যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের সুযোগ পাবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
শুক্রবার (২৬ জুন) জাপানে এক সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আইএইএকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দিয়ে পরিদর্শনের সুযোগ দিতে হবে।
তিনি বলেন, ‘একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়নের জন্য আইএইএকে অবশ্যই প্রবেশাধিকার ও পরিদর্শনের সুযোগ দিতে হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই সেখানে যেতে পারব।’
তবে গ্রোসির এই বক্তব্যের আগে ইরান জানায়, ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য উন্মুক্ত করা হবে না।
রাফায়েল গ্রোসি বলেন, চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা। ইরান সরকার বারবার দাবি করেছে যে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই। তবে শুধু ঘোষণাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
গ্রোসি বলেন, ‘উদ্দেশ্যের ঘোষণা যথেষ্ট নয়। আমাদের একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য যাচাই ব্যবস্থা প্রয়োজন।’ তার মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর যত দ্রুত সম্ভব এমন একটি যাচাই ব্যবস্থা কার্যকর করা উচিত।
আইএইএ প্রধান জানান, ইতোমধ্যে সংস্থাটির পরিদর্শকরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন।
তিনি বলেন, ইরান সফরের প্রথম লক্ষ্য হবে আগে পরিদর্শন করা পারমাণবিক উপকরণে আইএইএর লাগানো সিল অক্ষত রয়েছে কিনা, তা যাচাই করা। পাশাপাশি কোনো পারমাণবিক উপাদান নিখোঁজ হয়েছে কিনা, সেটিও পরীক্ষা করা হবে।
এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর কত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে বা সেগুলো কোথায় রাখা হয়েছে—এ বিষয়ে আইএইএকে কোনো তথ্য দেয়নি ইরান।
পরিদর্শনে আপত্তি জানিয়েছিল তেহরান
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর মাধ্যমে আগামী ৬০ দিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা চালানোর পথ তৈরি হয়েছে।
তবে বুধবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তেহরানের অবস্থান হলো, ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
৪৪০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম
আইএইএর হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সংঘাত শুরুর আগে ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম মজুত ছিল। সংস্থাটির মানদণ্ড
অনুযায়ী, ওই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা প্রায় ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে।
রাফায়েল গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে এবং কোনো পারমাণবিক উপাদান অন্য কাজে সরিয়ে নেওয়া হয়নি, তা নিশ্চিত করতেই এই যাচাই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন কক্ষে আগুন ধরে গেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংস্থাটি জানায়, ট্যাংকারটির ইঞ্জিন কক্ষে আগুন লাগার পর জাহাজের নাবিকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘণ্টা আগে ইউকেএমটিও জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আরেকটি ট্যাংকারকে থামিয়ে ফিরে যেতে নির্দেশ দেয়। অন্যথায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করা হয়। পরে ওই ট্যাংকারের ক্যাপ্টেন নির্দেশ মেনে জাহাজটি ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি ওমানের উপকূলের কাছ দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করছিল বলে জানায় ইউকেএমটিও। ইরান ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তেহরান জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে তারা বারবার অভিযান চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ বজায় রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। যুদ্ধ চললেও হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা চালায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা চললেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি এখনো আলোচনার অন্যতম প্রধান জটিলতা হয়ে রয়েছে।
ইরান যুদ্ধের ব্যয়কে ইরান থেকে যুক্তরাষ্ট্রের সামনে থাকা হুমকির তুলনায় সামান্য মূল্য বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার নেব্রাস্কায় প্রচারণার সময় ইরানের হুমকি বর্ণনা করতে গিয়ে তিনি আরও অনেক দূর গিয়ে ‘অসাধারণ’ ভাষা ব্যবহার করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মনে রাখবেন, যুদ্ধের এই খরচ আসলে কৃত্রিম। এটা একটু বেশি। বিশ্বকে নিরাপদ রাখার জন্য এটা সামান্য মূল্য। ওরা একটা শহর ধ্বংস করে দিতে পারে। ওরা লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস করুক। এটা খুবই সামান্য মূল্য। যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। শুনে মনে হতে পারে, ইরান ক্যালিফোর্নিয়ায় হামলা চালাক এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। তিনি তা বোঝাননি। তার যুক্তি হলো, ইরানকে নিয়ন্ত্রণহীন রেখে দেওয়ার মূল্যের তুলনায় ইরান যুদ্ধের ব্যয় অনেক কম। তবে একজন মার্কিন প্রেসিডেন্টের মুখে যুক্তরাষ্ট্রের দুটি শহর ধ্বংসের কথা উল্লেখ করা তাৎপর্যপূর্ণ। নভেম্বরে কংগ্রেসের কঠিন নির্বাচনের আগে ট্রাম্প কতটা চাপে রয়েছেন, এটি সম্ভবত তারই ইঙ্গিত। একই সঙ্গে ইরানের সঙ্গে তার যুদ্ধ যে মূল্য দেওয়ার যোগ্য, তা আমেরিকানদের বোঝাতে তিনি ক্রমেই বেশি চাপে পড়ছেন, এটিও এর মধ্য দিয়ে প্রকাশ পেতে পারে।
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হলেও এর ভবিষ্যৎ শুধু পণ্যবাহী রেলপথ নির্মাণের ওপর নির্ভর করছে না। ডিজিটাল ক্যাবল, বিদ্যুৎ সংযোগ ও পরিচ্ছন্ন হাইড্রোজেন পরিবহনের মতো পৃথক প্রকল্পও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। ফলে রেলপথ নির্মাণে বিলম্ব হলেও এসব সংযোগ আলাদাভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের কাছে এখন মূল প্রশ্ন—কোন প্রকল্প বাস্তবে তৈরি হচ্ছে, এর অর্থায়ন করছে কে এবং গ্রাহকেরা কবে থেকে এসব সুবিধা ব্যবহার করতে পারবেন। খবর গালফ নিউজ তবে মনে রাখা প্রয়োজন, আইএমইসি কেবল পণ্য পরিবহনের পরিকল্পনাতেই সীমাবদ্ধ নয়। ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে ঘোষিত এই চুক্তিতে ডিজিটাল ক্যাবল, বিদ্যুৎ সংযোগ এবং পরিচ্ছন্ন হাইড্রোজেন রপ্তানির জন্য পাইপলাইন তৈরির সুদূরপ্রসারী পরিকল্পনার কথা রয়েছে। প্রকল্পগুলোর প্রতিটি আলাদা আলাদা গ্রাহকশ্রেণিকে সেবা দেবে এবং এগুলোর জন্য প্রয়োজন হবে পৃথক অর্থনৈতিক সংস্থান ও তহবিল। ফলে রেলপথ নির্মাণে কত সময় লাগছে বা দেরি হচ্ছে, সেই একই সময়সূচির সমীকরণে অন্য প্রকল্পগুলোকে বিচার করার কোনো যৌক্তিক কারণ নেই। যখন পুরো প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়, তখন এই বিষয়টি বেশ বড় হয়ে সামনে আসে। একটি ডিজিটাল ক্যাবল যদি বিনিয়োগ নিশ্চিত করে একটি কার্যকর সংযোগ তৈরি করতে পারে, তবে সেটি নিজেই একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। এর অর্থ এটি নয় যে মালবাহী রুটটি প্রস্তুত হয়ে গেছে, ঠিক একইভাবে বলা যায়; রেলপথ তৈরিতে বিলম্ব হলে তা স্বয়ংক্রিয়ভাবে একটি পৃথক ডিজিটাল প্রজেক্টের কাজকে থামিয়ে রাখবে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া সমর্থন আইএমইসি প্রকল্পটিকে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বর্তমান সময়ে বৈশ্বিক অস্থিরতার কারণে যখন নিরাপদ রুটের প্রয়োজনীয়তা বেড়ে গেছে, তখন বিভিন্ন দেশের সরকার এমন একটি পথের খোঁজে রয়েছে যা বড় ধরনের বিঘ্ন বা বাধার ঝুঁকি মুক্ত। এমন পরিস্থিতিতে এই আগ্রহ অত্যন্ত স্বাভাবিক ও যুক্তিসঙ্গত। তবে ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য আসল প্রশ্নটি অনেক বেশি নির্দিষ্ট ও বাস্তবমুখী। তারা জানতে চান, মূলত কী তৈরি হচ্ছে, কে এর খরচ জোগাচ্ছে এবং গ্রাহকরা ঠিক কবে নাগাদ এই সুবিধা ব্যবহার করতে পারবেন। বাস্তবতার নিরিখে একটি ডিজিটাল ক্যাবল এবং একটি পণ্যবাহী রেলপথকে সম্পূর্ণ আলাদা উপায়ে নিজেদের কার্যকারিতা প্রমাণ করতে হয়। একটি ক্যাবলের ক্ষেত্রে প্রয়োজন দুই প্রান্তে মজবুত সংযোগ এবং এমন কিছু গ্রাহক যারা এই পরিষেবা ব্যবহারের বিনিময়ে অর্থ দিতে প্রস্তুত। অন্যদিকে একটি কার্যকর পণ্যবাহী সেবা গড়ে তোলার জন্য প্রয়োজন প্রতিটি চালানের ক্ষেত্রে জাহাজ, ট্রেন, বন্দর এবং সীমান্ত পারাপারের চমৎকার সমন্বয়। আইএমইসির বিশাল ডিজিটাল লক্ষ্যের সাথে যুক্ত একটি নির্দিষ্ট প্রকল্পের কথা উল্লেখ করা যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে’র একটি নথি অনুযায়ী, এই করিডোরের ডিজিটাল কাঠামোর আওতায় পরিকল্পিত ৯ হাজার কিলোমিটার দীর্ঘ ‘ব্লু রামান’ সাবসি বা সামুদ্রিক ক্যাবল অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রায় ৪০ কোটি ইউরো বিনিয়োগের কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে ইইউ প্রদান করবে ৩ কোটি ৭০ লাখ ইউরো। এই নির্দিষ্ট পরিসংখ্যানগুলো আলোচনার ক্ষেত্রে একটি স্পষ্ট ও বাস্তব ভিত্তি জোগায়। তবে এই বাজেট সংক্রান্ত তথ্যগুলো থেকে কোনোভাবেই এটি প্রমাণ হয় না যে আইএমইসির মূল রেলপথ নির্মিত হয়ে গেছে বা এর অর্থায়ন নিশ্চিত হয়েছে। এমনকি এর অর্থ এটাও নয় যে পরিকল্পিত বিদ্যুৎ ও হাইড্রোজেন সংযোগগুলো চালুর জন্য তৈরি। প্রতিটি প্রকল্পকে সম্পূর্ণ আলাদাভাবে তাদের নিজস্ব বাণিজ্যিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি পণ্য পরিবহনের দিক বিবেচনা করা হয়, তবে বাণিজ্যিক পরীক্ষাটি অত্যন্ত জটিল ও কঠিন। ভারত থেকে একটি কনটেইনার জাহাজে করে ছেড়ে আসবে, এরপর উপসাগরীয় একটি বন্দরে সেটিকে ট্রেনে তুলে দেওয়া হবে, যা ভূমধ্যসাগরের দিকে এগোবে এবং ইউরোপে পৌঁছানোর জন্য আবারও তা জাহাজে তোলা হবে। প্রতিবার পণ্য এক যান থেকে অন্য যানে স্থানান্তরের কারণে সময় এবং খরচ দুটোই বেড়ে যাবে। গ্রাহকদের আকর্ষণ করতে হলে পুরো এই দীর্ঘ যাত্রাটিকে সাধারণ সামুদ্রিক জাহাজে পণ্য পাঠানোর তুলনায় স্পষ্ট কোনো বড় সুবিধা অফার করতে হবে। বর্তমানে জাহাজগুলো ইতোমধ্যেই ভারত, উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপকে যুক্ত করেছে। তাই স্থলপথের অংশটিই মূলত ব্যবসায়ীদের জন্য নতুন এবং বিকল্প একটি পথ তৈরি করে দেবে। সংযুক্ত আরব আমিরাতের পণ্যবাহী রেলপথ বর্তমানে সৌদি আরব সীমান্ত পর্যন্ত পৌঁছেছে, কিন্তু ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছানোর জন্য যে নিরবচ্ছিন্ন রেল সংযোগ দরকার, তা এখনও অনুপস্থিত। ২০২৫ সালের আটলান্টিক কাউন্সিলের একটি গবেষণা প্রতিবেদনে সৌদি আরব, জর্ডান এবং ইসরায়েলকে যুক্ত করার প্রস্তাবিত এই পথটিকে একটি বড় ঘাটতি বা অনুপস্থিত লিঙ্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে হাইফা পর্যন্ত একটি মৌলিক পণ্যবাহী রুট তৈরি করতেই প্রায় ৪.৮৬ বিলিয়ন থেকে ৫.১৮ বিলিয়ন ডলারের বড় তহবিলের ঘাটতি রয়েছে। উল্লেখ্য, এটি কেবল একটি সুনির্দিষ্ট অংশের ধারণাগত হিসাব, সমগ্র করিডোরের জন্য চূড়ান্ত বা অনুমোদিত কোনো বাজেট নয়। যেকোনো বিকল্প আন্তর্জাতিক পথ গড়ে তুলতে হলে সেটিকে অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নৌপথে চলাচলের বিঘ্ন ও নিরাপত্তা সংকট একটি বিকল্প বাণিজ্য পথের যৌক্তিকতা সহজেই বুঝিয়ে দিয়েছে। একটি প্রতিষ্ঠানের স্বাভাবিক পণ্য পৌঁছাতে দেরি হলে, একটি নির্ভরযোগ্য বিকল্প রুট তাদের সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন সচল রাখতে সাহায্য করতে পারে। তবে সেই বিকল্প পথটি কেবল তখনই কার্যকর হবে, যখন প্রয়োজনে সত্যি সত্যিই সেটিকে ব্যবহার করা যাবে। আইএমইসির প্রস্তাবিত এই রুটটি সমুদ্রপথের সব ঝুঁকি পুরোপুরি এড়াতে পারবে না। উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরে পৌঁছাতে হলেও পণ্যবাহী জাহাজকে হরমুজ প্রণালির মধ্য দিয়েই যেতে হতে পারে। আটলান্টিক কাউন্সিল ওমানের মাধ্যমে আরব সাগরে সরাসরি প্রবেশাধিকারকে সেই ঝুঁকি কিছুটা কমানোর উপায় হিসেবে উল্লেখ করেছে, তবে সে ক্ষেত্রে ওমান থেকে মূল রুটের সাথে একটি কার্যকর ও শক্ত সংযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। অন্যদিকে, রেলপথের ক্ষেত্রেও থাকবে নিজস্ব কিছু জটিলতা ও চ্যালেঞ্জ। আন্তঃদেশীয় সীমান্ত পদ্ধতি, শুল্ক এবং চার্জের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে একমত হতে হবে। একই সাথে অপারেটরদের এমন সুনির্দিষ্ট সময়সূচি বজায় রাখতে হবে যেন ব্যবসায়ীরা এর ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। শুধু রেলের ট্র্যাক তৈরি করলেই কাজ শেষ হবে না; সেটিকে বাণিজ্যিকভাবে বুকিং দেওয়ার মতো পরিষেবায় রূপান্তর করা মূল চ্যালেঞ্জ। ঠিক এই কারণেই আইএমইসি-কে প্রকল্প ধরে ধরে আলাদাভাবে মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ হবে। যদি একটি ডিজিটাল ক্যাবল সংযোগ গ্রাহক টানতে সক্ষম হয়, তবে সরকারগুলো রেল সংযোগের জটিল সমস্যাগুলো সমাধান করার ফাঁকেই সেই ডিজিটাল প্রকল্পটি এগিয়ে যেতে পারে। একই কথা খাটে একটি কার্যকরী বিদ্যুৎ সংযোগ বা হাইড্রোজেন পাইপলাইনের ক্ষেত্রেও, যদি সেগুলোর অর্থায়ন ও ক্রেতা নিশ্চিত থাকে। ফলে একটি পূর্ণাঙ্গ মালবাহী পথ তৈরি না হলেও এই স্বতন্ত্র প্রকল্পগুলোর অগ্রগতি একেবারেই বাস্তব ও কার্যকর রূপ নেবে। ২০২৬ সালের এপ্রিলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এই রাজনৈতিক ও অর্থনৈতিক তাগিদকে বেশ স্পষ্টভাবেই তুলে ধরেছিলেন। কেবল হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থেকে রফতানি সচল রাখার পথ খোঁজার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনই আইএমইসির মতো প্রতিশ্রুতিশীল সংযোগ প্রকল্পগুলোকে এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়। বর্তমান সময়ের মূল কাজ হলো এই রাজনৈতিক সমর্থনকে এমন কিছু সুনির্দিষ্ট প্রকল্পে রূপ দেওয়া, যেগুলোর খরচ, সম্ভাব্য গ্রাহক এবং বাস্তবায়নের সময়সূচি একেবারে পরিষ্কার। আইএমইসি অঞ্চলে রেল চলাচল শুরু হওয়ার আগেই অন্যান্য সুবিধাজনক সংযোগ বা কেব্ল সেবা চালু হয়ে যেতে পারে। পুরো করিডোরের অগ্রগতির চিত্রটি তখনই সঠিকভাবে বোঝা সম্ভব হবে, যখন প্রতিটি সম্পন্ন হওয়া লিঙ্ককে তার কাজের ভিত্তিতে এককভাবে মূল্যায়ন করা হবে এবং ড্রয়িং বোর্ডে যা এখনও আটকে আছে, সে সম্পর্কেও সমানভাবে পরিষ্কার ধারণা রাখা হবে।