ এলাকা অতিক্রম করেছিল। এর প্রভাবে বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষ কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছেন। মেক্সিকোতে লাখ লাখ শিশুর জন্মসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, গর্ভাবস্থার শেষ মাসে তাপপ্রবাহ বা হিট স্টর্মের সংস্পর্শে এলে অপরিণত সন্তান জন্মের হার সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় বাড়ছে নানা জটিলতা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের জনবহুল এলাকায় চিকিৎসক হিসেবে কাজ করার সময় থেকেই মাতৃস্বাস্থ্য নিয়ে আগ্রহ তৈরি হয় দর্শনিকা লাখুর। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব দ্য উইটওয়াটার্সর্যান্ডের একটি গবেষক দলের সঙ্গে যুক্ত হন। দলটি অন্তঃসত্ত্বা নারীদের ওপর অতিরিক্ত তাপমাত্রার প্রভাব নিয়ে গবেষণা করছিল। গত দেড় দশকে বিশ্বজুড়ে তাপমাত্রা একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি গর্ভাবস্থায় তাপপ্রবাহের প্রভাব নিয়েও গবেষণা বেড়েছে। লাখু ও তার সহকর্মীরা এ বিষয়ে প্রায় ২০০টি বৈজ্ঞানিক গবেষণা পর্যালোচনা করে একটি সমন্বিত গবেষণা প্রকাশ করেন। গর্ভাবস্থায় ঠিক কত ডিগ্রি তাপমাত্রা বিপজ্জনক, তা নিয়ে গবেষকদের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। একটি গুরুত্বপূর্ণ গবেষণায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ঝুঁকি বৃদ্ধির একটি সীমা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ১৪টি দরিদ্র দেশের ওপর পরিচালিত আরেক গবেষণায় দেখা গেছে, এর চেয়েও কম তাপমাত্রায় অপরিণত সন্তান জন্ম এবং মৃত সন্তান প্রসবের ঝুঁকি তৈরি হতে পারে। তবে লাখু ও তার সহকর্মীদের গবেষণায় উঠে এসেছে ভিন্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের মতে, নির্দিষ্ট কোনো তাপমাত্রার চেয়ে একজন নারী যে পরিবেশের তাপমাত্রায় অভ্যস্ত, তার তুলনায় তাপমাত্রা কতটা বাড়ছে, সেটি বেশি গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, কোনো এলাকায় গর্ভবতী নারীর বসবাসের স্থানের গড় তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে পরবর্তী কয়েক সপ্তাহে মৃত সন্তান প্রসবের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া অতিরিক্ত তাপমাত্রার কারণে জন্মগত ত্রুটি, গর্ভপাত এবং প্লাসেন্টা বা গর্ভফুল জরায়ুর দেয়াল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কাও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে মায়ের উচ্চ রক্তচাপ ও প্রি-এক্ল্যাম্পসিয়ার ঝুঁকিও বাড়ে। প্রি-এক্ল্যাম্পসিয়া গর্ভাবস্থার একটি গুরুতর জটিলতা। এর ফলে কিডনি বিকল হওয়া, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে। বিশ্বে মাতৃমৃত্যুর সাতটির মধ্যে একটিরও বেশি ঘটনার সঙ্গে এ জটিলতার সম্পর্ক রয়েছে। চীনের ২০ লাখ নারীর ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, অস্বাভাবিক গরমের কারণে প্রি-এক্ল্যাম্পসিয়ার ঝুঁকি ১৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আগে থেকেই স্বাস্থ্যঝুঁকিতে থাকা নারীরা বেশি বিপদে গবেষকদের মতে, সুস্থ অন্তঃসত্ত্বা নারীরাও অতিরিক্ত তাপমাত্রার কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তবে আগে থেকে শারীরিক অসুস্থতা কিংবা সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে থাকা নারীদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি। গবেষণায় দেখা গেছে, দরিদ্র নারী, বেশি বয়সে গর্ভধারণ করা নারী, ধূমপায়ী, নিয়মিত ওষুধ গ্রহণকারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। দর্শনিকা লাখুর গবেষক দলের প্রধান এবং ইউনিভার্সিটি অব দ্য উইটওয়াটার্সর্যান্ডের মাতৃস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক অধ্যাপক ম্যাথিউ চেরসিচ বিশেষভাবে যমজ সন্তান ধারণের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যমজ সন্তান ধারণের ক্ষেত্রে গর্ভাবস্থা তাপমাত্রার প্রভাবের প্রতি অত্যন্ত সংবেদনশীল।’ মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতার প্রয়োজন গবেষকদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের ব্যাপ্তি ও স্থায়িত্ব বাড়তে থাকলে অন্তঃসত্ত্বা নারী এবং গর্ভের শিশুর স্বাস্থ্যঝুঁকিও আরও বিস্তৃত হবে। এ সমস্যা কেবল প্রচণ্ড গরমের দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে গর্ভাবস্থায় জটিলতা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে মাতৃস্বাস্থ্যসেবায় আবহাওয়া ও তাপমাত্রাজনিত ঝুঁকিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে। বিশেষ করে আগে থেকেই স্বাস্থ্যগত জটিলতায় থাকা অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে অতিরিক্ত গরমের প্রভাব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন গবেষকেরা। সূত্র: রয়টার্স
ব্রেন স্ট্রোক ও মিনি-স্ট্রোকের মধ্যে পার্থক্য নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত কথা জড়িয়ে যাওয়া, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া কিংবা মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। কখনো শরীরের একপাশ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্তও হয়ে যেতে পারে। তবে মিনি-স্ট্রোকের ক্ষেত্রে লক্ষণগুলো অনেকটা একই রকম হলেও তা সাধারণত অল্প সময়ের জন্য স্থায়ী হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মিনি-স্ট্রোককে বলা হয় ‘ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক’ (টিআইএ)। মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হলে এ ধরনের সমস্যা দেখা দেয়। এর লক্ষণ কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেক সময় লক্ষণ নিজে থেকেই চলে যায়। তবে সাময়িকভাবে সেরে গেলেও এটিকে অবহেলা করার সুযোগ নেই। কারণ, মিনি-স্ট্রোক ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের ঝুঁকির গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। হাঁটার সময় হঠাৎ মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, হাত-পা অবশ হয়ে আসা কিংবা কথা বলতে অসুবিধা হওয়া মিনি-স্ট্রোকের লক্ষণ হতে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। কেন হয় মিনি-স্ট্রোক? মিনি-স্ট্রোকের অন্যতম কারণ হলো রক্তনালিতে চর্বি ও কোলেস্টেরল জমে যাওয়া। দীর্ঘদিন ধরে রক্তনালির দেয়ালে কোলেস্টেরল, চর্বি ও ক্যালসিয়াম জমে প্লাক তৈরি হতে পারে। এতে ধমনি সরু ও শক্ত হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। ফলে মস্তিষ্কে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া সরু হয়ে যাওয়া ধমনিতে রক্ত জমাট বেঁধে ছোট ক্লট তৈরি হতে পারে। এই ক্লট রক্ত চলাচলে বাধা সৃষ্টি করলে মিনি-স্ট্রোক দেখা দিতে পারে। কখনো শরীরের অন্য অংশ, বিশেষ করে হৃৎপিণ্ড থেকে রক্ত জমাটের ছোট টুকরো রক্তপ্রবাহের সঙ্গে মস্তিষ্কে পৌঁছে সরু ধমনিতে আটকে যায়। এর ফলেও মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। মিনি-স্ট্রোকের ব্যতিক্রমী কিছু লক্ষণ মিনি-স্ট্রোকের লক্ষণ সব সময় পরিচিত উপসর্গের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু ব্যতিক্রমী লক্ষণও দেখা দিতে পারে। যেমন— হঠাৎ কোনো ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি আংশিক বা পুরোপুরি হারিয়ে যেতে পারে। কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট এমন সমস্যা স্থায়ী হওয়ার পর আবার দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে আসতে পারে। একইভাবে চোখে দুটি করে দেখা বা ডাবল ভিশনও মিনি-স্ট্রোকের লক্ষণ হতে পারে। মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রক্ত চলাচল ব্যাহত হলে চোখের নড়াচড়া নিয়ন্ত্রণকারী স্নায়ুর কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে। এতে দৃষ্টি ঝাপসা হওয়া কিংবা দুটি ছবি দেখার মতো উপসর্গ তৈরি হয়। এ ছাড়া হঠাৎ বিভ্রান্তি, সাময়িক স্মৃতিভ্রংশ, অতিরিক্ত উদ্বেগ কিংবা চিন্তাভাবনায় অসংলগ্নতা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে আচরণ ও মেজাজেও আকস্মিক পরিবর্তন আসতে পারে। মাথা না ঘুরলেও সোজা হয়ে দাঁড়াতে অসুবিধা হওয়া, হাঁটার সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা কিংবা চলাফেরায় সমন্বয়হীনতা দেখা দেওয়াও সতর্কসংকেত হতে পারে। মিনি-স্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয় মিনি-স্ট্রোকের কোনো লক্ষণ দেখা দিলে তা সাময়িক ভেবে অবহেলা করা যাবে না। অনেকেই ক্লান্তি, মানসিক চাপ কিংবা সাময়িক শারীরিক দুর্বলতা মনে করে এসব উপসর্গ এড়িয়ে যান। এটি বিপজ্জনক হতে পারে। লক্ষণ কয়েক মিনিটের মধ্যে চলে গেলেও দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। ধূমপান পরিহার করতে হবে এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে। খাদ্যতালিকায় সুষম ও পুষ্টিকর খাবার রাখতে হবে। অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত খাবার এবং বাইরের খাবার খাওয়ার প্রবণতা কমাতে হবে। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদ্রোগ রয়েছে, তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। মনে রাখতে হবে, মিনি-স্ট্রোকের লক্ষণ সাময়িকভাবে সেরে গেলেও বিপদ কেটে গেছে—এমনটা ভাবার সুযোগ নেই। দ্রুত চিকিৎসা নেওয়াই বড় ধরনের স্ট্রোকের ঝুঁকি কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
লিভারের সুস্থতা বজায় রাখতে সুষম ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। বিশেষ করে ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু খাবারে থাকা ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারের সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। লিভার শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, প্রোটিন তৈরি, রক্ত পরিশোধন এবং হজমে সহায়তাসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। অতিরিক্ত মদ্যপানের পাশাপাশি চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত ভাজাপোড়া লিভারের ক্ষতি করতে পারে। পুষ্টিগুণে সমৃদ্ধ এমন পাঁচটি খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক— ১. সবুজ শাক ও সবজি পালংশাক, মেথি ও পুঁইশাকের মতো সবুজ শাকে প্রচুর ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সহায়ক। ২. তৈলাক্ত মাছ সামুদ্রিক তৈলাক্ত মাছসহ বিভিন্ন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটি রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও ওমেগা-৩ গুরুত্বপূর্ণ। ৩. আখরোট আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, আর্জিনিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট। এসব উপাদান লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। প্রতিবেদনে প্রতিদিন চার থেকে পাঁচটি আখরোট খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৪. বিট বিটে রয়েছে ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট ও নাইট্রেট। এসব উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে। লিভারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও বিটের পুষ্টি উপাদান ভূমিকা রাখতে পারে। ৫. লেবু ও ভিটামিন সি-সমৃদ্ধ ফল লেবু, পেয়ারা ও আমলকির মতো ফলে প্রচুর ভিটামিন সি থাকে। ভিটামিন সি অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে এবং শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করে।
দীর্ঘদিন ধরে সুস্বাস্থ্যের জন্য প্রতি রাতে আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘায়ু ও সুস্থ থাকার ক্ষেত্রে শুধু ঘুমের মোট সময় নয়, প্রতিদিন নির্দিষ্ট সময়ের কাছাকাছি ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাসও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ঘুমবিষয়ক গবেষকেরা। অর্থাৎ, পর্যাপ্ত ঘুমের পাশাপাশি ঘুমের সময়সূচিতে ধারাবাহিকতা বজায় রাখাও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। খবর রিয়েল সিম্পল আধুনিক জীবনযাত্রায় নিয়মিত ঘুমের অভ্যাস ধরে রাখা অনেকের জন্যই কঠিন। কাজের চাপ, সামাজিক ব্যস্ততা, সকালে ব্যায়াম কিংবা রাত জেগে বিনোদন দেখার কারণে ঘুমানোর সময় প্রতিদিন পরিবর্তিত হয়। অনেকেই কর্মদিবসে কম ঘুমিয়ে ছুটির দিনে বেশি সময় ঘুমানোর মাধ্যমে আগের ঘুমের ঘাটতি পূরণের চেষ্টা করেন। কিন্তু এই অভ্যাস শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ পুরোপুরি ফিরিয়ে আনতে পারে না। ঘুমের সময়ের ধারাবাহিকতা কেন এত গুরুত্বপূর্ণ, তা বুঝতে হলে প্রথমে শরীরের অভ্যন্তরীণ জৈবঘড়ির ভূমিকা জানতে হবে। শরীরের জৈবঘড়ির সঙ্গে ঘুমের সম্পর্ক মানবদেহে একটি অভ্যন্তরীণ সময় নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে, যা সার্কাডিয়ান রিদম নামে পরিচিত। এটি শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি হরমোন নিঃসরণ, বিপাকক্রিয়া এবং কোষের পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যক্রমের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। প্রতিদিন ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার সময় ব্যাপকভাবে পরিবর্তিত হলে শরীরের এই স্বাভাবিক ছন্দে অসামঞ্জস্য তৈরি হতে পারে। ফলে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও শরীরের অভ্যন্তরীণ সময়সূচি ও দৈনন্দিন জীবনযাপনের মধ্যে সমন্বয় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। রিব্যালেন্স হেলথের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন হাইয়ের মতে, শরীর নিয়মতান্ত্রিক জীবনযাপনে ভালোভাবে সাড়া দেয়। কারণ, অভ্যন্তরীণ জৈবঘড়ি শরীরের বিভিন্ন কার্যক্রমকে একটি নির্দিষ্ট ছন্দে পরিচালিত করতে সাহায্য করে। তাই প্রতিদিন ঘড়ির কাঁটা ধরে একই সময়ে ঘুমাতে যাওয়ার চেয়ে শরীরের জন্য একটি নির্ভরযোগ্য ঘুমের রুটিন তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘুম থেকে ওঠার সময় নিয়মিত রাখার অভ্যাস এ ক্ষেত্রে কার্যকর হতে পারে। ঘুমের সময়ের অনিয়ম যেভাবে স্বাস্থ্যে প্রভাব ফেলে ঘুমের সময় প্রতিদিন পরিবর্তিত হলে শরীরের স্বাভাবিক জৈবিক কার্যক্রমের সঙ্গে দৈনন্দিন রুটিনের অসামঞ্জস্য তৈরি হতে পারে। এ অবস্থাকে বলা হয় সোশ্যাল জেট ল্যাগ। জাস্টিন হাইয়ের ব্যাখ্যা অনুযায়ী, শরীর কখন সজাগ থাকবে এবং কখন ঘুমের প্রস্তুতি নেবে, তা নির্ধারণে কর্টিসল ও মেলাটোনিনের মতো হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে ওঠার সময় কর্টিসলের মাত্রা স্বাভাবিকভাবে বাড়তে থাকে। এটি শরীরকে জেগে উঠতে সহায়তা করে। অন্যদিকে, মেলাটোনিন শরীরকে ঘুমের জন্য প্রস্তুত হওয়ার সংকেত দেয়। কিন্তু ঘুমানোর ও ঘুম থেকে ওঠার সময় নিয়মিত পরিবর্তিত হলে এসব হরমোনের স্বাভাবিক নিঃসরণের সময়েও প্রভাব পড়তে পারে। ফলে শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিনের অনিয়মিত ঘুমের সঙ্গে হৃদ্রোগ এবং বিপাকীয় স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। বিশেষ করে রক্তচাপ ও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের সমস্যার মতো বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ কারণে ঘুমকে কেবল শারীরিক বিশ্রাম হিসেবে দেখার সুযোগ নেই। ঘুমের সময় শরীরের বিভিন্ন জৈবিক পুনর্গঠন ও রক্ষণাবেক্ষণের কাজও সম্পন্ন হয়। শুধু বেশি সময় ঘুমালেই কি ঘুমের ঘাটতি পূরণ হয়? অনেকের ধারণা, সপ্তাহের কর্মদিবসে কম ঘুমালেও ছুটির দিনে দীর্ঘ সময় ঘুমিয়ে সেই ঘাটতি পূরণ করা সম্ভব। কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। কর্মদিবসে চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়ে সপ্তাহান্তে বেশি সময় ঘুমালে সাময়িকভাবে ক্লান্তি কিছুটা কমতে পারে। তবে এতে পুরো সপ্তাহের অনিয়মিত ঘুমের প্রভাব দূর হয়ে যায় না। ঘুমবিষয়ক গবেষণায় নিয়মিত ঘুমের অভ্যাসকে স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাস্টিন হাইয়ের উল্লেখ করা একটি গবেষণায় দেখা গেছে, মৃত্যুঝুঁকি অনুমানের ক্ষেত্রে ঘুমের মোট সময়ের তুলনায় ঘুমের নিয়মিততা আরও শক্তিশালী নির্দেশক হতে পারে। তবে এর অর্থ এই নয় যে কম ঘুমিয়েও শুধু নির্দিষ্ট সময়সূচি মেনে চললেই সুস্থ থাকা সম্ভব। ঘুমের নিয়মিততা এবং পর্যাপ্ত ঘুম, দুটিই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমানোর লক্ষ্য রাখা উচিত। একই সঙ্গে সপ্তাহান্তেও ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার সময় যথাসম্ভব কাছাকাছি রাখা প্রয়োজন। নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলবেন যেভাবে অনিয়মিত ঘুমের অভ্যাস পরিবর্তন করতে বড় ধরনের পরিকল্পনার প্রয়োজন নেই। বরং দৈনন্দিন জীবনের সঙ্গে মানানসই কয়েকটি সহজ নিয়ম অনুসরণ করলেই ধীরে ধীরে ঘুমের সময়সূচিতে ধারাবাহিকতা আনা সম্ভব। প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট করুন ঘুমানোর সময় নির্ধারণ করা কঠিন হলে প্রথমে প্রতিদিন কাছাকাছি সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। এমন একটি সময় বেছে নিন, যা আপনার কাজ ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর দিনের আলোতে কিছুটা সময় কাটান। এটি শরীরের অভ্যন্তরীণ জৈবঘড়িকে স্বাভাবিক ছন্দে রাখতে সহায়তা করে। ফলে শরীর কখন সজাগ থাকবে এবং কখন ঘুমের প্রস্তুতি নেবে, তা বুঝতে সুবিধা হয়। এ জন্য খুব ভোরে ঘুম থেকে ওঠার প্রয়োজন নেই। নিয়মিত বজায় রাখা সম্ভব, এমন একটি সময় বেছে নেয়াই মূল বিষয়। ঘুমানোর আগে অন্তত ৩০ মিনিট প্রস্তুতির সময় রাখুন সারাদিনের কাজ শেষ করেই বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলে অনেক সময় শরীর ও মন দ্রুত বিশ্রামের অবস্থায় যেতে পারে না। এ জন্য ঘুমানোর আগে অন্তত ৩০ মিনিটের একটি শান্ত রুটিন তৈরি করা ভালো। এ সময় ঘরের আলো কমিয়ে দেয়া, মোবাইল ফোন দূরে রাখা, বই পড়া কিংবা পছন্দের গান শোনার অভ্যাস করতে পারেন। চাইলে হালকা গরম পানিতে গোসলও করতে পারেন। এসব অভ্যাস দিনের ব্যস্ততা থেকে ধীরে ধীরে বের হয়ে ঘুমের জন্য নিজেকে প্রস্তুত করতে সাহায্য করে। ক্যাফেইন ও স্ক্রিন ব্যবহারে নিয়ন্ত্রণ আনুন বিকেলের শেষ ভাগে কফি পান এবং রাতে ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এ কারণে বিকেলের পর ক্যাফেইন গ্রহণ কমিয়ে দেয়া এবং ঘুমানোর আগে কিছু সময়ের জন্য ফোন ব্যবহার বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। পছন্দের বিনোদন পুরোপুরি বাদ দেয়ার প্রয়োজন নেই। তবে কখন এবং কতক্ষণ এসব ব্যবহার করছেন, সে বিষয়ে সচেতন হওয়া জরুরি। ঘুমের রুটিন নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না ঘুমের নিয়মিততা বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও সেটিকে নতুন কোনো মানসিক চাপের কারণ বানানো উচিত নয়। কোনো কারণে একদিন দেরিতে ঘুমাতে গেলে পরদিন পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনকে উপেক্ষা করা ঠিক হবে না। জাস্টিন হাইয়ের পরামর্শ অনুযায়ী, এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়সূচি বজায় রাখার চেয়ে পর্যাপ্ত ঘুমকে অগ্রাধিকার দেয়া উচিত। এরপর সুযোগমতো আবার স্বাভাবিক রুটিনে ফিরে আসতে হবে। দীর্ঘমেয়াদে কার্যকর অভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুমের উন্নতির জন্য ব্যয়বহুল যন্ত্রপাতি, বিভিন্ন সাবস্ক্রিপশন কিংবা জটিল পরিকল্পনার প্রয়োজন নেই। বরং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, প্রতিদিন কাছাকাছি সময়ে ঘুম থেকে ওঠা এবং ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করার মতো সাধারণ অভ্যাসই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হতে পারে। সব সময় নিখুঁতভাবে ঘুমের নিয়ম মেনে চলা সম্ভব নয়। তবে অধিকাংশ দিন একটি নির্দিষ্ট রুটিন বজায় রাখতে পারলে শরীরের স্বাভাবিক জৈবঘড়ির সঙ্গে দৈনন্দিন জীবনের সমন্বয় রাখা সহজ হয়। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের আলোচনায় তাই শুধু রাতে কত ঘণ্টা ঘুমানো হচ্ছে, সেই হিসাবের পাশাপাশি ঘুমের সময়সূচি কতটা নিয়মিত রাখা যাচ্ছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
অনেকেই পেশি শক্তিশালী করতে নিয়মিত শরীরচর্চা করেন। কেউ কেউ নিয়ম করে জিমেও যান। তবে পেশি মজবুত করতে শুধু শরীরচর্চা বা জিমেই যাওয়া যথেষ্ট নয়। প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবারও যোগ করা জরুরি। পেশির ক্লান্তি দূর করতে, খিঁচুনি রোধ করতে এবং পেশিকে মজবুত ও শক্তিশালী রাখতে পটাশিয়াম একটি অপরিহার্য খনিজ। এটি আপনার শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা সচল রাখে। শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে পেশির দুর্বলতা, ক্র্যাম্প বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। এ কারণে পেশি মজবুত করতে খাদ্যতালিকায় পটাশিয়ামযুক্ত খাবার প্রয়োজন হয়। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো পেশি শক্তিশাল করে— আলু আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। বিশেষ করে খোসাসহ আলু খেলে এর গুণাগুণ আরও বেড়ে যায়। এতে থাকা কার্বোহাইড্রেট ওয়ার্কআউটের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায় এবং ব্যায়ামের পর পেশির গ্লাইকোজেন স্টোর রিকভার করতে সাহায্য করে। আর ডিম, মাছ, মুরগির মাংস বা ডালের মতো প্রোটিন যুক্ত খাবারের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন। পালংশাক পালংশাকে পটাশিয়ামের পাশাপাশি ফোলেট, ভিটামিন কে এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টির পরিমাণ বাড়াতে ডাল, সবজির তরকারি, স্যুপ বা অমলেটে পালং শাক মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ডায়েটে এই ধরনের শাকপাতা রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটে। কলা কলা পটাশিয়াম ও কার্বোহাইড্রেটের দারুণ একটি উৎস। এতে থাকা কার্বোহাইড্রেট আপনার শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। অন্যদিকে পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজ বজায় রাখে। এ কারণে ওয়ার্কআউট শুরু করার আগে একটি কলা খেলে শরীরে ভরপুর শক্তি পাবে। টকদই টকদইয়ে প্রোটিন ও ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামও থাকে। ব্যায়ামের পর ভারি খাবার বা স্ন্যাকস হিসেবে এটি খেতে পারেন। চিনি ছাড়া টকদইয়ের সঙ্গে ফল, ওটস বা বাদাম মিশিয়ে খেলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির দারুণ ভারসাম্য তৈরি হয়। ডাল ডাল, ছোলাসহ অন্যান্য শস্যদানায় পটাশিয়াম, উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট পাওয়া যায়। যারা নিরামিষ খান, তাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পেশি ঠিক রাখতে এ খাবারগুলো ভালো কাজ করে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল কিংবা ছোলার মতো খাবার রাখলে শরীর পর্যাপ্ত পটাশিয়াম ও প্রোটিন পায়। ডাবের পানি ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও তরল থাকে। ব্যায়ামের পর আপনার শরীরে পানির ঘাটতি থাকে। সেই ঘাটতি মেটাতে ও ক্লান্ত পেশিকে আরাম দিতে ডাবের পানি খুব ভালো কাজ করে। অ্যাভোকাডো অ্যাভোকাডোতে পটাশিয়াম, ফাইবার ও আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। সালাদ, স্যান্ডউইচ বা অন্য যেকোনো সুষম খাবোরের সঙ্গে অ্যাভোকাডো খেতে পারেন।
‘স্ট্রোকের চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময়’—বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক সেশনে এ কথা জানান এভারকেয়ার হসপিটাল, ঢাকার চিকিৎসকরা। ‘স্পট ইট, স্টপ ইট’ প্রতিপাদ্য সামনে রেখে আজ বৃহস্পতিবার হাসপাতালটিতে একটি র্যালি ও সেশন অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা জানান, মস্তিষ্কে রক্তনালি ব্লকজনিত স্ট্রোকের ক্ষেত্রে প্রথম সাড়ে চার ঘণ্টার মধ্যে ‘ক্লট বাস্টার’ ইনজেকশন শুরু করা অত্যন্ত জরুরি। কিন্তু লক্ষণ চেনার অভাবে চিকিৎসায় দেরি হওয়ায় অনেক রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। স্ট্রোকের লক্ষণ হিসেবে হঠাৎ শরীরের এক পাশ দুর্বল বা অবশ হওয়া, হাত-পা নিস্তেজ লাগা, কথা অস্পষ্ট হওয়া কিংবা মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত রোগীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিক্যালের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ‘স্ট্রোক চিকিৎসায় সময়ই সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমাদের স্ট্রোক ইউনিট সবসময় প্রস্তুত, তবে এর সঠিক সুফল পেতে মানুষের সচেতনতা ও সময়মতো হাসপাতালে আসা দরকার।’ হাসপাতালের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন চিকিৎসকরা। যাতে মানুষ দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
বিশ্বের প্রায় সব দেশেই নারীদের গড় আয়ু পুরুষদের তুলনায় বেশি। পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বব্যাপী নারীরা সাধারণত পুরুষদের চেয়ে প্রায় ৪ থেকে ৫ বছর বেশি বাঁচেন। কিন্তু কেন এই পার্থক্য? পুরুষদের শরীর কি তুলনামূলক দুর্বল, নাকি জীবনযাপনের ধরন ও সামাজিক আচরণ তাদের আয়ু কমিয়ে দেয়? গবেষকদের মতে, এর পেছনে কোনো একক কারণ দায়ী নয়। বরং জিনগত বৈশিষ্ট্য, হরমোনের প্রভাব, ঝুঁকিপূর্ণ জীবনযাপন, পেশাগত পরিবেশ এবং স্বাস্থ্যসেবা গ্রহণের অভ্যাস— সবকিছু মিলেই নারী-পুরুষের গড় আয়ুর ব্যবধান তৈরি করে। বিষয়গুলোকে মূলত তিনটি ভাগে ব্যাখ্যা করা যায়— ১. জৈবিক ও জিনগত কারণ: প্রকৃতিগত কিছু সুবিধা নারী ও পুরুষের শারীরিক গঠন, ক্রোমোজোম এবং হরমোনের মধ্যে পার্থক্য রয়েছে। এসব পার্থক্য রোগ প্রতিরোধ, হৃদ্যন্ত্রের স্বাস্থ্য এবং বার্ধক্যজনিত পরিবর্তনের ওপর প্রভাব ফেলতে পারে। এক্স ক্রোমোজোমের ভূমিকা নারীদের সাধারণত দুটি এক্স ক্রোমোজোম (XX) থাকে। অন্যদিকে, পুরুষদের সাধারণত একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম (XY) থাকে। এক্স ক্রোমোজোমে থাকা কিছু গুরুত্বপূর্ণ জিনের একাধিক অনুলিপি নারীদের নির্দিষ্ট কিছু জিনগত সমস্যার বিরুদ্ধে বাড়তি সুরক্ষা দিতে পারে। নারীদের একটি এক্স ক্রোমোজোমে কোনো জিনগত ত্রুটি থাকলে অন্যটির সংশ্লিষ্ট জিন কিছু ক্ষেত্রে সেই ঘাটতির প্রভাব কমাতে পারে। পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় এক্স-লিঙ্কড কিছু বংশগত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হতে পারে। তবে এর অর্থ এই নয় যে নারীরা সব ধরনের রোগের বিরুদ্ধে বেশি সুরক্ষিত। রোগভেদে নারী-পুরুষের ঝুঁকি আলাদা হতে পারে। হরমোনের প্রভাব: ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন নারীদের প্রধান যৌন হরমোনগুলোর একটি হলো ইস্ট্রোজেন (Estrogen)। এটি প্রজননস্বাস্থ্যের পাশাপাশি হাড়, রক্তনালি ও শরীরের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় ভূমিকা রাখে। প্রজননক্ষম বয়সে ইস্ট্রোজেনের কিছু প্রভাব নারীদের হৃদ্স্বাস্থ্যের জন্য সহায়ক হতে পারে। অন্যদিকে, পুরুষদের প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরন (Testosterone), যা পেশি, হাড়, যৌনস্বাস্থ্য এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। হরমোনের প্রভাব নারী-পুরুষের শরীরে কিছু পার্থক্য তৈরি করলেও টেস্টোস্টেরন সরাসরি আগ্রাসী আচরণ বা হৃদরোগের কারণ—এমন সরল সিদ্ধান্ত দেওয়া যায় না। নারীদের মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। এর ফলে হৃদ্রোগসহ কিছু স্বাস্থ্যঝুঁকিতে পরিবর্তন আসতে পারে। তবে নারী-পুরুষের আয়ুর পার্থক্য শুধু হরমোন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ২. জীবনযাপন ও আচরণগত কারণ: ঝুঁকি বেশি, বিপদও বেশি জৈবিক পার্থক্যের পাশাপাশি দৈনন্দিন অভ্যাস এবং সামাজিক পরিবেশও পুরুষদের গড় আয়ু কম হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঝুঁকি নেওয়ার প্রবণতা অনেক সমাজে পুরুষদের সাহসী, শক্তিশালী ও ঝুঁকি নিতে সক্ষম হিসেবে নিজেকে প্রমাণ করার চাপ থাকে। এর ফলে কিছু পুরুষ বিপজ্জনক আচরণে জড়িয়ে পড়তে পারেন। সড়ক দুর্ঘটনা, দ্রুতগতিতে গাড়ি চালানো, মারামারি, সহিংসতা এবং ঝুঁকিপূর্ণ বিনোদনমূলক কর্মকাণ্ডে পুরুষদের মৃত্যুঝুঁকি অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। এর পেছনে জৈবিক বৈশিষ্ট্যের পাশাপাশি সামাজিক প্রত্যাশা ও ব্যক্তিগত আচরণও ভূমিকা রাখে। এসব কারণে অনেক পুরুষ কর্মজীবনের শুরুতেই দুর্ঘটনা বা সহিংসতার শিকার হন, যা সামগ্রিকভাবে পুরুষদের গড় আয়ু কমিয়ে দিতে পারে। পেশাগত ঝুঁকি বিশ্বের অনেক দেশে খনি, নির্মাণকাজ, ভারী শিল্পকারখানা, যুদ্ধক্ষেত্র ও অগ্নিনির্বাপণের মতো ঝুঁকিপূর্ণ পেশায় পুরুষদের অংশগ্রহণ বেশি। এসব কাজে ভারী যন্ত্রপাতি, বিষাক্ত পদার্থ, অতিরিক্ত তাপ, ধুলাবালি, উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি থাকে। কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি থাকলে এসব ঝুঁকি আরও বেড়ে যায়। এ ছাড়া দীর্ঘদিন বিপজ্জনক পরিবেশে কাজ করার কারণে কিছু পেশায় শ্বাসতন্ত্রের রোগ, ক্যানসার কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যাও দেখা দিতে পারে। ফলে পেশাগত ঝুঁকি পুরুষদের অকালমৃত্যুর একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠতে পারে। অস্বাস্থ্যকর অভ্যাস অনেক দেশে নারীদের তুলনায় পুরুষদের মধ্যে ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং কিছু অন্যান্য ক্ষতিকর অভ্যাসের প্রবণতা বেশি। তবে দেশ, বয়স ও সামাজিক পরিবেশভেদে এই চিত্রে পার্থক্য রয়েছে। ধূমপান ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক এবং দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি, লিভার সিরোসিস, কিছু ধরনের ক্যানসার এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। অন্যান্য মাদক গ্রহণও শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে এবং অকালমৃত্যুর আশঙ্কা বাড়ায়। দীর্ঘদিন এসব অভ্যাস বজায় থাকলে তা ব্যক্তির সুস্থ জীবনযাপনের সময় কমিয়ে দিতে পারে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং তামাক ও ক্ষতিকর মাদক থেকে দূরে থাকা দীর্ঘায়ুর জন্য গুরুত্বপূর্ণ। ৩. স্বাস্থ্যসচেতনতা ও মানসিক চাপ: নীরবে বাড়ে বিপদ শরীরের যত্ন নেওয়া, অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এবং মানসিক সমস্যার কথা প্রকাশ করার অভ্যাসও দীর্ঘায়ুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রেও অনেক সমাজে নারী-পুরুষের আচরণগত পার্থক্য দেখা যায়। চিকিৎসকের কাছে যেতে অনীহা কিছু পুরুষ অসুস্থতার লক্ষণ দেখা দিলেও তা সহজে স্বীকার করতে চান না। কেউ কাজের ব্যস্ততায় চিকিৎসা পিছিয়ে দেন, আবার কেউ মনে করেন সামান্য সমস্যা নিজে থেকেই সেরে যাবে। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ কিংবা ক্যানসারের মতো রোগ সময়মতো শনাক্ত না হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু না করলে অনেক ক্ষেত্রে জটিলতা বাড়ে এবং চিকিৎসা কঠিন হয়ে পড়ে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলা অকালমৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। মানসিক চাপ চেপে রাখা অনেক সমাজে পুরুষদের ছোটবেলা থেকেই শেখানো হয়, কাঁদা বা দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। নিজের কষ্ট গোপন রাখা কিংবা সব পরিস্থিতিতে শক্ত থাকার এই সামাজিক প্রত্যাশা কিছু পুরুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ ঘুমের সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা এবং অস্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। মানসিক চাপ ও বিষণ্ণতা শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। এ ছাড়া অনেক দেশে পুরুষদের আত্মহত্যাজনিত মৃত্যুহার নারীদের তুলনায় বেশি দেখা যায়। তবে মানসিক চাপ সরাসরি হার্ট অ্যাটাক বা আত্মহত্যার একমাত্র কারণ নয়। ব্যক্তির পরিস্থিতি, মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ, সামাজিক সহায়তা এবং অন্যান্য ঝুঁকিও গুরুত্বপূর্ণ। মানসিক কষ্ট হলে বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলা, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নেওয়া এবং নিজের অনুভূতি প্রকাশ করতে শেখা অত্যন্ত জরুরি। তাহলে কি পুরুষদের আয়ু কম হওয়া অনিবার্য? না। নারীদের তুলনায় পুরুষদের গড় আয়ু কম হলেও এর অর্থ এই নয় যে প্রত্যেক পুরুষ নারীদের আগে মারা যাবেন। গড় আয়ু হলো একটি জনসংখ্যাভিত্তিক পরিসংখ্যান; ব্যক্তির আয়ু নির্ভর করে তার স্বাস্থ্য, জীবনযাপন, পরিবেশ, জিনগত বৈশিষ্ট্য এবং চিকিৎসাসেবার সুযোগসহ নানা বিষয়ের ওপর। পুরুষদের অকালমৃত্যুর অনেক ঝুঁকিই কমানো সম্ভব। ধূমপান ও ক্ষতিকর মাদক পরিহার, নিরাপদে গাড়ি চালানো, কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং সময়মতো চিকিৎসা নেওয়ার মতো পদক্ষেপ দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে সহায়তা করতে পারে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়াও জরুরি। নিজের সমস্যার কথা বলা দুর্বলতা নয়; বরং নিজের সুস্থতার দায়িত্ব নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরুষদের তুলনায় নারীদের গড় আয়ু বেশি হওয়ার পেছনে জৈবিক ও জিনগত বৈশিষ্ট্য, হরমোনের প্রভাব, জীবনযাপনের ধরন, পেশাগত ঝুঁকি এবং স্বাস্থ্যসেবা গ্রহণের অভ্যাস— সবকিছুরই ভূমিকা রয়েছে। কোনো একটি কারণ দিয়ে এই ব্যবধানের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া যায় না। প্রকৃতিগত কিছু সুবিধা নারীদের দীর্ঘায়ুতে সহায়তা করতে পারে। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ আচরণ, অস্বাস্থ্যকর অভ্যাস, চিকিৎসা নিতে দেরি করা এবং মানসিক কষ্ট চেপে রাখার প্রবণতা কিছু পুরুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। সহজ কথায়, দীর্ঘায়ু শুধু প্রকৃতির দেওয়া উপহারের ওপর নির্ভর করে না; নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার অভ্যাসও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারী-পুরুষ সবার জন্যই স্বাস্থ্যকর জীবনযাপন, সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ সুস্থ ও দীর্ঘ জীবনের অন্যতম চাবিকাঠি।
আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবা খাতে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি, ক্যানসার চিকিৎসার আধুনিক সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। উপজেলা হাসপাতালে বাড়বে শয্যাসংখ্যা স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন এবং প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান কমিউনিটি ক্লিনিকগুলোকে হেলথ ওয়েলবিং সেন্টারে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কেন্দ্রে মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে রোগের ইতিহাস, জন্মসংক্রান্ত তথ্য, ওজন ও উচ্চ রক্তচাপের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য নথিভুক্ত থাকবে। স্বাস্থ্যমন্ত্রীর আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ক্যানসার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বা রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব যন্ত্র স্থাপনের জন্য প্রয়োজনীয় বাংকার প্রস্তুত ও সংস্কারের কাজ চলছে। আগামী অর্থবছরে আরও বাংকার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, আটটি বিভাগে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি জেলা পর্যায়েও এ চিকিৎসা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। মেডিকেল ফিজিসিস্ট ও দক্ষ জনবল নিয়োগ রেডিওথেরাপি সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তাঁর মতে, ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির ডোজ নির্ধারণে মেডিকেল ফিজিসিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোজ নির্ধারণে ভুল হলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। এ কারণে প্রয়োজনীয় মেডিকেল ফিজিসিস্টের সংখ্যা নির্ধারণ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট প্রস্তাব প্রশাসনের কাছে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে বিষয়টি এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও জানান, রেডিওথেরাপি মেশিন পরিচালনার জন্য প্রযুক্তিবিদ, টেকনিশিয়ান ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে আসবে পাঁচটি রোবোটিক সার্জারি মেশিন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে প্রথমবারের মতো পাঁচটি রোবোটিক সার্জারি মেশিন আনার পরিকল্পনা রয়েছে। এসব আধুনিক প্রযুক্তি চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স প্রোগ্রামের প্রশংসা করে তিনি বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নে এ বিষয়ে দক্ষ জনবল তৈরি করা জরুরি। মেডিকেল ফিজিসিস্টের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে নিয়োগের উদ্যোগেও সরকার সহযোগিতা করবে।
হৃদযন্ত্র সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখা জরুরি। এ ক্ষেত্রে ডালিম ও আপেল দুটিই পুষ্টিকর খাবার। ফল দুটিতে রয়েছে খাদ্যআঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন পুষ্টি উপাদান, যা হৃদস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। তবে পুষ্টিগুণের দিক থেকে ফল দুটির মধ্যে রয়েছে কিছু পার্থক্য। ডালিমে রয়েছে পলিফেনল, পুনিক্যালাজিন ও এলাজিট্যানিনের মতো উদ্ভিজ্জ যৌগ। এসব উপাদানের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে। কিছু গবেষণায় ডালিমের রস খাওয়ার সঙ্গে রক্তচাপ কমার সম্পর্কও পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। অন্যদিকে, আপেল খাদ্যআঁশ ও বিভিন্ন ধরনের পলিফেনলের ভালো উৎস। আপেলের দ্রবণীয় খাদ্যআঁশ পেকটিন রক্তের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এ ছাড়া আপেলের খাদ্যআঁশ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। পুষ্টিগুণে কোনটি এগিয়ে? পুষ্টিমান অনুযায়ী, আধা কাপ ডালিমের দানায় প্রায় ৭২ ক্যালরি, ৩ দশমিক ৫ গ্রাম খাদ্যআঁশ এবং ২০৫ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। অন্যদিকে, একটি মাঝারি আকারের আপেলে পাওয়া যায় প্রায় ৯৬ ক্যালরি, ৪ গ্রাম খাদ্যআঁশ এবং ১৬৯ মিলিগ্রাম পটাশিয়াম। অর্থাৎ, খাদ্যআঁশের পরিমাণে আপেল কিছুটা এগিয়ে থাকলেও ডালিমে পটাশিয়াম বেশি। পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে এবং স্বাভাবিক রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টেও রয়েছে পার্থক্য ডালিমে অ্যান্থোসায়ানিন, এলাজিক অ্যাসিড ও বিভিন্ন ধরনের ট্যানিন রয়েছে। এসব যৌগ কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখতে পারে। আপেলে রয়েছে পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন সি, যা শরীরের স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থাকে সহায়তা করে। তবে শুধু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বিবেচনা করে কোন ফল হৃদযন্ত্রের জন্য বেশি উপকারী, তা নিশ্চিতভাবে বলা যায় না। ফলের পুষ্টিগুণ, খাওয়ার পরিমাণ এবং সামগ্রিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। যেভাবে খাবেন পুষ্টিগুণ পেতে ফলের রসের পরিবর্তে গোটা ডালিম ও আপেল খাওয়া ভালো। সকালের নাশতায় ওটমিল বা চিনি ছাড়া দইয়ের সঙ্গে ডালিমের দানা মিশিয়ে খাওয়া যায়। আবার বিকালের নাশতায় খাওয়া যেতে পারে একটি আপেল। ফল দুটির সঙ্গে অল্প পরিমাণ লবণবিহীন বাদামও রাখা যেতে পারে। হৃদস্বাস্থ্য ভালো রাখতে শুধু ফল খাওয়াই যথেষ্ট নয়। সুষম খাবার গ্রহণ, অতিরিক্ত লবণ সীমিত রাখা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখাও গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে ফল খাওয়াকে চিকিৎসার বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। সব মিলিয়ে, ডালিম ও আপেল—দুটিই হৃদস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তাই একটি ফলের ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল রাখা বেশি উপকারী।
বাংলাদেশের মানুষের খাদ্যতালিকায় ভাতের উপস্থিতি প্রায় প্রতিদিনই। সকাল, দুপুর কিংবা রাত—অনেকেই তিন বেলাই ভাত খেতে অভ্যস্ত। তবে নিয়মিত তিন বেলা ভাত খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ভালো, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, দিনে তিনবার ভাত খেলেই শরীরের ক্ষতি হবে, এমন ধারণা ঠিক নয়। বরং ভাতের পরিমাণ, খাদ্যাভ্যাস এবং শারীরিক কর্মকাণ্ডের ওপর এর প্রভাব নির্ভর করে। বেশি ভাত খেলে বাড়তে পারে ওজন ভাত মূলত শর্করাজাতীয় খাবার, যা শরীরকে শক্তি জোগায়। তবে প্রতিবার প্রয়োজনের তুলনায় বেশি ভাত খেলে এবং সেই অতিরিক্ত ক্যালরি খরচ না হলে ধীরে ধীরে ওজন বাড়তে পারে। বিশেষ করে শারীরিক পরিশ্রম কম হলে এবং খাবারে শাকসবজি ও প্রোটিনের তুলনায় ভাতের পরিমাণ বেশি থাকলে এ ঝুঁকি বাড়তে পারে। রক্তে শর্করার মাত্রায় প্রভাব সাদা চালের ভাতে আঁশ তুলনামূলক কম থাকে। শরীর এটি দ্রুত হজম করে গ্লুকোজে রূপান্তরিত করতে পারে, ফলে খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। একবারে অনেকটা ভাত খেলে এই প্রভাব আরও বেশি হতে পারে। নিয়মিত অতিরিক্ত পরিমাণে সাদা ভাত খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্কও কিছু গবেষণায় দেখা গেছে। তবে শুধু ভাত খাওয়ার অভ্যাস দিয়ে কারও ডায়াবেটিস হবে কি না, তা নির্ধারণ করা যায় না। খাবারে পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে তিন বেলার খাবারেই যদি ভাতের পরিমাণ বেশি থাকে, তাহলে মাছ, ডিম, ডাল, শাকসবজি ও ফলের মতো পুষ্টিকর খাবার খাওয়ার জায়গা কমে যেতে পারে। এতে খাদ্যতালিকায় প্রয়োজনীয় আঁশ, ভিটামিন, খনিজ ও প্রোটিনের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই শুধু ভাতের পরিমাণ নয়, পুরো খাবারের পুষ্টিগুণের দিকেও নজর দেওয়া জরুরি। তাহলে কি তিন বেলা ভাত খাওয়া বন্ধ করতে হবে? সুস্থ মানুষের জন্য দিনে তিন বেলা ভাত খাওয়া নিজে থেকেই ক্ষতিকর নয়। গুরুত্বপূর্ণ হলো পরিমিত পরিমাণে খাওয়া এবং প্রতিবারের খাবারে পুষ্টির ভারসাম্য বজায় রাখা। সম্ভব হলে সাদা চালের পাশাপাশি লাল চাল বা বাদামি চালের মতো অপেক্ষাকৃত আঁশসমৃদ্ধ শস্য বেছে নেওয়া যেতে পারে। তবে চালের ধরন অনুযায়ী পুষ্টিগুণ ও রক্তে শর্করার ওপর প্রভাব ভিন্ন হতে পারে। সুস্থ থাকতে কী করবেন? খাবারের প্লেটে ভাতের পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি, ডাল এবং মাছ, ডিম বা অন্য প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। একবারে অতিরিক্ত ভাত খাওয়া এড়িয়ে চলুন এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের সমস্যা থাকলে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ভাতের পরিমাণ নির্ধারণ করতে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন। অর্থাৎ বলা যায়, দিনে তিন বেলা ভাত খাওয়াই শরীর খারাপ হওয়ার মূল কারণ নয়। বরং অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়া, খাদ্যতালিকায় বৈচিত্র্যের অভাব এবং অনিয়মিত জীবনযাপন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভাত পুরোপুরি বাদ না দিয়ে পরিমিত খাওয়া ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাই হতে পারে সুস্থ থাকার কার্যকর উপায়।
মূত্রথলির ক্যানসার এমন একটি রোগ, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তবে প্রস্রাবে রক্ত দেখা দেওয়া কিংবা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তনকে অনেকে সাধারণ সংক্রমণ ভেবে অবহেলা করেন। অথচ এসব উপসর্গ মূত্রথলির ক্যানসারেরও লক্ষণ হতে পারে। রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা গেলেও নারীরাও এতে আক্রান্ত হতে পারেন। মূত্রথলি কিডনি থেকে আসা প্রস্রাব জমা রাখে এবং পরে শরীর থেকে বের করে দেয়। মূত্রথলির টিস্যুর কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করলে ক্যানসার তৈরি হতে পারে। রোগটি আশপাশের টিস্যু ও অঙ্গে ছড়িয়ে পড়লে জীবনহানির ঝুঁকি তৈরি হয়। মূত্রথলির ক্যানসারের ধরন মূত্রথলির ভেতরের আবরণে থাকা কোষ থেকে সাধারণত এই ক্যানসারের উৎপত্তি হয়। সবচেয়ে বেশি দেখা যায় ট্রানজিশনাল সেল কারসিনোমা বা ইউরোথেলিয়াল কারসিনোমা। এই ক্যানসার মূত্রথলির পাশাপাশি কিডনি ও মূত্রনালির আবরণেও হতে পারে। এ ছাড়া স্কোয়ামাস সেল কারসিনোমা, অ্যাডেনোকারসিনোমা, স্মল সেল কারসিনোমা ও সারকোমার মতো বিরল ধরন রয়েছে। ক্যানসার মূত্রথলির পেশিতে বা আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়েছে কি না, তার ওপর রোগের জটিলতা ও চিকিৎসা নির্ভর করে। যেসব লক্ষণে সতর্ক হবেন - প্রস্রাবে রক্ত দেখা দেওয়া। কখনো রক্তের কারণে প্রস্রাবের রং বদলে যেতে পারে, আবার কখনো পরীক্ষায় রক্ত ধরা পড়ে। - স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া। - প্রস্রাবের ধারা থেমে থেমে আসা। - প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া। রোগের মাত্রা বৃদ্ধির সময় কোমর বা পিঠে ব্যথা, ওজন কমে যাওয়া, পা ফুলে যাওয়া, হাড়ে ব্যথা এবং প্রস্রাব করতে না পারার মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ মূত্রনালির সংক্রমণসহ অন্য রোগেও হতে পারে। তবে উপসর্গ দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কেন হয়, কারা বেশি ঝুঁকিতে মূত্রথলির ক্যানসারের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে কোষের জিনগত পরিবর্তন এর বিকাশে ভূমিকা রাখতে পারে। ধূমপান এ রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। ধূমপায়ীদের মূত্রথলির ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় অন্তত তিন গুণ বেশি। এ ছাড়া বয়স বাড়া, দীর্ঘদিন মূত্রথলিতে প্রদাহ বা সংক্রমণ, নির্দিষ্ট শিল্পকারখানার রাসায়নিকের সংস্পর্শ, আগে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়া এবং পরিবারে এ রোগের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়তে পারে। ৫৫ বছরের বেশি বয়সিদের মধ্যে রোগটি বেশি দেখা যায়। পুরুষদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও নারীদের তুলনায় বেশি। যেভাবে শনাক্ত করা হয় রোগ নির্ণয়ে চিকিৎসক রোগীর উপসর্গ ও চিকিৎসার ইতিহাস জানার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা করান। সিস্টোস্কোপির মাধ্যমে ক্যামেরাযুক্ত সরু নল দিয়ে মূত্রথলির ভেতর দেখা হয়। প্রয়োজনে বায়োপসির জন্য টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়। এ ছাড়া প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান এবং অন্যান্য ইমেজিং পরীক্ষার সাহায্যে ক্যানসার শনাক্ত ও কতটা ছড়িয়েছে তা নির্ধারণ করা হয়। প্রস্রাবে ক্যানসার কোষ বা নির্দিষ্ট উপাদান আছে কি না, তা-ও পরীক্ষা করা হতে পারে। চিকিৎসা ও প্রতিরোধ ক্যানসারের ধরন, পর্যায়, রোগীর বয়স ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর চিকিৎসা নির্ভর করে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ, প্রয়োজনে মূত্রথলির অংশ বা পুরোটা অপসারণ, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং রেডিওথেরাপি ব্যবহার করা হয়। প্রাথমিক পর্যায়ের কিছু রোগীর ক্ষেত্রে বিসিজি থেরাপির মাধ্যমে শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে ক্যানসার কোষের বিরুদ্ধে সক্রিয় করা হয়। চিকিৎসার পরও ক্যানসার ফিরে আসতে পারে। তাই নিয়মিত ফলোআপ জরুরি। ধূমপান ত্যাগ, রাসায়নিক পদার্থের সংস্পর্শে সতর্ক থাকা এবং পর্যাপ্ত পানি পান ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে পাঁচ বছর বেঁচে থাকার হার প্রায় ৯৫ শতাংশ। তবে ক্যানসার শরীরের দূরবর্তী অঙ্গে ছড়িয়ে পড়লে এই হার কমে প্রায় ১৫ শতাংশে নেমে আসে। তাই প্রস্রাবে রক্ত দেখা দিলে বা প্রস্রাবের অভ্যাসে অস্বাভাবিক পরিবর্তন হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। সূত্র: মেডিকেল নিউজ টুডে
মোবাইল ফোনের বিকিরণে ব্রেন ক্যানসারের ঝুঁকি থাকে কি না, দীর্ঘদিনের এই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন দেশের ৬৩টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির নতুন পর্যালোচনায় মোবাইল ফোনের ব্যবহার এবং মস্তিষ্কের বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে উল্লেখযোগ্য কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অর্থাৎ, মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্কে ক্যানসারের ঝুঁকি বাড়ে, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। পর্যালোচনায় দেখা গেছে, মোবাইল ফোন থেকে নির্গত বেতার তরঙ্গের সংস্পর্শে আসার সঙ্গে গ্লিওমা, মেনিনজিওমা ও অ্যাকুস্টিক নিউরোমা হওয়ার ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক নেই। এ ছাড়া পিটুইটারি গ্রন্থি ও লালাগ্রন্থির ক্যানসার এবং লিউকেমিয়ার সঙ্গেও এর কোনো সম্পর্ক পাওয়া যায়নি। গবেষণাটি একটি মেটা-অ্যানালাইসিস বা একাধিক গবেষণার ফলাফল বিশ্লেষণ। এতে ১৯৯৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ২২টি দেশে প্রকাশিত ৬৩টি গবেষণাপত্র পর্যালোচনা করা হয়েছে। এসব গবেষণায় মোবাইল ফোনসহ বিভিন্ন যন্ত্র থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের (আরএফ-ইএমএফ) সংস্পর্শে থাকার স্বাস্থ্যগত প্রভাব পরীক্ষা করা হয়। টেলিভিশন, শিশুর পর্যবেক্ষণ যন্ত্র এবং আধুনিক জীবনে ব্যবহৃত আরও অনেক যন্ত্র থেকেও এ ধরনের বিকিরণ নির্গত হয়। মোবাইল ফোন মূলত স্বল্প ক্ষমতার রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত প্রেরণকারী যন্ত্র। এটি সেল টাওয়ারের মতো নির্দিষ্ট অ্যান্টেনার মাধ্যমে রেডিও তরঙ্গ পাঠায়। পর্যালোচনায় বলা হয়েছে, এ ধরনের তরঙ্গ শরীরে রাসায়নিক বন্ধন ভাঙতে, আয়ন সৃষ্টি করতে কিংবা ডিএনএর ক্ষতি করতে সক্ষম, এমন প্রমাণ পাওয়া যায়নি। ফোন চালু থাকলে এটি সংকেত গ্রহণও করে। তবে পুরোপুরি বন্ধ থাকলে ফোনটি এ ধরনের সংকেত পাঠায় না বা গ্রহণ করে না। শুধু মোবাইল ফোন নয়, সম্প্রচার অ্যান্টেনা ও মোবাইল ফোনের টাওয়ারের মতো স্থায়ী উৎস থেকে নির্গত বিকিরণের সঙ্গেও শিশুদের লিউকেমিয়া বা মস্তিষ্কের টিউমারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। একইভাবে, কর্মক্ষেত্রে স্থাপিত রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত প্রেরণকারী যন্ত্রের সংস্পর্শে থাকার সঙ্গে গ্লিওমা হওয়ার হার বৃদ্ধির সম্পর্কও পাওয়া যায়নি। গবেষণাটির প্রধান লেখক কেন কারিপিডিস অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সির স্বাস্থ্যগত প্রভাব মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক। তিনি বলেন, পর্যালোচনায় অন্তর্ভুক্ত গবেষণাগুলো মানুষের ওপর পর্যবেক্ষণমূলক গবেষণা। এসব গবেষণায় বিকিরণের সংস্পর্শ নিয়ন্ত্রিতভাবে নির্ধারণ করা সম্ভব হয় না। তাই ফলাফলের নিশ্চয়তা মাঝারি থেকে নিম্ন পর্যায়ের মধ্যে রয়েছে। মানুষকে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির মুখে ফেলে কোনো কিছুর ক্যানসার সৃষ্টির ক্ষমতা পরীক্ষা করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। ফলে এ বিষয়ে নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবর্তে পর্যবেক্ষণমূলক গবেষণার ওপর নির্ভর করতে হয়। যুক্তরাষ্ট্রের মেমোরিয়ালকেয়ার ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসক ওয়েল হার্ব বলেন, কিছু পুরোনো গবেষণায় ক্যানসারের সম্ভাব্য ঝুঁকির কথা বলা হয়েছিল। তবে সেসব গবেষণার ছোট নমুনা এবং তথ্য স্মরণ করার ক্ষেত্রে ভুলের মতো পদ্ধতিগত সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা রয়েছে। পরবর্তী সময়ে বড় জনগোষ্ঠীর ওপর পরিচালিত উন্নত মানের গবেষণায় আগের উদ্বেগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আরও গবেষণার প্রয়োজন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) আগে মোবাইল ফোনকে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছিল। কোনো কিছুর সঙ্গে ক্যানসারের সম্পর্ক পুরোপুরি নাকচ করা সম্ভব না হলে এ ধরনের শ্রেণিবিন্যাস করা হয়। এদিকে মোবাইল ফোন ব্যবহার ও স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে পরিচালিত কসমস প্রকল্পের প্রাথমিক ফলাফলেও দেখা গেছে, যারা সবচেয়ে বেশি সময় মোবাইল ফোনে কথা বলেন, তাদের মস্তিষ্কের টিউমারের ঝুঁকি কম ব্যবহারকারীদের তুলনায় বেশি নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে এমআরআই যন্ত্র, রাডার, মাইক্রোওয়েভ ও টেলিযোগাযোগ সরঞ্জামের সংস্পর্শে আসার ক্ষেত্রে বিকিরণের তীব্রতা ও সংস্পর্শের সময় গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে ঝুঁকি পুরোপুরি নাকচ করতে আরও গবেষণা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, বর্তমান গবেষণায় মোবাইল ফোনের বিকিরণের সঙ্গে মস্তিষ্কের ক্যানসারের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং নতুন নতুন কম্পাঙ্কের রেডিও তরঙ্গের ব্যবহার বিবেচনায় নিয়ে নিয়মিত গবেষণা চালিয়ে যাওয়া ও অপ্রয়োজনীয় বিকিরণের সংস্পর্শ কমানো জরুরি। সূত্র: মেডিকেল নিউজ টুডে
সকালের নাশতায় কী খাবেন, তা নিয়ে অনেকেরই থাকে নানা পছন্দ। কেউ রুটি, কেউ ওটস, আবার কেউ পাউরুটি কিংবা ফল দিয়ে দিনের শুরু করেন। তবে বাঙালির খাদ্যতালিকায় ভাতের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। আগের রাতের বেঁচে যাওয়া ভাত কিংবা গরম ভাতের সঙ্গে ডিমভাজি—অনেকের কাছেই সকালের নাশতায় এমন খাবার বেশ পছন্দের। ভাত খেলে পেট ভরা থাকে এবং শরীরে শক্তি মেলে। কিন্তু সকালের নাশতায় ভাত খাওয়ার অভ্যাস কি স্বাস্থ্যের জন্য ভালো? স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটসের এক প্রতিবেদনে পুষ্টিবিদ নেহা পাঠানিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, পরিমিত পরিমাণে ভাত খেলে তা সকালের নাশতার অংশ হতে পারে। তবে শুধু ভাত না খেয়ে এর সঙ্গে সবজি, ডিম কিংবা অন্যান্য পুষ্টিকর খাবার যোগ করলে নাশতাটি আরও সুষম হয়ে ওঠে। সকালে ভাত খাওয়ার যেসব উপকারিতা রয়েছে ১. শরীরে শক্তি জোগায় ভাত কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ উৎস। কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। তাই সকালের নাশতায় ভাত খেলে দিনের শুরুতে দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যেতে পারে। যারা ভাত খেতে পছন্দ করেন এবং ভাত ছাড়া নাশতায় তৃপ্তি পান না, তাদের জন্যও এটি একটি ভালো বিকল্প হতে পারে। ২. সবজি যোগ করলে বাড়ে পুষ্টিগুণ শুধু ভাত না খেয়ে এর সঙ্গে মটরশুঁটি, শিম, গাজর, পালংশাক কিংবা কুমড়ার মতো সবজি যোগ করা যেতে পারে। এতে খাবারে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যুক্ত হয়। চালের ধরন অনুযায়ী এর পুষ্টিগুণেও পার্থক্য থাকে। যেমন, লাল চালে কিছু পুষ্টি উপাদান বেশি থাকতে পারে। তাই ভাতের সঙ্গে বিভিন্ন সবজি মিশিয়ে খেলে সকালের নাশতায় পুষ্টির বৈচিত্র্য আনা সম্ভব। ৩. দিনের শুরুতে শক্তির চাহিদা পূরণে সহায়তা করে সকালে ঘুম থেকে ওঠার পর দৈনন্দিন কাজ শুরু করতে শরীরের শক্তি প্রয়োজন হয়। এ সময় ভাতের মতো কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার শক্তির চাহিদা পূরণে সহায়তা করতে পারে। তবে কতটা ভাত খাওয়া উচিত, তা নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, দৈনন্দিন কাজের ধরন ও শক্তির চাহিদার ওপর। বিশেষ করে যাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হয় কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের ভাত খাওয়ার পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। কারণ, ভাতের পরিমাণ ও ধরন রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে ভাতের সঙ্গে আঁশসমৃদ্ধ সবজি ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া উপকারী হতে পারে। দিনের কোন সময়ে ভাত খাওয়া ভালো? অনেকের ধারণা, রাতে ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে বিষয়টি এতটা সরল নয়। সকালের নাশতা কিংবা দুপুরের খাবারের মতো রাতের খাবারেও ভাত রাখা যেতে পারে। মূল বিষয় হলো, সারা দিনের খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করা। দিনের প্রথম ভাগে শরীরের কর্মতৎপরতা বেশি থাকায় এ সময়ে কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার খাওয়া অনেকের জন্য সুবিধাজনক হতে পারে। তবে রাতে ভাত খেলেই ওজন বেড়ে যাবে, এমন ধারণার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। বরং মোট ক্যালরি গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং সামগ্রিক খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডায়াবেটিস কিংবা ওজনজনিত সমস্যা থাকলে নিজের শারীরিক চাহিদা অনুযায়ী ভাতের পরিমাণ নির্ধারণ করা ভালো। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে। তাহলে সকালের নাশতায় ভাত খাওয়া কি স্বাস্থ্যকর? সকালের নাশতায় ভাত খাওয়াকে অস্বাস্থ্যকর বলা যায় না। বরং পরিমিত ভাতের সঙ্গে ডিম, মাছ, ডাল কিংবা সবজি যোগ করলে তা সুষম নাশতার অংশ হতে পারে। তবে শুধু ভাত খেয়ে নাশতা শেষ না করে খাবারে পর্যাপ্ত প্রোটিন, আঁশ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রাখার দিকে নজর দেওয়া জরুরি। তাই সকালে ভাত খেতে পছন্দ করলে অভ্যাসটি বাদ দেওয়ার প্রয়োজন নেই। নিজের শারীরিক চাহিদা অনুযায়ী ভাতের পরিমাণ ঠিক করুন এবং সঙ্গে রাখুন প্রোটিন ও সবজিসমৃদ্ধ খাবার। এতে পরিচিত এই খাবারই হয়ে উঠতে পারে সকালের নাশতার স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক বিকল্প।
কমলালেবুর তুলনায় পেয়ারা, আমলকী, লাল ও হলুদ ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং পেঁপেতে অনেক বেশি পরিমাণে ভিটামিন ‘সি’ পাওয়া যায়। আমাদের শরীর নিজে থেকে ভিটামিন ‘সি’ তৈরি বা জমা রাখতে পারে না, তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো রাখা ভীষণ জরুরি। সে কারণে সুষম খাদ্যতালিকায় সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন ‘সি’যুক্ত খাবার এই সুষম খাদ্যতালিকারই অংশ। যদিও কমলা ভিটামিন ‘সি’ একটি জনপ্রিয় উৎস। বেশ কিছু দৈনন্দিন খাবারে এই অপরিহার্য পুষ্টি উপাদানটি আরও বেশি পরিমাণে থাকে। কিন্তু ভিটামিন ‘সি’ শরীরকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, ক্ষত নিরাময়ে সহায়তা করে, উদ্ভিদভিত্তিক খাবার থেকে আয়রন শোষণ উন্নত করে এবং স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে অবদান রাখে। যেহেতু শরীর বেশি পরিমাণে ভিটামিন ‘সি’ তৈরি বা সঞ্চয় করতে পারে না, তাই দৈনন্দিন খাদ্যতালিকায় ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করা জরুরি। এখানে এমন পাঁচটি দৈনন্দিন খাবারের কথা বলা হলো, যা একটি কমলার চেয়ে বেশি ভিটামিন ‘সি’ সরবরাহ করতে পারে। চলুন জেনে নেওয়া যাক— ১. পেয়ারা পেয়ারা ভিটামিন ‘সি’র অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক উৎস; এটি সহজলভ্য খেতেও সুস্বাদু। পেয়ারা প্রতি ১০০ গ্রামে কমলার চেয়ে যথেষ্ট বেশি ভিটামিন ‘সি’ সরবরাহ করতে পারে। যদিও এর সঠিক পরিমাণ জাত ও পরিপক্বতার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। এই গ্রীষ্মমণ্ডলীয় ফলটিতে ডায়েটারি ফাইবারও রয়েছে, যা হজমে সহায়তা করে। আর অ্যান্টি-অক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রতিদিন সকালের নাস্তা হিসেবে পেয়ারা উপভোগ করুন অথবা ফলের বাটিতে এর টুকরো যোগ করুন। অতিরিক্ত স্বাদের জন্য এর ওপর সামান্য ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। খুব বেশি লবণ দেওয়া থেকে বিরত থাকুন। ২. আমলকী আমলকী ভিটামিন ‘সি’র আরেকটি চমৎকার উৎস। এতে অন্যান্য উদ্ভিদ যৌগও রয়েছে, যা এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যে অবদান রাখে। ভিটামিন ‘সি’ স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করে। কিন্তু আমলকী খেলে ঋতুজনিত সংক্রমণ থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয় না। এর পুষ্টিগুণ একটি বৈচিত্র্যময় খাদ্যতালিকায় উপকারী সংযোজন। আর তাজা আমলকী কাঁচায় নয় চাটনি ও সালাদেও খেতে পারেন। ৩. পেঁপে পেঁপে একটি সাশ্রয়ী ও সহজলভ্য ফল, যা ভিটামিন ‘সি’র সঙ্গে ডায়েটারি ফাইবার এবং ক্যারোটিনয়েড সরবরাহ করে। জাত ও পরিপক্বতার ওপর নির্ভর করে। এতে প্রতি ১০০ গ্রাম কমলার চেয়েও বেশি ভিটামিন ‘সি’ থাকতে পারে। এর নরম গঠনের কারণে এটি সকালের নাস্তায় কিংবা উৎসবে খাবারের মাঝে হালকা নাস্তা হিসাবে সহজেই অন্তর্ভুক্ত করা যায়। আর এক বাটি তাজা, পাকা পেঁপে উপভোগ করুন অথবা ভিটামিন সি-সমৃদ্ধ ফ্রুট সালাদের জন্য পেয়ারার সঙ্গে মিশিয়ে নিন। এর ফাইবারের উপকারিতা পেতে রসের পরিবর্তে গোটা ফল বেছে নিন। ৪. কাঁচামরিচ কাঁচামরিচ ভিটামিন ‘সি’র একটি ঘনীভূত উৎস। আর অল্প পরিমাণে খেলেও তা আপনার দৈনিক ভিটামিন ‘সি’র চাহিদা পূরণে সাহায্য করতে পারে। তবে মরিচের জাত, সতেজতা এবং আকারের ওপর এর পরিমাণ নির্ভর করে। এতে ক্যাপসাইসিনও থাকে, যা মরিচের ঝালের জন্য দায়ী যৌগ। তবে আপনার ভিটামিন ‘সি’র চাহিদা মেটাতে বেশি মরিচ খাওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে যদি ঝাল খাবার অ্যাসিডিটি বা হজমের অস্বস্তি সৃষ্টি করে। আর কাঁচামরিচের চাটনি অসাধারণ। ডাল কিংবা সবজির তরকারিতেও অল্প পরিমাণে কুচানো কাঁচামরিচ যোগ করতে পারেন। যদি আপনার অ্যাসিড রিফ্লাক্স বা সংবেদনশীল পেট থাকে, তবে কম ঝালযুক্ত মরিচ বেছে নিন। ৫. লাল ও হলুদ ক্যাপসিকাম রঙিন ক্যাপসিকাম ভিটামিন ‘সি’তে ভরপুর। এতে লাল ও হলুদ জাতের ক্যাপসিকামে কমলার চেয়েও বেশি ভিটামিন ‘সি’ থাকে। এতে ক্যারোটিনয়েডও থাকে, যা এক ধরনের উদ্ভিদ রঞ্জক এবং এগুলোর পুষ্টিগুণ বাড়াতে সাহায্য করে। আর ক্যাপসিকাম বিশেষভাবে উপকারী। কারণ প্রচলিত রান্নার রেসিপিতে বড় কোনো পরিবর্তন না এনেই এটিকে প্রতিদিনের খাবারে যোগ করা যায়। পনির টিক্কা, সবজির স্ট্রি-ফ্রাই, স্যান্ডউইচ বা সালাদে কাটা ক্যাপসিকাম যোগ করুন। আর আপনি যদি আরও বেশি ভিটামিন ‘সি’ ধরে রাখতে চান, তবে এটি কাঁচা খান বা অল্প সময়ের জন্য রান্না করুন। তবে বেশিক্ষণ তাপ দিলে এর পুষ্টিগুণ কমে যেতে পারে। এবার জেনে নিন আপনার কী পরিমাণ ভিটামিন ‘সি’ প্রয়োজন বয়স, লিঙ্গ ও জীবনের নানা পর্যায়ে ভিটামিন ‘সি’র প্রয়োজনীয়তা ভিন্ন হয়। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক প্রায় ৬৫-৮০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় এই প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে। কারণ ভিটামিন ‘সি’ তাপ, বাতাস বো দীর্ঘ সময় ধরে সংরক্ষণের প্রতি সংবেদনশীল। তাজা ফল ও শাকসবজি খাওয়া, অতিরিক্ত রান্না এড়িয়ে চলা এবং বিভিন্ন ধরনের ফল ও সবজি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা আপনাকে এ পুষ্টি উপাদান আরও বেশি পরিমাণে পেতে সাহায্য করতে পারে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।