জাতীয়

বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
সিলিকন ভ্যালির উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশ সরকারের সংলা

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উদ্যোক্তা, পেশাজীবী এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংলাপ করেছে বাংলাদেশ সরকার। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কাছে অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেডার হলে স্থানীয় সময় রোববার ‘বাংলাদেশ-সিলিকন ভ্যালি প্রযুক্তি সংলাপ’ আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।     সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।       বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যাওয়া প্রতিনিধি দলের একটি অংশ ওই সংলাপে যোগ দেন।       সংলাপের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন- আর্থিক নীতি, বিনিয়োগ পরিকল্পনা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিল্প ও দক্ষ কর্মসংস্থানকে কীভাবে সমর্থন দেওয়া যায়, তা মূল্যায়ন করবে বাংলাদেশ সরকার।       সম্ভাব্য প্রকল্প, দায়িত্বশীল ব্যবসায়িক সহযোগী এবং স্পষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে সংলাপে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি। যে কোনো সহযোগিতা যেন জনসেবার উন্নতি ঘটায় এবং বাংলাদেশের মানুষের জন্য সুযোগ তৈরি করে সে বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।       সংলাপে বাংলাদেশের জন্য এআই প্রযুক্তির বিষয়ে উপস্থাপনা দেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ, ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-চ্যাম্পেইনের সহকারী অধ্যাপক শরীফা সুলতানা, উবারের প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম এবং এনভিডিয়ার গবেষক মোস্তফা পাটওয়ারি।       সেমিকন্ডাক্টর শিল্প এবং এর ইকোসিস্টেম উন্নয়ন নিয়ে উপস্থাপনা করেন গ্লোবালফাউন্ড্রির মাহবুব রাশেদ।     সংলাপে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ার অধ্যাপক সাইফ ইসলামের সঞ্চালনায় ‘মেধা, প্রযুক্তি ও পুঁজির’ ওপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।          প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ক্রেডো সেমিকন্ডাক্টরের শাতিল হক, এক্সোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউসুফ হক, ইনটেলের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং ক্লাউডএআই-এর সহপ্রতিষ্ঠাতা বদরুল সরকার এই প্যানেল আলোচনায় বক্তব্য দেন।     সংলাপে বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশি পেশাজীবীদের অর্জনের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে তাদের সঙ্গে অব্যাহত যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।     শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি কূটনীতি। এর কেন্দ্রে রয়েছে প্রযুক্তি স্থানান্তর, জনশক্তির উন্নয়ন এবং বাংলাদেশি প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের গবেষণা ও উদ্ভাবনী ইকোসিস্টেমের সঙ্গে সংযোগ স্থাপন।     সংলাপে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৯, ২০২৬
সংগৃহীত ছবি
ফরাসি নকশায় বাংলাদেশেই তৈরি হবে কোস্টগার্ডের নতুন ভেসেল

বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হতে যাচ্ছে ৩৮ মিটার দীর্ঘ পাঁচটি আধুনিক পেট্রোল ভেসেল। ফ্রান্সের নৌযান নকশা প্রতিষ্ঠান মোরিক এসব ভেসেলের নকশা তৈরি করছে।     নরওয়ের নর্ডিক নাভাল এএসের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে মোরিক। ভেসেলগুলো নির্মাণ করা হবে বাংলাদেশেই। রাষ্ট্রায়ত্ত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে (ডিইডব্লিউ) ভেসেলগুলোর নির্মাণকাজ হবে। ২০২৬ সালের শেষ প্রান্তিকে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।     ফরাসি প্রযুক্তি গ্রুপ এক্সেইলের সহযোগী প্রতিষ্ঠান মোরিকের নকশায় তৈরি এসব ভেসেল বাংলাদেশের নদীপথের পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকাতেও টহল দিতে পারবে। মোরিকের ‘আরপিভি ৩৮৫’ নকশায় তৈরি হবে ভেসেলগুলো। এগুলোর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২২ নট। হুল তৈরি হবে স্টিল দিয়ে।     ওপরের কাঠামো হবে অ্যালুমিনিয়ামের। ফলে ভেসেলগুলো তুলনামূলক হালকা থাকবে। একই সঙ্গে কাঠামোগত শক্তিও বজায় থাকবে। প্রতিটি ভেসেলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত ৩০ মিলিমিটার ক্যানন রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ভেসেলে ক্রু ও অন্যান্য সদস্যসহ সর্বোচ্চ ২৯ জন থাকতে পারবেন।     জ্বালানি ও রসদ নিয়ে টানা ১০ দিন পর্যন্ত নদী বা সমুদ্রপথে অভিযান চালাতে পারবে ভেসেলগুলো। বাংলাদেশের জলসীমায় নজরদারি ও চোরাচালান প্রতিরোধে এসব ভেসেল ব্যবহার করা হবে। জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীভিত্তিক পেট্রোল ভেসেল হিসেবে নকশা করা হলেও গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের বিস্তৃত জলপথে এগুলো পরিচালনা করা যাবে। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকাতেও টহল দিতে সক্ষম হবে।     পরীক্ষিত নকশায় তৈরি হচ্ছে ভেসেল মোরিক জানিয়েছে আরপিভি ৩৮৫ সম্পূর্ণ নতুন কোনো নকশা নয়। প্রতিষ্ঠানটির আগে তৈরি একটি পরীক্ষিত উপকূলীয় পেট্রোল ভেসেলের নকশার ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। বাস্তব অপারেশনাল পরিস্থিতিতে এই নকশার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।     মোরিকের মতে পরীক্ষিত নকশাকে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী অভিযোজিত করায় প্রকল্পটির নকশা তৈরির সময় কমবে। একই সঙ্গে কমবে প্রযুক্তিগত ঝুঁকি। ভেসেলগুলো বাংলাদেশেই নির্মাণ করা হবে বলে স্থানীয়ভাবে নির্মাণের ক্ষেত্রেও এ পদ্ধতি সুবিধা দেবে।     মোরিকের কমার্শিয়াল অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ফ্যাব্রিস গজিলান বলেন এশিয়ায় এটি প্রতিষ্ঠানটির আরেকটি বড় সাফল্য।     তিনি বলেন, ‘এশিয়ায় এই নতুন সাফল্য ইউরোপীয় সীমানার বাইরে বিশেষ করে এশীয় ও মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের পেট্রোল ভেসেল পরিসরের উপযোগিতাকেই প্রমাণ করে।’     ফ্যাব্রিস গজিলান বলেন বাস্তব পরিস্থিতিতে পরীক্ষিত নকশার ভিত্তিতে স্থানীয় চাহিদা ও অপারেশনাল প্রয়োজন অনুযায়ী সমাধান দেওয়াই মোরিকের অন্যতম সক্ষমতা।       ফ্রান্সের মার্সেই ও নান্তেস এবং বেলজিয়ামে মোরিকের কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটি বেসামরিক ও সামরিক উভয় খাতের ভেসেল নির্মাণ প্রকল্পে কাজ করে। নতুন ভেসেল নির্মাণের পাশাপাশি পুরনো ভেসেলের আধুনিকায়ন ও রূপান্তর নিয়েও কাজ করে প্রতিষ্ঠানটি।     ইসিএ গ্রুপ ও আইএক্সব্লু -এর একীভূতকরণের মাধ্যমে গঠিত ফরাসি প্রযুক্তি গ্রুপ এক্সেইলের একটি অংশ মোরিক। বাংলাদেশে স্থানীয়ভাবে নির্মিত কোস্টগার্ডের নতুন এই পাঁচ ভেসেলে ফরাসি নৌ-প্রকৌশল প্রযুক্তির ব্যবহার দুই দেশের সামুদ্রিক সহযোগিতাকে আরো বিস্তৃত করার সুযোগ তৈরি করেছে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৮, ২০২৬
সংগৃহীত ছবি
জিয়াউর রহমানের মরদেহ পাহাড় থেকে ফেলার নির্দেশ দিয়েছিলেন মতিউর: মোজাফফর

১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত/অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেন নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।     সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রসিকিউটর তানভীর হাসান একটি গণমাধ্যমকে জানান, গত ১৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন এই তথ্য প্রকাশ করেন। গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে পুলিশ।     প্রসিকিউটর তানভীর হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন যে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাকে জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশ পেয়ে তিনি সৈনিকদের নিয়ে সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ মোজাফফর হোসেন পাহাড়ে নিয়ে যান।     তবে নির্দেশ অমান্য করে তিনি মরদেহ পাহাড় থেকে ফেলেননি জানিয়ে বলেন, “একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের মরদেহ একটি কবরে দাফন করা হয়। তবে সেটি যে তৎকালীন রাষ্ট্রপতির মরদেহ ছিল, তা সেই ইমামকে জানানো হয়নি।”     মোজাফফরের বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট থাকার কথা উল্লেখ করে প্রসিকিউটর তানভীর জানান, ১৯৯৭ বা ১৯৯৮ সালের দিকে দেশে ফিরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোজাফফর। সিরাজগঞ্জের তৎকালীন সংসদ সদস্য হাবিবে মিল্লাতের মাধ্যমে একটি বিয়ের অনুষ্ঠানে শেখ হাসিনার দেখা পান তিনি।       সে সময় শেখ হাসিনাকে স্যালুট দিয়ে পরবর্তী করণীয় জানতে চাইলে তিনি মোজাফফরকে সেনাবাহিনীতে আত্মসমর্পণ করার পরামর্শ দেন। পরবর্তীতে সেনা সদরে চিঠি গেলেও নানা জটিলতায় তার যোগদান প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। এরপর থেকেই তিনি বাংলাদেশে সাধারণ ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েন।     উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তার এমন জবানবন্দি দেশজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৮, ২০২৬
সংগৃহীত ছবি
অনুমতি না মেলায় রূপপুর পারমাণবিক জ্বালানির ফ্লাইট স্থগিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি বহনকারী ফ্লাইটের সময়সূচি এক সপ্তাহ পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হবে।     অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সাতটি চার্টার্ড ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে আনার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। রোসাটমের সোমবার (২৮ সেপ্টেম্বরের) এক বিবৃতিতে বলা হয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে এসব জ্বালানি আনা হবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ সরবরাহ সম্পন্ন হবে।       এর আগে ২৪ সেপ্টেম্বর রূপপুরের জ্বালানি নিয়ে একটি ফ্লাইট বাংলাদেশে আসার কথা ছিল।       তবে নির্ধারিত রুটের পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে ফ্লাইটটি স্থগিত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সাংবাদিকদের বলেন, পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। নির্ধারিত রুটটি আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত। নতুন সূচি অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে জ্বালানি আনা হবে।       মন্ত্রী বলেন, এর আগে পাকিস্তান এই রুটে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। এবার কোনো ঘাটতি বা ভুলের কারণে অনুমতি পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক কারণ জানা যায়নি।       রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবির হোসেন বলেন, রুটের সব দেশের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ফ্লাইট স্থগিত করার কথা রোসাটম ২৩ সেপ্টেম্বর রাতে তাদের জানিয়েছিল। সংশোধিত সূচি অনুযায়ী, ফ্লাইট ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।     প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম ইউনিটের জ্বালানি পরিবর্তনের জন্য ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি দুটি ফ্লাইটে আনার কথা ছিল। একটি ফ্লাইট ২৪ সেপ্টেম্বর এবং অপরটি ১ অক্টোবর আসার কথা ছিল। অন্যদিকে দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি সাতটি সাপ্তাহিক ফ্লাইটে ৮ অক্টোবর থেকে আনার পরিকল্পনা ছিল।       সব মিলিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি ফ্লাইটে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি রাশিয়া থেকে বাংলাদেশে আনার কথা রয়েছে। এসব জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তার মধ্যে পরিবহন করা হয়। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করে, সেসব দেশের আগাম অনুমতিও প্রয়োজন হয়।         নির্ধারিত রুটে কার্গো বিমানটির কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। তবে পাকিস্তানের অনুমতি না পাওয়ায় বিকল্প রুটে জ্বালানি আনার ব্যবস্থা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।     এদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে ওই বৈঠকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতির বিষয়টি আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাইকমিশনারের সঙ্গে এটি ছিল তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।     পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে পদ্মার তীরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। রাশিয়ার রোসাটমের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রটিতে তৃতীয় প্রজন্মের দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর রয়েছে। দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।       এর আগে ২০২৩ সালের অক্টোবরে রোসাটমের নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে উৎপাদিত ১৬৪টি তাজা ফুয়েল অ্যাসেম্বলি কঠোর নিরাপত্তার মধ্যে রাশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছিল। পরে সেগুলো রূপপুর প্রকল্পে হস্তান্তর করা হয়।

মারিয়া রহমান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
‘সরকারের প্রতি অনাস্থা আড়াল করতেই দেশে বিশৃঙ্খলা’: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের প্রতি জনগণের তৈরি হওয়া অনাস্থা আড়াল করতে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তাঁর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।   গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকারের কয়েক মাসের মেয়াদেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ উদ্বেগ জানাচ্ছে। তাঁর অভিযোগ, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।   তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি মানবিক, নিরাপদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার। কিন্তু তাঁর অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এর ফলে বিভিন্ন এলাকায় সংঘাত, হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।   গ্রামাঞ্চলের বিভিন্ন বিষয় নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর ভাষ্য অনুযায়ী, সার বিতরণ, সার ডিলার নিয়োগ, ইমাম-খতিবদের ভাতা এবং কৃষক ও ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিসহ নানা ইস্যুতে স্থানীয় পর্যায়ে বিরোধ ও সংঘাত দেখা দিচ্ছে। এমনকি সার বিতরণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনাও ঘটছে বলে তিনি অভিযোগ করেন।   সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নিয়েও অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের নামে এক শ্রেণির প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের চেষ্টা চলছে।   তিনি আরও দাবি করেন, এ ধরনের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ভবিষ্যৎ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের বাছাইয়ের উদ্দেশ্য জড়িত থাকতে পারে। এ বিষয়ে তাঁর বক্তব্যের পক্ষে স্বাধীন কোনো প্রমাণ তিনি ব্রিফিংয়ে উপস্থাপন করেননি।   সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, নির্বাচিত সংসদ সদস্যদের ওপর অনির্বাচিত সংরক্ষিত নারী সদস্যদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করা হচ্ছে। উন্নয়ন বরাদ্দ ও ডিও লেটার দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের প্রভাব দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।   দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার এসব ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এবং ইসিবি এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।   গোলাম পরওয়ারের অভিযোগ, অপরাধের সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধীদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, সরকারের উচ্চপর্যায় থেকে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা সংকেত না থাকলে অপরাধীরা এমন সুযোগ পেত না। তবে এসব অভিযোগের স্বাধীন প্রমাণ তিনি ব্রিফিংয়ে উপস্থাপন করেননি।   তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য, সার, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।   গোলাম পরওয়ার আরও বলেন, জনগণের ভোট ও গণরায়ের বিষয়টি উপেক্ষা করে সরকার দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, জনগণের মধ্যে সরকারের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেটি আড়াল করতে বিভিন্ন ইস্যু সামনে এনে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।   জামায়াতের এই নেতা বলেন, তাঁদের দল সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাবে। জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।   ব্রিফিংয়ে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন গোলাম পরওয়ার। এর মধ্যে রয়েছে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা, লুট হওয়া টিকা ও সংশ্লিষ্ট নথি উদ্ধার, বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু, ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ এবং ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত।   ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বাংলাদেশ বিমান বাহিনী

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সূচনালগ্ন হতে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবছর ২৮ সেপ্টেম্বর ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালন করে থাকে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বীরত্বগাথা ধারণ করে প্রতিবছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।   আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর সি-১৩০ হ্যাঙ্গারে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ৫৫ বছরের পথচলা ও অর্জন নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও প্রীতিভোজের আয়োজন করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা এলাকায় কর্মরত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) ও বেসামরিক সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময়, তিনি দেশের আকাশসীমা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।   উল্লেখ্য, ১৯৭১ সালে দেশের আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীর অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার (মরহুম), বীর উত্তম (অব.) মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এর দায়িত্ব পালন করেন। সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বিমান বাহিনীর সাহসী সদস্যরা সেক্টর কমান্ডারের মত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে যুদ্ধের গতি-প্রকৃতিকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য একটি স্বতন্ত্র বিমান বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। আর এই লক্ষ্যে, ১৯৭১ সালে ২৮ সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং কয়েকজন বাঙালি বৈমানিক, বিমানসেনা ও বেসামরিক বৈমানিকসহ ৫৭ জন সদস্য নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে। এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ (মরহুম), বীর উত্তম, (অব.) কিলো ফ্লাইটের অধিনায়কের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে ৫০টিরও অধিক বিমান অভিযান সাফল্যের সাথে পরিচালনার মাধ্যমে ‘কিলো ফ্লাইট’ মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।   বিমান বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দিনে বিমান বাহিনীর সকল ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টগুলোতে বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও অর্জন নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবি

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।   সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।   এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।   তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।   ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।   উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।    উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান।  

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
২ কোটি টাকা দেন, সব সই করে দেব’ ভিডিও ছড়ানোর পর প্রকৌশলী বরখাস্ত

আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর লক্ষ্মীপুরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।    সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।     দপ্তরাদেশে বলা হয়েছে, ‘মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’     এতে আরও বলা হয়, ‘ওই বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে মো. নুরুল আমিন কে বিউবো’র চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’      এর আগে গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে।    এরমধ্যে কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাব। দেখি চেয়ারম্যান কি কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নেই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে। সোজা হিসেব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসেব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেব।    ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।    ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এখানে কত? ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার।   এ ঘটনায় পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, ‘ভিডিওটির বিষয়ে জানার পরপরই আমি সংশ্লিষ্ট বিভাগকে এই ব্যক্তিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছি। আমি ইতোমধ্যেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছি এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর নির্দেশ দিয়েছি। এটি শেষ হলে তার চাকরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’    তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের ভেতরে থাকা কোনো অসাধু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিডিবি পিছপা হবে না।’

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান

সব প্রস্তুতি থাকার পরও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের চালানবাহী বিমান রাশিয়া থেকে দেশে আসতে পারেনি।   বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে রিফুয়েলিংয়ের জন্য ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি আসার কথা ছিল।   এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সাংবাদিকদের বলেন, “পাকিস্তান ক্লিয়ারেন্সটা দেয়নি। এখানে তো কতগুলো দেশ রয়েছে, আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান এবং এরপর ভারত হয়ে আসে। পাকিস্তান থেকে ক্লিয়ারেন্সটা… যেহেতু আগে এসেছে, দিয়ে দেবে। হয়ত কোনো একটা গ্যাপ ছিল, দেয়নি। এটা ক্লিয়ারেন্স হয়ে যাবে।   ওরা আবার রিশিডিউল করে দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে যে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আবার নিয়ে আসবে ওরা (রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম)। এর মধ্যে ওরা ওদের কাজ করবে।”   রাশিয়ান কোম্পানির দায়িত্ব ইউরেনিয়াম আমাদের এখানে পৌঁছে দেওয়া। একটু এদিক-সেদিক তো হতেই পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী।   এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে ফকির মাহবুব আনাম বলেন, “আমরা জানতে পেরেছি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমানের ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল। তবে বিমানটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছায়নি। পাকিস্তান কেন আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেয়নি, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।   রাশিয়া নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর তারিখ প্রস্তাব করেছে।”   ইউরেনিয়ামের চালান আসতে না পারার ঘটনা বর্ণনা করে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবির হোসেন বলেন, “আমার যে ফুয়েল আসার কথা… ইউনিট ওয়ানের ফুয়েল আমি লোড করেছি। এক বছর পরে ইউনিট ওয়ানের ফুয়েল পরিবর্তন করতে হবে।   “অর্থাৎ এক বছর পরে যে রিলোড, সেটা। এক বছর পরে যে রিলোড সেটা হইছে, আমার দুইটা ফ্লাইটে আসবে ৪৮টা অ্যাসেম্বলড। এইটা আসার কথা ছিল ২৪ তারিখে একটা ফ্লাইটে। অক্টোবরের ১ তারিখে একটা ফ্লাইট। এই দুই ফ্লাইটে আসার কথা।”   একইভাবে পরের সাতটি ফ্লাইটে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসার সূচি থাকার তথ্য দিয়ে তিনি বলেন, “৮ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একটি করে সাতটি ফ্লাইটে আসার কথা ছিল ইউনিট-২ এর ফার্স্ট লোড। ইউনিট-২ এর ফার্স্ট লোড অর্থাৎ ইউনিট-২ এর ফ্লাইট মানে ফুয়েল।   “আমরা ইউনিট ওয়ানের ফুয়েল যে রকমে ২০২৩ সালে আনছিলাম, ওরকমের দ্বিতীয় ইউনিটের ফুল ফুয়েল আরকি। পুরো ফুয়েলটা যেখানে আগের মতই সাতটা ফ্লাইটে আসার কথা।”   সাধারণত কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের আকাশসীমা দিয়ে এ ইউরেনিয়াম আসার তথ্য দেন প্রকল্প পরিচালক।   ইউরেনিয়াম গ্রহণ ও রূপপুরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি তুলে ধরে কবির হোসেন বলেন, “হঠাৎ করে ২৩ তারিখ ৯টার দিকে জানাল (রসাটম), ফ্লাইটটা স্থগিত। বলছে, আমাদের একটু এয়ার স্পেসে সমস্যা হচ্ছে। সকলের পারমিশন পাওয়া যায়নি, যেসব দেশ থেকে আসবে। আমরা চেষ্টা করছি কূটনৈতিক পথে যাতে অনুমোদন পাওয়া যায়।   “২৪ তারিখ সকালবেলা আবার ফোন দিলাম। তোমরা বলো, আমাদের তো প্রস্তুতি নিতে হবে। তখনও বলল, আমরা এখনও কূটনৈতিক মাধ্যমে চেষ্টা চালাচ্ছি। সবশেষ, ২৪ তারিখ রাতে জানানো হল, রুটের অনুমোদন পায় নাই; এই ফ্লাইট স্থগিত। আমরা তোমাদেরকে পরবর্তীতে শিডিউল জানাব।’   এরপর নতুন করে শিডিউল দেওয়ার কথা তুলে ধরে ধরে কবীর হোসেন বলেন, ১ অক্টোবর থেকে ফ্লাইট শুরু হবে। অর্থাৎ এক সপ্তাহ পেছাল।   এদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় ইউরেনিয়াম আসতে না পারার মধ্যে সোমবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় দেশটির হাই কমিশনার ইমরান হায়দার।   আকাশসীমা ব্যবহার করতে না পারার বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেছেন, এটা নিয়ে আলোচনা হয়নি। হাই কমিশনারের সঙ্গে এটা তার প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল।   আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে ‘চিন্তিত না’ হওয়ার কথাও বলেন হুমায়ুন কবির।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে রুল জারি করেছে হাই কোর্ট। এ পরীক্ষার ফল ‘পজিটিভ’ হলে বা ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এক রিট মামলার প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে গত ১৬ অগাস্ট বিবাদীদের আইনি নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি। নোটিসের জবাব না পেয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিট আবেদন করেন তিনি। আবেদনে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় আইন, বিধি ও নির্দেশিকা প্রণয়ন বা সংশোধন না হওয়া পর্যন্ত আসন্ন সব নির্বাচন স্থগিত করার নির্দেশনাও চাওয়া হয়েছিল। আইনজীবী ইসরাত জাহান অনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত শুধু রুল দিয়েছেন।” তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হিসেবে অংশ নিতে চান, তাদের স্বীকৃত মেডিকেল ও ল্যাবরেটরি থেকে ডোপ টেস্ট করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার বিধান নির্বাচনি আইন ও বিধিমালায় যুক্ত করার জন্য রিট মামলাটি করা হয়েছে। আইনজীবী অনি বলেন, “আমার মেইন জিনিসই হচ্ছে যে—স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক। একটা ক্লজ থাকুক।” জনপ্রতিনিধিদের সুস্থ মানসিক অবস্থা থাকা জরুরির মন্তব্য করে তিনি বলেন, “আমি একজন ট্যাক্সপেয়ার, আমাকে রিপ্রেজেন্ট করতেছে একজন এমপি, আমার সমস্যা দেখতেছে একজন চেয়ারম্যান, সমস্যা দেখতেছে একজন মেম্বার। “তিনি নিজেই যদি একটা প্রবলেমেটিক মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি কীভাবে আমার সমস্যার সমাধান করবেন? সাউন্ড মাইন্ডের মানুষ আমাদের রিপ্রেজেন্ট করুক।” দেশে মাদক ‘মহামারী’ আকার ধারণ করেছে মন্তব্য করে ইসরাত জাহান অনি বলেন, একজন করদাতা হিসেবে তিনি চান, তাকে প্রতিনিধিত্বকারী এমপি, চেয়ারম্যান বা মেম্বার সুস্থ মানসিকতার মানুষ হোক। আবেদনে বলা হয়েছে, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুসারে সংবিধান ও আইন মেনে চলা প্রতিটি নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য। সরকারি চাকরিজীবী এবং চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও আইনপ্রণেতা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের এর আওতার বাইরে রাখা সংবিধানের এ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। “দেশ ও মানুষের সেবার জন্য জনপ্রতিনিধিদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। মাদকাসক্ত কোনো ব্যক্তি জনপ্রতিনিধিত্বের জন্য প্রয়োজনীয় নৈতিকতা ও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন না,” বলা হয়েছে রিট আবেদনে। আইনজীবী অনি বলেন, নির্বাচিত হওয়ার পর কোনো জনপ্রতিনিধি মাদক গ্রহণে জড়িত হলে বিদ্যমান আইনেই তার শাস্তির ব্যবস্থা রয়েছে।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।   প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।   বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।   ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন।   বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।   অন্যদিকে, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব‌লে ম‌ন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। তি‌নি ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রীর সফর নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধররেছে।   জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য ক‌রেন তি‌নি।   পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে। এই সফর নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।    বিভিন্ন সভায় ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণকারী সব অতিথিই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের নতুন এই গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।    তি‌নি ব‌লেন, দীর্ঘদিন পর জনগণের নিরঙ্কুশ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও আত্মমর্যাদা নতুন উচ্চতায় উন্নীত করেছেন।   হুমায়ুন ক‌বির ব‌লেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী সব মিলিয়ে মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, ৭টি উচ্চ-পর্যায়ের সভায় বক্তব্য রেখেছেন, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।   তি‌নি জানান, অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রী এবং কুয়েতের ক্রাউন প্রিন্স-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।    প্রতিমন্ত্রী ব‌লেন, এ ছাড়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, মিয়ানমার সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহী এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।   সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ অনুবিভাগ) এম ফরহাদুল ইসলাম এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম উপস্থিত ছিলেন।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৮, ২০২৬
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং করার আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছে।   রিট আবেদনে আসিফ মাহমুদকে নিয়ে দেওয়া প্রেস ব্রিফিংয়ের ভুল স্বীকার করতে দুদককে নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।   এ ছাড়া কোনও ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় গণমাধ্যমে তথ্য প্রকাশ বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।   প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের একজন কর্মকর্তার বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।   এরপর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আসিফ মাহমুদ। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনি নোটিশও পাঠানো হয়। নোটিশে দাবি করা হয়, দুদকের বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আসিফ মাহমুদের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।   অন্যদিকে দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান কোনও রাজনৈতিক চাপ বা পক্ষপাতিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না। অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই করা হচ্ছে।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৮, ২০২৬
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। তিনি আরমান-শাহরুখ গ্রুপের অন্যতম সদস্য বলে জানা গেছে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।   সম্প্রতি কেরানীগঞ্জে দিনেদুপুরে পাটালি গ্রুপের গ্যাং লিডার ফরহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা এবং রায়েরবাজারে এলেক্স ইমন গ্রুপের ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলার আসামি সে। এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।   এসআরবি জানায়, গ্রেফতারের সময় পাটালি গ্রুপের ফরহাদকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত চাপাতি, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।    রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে বিকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক মলিনোর খেলা নিয়ে শঙ্কা

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। তবে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা। হিপের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়ক সোফি মলিনোর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।   মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া নারী ক্রিকেট ন্যাশনাল লিগের (ডব্লিউএনসিএল) ভিক্টোরিয়া দলের স্কোয়াডেও জায়গা হয়নি মলিনোর। বুধবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করার কথা রয়েছে।   বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর।   ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, মলিনোর হিপের সংযোগস্থলে চোট রয়েছে। বাংলাদেশ সিরিজে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।   ইনজুরি মলিনোর ক্যারিয়ারে নতুন কোনো বিষয় নয়। এর আগে সাম্প্রতিক সময়ে পিঠের সমস্যায় ভুগেছেন এই অলরাউন্ডার। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ও ওই চোট তার কার্যক্রমে প্রভাব ফেলেছিল।   ওয়েস্ট ইন্ডিজ সফরে মলিনো কেবল ব্যাটার হিসেবে দলের সঙ্গে ছিলেন। পরে সুস্থ হয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেন এবং অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে নেতৃত্ব দেন।   বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মলিনো বাংলাদেশ সিরিজে খেলতে না পারলে সহঅধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা অথবা অ্যাশলে গার্ডনারের একজন দলের নেতৃত্ব দিতে পারেন।   এর আগে মলিনোর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাকগ্রা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরে একাদশে নিয়মিত জায়গা পাননি তিনি।   অন্যদিকে অ্যাশলে গার্ডনারও নেতৃত্বের দৌড়ে রয়েছেন। আগস্টে জর্জিয়া ভোলের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে গেলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড গার্ডনারকে সহঅধিনায়ক হিসেবে সমর্থন দিয়েছে। ফলে মলিনো খেলতে না পারলে গার্ডনারের নেতৃত্বে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া বন্ধ চেয়ে রিট

সাধারণ মানুষের গণপরিবহন সংকট নিরসনে সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ইজারা বা ভাড়া দেওয়া বন্ধ এবং এসব বাস সাধারণ যাত্রীদের পরিবহনে ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। এতে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বিআরটিসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।   রিটে বলা হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০-এর ৫ ও ২২ ধারায় বিআরটিসির যাত্রী পরিবহণ সেবা এবং জনস্বার্থে বিভিন্ন রুটে যাত্রী ও পণ্যবাহী মোটরযান পরিচালনার বিষয়টি উল্লেখ রয়েছে।   রিটকারীর দাবি, এসব আইনি বিধানের পাশাপাশি বিআরটিসির বাস ইজারা নীতিমালা-২০০৭ থাকা সত্ত্বেও বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য বিআরটিসির বাস ইজারা বা ভাড়া দেওয়া হচ্ছে।   রিটে আরও বলা হয়েছে, বিআরটিসির বাস ইজারা নীতিমালা-২০০৭-এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিজ্ঞ বাণিজ্যিক পরিবহন ব্যবসায়ীদের বাস ইজারা দেওয়ার বিধান রয়েছে। একই নীতিমালার ৫(১৭) অনুচ্ছেদে ইজারা নেওয়া বাস তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।   রিটকারীর বক্তব্য অনুযায়ী, সরকারি অর্থে কেনা বিআরটিসির বাস সাধারণ মানুষের গণপরিবহণে ব্যবহারের পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ব্যবহার করা হলে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা কমে যায়। এতে নারী ও শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ যাত্রী পরিবহন সংকটে পড়ছেন বলেও রিটে দাবি করা হয়েছে।   রিটে আরও যুক্তি দেওয়া হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য বিআরটিসির পরিবর্তে বেসরকারি পরিবহন খাত থেকে বাস ভাড়া করলে অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।   এ ছাড়া বিআরটিসির বাস সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইজারা বা ভাড়া দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।   একই সঙ্গে বর্তমানে সরকারি যাতায়াতে ব্যবহৃত বিআরটিসির বাসগুলো প্রত্যাহার করে সাধারণ মানুষের জন্য নির্ধারিত নিয়মিত বাণিজ্যিক রুটে পুনরায় পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।   প্রসঙ্গত, এর আগে গত ১৫ সেপ্টেম্বর সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিআরটিসির বাস ভাড়া দেওয়া বন্ধের দাবিতে একটি আইনি নোটিশ দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।   সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে সফলভাবে অংশ নেওয়ায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।   বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।   রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।   প্রসঙ্গত, ইয়াও ওয়েন ২০২৩ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন এবং তার মেয়াদ শেষে তিনি দেশে ফিরে যাচ্ছেন।   সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনও ছিলেন।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছরের মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।   সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মহানগরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা সিটি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।   নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের মনির হোসেনের স্ত্রী। নিহত শিশু ইয়ামনি তার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের সালনা বাজার এলাকায় মোস্তফা মিয়ার আবাসিক কলোনিতে বসবাস করে আসছিলেন।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে মা-মেয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুজনই গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকেন।   পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মা-মেয়েকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।   হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শিশু মেয়ে ইয়ামনিও মারা যায়।   পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়েছে।   তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা পাবেন ১০০ জন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এই সম্মাননার আওতায় আনা হবে।   আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়ার কথা রয়েছে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন।   তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হয়ে আসছে। এবার প্রথমবারের মতো এ সংখ্যা বাড়িয়ে ১০০ জন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার জন্য বিবেচনা করা হবে।   শিক্ষা উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরাও এ তালিকায় থাকবেন। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননার জন্য নির্বাচন করা হবে।   বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকদের মধ্য থেকেও গুণী শিক্ষক বাছাই করা হবে বলে জানান তিনি।   মাহদি আমিন বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা চলছে। সেখান থেকেই চূড়ান্তভাবে সম্মাননার জন্য শিক্ষকদের নির্বাচন করা হবে।   শিক্ষার্থীদের গড়ে তোলা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননার পরিধি বাড়ানোও এরই অংশ।   তিনি আরও জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিবসটি উদযাপনের পরিকল্পনা রয়েছে।   জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।   সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণারয়ের নতুন ভবনে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।   জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচদিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জান্নাতুল ফেরদৌস জেমি সেপ্টেম্বর ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত
সচেতনতা বাড়লে জলাতঙ্কে মৃত্যু অনেকটাই কমানো সম্ভব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই বেশি কার্যকর বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, জলাতঙ্ক নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ এবং আক্রান্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।   সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।   সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরাঞ্চলে জলাতঙ্ক সম্পর্কে মানুষের সচেতনতা তুলনামূলক বেশি হলেও দেশের প্রত্যন্ত ও প্রান্তিক এলাকায় এখনো এ বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। এর ফলে এসব এলাকায় জলাতঙ্কে মৃত্যুর ঘটনাও বেশি ঘটে।   এ কারণে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে আগের মতো দেশব্যাপী কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।   তিনি বলেন, সরকারের সব কার্যক্রমের মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও জনস্বার্থ নিশ্চিত করা। খাদ্যনিরাপত্তার পাশাপাশি মানুষ এখন খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীর স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে। প্রাণীর রোগ নিয়ন্ত্রণের সঙ্গে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সরাসরি সম্পৃক্ত হওয়ায় প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।   প্রাণিসম্পদ খাত দেশের প্রান্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রাণীর রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কৃষক ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।   প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়াতে আরও বেশি সেমিনার, প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।   প্রতিমন্ত্রী বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা একসঙ্গে বাস্তবায়ন করা গেলে জলাতঙ্ক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।   অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন।

আক্তারুজ্জামান সেপ্টেম্বর ২৮, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

ছবি: সংগৃহীত
খেলাধুলা

অবশেষে প্রকাশ পেল মেসির শেষ ম্যাচের বিশেষ জার্সির ছবি

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ২৬, ২০২৬