মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি রোধ, হ্যান্ডসেট চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চালু করা হয়েছে।
এনইআইআর চালুর পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে বলে জানায় বিটিআরসি। তবে সংস্থাটি বলছে, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে।
গ্রাহকের তথ্য সুরক্ষার স্বার্থে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব নিয়ম অনুসরণ করেই সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া, সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি কর্তৃক বরাদ্দকৃত। ফলে পৃথিবীর অন্য কোনো দেশে সিস্টেমটির ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য সব ধরনের রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ হচ্ছে। আইপি রুটের বিস্তারিত পর্যালোচনায়ও এর অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এনইআইআর সিস্টেম নিয়ে কোনো অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা কামরুল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা। শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এসআরবি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করার পর এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে কামালকে এজাহারভুক্ত প্রধান আসামি করা হয়েছে। এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. কামালকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ঢেকে গেছে শহরের পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত এই স্তম্ভটি প্রচারণার সামগ্রীতে আড়াল হয়ে পড়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও আন্দোলনসংশ্লিষ্ট ব্যক্তিরা। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করেন। এরপর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ের পাশাপাশি পুরোনো বাসস্ট্যান্ডের গোলচত্বরেও ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিএনপির সমর্থকেরা স্মৃতিস্তম্ভের আশপাশে ব্যানার টাঙান। পরে জামায়াতের কর্মীরা গোলচত্বরের ফাঁকা জায়গায় ব্যানার ও বড় বিলবোর্ড স্থাপন করেন। এতে স্মৃতিস্তম্ভটির বড় অংশ আড়ালে চলে যায়। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতের দেলাওয়ার হোসেনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। জুলাই আন্দোলনের কর্মী আহছানুল হাবিব বলেন, জুলাই স্মৃতিস্তম্ভ অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি বহন করে। তাই এর গুরুত্ব বিবেচনায় রেখে রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকা উচিত। স্থানীয় বাসিন্দা আবুল হায়াত ও শিক্ষার্থী মেহেদী হাসানও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের মতে, যাঁদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে স্তম্ভটি নির্মাণ করা হয়েছে, নির্বাচনী প্রচারণার কারণে তাঁদের স্মৃতিই আড়ালে চলে যাওয়া দুঃখজনক। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় কমিটির ঠাকুরগাঁওয়ের সদস্যসচিব মাহবুব আলম স্মৃতিস্তম্ভের সামনে থেকে ব্যানার ও বিলবোর্ড সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। সাংস্কৃতিক কর্মী আব্দুল্লাহ আল মামুনও বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। অন্যদিকে, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও নির্বাচনী প্রচারণা সেলের দায়িত্বে থাকা আহমেদুর রহমান কাজল বলেন, কর্মীরা না বুঝেই স্মৃতিস্তম্ভের সামনে ব্যানার টাঙিয়েছেন। তাঁর দাবি, বিএনপির ব্যানার লাগানোর পরও স্তম্ভটি অনেকটাই দৃশ্যমান ছিল; পরে অন্য দলের প্রচারণাসামগ্রী স্থাপনের কারণে তা আরও আড়ালে চলে যায়। জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজালাল জুয়েল বলেন, গোলচত্বরে জায়গার সংকটের কারণে কর্মীরা সেখানে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেছেন। বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। ধানের শীষের ব্যানার সরিয়ে নেওয়া হলে তাঁরাও দাঁড়িপাল্লার ব্যানার ও বিলবোর্ড সরিয়ে নেবেন বলে জানান তিনি। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। তবে স্মৃতিস্তম্ভ ঘিরে স্থাপন করা ব্যানার ও বিলবোর্ড সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনী প্রচারণার পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে দ্রুত এর সামনের অংশ পরিষ্কার করা হবে, যাতে স্মৃতিস্তম্ভটি আবারও সবার কাছে দৃশ্যমান হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি মিললেও উৎপাদনে যাওয়ার আগে আরও কয়েকটি পরীক্ষা সারতে হবে। এসব পরীক্ষায় সফল হলে ধাপে ধাপে বাড়ানো হবে চুল্লির শক্তি। এরপর পর্যাপ্ত বাষ্প তৈরি করে টারবাইন চালানোর মাধ্যমে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথম ইউনিটে এরই মধ্যে তিন শতাধিক পরীক্ষা শেষ হয়েছে। চুল্লিতে পারমাণবিক জ্বালানি ভরার কাজও সম্পন্ন হয়েছে। এখন নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) প্রথম ইউনিটকে বি-১ থেকে বি-২ পর্যায়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এ অনুমোদনের মাধ্যমে কেন্দ্রটি নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর পরবর্তী প্রস্তুতি নিতে পারবে। তবে অনুমোদন পাওয়ার অর্থ এখনই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া নয়। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রথমে চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু করতে হবে। এই বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হবে। সেই তাপ দিয়ে বাষ্প তৈরি করা হবে। পারমাণবিক বিক্রিয়া শুরুর পর আরও কয়েকটি পরীক্ষা করতে হবে। এসব পরীক্ষা সফল হলে কেন্দ্রটি ‘পাওয়ার স্টার্টআপ’ পর্যায়ে যাবে। এ পর্যায়ে চুল্লির শক্তি ধাপে ধাপে বাড়ানো হবে। জাহেদুল হাছান বলেন, “আমরা পাওয়ার রেজ করব স্টেপ বাই স্টেপ। পাওয়ার রেজ করতে করতে যখন আমরা ৩৭ শতাংশ পাওয়ারে যাব, তখন আমরা স্টিম যেটা তৈরি করতে পারব, সেই স্টিম দিয়ে আমরা টারবাইন ঘোরাতে পারব। আর টারবাইন ঘোরাতে পারলে বিদ্যুৎ উৎপন্ন হবে। তবে চুল্লির শক্তি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করলেও তা সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে না। এজন্য গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সংযোগ স্থাপন করতে হবে। ‘আট সপ্তাহের কাজ দশ সপ্তাহেও গড়াতে পারে’ জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ কবে যুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে চাননি এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। নিরাপত্তার কঠোর শর্ত পূরণ করতে হয় বলে কোনো পরীক্ষা শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। কোনো পরীক্ষা দুই দিনে শেষ করার পরিকল্পনা থাকলেও আড়াই থেকে তিন দিন লাগতে পারে। আবার দশ দিনের কাজ আট দিনেও শেষ হতে পারে। এভাবে বিভিন্ন পরীক্ষায় বাড়তি সময় লাগলে পুরো প্রক্রিয়া ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে। জাহেদুল হাছান বলেন, “বিষয় হলো এরকম যে আপনি দিতেছেন ৮ সপ্তাহের কাজ, ১০ সপ্তাহ সময় লাগতে পারে, দুই সপ্তাহ বেশি লাগতে পারে।” বিশ্বের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও চালুর অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে রূপপুরের বিলম্বকে যৌক্তিক মনে করছেন তিনি। তবে এই বিলম্বের অর্থ দুই মাসের কাজ শেষ করতে দুই বছর লেগে যাওয়া নয় বলেও মন্তব্য করেন তিনি। জাহেদুল হাছান বলেন, “আমরা খুব শিগগিরই গ্রিড সিনক্রোনাইজেশনে যাব।” গ্রিড সিনক্রোনাইজেশন হলো বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া। তার মতে, পারমাণবিক চুল্লিতে প্রথম নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু হওয়া থেকে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। তবে রূপপুরের ক্ষেত্রে প্রতিটি পরীক্ষার ফলের ওপর নির্ভর করবে এই সময়। ত্রুটি ধরা পড়ায় ‘স্বস্তি’ বায়রার বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, প্রথম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের ভালভে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরুর আগের সময়সূচি রক্ষা করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রথম ইউনিট এতদিন বি-১ পর্যায়ে ছিল। ওই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের ভেতরে থাকা কয়েকটি ভালভ ঠিকমতো কাজ করছিল না। সমস্যা সমাধানে রাশিয়া থেকে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা আসেন। তাদের কাজের পর বুধবার বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়। এরপর প্রকল্প কর্তৃপক্ষ পরবর্তী ধাপে যাওয়ার আবেদন করে। মাহমুদুল হাসান জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। তাদের প্রতিবেদন এবং প্রকল্প কর্তৃপক্ষের জমা দেওয়া পরীক্ষার ফল যাচাই করে বি-২ পর্যায়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বায়রা চেয়ারম্যান বলেন, “বি-১-এ ছিল, বি-২-তে যাবে। এই পারমিশনটা দেওয়া হয়েছে।” তিনি জানান, বি-২ পর্যায়েও পরীক্ষা চলবে। এরপর ‘সি’ ও ‘ডি’ পর্যায়ে যেতে আলাদা অনুমোদন নিতে হবে। আগের সময়সূচি রক্ষা করতে না পারার বিষয়ে মাহমুদুল হাসান বলেন, “তারিখ তো নির্ধারণ করেছিলাম এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ও বলেছিলেন।” এরপর যন্ত্রের ত্রুটির কারণে সেই সময়সূচি রক্ষা করা যায়নি বলে জানান তিনি। নিরাপত্তা পরীক্ষার সময় ভালভের ত্রুটি ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করে বায়রা চেয়ারম্যান বলেন, “ভালভটার যে ইস্যু ধরা পড়ছে, এটা তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ধরা পড়ে গেছে এবং সেটা ওভারকাম করা হয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া।” পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।