‘আজ এখানেই শেষ করা যাক। কারণ অনেক হয়েছে। ধন্যবাদ, ডার্লিং।’ ঠিক এই কথাগুলো বলেই এনবিসি নিউজের সঙ্গে চলা একটি উত্তপ্ত সাক্ষাৎকার মাঝপথেই বর্জন করে বেরিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এবং এর সপক্ষে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের বারবার প্রমাণ চাওয়ার জেরে তৈরি হওয়া তীব্র বাদানুবাদের পর ট্রাম্প এই নজিরবিহীন কাণ্ড ঘটান।
এনবিসি নিউজের বিখ্যাত অনুষ্ঠান মিট দ্য প্রেস-এর জন্য নেওয়া এই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা কারচুপির শিকার বলে নিজের পুরোনো দাবির সপক্ষে সাফাই গাইছিলেন ট্রাম্প। তবে ক্যালিফোর্নিয়ার চলমান ভোট গণনা এবং সামগ্রিক নির্বাচন নিয়ে ট্রাম্পের করা দাবির সপক্ষে ক্রিস্টেন ওয়েলকার যখন বারবার প্রমাণ চান, তখন আলোচনাটি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। একপর্যায়ে গণমাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিয়ে নিজের গায়ের মাইক্রোফোন খুলে সাক্ষাৎকার কক্ষ থেকে বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার অগ্রগতি নিয়ে বিস্তারিত কথা বলার পর এই বাদানুবাদের সূত্রপাত হয়। সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার ট্রাম্পের প্রস্তাবিত ১৮০ কোটি ডলারের অ্যান্টি-উইপোনাইজেশন ইনিশিয়েটিভ সম্পর্কে জানতে চান। পূর্ববর্তী প্রশাসনের অন্যায্য রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে যারা মনে করেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছিল।
এই বিষয়ে কথা বলার সময় ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং মূলধারার গণমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, এই উইপোনাইজেশন ফান্ডের মাধ্যমে একদল নিরপেক্ষ ও বুদ্ধিমান মানুষকে দায়িত্ব দেওয়া হতো, যাদের যে কেউ বেছে নিতে পারত। তারা প্রতিটি মামলা বা ঘটনা আলাদাভাবে খতিয়ে দেখত।
তিনি আরও বলেন, এখন আমি জানি না এই ফান্ডের কী হবে। তবে আইডিয়াটা আমার দারুণ পছন্দ। কারণ আপনাদের মতো ‘ফেক ডার্টি প্রেস’, এই ‘ক্রুকেড প্রেস’ (দুর্নীতিবাজ গণমাধ্যম) এবং বাইডেনের মতো বোকা মানুষ, যার চারপাশে কী ঘটছে তা বোঝার মতো বুদ্ধি নেই, তাদের চারপাশের মানুষগুলো ওভালের অফিসের সেই সুন্দর রেজলুট ডেস্কের চারপাশে বসে মানুষের জীবন ধ্বংস করেছে। তারা এমন সব মানুষকে জেলে পাঠিয়েছে যারা কোনও অপরাধই করেনি।
জবাবে সঞ্চালক ওয়েলকার তাৎক্ষণিকভাবে মনে করিয়ে দেন যে, ট্রাম্পের এসব অভিযোগের পেছনে কোনও বাস্তব প্রমাণ নেই।
এ কথা শুনে ট্রাম্প আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমার কথা শুনুন: এর পেছনে ব্যাপক প্রমাণ রয়েছে। প্রমাণ ছাড়া আর কিছুই নেই। ওই নির্বাচনটি কারচুপির ছিল। ওটি একটি নোংরা নির্বাচন ছিল এবং ঠিক একই ঘটনা এখন আবার ক্যালিফোর্নিয়াতেও ঘটছে।
তবে ওয়েলকার যুক্তি দিয়ে বলেন, ক্যালিফোর্নিয়ার নিয়ম অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত ডাকযোগে পাঠানো ব্যালটগুলো পরেও গ্রহণ করা হয় এবং তা গণনা করা হয়। আর এই কারণেই সাধারণত সেখানে ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগে।
কিন্তু ট্রাম্প এই ব্যাখ্যা সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, আপনি জানেন তারা কেন এমনটা করছে? কারণ তারা নির্বাচনে জালিয়াতি করছে।
ওয়েলকার যখন এর সুনির্দিষ্ট কোনও প্রমাণ আছে কি না জানতে চান, তখন ট্রাম্প উত্তর দেন, ‘আমাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে। আমি শুধু দেখি এবং মানুষের কথা শুনি, দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।’
আলোচনা যত এগোচ্ছিল, দুজনেই বারবার একই প্রশ্নে ফিরে আসছিলেন, ট্রাম্পের এই গুরুতর অভিযোগগুলোর পেছনে আদৌ কোনও প্রমাণ আছে কি না। একপর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট উল্টো সঞ্চালককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করেন যে, তিনি ক্যালিফোর্নিয়ার এই নির্বাচন পদ্ধতিকে সঠিক মনে করেন কি না।
ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় এটি কোনও সঠিক পদ্ধতি যে ভোট নেওয়ার কয়েক দিন পরও তারা বিজয়ী নির্ধারণের কাছাকাছিও পৌঁছাতে পারে না?’ জবাবে ওয়েলকার বলেন যে, নির্বাচন কর্মকর্তারাও ভোট গণনার এই ধীরগতির কথা স্বীকার করেছেন।
এরপরই ট্রাম্প সরাসরি গণমাধ্যমকে আক্রমণ করা শুরু করেন। তিনি বলেন, ‘না, তারা দুর্নীতিবাজ। তারা ঠিক আপনার মতোই দুর্নীতিবাজ। আপনার প্রেস দুর্নীতিবাজ এবং মিট দ্য প্রেস অনুষ্ঠানটিও দুর্নীতিবাজ।’
ওয়েলকার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে বলেন, ‘ন্যায়সঙ্গতভাবে বলতে গেলে, আমি মোটেও দুর্নীতিবাজ নই, তবে চলুন আমরা...’, কিন্তু তাকে কথা শেষ করতে না দিয়েই ট্রাম্প মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, ‘তাই নাকি? আচ্ছা, আপনি তাহলে তাদের হাতের পুতুল হয়ে খেলছেন। আপনি হয় দুর্নীতিবাজ, না হয় অত্যন্ত বোকা।’
এরপরও আরও কয়েক মিনিট আলোচনা চলে, যেখানে ট্রাম্প আমেরিকার বড় বড় টেলিভিশন নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে একপেশে প্রচার এবং নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। একপর্যায়ে মার্কিন নির্বাচন ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে একটি ‘তৃতীয় বিশ্বের দেশ’-এর সঙ্গে তুলনা করেন।
ট্রাম্প ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আপনাদের নির্বাচন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, আপনিও দুর্নীতিবাজ এবং মিট দ্য প্রেস-ও দুর্নীতিবাজ। একই অবস্থা এবিসি, সিবিএস ও সিএনএনেরও। আপনারা সবাই একপেশে ও দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্ক।’
এর কিছু মুহূর্ত পরেই ট্রাম্প ঘোষণা করেন যে তিনি আর সাক্ষাৎকার দেবেন না। ‘আজ এখানেই শেষ করা যাক। কারণ অনেক হয়েছে। ধন্যবাদ, ডার্লিং’, এই কথা বলতে বলতেই তিনি নিজের গায়ের মাইক্রোফোনটি খুলে ফেলেন।
ওয়েলকার তাকে থেকে যাওয়ার এবং সাক্ষাৎকারটি শেষ করার অনুরোধ জানিয়ে বলেন যে, তিনি এই সাক্ষাৎকারের জন্য বিশেষ অনুরোধে উইসকনসিন থেকে এসেছেন।
জবাবে ট্রাম্প বলেন, তিনি ইতোমধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে অনেক সময় দিয়েছি। আপনাদের উচিত নিজেদের গণমাধ্যমকে সংশোধন করা। কারণ মনে রাখবেন, একটি অসৎ গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কোনও দেশ কখনও মহান হতে পারে না।’
এরপরই তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং সাক্ষাৎকার কক্ষ ত্যাগ করেন, যার ফলে একটি বহুল আলোচিত সাক্ষাৎকারের অত্যন্ত নাটকীয় ও আকস্মিক সমাপ্তি ঘটে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
শুক্রবার গোটা ভারতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে ‘পুলিশি বর্বরতার’ প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে। দিল্লিতে সিজেপি’র ‘চলো সংসদ’ মার্চের সময় সংঘর্ষ এবং বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির মতে, এই ঘটনাগুলো রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুললেও দিল্লি পুলিশের দাবি- মার্চ চলাকালীন বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। তারা পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে। দেশব্যাপী এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সংগঠনটি স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং স্মারকলিপির একটি টেমপ্লেট প্রচার করেছে। নির্দেশিকা অনুযায়ী, বিক্ষোভকারীদের নির্দিষ্ট স্থানে জমায়েত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জনসমক্ষে পাঠ, সাম্প্রতিক বিক্ষোভের সময় তথাকথিত পুলিশি বর্বরতার শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সংহতি জানানো এবং জেলা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহিতার দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক বিক্ষোভে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করার পর এই আন্দোলন আরও গতি লাভ করে। সূত্র: ইন্ডিয়া টুডে
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের আরও বিস্তার হিসেবে বিবেচিত হবে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার। বুধবার (২২ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর এই অপারেশনাল সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরান সেটিকে যুদ্ধের নতুন পর্যায় হিসেবে দেখবে। এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তু হবে। এই সতর্কবার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। মঙ্গলবার হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার বিশেষ সক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করেন ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এ সময় তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ প্রদান করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। এ পদে নির্বাচিত হতে হলে প্রথমে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হবে। স্থায়ী পাঁচ সদস্যের যে কোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হতে পারে। এরপর সাধারণ পরিষদের অনুমোদনও প্রয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প দীর্ঘদিন ধরে বড় আন্তর্জাতিক সংঘাত নিরসনে জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে আসছেন। ক্ষমতায় ফিরে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন।