নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আইএসের শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকিকে হত্যার অভিযানে কোনো মার্কিন সেনা সরাসরি অংশ নেয়নি। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ওই আইএস নেতা নিহত হয়েছেন।
নাইজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএএনের বরাতে দেশটির ডিফেন্স মিডিয়া অপারেশনের পরিচালক মেজর জেনারেল মাইকেল ওনোজা বলেন, যুক্তরাষ্ট্র কেবল গোয়েন্দা তথ্য, নজরদারি ও কারিগরি সহায়তা দিয়েছে। তবে স্থল অভিযানে মার্কিন সেনারা অংশ নেয়নি।
তিনি জানান, কয়েক মাসের গোয়েন্দা তৎপরতা ও সমন্বয়ের পর এই অভিযান চালানো হয়। এর আগে ২০২৪ সালে আল-মিনুকি নিহত হওয়ার যে খবর ছড়িয়েছিল, তা ভুল পরিচয়ের কারণে হয়েছিল। কারণ তিনি একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন।
গত ১৬ মে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ও নাইজেরিয়ার সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে আল-মিনুকিকে হত্যা করেছে। তিনি তাকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের মেতেলে এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এলাকাটি আইএসের পশ্চিম আফ্রিকা শাখা আইএসওয়াপের (ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্র ২০২৩ সালে আল-মিনুকিকে বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। তার বিরুদ্ধে আইএসের অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ, প্রচারণা ও সমন্বয় কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারাম ও আইএসওয়াপের সহিংসতায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সূত্র : শাফাক নিউজ
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
উত্তর ইসরায়েলের কৌশলগত রামাত ডেভিড বিমানঘাঁটিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিয়ন্ত্রিত রূপ ধারণ করেছে। ইরানের এই বিধ্বংসী অভিযানের পর তেল আবিব হাত গুটিয়ে বসে থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে ইরানের অভ্যন্তরে এর একটি অত্যন্ত ‘কঠিন ও মারাত্মক জবাব দেবে’ ইসরাইল। রোববার গভীর রাতে ইসরায়েল লক্ষ্য করে ইরানের এই ভয়াবহ হামলার পরপরই ইসরাইলি সরকারের উচ্চপর্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য দুটি পৃথক সূত্র মার্কিন গণমাধ্যম সিএনএনকে এই চাঞ্চল্যকর পাল্টা সামরিক পরিকল্পনার তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে যেকোনো মুহূর্তে অল-আউট বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পূর্বসতর্কতা হিসেবে নিজেদের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত তিন দফায় ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্রের দাবি, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এখন পর্যন্ত’ ইরানের ছোঁড়া প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই নিখুঁতভাবে প্রতিহত বা ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে ইসরায়েলি সামরিক সূত্রের একজন দাবি করেছেন, মার্কিন অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় অন্তত ১০টি বড় ও দূরপাল্লার ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জনবসতিতে আঘাত হানার আগেই মাঝআকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আইআরজিসি তাদের অনড় অবস্থানে থেকে পুনর্ব্যক্ত করেছে যে, উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করেই এই নিখুঁত হামলা চালানো হয়েছে; কারণ এই ঘাঁটিটিই ছিল দক্ষিণ লেবানন ও বৈরুতের বেসামরিক শহরতলিতে ইসরায়েলি বিমান বাহিনীর চালানো বর্বরোচিত ‘আগ্রাসনের মূল উৎস’। ইসরায়েলের সম্ভাব্য রক্তক্ষয়ী ও বিমান হামলার আশঙ্কায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় সমস্ত আকাশসীমা বেসামরিক ও আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ অবরুদ্ধ বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ইরানই নয়, যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে মধ্যপ্রাচ্যের অন্য দুই প্রতিবেশী রাষ্ট্র ইরাক ও সিরিয়াও সাময়িকভাবে তাদের নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলে দেশ দুটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানে দূরপাল্লার বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র পাঠাতে ইসরায়েলি বিমান বাহিনী সাধারণত ভৌগোলিক সুবিধাজনক রুট হিসেবে ইরাক ও সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে থাকে; ফলে এই দুই দেশের আকাশসীমা লকডাউন করায় ইসরাইলের পাল্টা হামলার কৌশলগত পথ কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে। আকাশসীমা বন্ধের পাশাপাশি আইআরজিসি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পুনরায় চূড়ান্ত হুশিয়ারি দিয়ে বলেছে, তাদের ওপর যদি নতুন করে কোনো আকাশ বা স্থল হামলা চালানো হয়, তবে এর পরবর্তী জবাব হবে আরও বহুগুণ ‘বড় পরিসরে’ এবং অল-আউট ধ্বংসাত্মক। তারা দাবি করে, ওয়াশিংটনের সাথে তাদের এই স্পষ্ট শর্তেই সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল যে, মধ্যপ্রাচ্যের ‘সব ফ্রন্টে যুগপৎভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে’। কিন্তু লেবাননে অব্যাহত হামলা এবং কৌশলগত হরমুজ প্রণালি, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের মূল ভূখণ্ডের উপকূল ও বাণিজ্যিক কার্গো জাহাজগুলোতে বারবার চোরাগোপ্তা আক্রমণের মাধ্যমে মূলত মার্কিন-ইসরাইল জোটই প্রথম প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও মার্কিন নৌবাহিনী ইরানের প্রধান বন্দরগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কঠোর নৌ-অবরোধ বজায় রেখেছে। আইআরজিসি বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে, ‘রোববার রাতের এই অভিযানটি ছিল পশ্চিমাদের জন্য কেবল একটি প্রাথমিক সতর্কবার্তা মাত্র; যদি এই আগ্রাসনের ন্যূনতম পুনরাবৃত্তি ঘটে, তবে এর চূড়ান্ত জবাব হবে কল্পনাতীত ব্যাপক।’
দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (টাসম্যাক) অনিয়ম, অনানুষ্ঠানিক অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। মদ বিক্রি থেকে অর্জিত প্রতিটি রুপি যাতে সরাসরি রাজ্য কোষাগারে জমা হয়, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, মুখ্যমন্ত্রীকে অবহিত করা হয়েছে যে টাসম্যাকের কার্যক্রমে অন্তর্ভুক্ত অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। সরকারি হিসাব অনুযায়ী, গত পাঁচ বছরে রাজ্যের কোষাগার থেকে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি লোপাট করা হয়েছে। এ ঘটনায় ডিএমকের বিরুদ্ধে টাসম্যাক ব্যবহারের অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছে সূত্রগুলো। মুখ্যমন্ত্রী বিজয় টাসম্যাকের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক জুড়ে চলা দীর্ঘদিনের এই অনানুষ্ঠানিক নগদ আদায় ব্যবস্থা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বড় ধরনের সংস্কার কার্যক্রম তদারকি করছেন নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী কে ভিগনেশ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী ভিগনেশ বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে, দুর্নীতি বা মানুষের কষ্টের টাকা দিয়ে তার সরকারের রাজস্বের প্রয়োজন নেই। তার নির্দেশনা ছিল অবিলম্বে সব ধরনের অর্থ পাচার বন্ধ করুন এবং জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আনুন। সূত্র জানায়, টাসম্যাকের বিরুদ্ধে এই অভিযান কেবল শুরু। নতুন সরকার অন্যান্য বিভাগেও রাজস্ব নজরদারি বাড়াবে, যার মধ্যে খনি বিভাগ পরবর্তী তালিকায় রয়েছে। টাসম্যাকের এই সংস্কার তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) সরকারের মাদকবিরোধী প্রচারণার একটি অংশ। দায়িত্ব নেওয়ার পর বিজয়ের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল রাজ্যের ৭১৭টি টাসম্যাক খুচরা মদের দোকান বন্ধ করা। এর ফলে বার্ষিক প্রায় ৮,০০০ কোটি রুপি রাজস্ব কমবে। সূত্র: এনডিটিভি
দক্ষিণ লেবাননে পৃথক দুই ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (০৭ জুন) রাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানায়, নিহতদের একজন হলেন ক্যাপ্টেন শাহার গামলা (২৩)। তিনি কমান্ডো ব্রিগেডের এলিট ইগোজ ইউনিটের উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। অন্য ঘটনায়, সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) শুক্রবার দক্ষিণ লেবাননে নিহত হন। তিনি গিভাতি ব্রিগেডের শাকেদ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। আইডিএফের প্রাথমিক ধারণা, অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি ছুটে যাওয়ার কারণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনার তদন্ত করছে সামরিক পুলিশ। এদিকে, সপ্তাহজুড়ে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রায় ১৫০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল। অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের পাশাপাশি সীমান্তসংলগ্ন একটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতাসূচক সাইরেন বাজতে থাকে। আইডিএফ আরও জানিয়েছে, শনিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কাছে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।