বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ আইপিএল গত দুই বছরে প্রায় ১১ শতাংশ মূল্য হ্রাস করেছে। ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে আইপিএলের মূল্য ছিল ৯২,৫০০ কোটি রুপি, যা ২০২৫ সালে নামিয়ে এসেছে ৭৬,১০০ কোটি রুপিতে। একই সময়ে উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও ৫.৬ শতাংশ কমে ১,২৭৫ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
রিপোর্টে মূলত দুইটি কারণকে দামের হ্রাসের জন্য দায়ী করা হয়েছে:
ভারতে অনলাইন বেটিং অ্যাপ বন্ধ করা: কেন্দ্রীয় সরকারের ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ পাস হওয়ার পর ড্রিম ১১, এমপিএলসহ ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেন বন্ধ করেছে। এর ফলে আইপিএল অন্তত ২,০০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে।
প্রচারণা ও সম্প্রচারের সীমাবদ্ধতা: সম্প্রচার থেকে আসে সবচেয়ে বেশি আয়। যদিও দর্শকসংখ্যা বাড়ছে, সেই সঙ্গে আয়ের বৃদ্ধি পর্যাপ্ত হয়নি। রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে, কেবল ম্যাচ সম্প্রচার নয়, অন্যান্য মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করতে হবে।
ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির মতে, আগামী বছরেও আইপিএলের মূল্য খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
বার্সেলোনার মেয়েদের টানা ৪৫ ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে রেয়াল সোসিয়েদাদ। লিগা এফ-এর ম্যাচে রোববার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। ৩৫০ দিনের মধ্যে তাদের প্রথম হার এটি। ম্যাচের শুরুটা যদিও ভালো করে বার্সেলোনা। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। কিন্তু পরে প্রথমার্ধেই গোল দুটি হজম করে দলটি। বার্সেলোনা সবশেষ হেরেছিল একই প্রতিপক্ষের সঙ্গে একই মাঠে! গত বছরের নভেম্বরে লিগ ম্যাচে এখানে ১-০ গোলে হেরেছিল তারা। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা ওই একটি ম্যাচই কেবল হেরেছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগ, লিগা এফ, কোপা দে লা রেইনা ও স্প্যানিশ সুপার কাপ- মৌসুমে চার শিরোপার সবকটিই জিতেছিল তারা। বার্সেলোনার ছেলেদের দল চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১১ ম্যাচেই জিতেছে।
বার্সেলোনার মূল দলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় আবারও ক্লাবটির দ্বিতীয় দল বার্সেলোনা আতলেতিকে ফিরেছেন মিসরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। তবে এটিকে ক্যারিয়ারের জন্য নেতিবাচক কিছু মনে করছেন না বার্সেলোনার সাবেক ফুটবলার ও কোচ ইউসেবিও সাক্রিস্তান। বরং তরুণ এই ফুটবলারকে ধৈর্য ধরে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের এক প্রতিবেদনে ইউসেবিওর এমন মন্তব্য তুলে ধরা হয়েছে। ইউসেবিওর মতে, ১৮ বছর বয়সী হামজার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা। দ্বিতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ তার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে। বার্সেলোনার সাবেক এই তারকা বলেন, দ্বিতীয় দলের হয়ে খেলা হামজার ফুটবলীয় উন্নতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত খেলার সুযোগ পেলে তা তার জন্য অনেক উপকারী হবে। মূল দলের সঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতাকেও মূল্যবান মনে করেন ইউসেবিও। তার মতে, শীর্ষ পর্যায়ের ফুটবলারদের সঙ্গে অনুশীলনের মাধ্যমে হামজা এমন অনেক কিছু শিখতে পারবেন, যা ভবিষ্যতে তার ক্যারিয়ারে কাজে আসবে। তবে শুধু অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করাও জরুরি। তিনি জানান, মূল দলের পরিবেশে থাকা একজন তরুণ ফুটবলারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু নিজের সামর্থ্য পুরোপুরি বিকশিত করতে হলে নিয়মিত মাঠে নামার সুযোগ প্রয়োজন। বার্সেলোনার নিজস্ব খেলার ধরন হামজার উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মনে করেন ইউসেবিও। তবে মূল দলে তার সুযোগ পাওয়া নির্ভর করছে প্রধান কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনা ও সিদ্ধান্তের ওপর। এ কারণে দ্রুত মূল দলে জায়গা করে নেওয়ার চাপ না নিয়ে নিজের প্রস্তুতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই কোচ। ইউসেবিওর ভাষ্য অনুযায়ী, হামজাকে শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করতে হবে। মূল দলের সঙ্গে তাকে রাখার বিষয়ে ফ্লিকের সিদ্ধান্তও তার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ইউসেবিও মনে করেন, নিয়মিত ম্যাচ খেলা, মূল দলের সঙ্গে অনুশীলন এবং ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত করার মধ্য দিয়েই বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন হামজা।
বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের নারী ও পুরুষ ফুটবলের উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণকেন্দ্র স্থাপন এবং স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় যাত্রাবিরতির সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি। বৈঠকে বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ও আবেগের প্রশংসা করে ইনফান্তিনো জানান, এ দেশের ফুটবলপ্রেমীদের উৎসাহ তাকে মুগ্ধ করেছে। ঢাকায় পৌঁছানোর পর থেকেই মানুষের সঙ্গে কথা বলে ফুটবলের প্রতি তাদের গভীর আগ্রহ অনুভব করেছেন তিনি। ফিফা সভাপতি বলেন, বাংলাদেশে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ফুটবলের প্রতি এ দেশের মানুষের অসাধারণ ভালোবাসা বাংলাদেশকে তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান নেতৃত্বের কর্মকাণ্ডের প্রশংসাও করেন ইনফান্তিনো। তার মতে, দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে বাফুফে সভাপতি ও তার সহযোগীরা আন্তরিকভাবে কাজ করছেন। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আন্তর্জাতিক মানের ফুটবল কাঠামো ও উন্নয়নের সুযোগ পাওয়ার যোগ্য। তিনি জানান, নারী ও পুরুষ ফুটবলারদের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য রয়েছে। বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরতে গত জুনে সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের প্রসঙ্গও উল্লেখ করেন ফিফা সভাপতি। ওই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচটি দেখতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি সমর্থকেরা সান মারিনোতে উপস্থিত হয়েছিলেন। জয়ের পর তাদের উচ্ছ্বাস ও উদ্যাপন বাংলাদেশের ফুটবলের প্রতি ভালোবাসার অনন্য উদাহরণ হয়ে ওঠে। ইনফান্তিনোর মতে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্র করার শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের সমর্থকদের আবেগ ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের উপস্থিতি সেই বিষয়টিই প্রমাণ করে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিফা সভাপতি ভবিষ্যতে আরও ইতিবাচক উদ্যোগের ইঙ্গিত দেন। ফিফা সভাপতির এমন আশ্বাস দেশের ফুটবল অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের নারী ও পুরুষ ফুটবলের পাশাপাশি তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।