বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে সময়সীমা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র আওতায় সমস্ত যোগ্য আবেদন নিষ্পত্তি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বর্তমানে প্রায় আড়াই লক্ষ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) নদিয়ার আরংঘাটায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত শেষ করতে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কোনও যোগ্য আবেদনকারী যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।শুভেন্দুর বক্তব্য, দীর্ঘদিন ধরে বহু আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে নথি যাচাই ও শুনানির প্রক্রিয়া শেষ করে নাগরিকত্ব প্রদানের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় তার সরকার। মুখ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহকুমাশাসকদের তত্ত্বাবধানে আবেদনকারীদের নথি যাচাই এবং শুনানি হবে। প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে ১ নভেম্বর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনেও একই সময়সীমার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তার দাবি ছিল, রাজ্যে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। বাংলাদেশ থেকে যাওয়া মতুয়া-সহ বিভিন্ন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কাছে নাগরিকত্বের প্রশ্নটি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি। বিশেষত নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় এই ইস্যুর সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ আবেদনের নিষ্পত্তির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।তবে আবেদন জমা পড়লেই নাগরিকত্ব নিশ্চিত নয়। সিএএ-র নির্ধারিত শর্ত পূরণ এবং নথি যাচাইয়ের পরেই যোগ্য আবেদনকারীরা নাগরিকত্বের শংসাপত্র পাবেন।
পূর্ব লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমান সফলভাবে অবতরণ করিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। বাহিনীর দাবি, বিশ্বের যেকোনো স্থানে এ বিমানের এটিই সর্বোচ্চ উচ্চতার অবতরণ। এ অর্জন দুর্গম উচ্চ উচ্চতায় ভারী পরিবহন বিমান পরিচালনার সক্ষমতা তুলে ধরেছে এবং অঞ্চলটিতে ভারতের কৌশলগত আকাশপথে পরিবহনক্ষমতা আরও শক্তিশালী করেছে। এক্স-এ দেওয়া পোস্টে আইএএফ লেখে, ১৩,৬২৯ ফুট। বিমান চলাচলের ইতিহাসে নতুন উচ্চতা। পোস্টে আরও বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল-৭৬এমডি ন্যোমায় সফল অবতরণের মাধ্যমে ইতিহাস গড়েছে, যা বিশ্বের যেকোনো স্থানে এ বিমানের সর্বোচ্চ উচ্চতার অবতরণ। প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে অবস্থিত ন্যোমা ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অগ্রবর্তী বিমানঘাঁটিগুলোর একটি। অগ্রবর্তী এলাকায় সেনা, সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদ পৌঁছে দিয়ে এটি সামরিক অভিযানে সহায়তা করে। এত উচ্চতায় ভারী বিমান নামানো অত্যন্ত কঠিন কাজ। উঁচু এলাকায় পাতলা বাতাস ইঞ্জিনের কার্যক্ষমতা, ওঠার শক্তি (লিফট) ও অবতরণের পরিস্থিতিকে প্রভাবিত করে। এ জন্য সতর্ক পরিকল্পনা ও অসাধারণ উড়ান-দক্ষতা প্রয়োজন। বাহিনী জানায়, বিমানটির স্থায়ী সক্ষমতার এক অসাধারণ প্রদর্শন, যার পেছনে রয়েছে ক্রুদের অসামান্য দক্ষতা, নিখুঁত নির্ভুলতা ও পেশাদারি মনোভাব। আইএএফ জানায়, এ সফল অভিযান ক্রুদের নির্ভুলতা ও পেশাদারির পাশাপাশি বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং বিমান চলাচল পরিবেশে কাজ করার আইএল-৭৬এমডির সক্ষমতা প্রমাণ করেছে। রুশ বংশোদ্ভূত আইএল-৭৬এমডি চার ইঞ্জিনের একটি ভারী পরিবহন বিমান, যা কয়েক দশক ধরে আইএএফের আকাশপথে পরিবহন বহরে সেবা দিয়ে আসছে। এটি সামরিক কর্মী, ভারী সরঞ্জাম, যানবাহন ও প্রয়োজনীয় রসদ দীর্ঘ দূরত্বে বহন করতে পারে। এ সফল অবতরণ দুর্গম ভূখণ্ডে সামরিক অভিযানে সহায়তায় বিমানটির ভূমিকা এবং উচ্চ উচ্চতার এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের ভারতীয় সক্ষমতা তুলে ধরেছে। আইএএফ বলেছে, এক মাইলফলক, যা ভারতের কৌশলগত আকাশপথে পরিবহন সক্ষমতাকে আরও জোরদার করেছে। সীমা ঠেলে এগোনো। সীমারেখা নতুন করে টানা। ইতিহাস গড়া। সূত্র: উইয়ন নিউজ
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সাবেক সদস্য মা শিংরুইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করার মধ্যে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, সরকারি কর্মকর্তা এবং চীনের মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক হিসেবে নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করেছেন মা। এভাবে তিনি বিভিন্ন সুবিধা নেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন। গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে মা শিংরুইকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। দলের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন শেষে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মা শিংরুইসহ মোট ৩৩ জন কর্মকর্তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ঝাং ইউশিয়া, সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক লিউ জিয়ানচাও এবং সাবেক শিল্পমন্ত্রী জিন ঝুয়াংলং। এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স ইমেইল ও ফ্যাক্সের মাধ্যমে মা শিংরুইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সাড়া পাওয়া যায়নি।
ইরানের তেল পরিবহন এবং বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল পরিবহনে ব্যবহৃত জাহাজের জন্য ভুয়া পতাকা ও সামুদ্রিক সনদ সরবরাহের একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর। বুধবার (৪ নভেম্বর) ঘোষিত এসব নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচির অংশ। এর লক্ষ্য ইরানের তেল বিক্রির পথ সীমিত করে দেশটির যুদ্ধ পরিচালনার অর্থের জোগান কমিয়ে দেওয়া। ভারতীয় নাগরিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা মার্কিন অর্থ দপ্তরের দাবি, ভারতের চণ্ডীগড়ভিত্তিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাদের ব্যবসার সঙ্গে যুক্ত আরও দুই ভারতীয় নাগরিক এই নেটওয়ার্ক পরিচালনা করতেন। শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও নয়টি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, এই নেটওয়ার্ক ইরানের সামরিক বাহিনী ও তাদের মিত্রদের হয়ে তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোর জন্য ভুয়া পতাকা ও সনদ সরবরাহ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে জাহাজ চলাচলের সুযোগ তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর জানিয়েছে, শর্মা ও তার স্ত্রী গায়ানা, এসওয়াতিনি ও লাওসের মতো দেশের প্রতিনিধিত্ব করার ভুয়া দাবি করে জাহাজের পতাকা ও বিভিন্ন সনদ দেওয়ার ব্যবস্থা করেন। এ উদ্দেশ্যে একাধিক ওয়েবসাইট ও প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ নিবন্ধন, নাবিকদের প্রশিক্ষণ ও সনদ প্রদান এবং জাহাজের শ্রেণিবিন্যাসের মতো সেবা দেওয়ার কথা বলা হতো। তুরস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা এদিকে ইরানের বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে ওয়াশিংটন। মার্কিন অর্থ দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইরানের নিষেধাজ্ঞাভুক্ত কয়েকটি বিমান সংস্থাকে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। এসব সংস্থার মধ্যে রয়েছে ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনস। নিষেধাজ্ঞা অব্যাহত রাখার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারকে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে ওয়াশিংটন। স্থল, সমুদ্র কিংবা আকাশপথে যারা ইরানকে সহায়তা করবে, তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। নিষেধাজ্ঞা বিশ্লেষক প্রতিষ্ঠান অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজরসের ব্যবস্থাপনা অংশীদার ব্রেট এরিকসনের মতে, নতুন পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তার বিশ্লেষণ, নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পরও ওয়াশিংটন ইরান ইস্যুতে চাপ কমাতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরদিনই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা আসে। নির্বাচনে ইরান যুদ্ধ এবং এর প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি ভোটারদের অসন্তোষের কারণ হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক সংঘাতে জড়ানোর সিদ্ধান্তকে সঠিক বলেই উল্লেখ করেছেন তিনি। এদিকে ইরান যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের হিসাবনিকাশের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা দেখা গেছে। একপর্যায়ে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক অঙ্গনে সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের অস্ত্রভান্ডার আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এরই ধারাবাহিকতায় এবার ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের দাবি, নতুন এই ওয়ারহেডের বিস্ফোরণে একসঙ্গে বিস্তীর্ণ এলাকা ধ্বংস করা সম্ভব। রোববার (১ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা পরিচালনা করে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য জেনারেল কিম জং সিক সরাসরি পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। কেসিএনএর তথ্য অনুযায়ী, পরীক্ষায় ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেডের’ কার্যকারিতা যাচাই করা হয়েছে। উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের দাবি, এই ওয়ারহেড প্রায় ১২ থেকে ১৩ হেক্টর এলাকাজুড়ে অত্যন্ত ঘন বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ফলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব তৈরি হতে পারে। চার ধরনের ক্লাস্টার ওয়ারহেড তৈরির পরিকল্পনা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের প্রধান জানিয়েছেন, ক্লাস্টার বোমার ওয়ারহেডকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী এবং সাধারণ ধরনের ওয়ারহেড। চলতি বছরের শেষ নাগাদ চার ধরনের ওয়ারহেডই সামরিক ইউনিটগুলোর কাছে সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, সামরিক অভিযানের ধরন এবং লক্ষ্যবস্তুর বৈশিষ্ট্য বিবেচনা করে সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রয়োজনীয় ওয়ারহেড নির্বাচন করতে পারবে। অস্ত্রের ধ্বংসক্ষমতা বাড়ানোর লক্ষ্যে চলমান গবেষণার অংশ হিসেবেই সর্বশেষ পরীক্ষাটি চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন। কীভাবে কাজ করে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র? ক্লাস্টার ক্ষেপণাস্ত্র সাধারণ বিস্ফোরক অস্ত্রের তুলনায় ভিন্নভাবে কাজ করে। লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর এর মূল ওয়ারহেড থেকে অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে। এসব বিস্ফোরক বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ধরনের ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ থেকে ২০ থেকে ৮০টি পর্যন্ত ছোট বিস্ফোরক অংশ ছড়িয়ে পড়তে পারে। প্রতিটি অংশে শক্তিশালী বিস্ফোরক থাকায় বড় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্রের ব্যবহার বেসামরিক মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। অবিস্ফোরিত ছোট বোমাগুলো পরবর্তী সময়েও প্রাণহানি ও দুর্ঘটনার কারণ হতে পারে। ইরানের পর উত্তর কোরিয়ার পরীক্ষা এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের এই অস্ত্র ব্যবহারের পর উত্তর কোরিয়ার নতুন পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব পাচ্ছে। তবে দুই দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মধ্যে সরাসরি কোনো সমন্বয় রয়েছে, এমন তথ্য প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়ার সর্বশেষ পরীক্ষার মাধ্যমে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার বিষয়টি আবারও সামনে এসেছে। সূত্র: আনাদোলু এজেন্সি ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
ভারতের উত্তর প্রদেশে সহিংস উপায়ে সরকার পরিবর্তনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বিবেচনার বিধান করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের জারি করা নতুন নির্দেশনা ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেস এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় বলা হয়েছে, সহিংসতার মাধ্যমে বিদ্যমান শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠনের সদস্য এবং এ ধরনের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ব্যক্তিরা সরকারি চাকরির জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন। তবে শুধু কারও রাজনৈতিক আদর্শ বা মতাদর্শের কারণে তাঁকে চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না। একইভাবে, কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া কিংবা তদন্ত চলমান থাকাও তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য করার জন্য যথেষ্ট নয়। কোন ক্ষেত্রে কার্যকর হবে নতুন নির্দেশনা উত্তর প্রদেশ সরকারের এই নির্দেশনা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, করপোরেশন, কাউন্সিল ও স্থানীয় সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশনার পর রাজ্যের নিয়োগ ও কর্মী ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব এম দেবরাজ এ নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রার্থী ২১ বছর বয়সে পৌঁছানোর পর যাচাইয়ের তারিখের আগের তিন বছরের মধ্যে সহিংসভাবে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে কর্মকাণ্ডে অংশ নিলে তাঁকে সক্রিয়ভাবে জড়িত হিসেবে বিবেচনা করা হতে পারে। তবে ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাঁর বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বিরোধীদের আপত্তি কেন নতুন নির্দেশনা নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সমাজবাদী পার্টির মুখপাত্র উদয়বীরের দাবি, ব্রিটিশ শাসনামলেও এ ধরনের বিধিনিষেধ দেখা গেছে। স্বাধীন ভারতে প্রতিবাদ করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত বলেও মন্তব্য করেন তিনি। উদয়বীর বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন একটি বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে অংশ নেওয়ার অধিকার সবার রয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, সরকার বিচারকের ভূমিকা পালন করতে পারে না। এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালত রয়েছে। চাকরির যোগ্যতা যাচাইয়ে থাকছে বিশেষ বিধান নির্দেশনায় প্রার্থীদের যাচাইপ্রক্রিয়া নিয়ে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। কোনো প্রার্থী আদালতে খালাস পেলে, আপসের মাধ্যমে মামলা নিষ্পত্তি হলে কিংবা কিশোর বিচার আইনের আওতাভুক্ত কোনো বিষয় থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য ঘোষণা করা যাবে না। যাচাই প্রতিবেদন পেতে দেরি হলে প্রয়োজনীয় কাগজপত্র ও স্বঘোষণাপত্রের ভিত্তিতে সাময়িক নিয়োগপত্র দেওয়ার সুযোগও রাখা হয়েছে। তবে পরবর্তী যাচাইয়ে প্রার্থী অযোগ্য প্রমাণিত হলে কিংবা ভুল তথ্য দেওয়ার বিষয়টি সামনে এলে তাঁর নিয়োগ বাতিল করা হতে পারে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া যেতে পারে। বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের নতুন করে চরিত্র যাচাইয়ের প্রয়োজন হবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে। যাচাই প্রতিবেদন দিতে হবে ৩০ দিনের মধ্যে নির্দেশনা অনুযায়ী, যাচাইয়ের অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে জেলা পুলিশ ও স্থানীয় গোয়েন্দা ইউনিটকে প্রতিবেদন জমা দিতে হবে। এ জন্য প্রার্থীর বাড়িতে যাওয়া কিংবা তাঁকে সশরীরে হাজির করানো বাধ্যতামূলক নয়। কোনো প্রার্থীর বিষয়ে নেতিবাচক প্রতিবেদন পাওয়া গেলে চূড়ান্ত সুপারিশ পাঠানোর আগে জেলা ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনার সুযোগ দিতে হবে। নতুন নির্দেশনা উত্তর প্রদেশে সরকারি নিয়োগ ও প্রার্থীদের যাচাইপ্রক্রিয়ায় কী প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়। সূত্র: এনডিটিভি।
জাপানে চলতি মৌসুমে বার্ড ফ্লুর সম্ভাব্য সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মিয়াগি প্রিফেকচারের কুরিহারা শহরে একটি মৃত বুনো রাজহাঁসের শরীরে প্রাথমিক পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজহাঁসটির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও এটি উচ্চমাত্রায় সংক্রামক ধরন, অর্থাৎ হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এইচপিএআই কি না, তা এখনো নিশ্চিত হয়নি। এ জন্য নমুনার জেনেটিক পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল পাওয়ার পর ভাইরাসটির ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ফলাফলে উচ্চমাত্রায় সংক্রামক ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হলে চলতি মৌসুমে জাপানে বুনো পাখির মধ্যে এটিই হবে প্রথম শনাক্ত ঘটনা। ১০ কিলোমিটার এলাকাজুড়ে নজরদারি মৃত পাখিটি উদ্ধারের স্থানকে কেন্দ্র করে ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে বুনো পাখি পর্যবেক্ষণের অগ্রাধিকার অঞ্চল হিসেবে নির্ধারণ করেছে জাপানের পরিবেশ মন্ত্রণালয়। এলাকাটিতে বুনো পাখির চলাচল এবং সম্ভাব্য সংক্রমণের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ভাইরাসের বিস্তার ঠেকাতে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়ানো একটি ভাইরাসজনিত রোগ। এর কিছু ধরন পোলট্রি খামার ও বন্য পাখির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রাথমিক শনাক্তের পর ভাইরাসের ধরন নিশ্চিত করা এবং সম্ভাব্য সংক্রমণ পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।