দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটে জর্জরিত, ঠিক সেই সময় গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—এমন তথ্য জানা গেছে।
প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং প্রশাসনিক অস্থিরতার মধ্যেই তার এই বিদেশযাত্রা বিসিবির নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি রাতেই দেশ ছাড়তে পারেন। এ বিষয়ে খবর প্রকাশ হলে শুরুতে তিনি প্রকাশ্যে বিদেশ সফরের কথা অস্বীকার করেন। তখন তিনি জানান, দেশে থেকেই বোর্ডের কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং আপাতত বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি বদলে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের দাবি, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন।
সংকটময় সময়ে বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্ব সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট অঙ্গন উত্তাল—তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশ ছাড়ার বিষয়টি নতুন করে বিতর্ক তৈরি করেছে।
বর্তমান পরিস্থিতিতে এই সফর বিসিবির ওপর কী প্রভাব ফেলবে এবং সভাপতির অনুপস্থিতিতে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কীভাবে চলবে—সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
কেমন আছেন? নাদিয়া: ভাই ভালো আছি। কিন্তু এখন এখানে রাত তিনটা বাজে। কথা বলার মতো অবস্থা নাই—একে অনেক রাত, আবার গলা বসে গেছে। আমি একটু পরেই ফোন দিচ্ছি। (বেশ কিছু সময় পরে ফোন দিলেন নাদিয়া) আপনি কি আগে ফিফার কোনো ম্যাচ সরাসরি দেখেছেন? নাদিয়া: আগে কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। এবারই প্রথম। খেলা দেখতে গিয়ে এতটাই এক্সসাইটমেন্ট ছিলাম যে বিশ্বাসই হচ্ছিল না আর্জেন্টিনার খেলা দেখছি। স্বপ্ন মনে হচ্ছিল। যখন মাঠে গিয়ে বসলেন, সেই সময় কেমন লাগছিল? নাদিয়া: এটা দারুণ এক অনুভূতি। খেলা শুরু হওয়ার বহু আগে এসেছিলাম। স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ। নাচ–গানে সবাই মেতে আছে। এর মাঝে আবার ভাবছিলাম গতবার প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল। এবার কী যে হয়। কারণ, বড় দলগুলো তুলনামূলক ভালো করছে না। অনেক অঘটন ঘটছে। কিন্তু মেসিকে দেখতে এসেছি এটাই ভালো লাগছিল। এখন তো খেলা দেখে ইতিহাসের একটা অংশ হয়ে গেলেন... নাদিয়া: হ্যাঁ, এখন তো একদমই ইতিহাসের অংশ। আর্জেন্টিনার এত অর্জনের একটা ম্যাচের সাক্ষী হয়ে রইলাম, এটা ভাবতেই ভালো লাগছে। স্টেডিয়ামে প্রবেশের পরে সবার উচ্ছ্বাস দেখে কী মনে হচ্ছিল? নাদিয়া: সরাসরি খেলা না দেখলে এটা বোঝা যায় না। চারপাশে সবার অপেক্ষা মানুষটা কখন এসে দাঁড়াবেন, মানে মেসি। কখন খেলা শুরু হবে। আমরা তো অনেক আগে এসেছিলাম। স্টেডিয়ামে আসার জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন থেকেই দেখছি সবাই উৎসব মুডে আছেন। মাঠে তো আরও বেশি উচ্ছ্বাস সবার। আর্জেন্টাইন অনেকের সঙ্গে কথা হলো। কথা বলে বুঝতে পারলাম তাঁরা খেলা নিয়ে অনেক বেশি ইমোশনাল। কেন ‘ইমোশনাল’ মনে হলো? নাদিয়া: তাঁরা খেলা শুরু হওয়ার আগে থেকেই একের পর এক দেশাত্মবোধক গান গাইছিলেন। এক পাশে পুরো আর্জেন্টিনার সমর্থকেরা গানবাজনা নিয়ে মেতে ছিলেন। মেসির নাম নিয়েই; সবাই মেসিকে সম্মান জানাচ্ছিলেন। কখন মেসি আসবে অপেক্ষা করছিলেন। তাঁরাও মেসির জন্য অস্থির থাকেন। আবার যখন খেলা শেষে নামছিলাম, তখন নামার সময় আমাদের পাশে থাকা রেলিংয়ে সবাই ঢোলের মতো তাল মিলিয়ে বাজনা তুলে গান গাইছিলেন। এসব অসাধারণ অনুভূতি। আর্জেন্টিনার মানুষ যখন জানতে পারলেন আপনি বাংলাদেশের, তখন প্রতিক্রিয়া কেমন ছিল? কারণ, তাঁরা জানেন বাংলাদেশে দেশটির অনেক সমর্থক রয়েছেন? নাদিয়া: আমরা খেলা দেখব বলে অনেক আগেই বাসা থেকে বের হয়েছি। আমার সঙ্গে নাঈম ছিল। সে–ও মেসিকে পছন্দ করে। কিন্তু জার্মানির সমর্থক। স্টেডিয়ামে পৌঁছানোর আগপর্যন্ত আমাদের অনেকের সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে কথা হচ্ছিল। কোন দেশ থেকে এসেছি জানতে চেয়েছেন। বাংলাদেশ বলার পরে আর্জেন্টাইনরা সঙ্গে সঙ্গে চিনেছে, বলেছে, ‘তোমরা আমাদের বন্ধু।’ মাঠেও আমাদের পাশে অনেকে ছিলেন। তাঁরাও বলছিলেন তোমাদের সঙ্গে খেলা দেখে অনেক ভালো লাগল। মাঠে মেসি যখন পা রাখেন, সেই মুহূর্তটা কেমন ছিল? নাদিয়া: আমরা তো টেলিভিশনেই যখন খেলা দেখি, তখন মেসিকে দেখার সঙ্গে সঙ্গে উন্মাদনা ছড়িয়ে পড়ে। চিল্লাচিল্লি শুরু করি মেসি বলে বলে—এখানেও সবাই আগে থেকেই চিল্লাচ্ছিল। সরাসরি মেসির এন্টি দেখার অপেক্ষায় ছিলাম। সবাই বলছি, ‘এই এখন ঢুকবে মেসি।’ তখন শুরু হয়ে গেল স্টেডিয়ামজুড়ে কাউন্টডাউন। টেন থেকে ওয়ান পর্যন্ত গুনতে শুরু করে দিল। ওয়ান বলার সঙ্গে মেসি এসে দাঁড়াল। মেসি এসে দাঁড়ানোর পরে চিৎকার দিয়ে উঠেছিলাম, চিল্লায়ে আমার গলার স্বরই বেসে গেছে। মেসি মাঠে এলে কী অবস্থা হয় এটা সরাসরি দেখার অনুভূতি জীবনেও ভুলব না। কবে আর্জেন্টিনার খেলা দেখার পরিকল্পনা করলেন? নাদিয়া: গত বিশ্বকাপ হলো কাতারে। তখন অনেকেই খেলা দেখতে গিয়েছিল। তখন খুব আফসোস হয়েছিল, এত কাছে, যেতে পারলাম না। এর পর থেকেই সিদ্ধান্ত নিই ২০২৬ সালের বিশ্বকাপ মিস করব না। তখন থেকেই লেগে ছিলাম কীভাবে টিকিট করব সেসব নিয়ে। গত বছর লটারি করেছিল ফিফা। সেখানে একের পর এক হতাশ হতে হয়। মনে হচ্ছিল এবারও খেলা দেখা হবে না। পরে সেকেন্ড একটা মাধ্যম থেকে আমরা টিকিট কাটি। এ বছর এপ্রিলে ফাইনালি টিকিট হাতে পাই। তখন আশ্বস্ত হই, খেলা দেখা হচ্ছে। এর আগপর্যন্ত বিশ্বাসই হচ্ছিল না। আর কোনো ম্যাচ দেখবেন? নাদিয়া: টিকিট পাওয়াটাই কঠিন। টিকিট পেলে তো পরের রাউন্ডের খেলাও দেখতে চাই। তবে এবার দেখলাম ম্যাচ শুরুর আগেও ফিফা আরও টিকিট ছাড়ছে। সেগুলো বেশ চড়া দামে। এভাবে যদি পরের রাউন্ডের কোনো টিকিট পাই, তাহলে কিনে ফেলব। মেসির কোনো টুর্নামেন্টই মিস করতে চাই না। আর যদি কোনো ম্যাচ না–ও দেখা হয়, তাহলেও কোনো আফসোস নেই। আমি সার্থক, মেসির হ্যাটট্রিক ম্যাচ দেখে ফেলেছি, আর কোনো ম্যাচ না দেখলেও আফসোস নেই। কবে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে? নাদিয়া: আমি ঈদের আগে এসেছি। আত্মীয়স্বজন আছে, তাদের সঙ্গে সময় কাটছে। নাঈম এখানেই আছে। আপাতত আছি কিছুদিন।
ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে থেকে টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার। এদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। আর ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের। ২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্তনার জয় পায় সফরকারীরা।
বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম তিন গোলের ম্যাচ উপহার দেওয়ার পাশাপাশি স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড। ম্যাচে মাঠে নামার আগেই একটি অনন্য রেকর্ড নিজের করে নেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন তিনি। এরপর মাঠে নেমে গোলের পর গোল করে নিজের রেকর্ডময় দিনটিকে আরও সমৃদ্ধ করেন। মেসি প্রথম গোল করেন ম্যাচের ১৭ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার বাঁ পায়ের শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান স্পর্শ করলেও রুখতে পারেননি। সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মেসি। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর গোলসংখ্যাকে স্পর্শ করেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে, যা তাকে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার সমান উচ্চতায় নিয়ে যায়। বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচে এসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেও মেসির পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। তার অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।