স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বারোপ করেন যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিত কলেজে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।
বোর্ডের চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ স্টাফ কলেজ পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তৃতাকালে এ নির্দেশ দেন। আজ সোমবার কলেজের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ বোর্ডের সদস্যগণ অংশগ্রহণ করেন।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ’র রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন।
সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক এবং গবেষণা কার্যক্রমসহ প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ ফারুক হোসেনের বিরুদ্ধে বিদেশ পাঠানোর কথা বলে নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগ তুললেও, এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। আলোচিত এই ঘটনার পর সংগঠনের লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে বহিষ্কার করা হয় বলে সোমবার বিকেলে তাদের দলীয় প্যাডে জানিয়েছেন দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত।। অভিযোগের বিষয়ে ফারুক হোসেন বলেন, তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলায় একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দাবি, ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফারুক হোসেন বলেন, আমার এলাকার সাকিব নামে একজন আমাকে তার পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য বলেছিল। আমি তাকে বলেছিলাম, পাঁচ হাজার টাকা খরচ হবে। আমার মনে হয়, ওই পাঁচ হাজার টাকার কথাকে পাঁচ লাখ টাকা বানানো হয়েছে। আমি লক্ষ্মীপুরের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলায় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সাকিব বলেন, আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল। পাঁচ লাখ টাকা চাওয়ার কোনো বিষয় নেই।’ তিনি আরও বলেন, এই রেকর্ডের অপর প্রান্তে তো কারও ভয়েস নেই। এ ব্যাপারে জানতে চাইলে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামে গত রাত ১১টার দিকে গণমাধ্যমকে জানান, অডিওটা তারা শুনেছেন। যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর উচ্চ পর্যায়ে কথা বলে ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার নাম বলে ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে জ্বালানি সংকট সমাধানে গৃহীত পদক্ষেপগুলো দ্রুত কার্যকর করাসহ আরও নতুন উদ্যোগ গ্রহণের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে নিজের সভাপতিত্বে এ বৈঠকে গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক তেল সংকটের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের অভ্যন্তরে সৃষ্ট সংকট থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়- সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা যায়। গুরুত্বপূর্ণ এ বৈঠকে- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ ও জ্বালানি সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকের আলোচনায় এলপিজি আমদানি তথা দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা হ্রাস করা এবং নতুন গ্যাস কূপ খননসহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে ঘাটতির কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমূহের অগ্রগতিসহ সোলার ব্যবস্থার মাধ্যমে কীভাবে আরও অধিক পরিমাণে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ করা যায় সেসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সর্বস্তরে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কীভাবে আরও সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা যায়; বিদ্যুৎ ব্যবহার কমাতে সরকারি অফিস ও দপ্তরে এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখা এবং অপ্রয়োজনীয় বাতি জ্বালানো থেকে বিরত থাকার নির্দেশনা কার্যকর হয়েছে কি না সেসব বিষয়ও বৈঠকের পর্যালোচনায় স্থান পায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণ জ্বালানি আমদানিতে সরকারকে বেগ পেতে হচ্ছে। দেশে প্রাকৃতিক গ্যাসের মজুতও দ্রুত কমছে। এই অবস্থায় সরকার বিদ্যুৎ উৎপাদনের বিকল্প হিসেবে নিজস্ব খনি থেকে কয়লা উৎপাদনের ওপর জোর দিচ্ছে। জ্বালানি সংকটের এই ঘোরতর সময়ে জ্বালানি হিসেবে কয়লার ওপর কিছুটা ভরসা রাখতে চাচ্ছে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রমতে, ফুলবাড়িতে স্থানীয়রা রাজি হলেই শুরু হবে কয়লা উত্তোলনের কাজ। আর বড়পুকুরিয়ায় নতুন করে ৩০০ একর জায়গায় কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে। জয়পুরহাটের জামালগঞ্জেও আছে কয়লা উত্তোলনের সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সম্প্রতি জাতীয় সংসদে ফুলবাড়ির কয়লা উত্তোলন বিষয়ে বিস্তাারিত জানিয়েছেন। তিনি জানান, স্থানীয়দের আয় রোজগার, বসতি ও পরিবেশের বিষয়টি মাথায় রেখে এবং তা সমাধান করেই এ খনি থেকে কয়লা উত্তোলনের চিন্তাভাবনা করা হচ্ছে। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনসুন্ধান কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশের ডাকা আন্তর্জাতিক দরপত্রে এখন পর্যন্ত দেশি-বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া মিলেছে। এই জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে এখন পর্যন্ত মোট ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর এই দরপত্র জমা দেওয়ার শেষ সময়। তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষের প্রত্যাশা- আগামী দুই মাসে আরও বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেবে। জ্বালানি সংকট মোকাবিলা ও নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে স্থলভাগের ১৫০টি গ্যাস কূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার কাজ শেষ হয়েছে। তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে, এই ৩২ কূপের মধ্যে ১৬টির ড্রিলিং (অনুসন্ধান ও উন্নয়ন) কাজ শেষ হয়েছে। আর ওয়ার্কওভার কাজ শেষ হয়েছে আরও ১৬টির। খনন শেষে এই কূপগুলো থেকে ২৮৫ দশমিক ৮ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেছে। বিশ্বব্যাপী বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে সরকার বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর বেশ গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, জ্বালানি সংকট সমাধানে এই মুহূর্তে সোলার রুপটপ স্থাপন করাই হচ্ছে সবচেয়ে দ্রুত সমাধান। এর অংশ হিসেবে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন, সরকারি স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও হাটবাজারে সৌরবিদ্যুৎ স্থাপন শুরু হয়েছে। বেসরকারি উদ্যোগে দেশের বড় বড় শিল্প কারখানাগুলোতেও স্থাপন করা হচ্ছে সৌর প্যানেল। এমনকি গ্রাহকের বাড়ির সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎও বিক্রির সুযোগ করে দিয়েছে সরকার। মানসম্মত সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে করা হচ্ছে নীতিমালা। সব মিলে বর্তমান সরকারের মেয়াদে সৌরবিদ্যুতের পালে ব্যাপক হাওয়া লেগেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য চারটি দেশের সঙ্গে আটটি চুক্তি আছে বাংলাদেশের। এসব চুক্তির আওতায় এ বছর মোট ১০৩টি এলএনজি কার্গো (জাহাজ) আসার কথা। প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চুক্তির অধিকাংশ কার্গো আসেনি। বাধ্য হয়ে খোলাবাজার (স্পট) থেকে বেশি দামে কিনতে হয়েছে। এই অবস্থায় সরবরাহ ধরে রাখতে এলএনজির উৎস বাড়াচ্ছে সরকার। যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় সভায় তিনি এ নির্দেশ দেন। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যুক্তরাজ্যের হাইকমিশনারের : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। গতকাল বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা চলমান রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর সদরঘাটে লঞ্চে ওঠাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে লঞ্চকর্মীদের বিরোধের ঘটনা ঘটেছে। এ সময় কথা-কাটাকাটি ও হাতাহাতির পর বিষয়টি মীমাংসার জন্য লঞ্চ মালিক সমিতির কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে আলোচনার মাধ্যমে ২০ হাজার টাকায় বিষয়টি নিষ্পত্তি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদরঘাটের ৪ নম্বর টার্মিনালে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও লঞ্চসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে দুই শিক্ষার্থী লঞ্চটিতে প্রবেশের চেষ্টা করেন। সন্ধ্যার দিকে প্রবেশের সময় লঞ্চকর্মীরা তাদের বাধা দিলে এ নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে ওই দুই শিক্ষার্থীর একজন লঞ্চের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে আরও কয়েকজন জবি শিক্ষার্থী উপস্থিত হন। তাদের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সৈকত, কাব্য, ইমন, আসিফ ও আলিমুল এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের সাইদ ও নাইম, থিয়েটার বিভাগের নাইম, আইইআর বিভাগের তাজ ও বহিষ্কৃত আইএমএল শিক্ষার্থী শের আলী ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের রাজনীতির সঙ্গে যুক্ত। আর বহিষ্কৃত শের আলী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের অনুসারী বলে জানা গেছে। ঘটনার পর মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হওয়া এবং চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে লঞ্চ মালিক সমিতির কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। অভিযোগ রয়েছে, ছাত্রদলের পরিচয় ব্যবহার করেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। পরে আলোচনার পর ২০ হাজার টাকায় সমঝোতা হয় বলে লঞ্চ মালিক সমিতিসংশ্লিষ্টরা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চের এক কর্মী দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে কিছু শিক্ষার্থী মাঝে মাঝে সন্ধ্যা বা রাতে লঞ্চে আসেন। তাদের কেউ কেউ মাদক সেবন করেন বলেও অভিযোগ করেন তিনি। পরিচয়পত্র ছাড়া প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করেই সোমবারের ঘটনার সূত্রপাত বলে তার দাবি। ওই কর্মী আরও বলেন, ঘটনার পর লঞ্চ মালিক সমিতির কার্যালয়ে বসে আলোচনা হয়। সেখানে আবারও কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ৪০ হাজার টাকা দাবি করা হলেও শেষ পর্যন্ত ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হয়। তবে আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট পরিমাণ জানেন না বলে জানিয়েছেন ‘প্রিন্স আওলাদ’ লঞ্চের সুপারভাইজার মো. জিল্লু। তিনি বলেন, বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। একই সঙ্গে কেউ যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন না করেন, সে প্রত্যাশাও জানান তিনি। এদিকে বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে উপস্থিত শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাংলাদেশ বুলেটিনের জবি প্রতিনিধি আকাশ আহমেদ রুপম ও পাবলিক নিউজের জবি প্রতিনিধি এটিএম হাসনাত হাবিবকে ঘটনাস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ঘটনার বিষয়ে জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বন্ধুদের সঙ্গে সদরঘাটে ঝামেলার সূত্র ধরে অনেক শিক্ষার্থী সেখানে গিয়েছিলেন। বন্ধুত্বের কারণে ছাত্রদলের দু-একজন সদস্য সেখানে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। তিনি আরও বলেন, ছাত্রদলের পরিচয় ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তার দায় সংগঠন নেবে না। সংশ্লিষ্টরা ছাত্রদলের কর্মী নন। তবে সংগঠনের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।