রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অফিস দখলকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোডে, বিট অফিসের বিপরীত পাশে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অতর্কিতভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়। বাদীর দাবি, এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসে টাঙানো দলীয় শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়। ভাঙচুর শেষে অভিযুক্তরা আরও লোকজন নিয়ে বিজয় মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ করে ৫০-৬০ জনের একটি দল এসে কার্যালয়ে হামলা চালায় এবং পরে মিছিল বের করে।
অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ বলেন, ঘটনার সময় তিনি তেজগাঁও এলাকায় একটি ইফতার মাহফিলে ছিলেন। তার নাম ব্যবহার করে কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। বিষয়টি জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি এজাহার পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।