ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী খুব শিগগিরই প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিএনপি ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে— এ বিষয়ে প্রশ্ন করলে জামায়াত আমির বলেন, “আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই যথাসময়ে আমরা ঘোষণা করব।”
রাজনৈতিক মতভেদ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতবিরোধ নয়।”
দলের আমির হিসেবে পুনরায় দায়িত্বপ্রাপ্ত হওয়া বিষয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর বলেন, “আমি আমির হিসেবে নির্বাচিত হইনি; সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বটা ভারি। দেশ ও দ্বীনের কল্যাণে যেন দায়িত্বটা পালন করতে পারি—আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”
এসময় তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান।
এর আগে ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান জামায়াত আমির। পরবর্তীতে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র ও পরবর্তীতে যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।’ সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, ‘আসাদুজ্জামান খানের বাংলাদেশের আইনে বিচার হয়েছে। তিনি পলাতক আসামি, তাই তাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন; সেটাই দিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাত্র চিঠি দেওয়া হলো। ফিডব্যাক কিছু আশা করবো কিনা, সেটা ভারত সরকারের ওপর নির্ভর করছে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করবো। অবশ্যই আমরা আশা করবো যে, ভারত পজিটিভ রিপ্লাই দেবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষে তারা কাজ করবে।’
চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান যানজট নিরসনে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান। তিনি বলেন, নগরের যানজটের অন্যতম কারণ বেসরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং হাসপাতালের সামনে সড়ক দখল করে যানবাহন রাখা। অনেক হাসপাতাল সিডিএর ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করছে, যা আর চলতে দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে সব বেসরকারি হাসপাতালকে পর্যাপ্ত স্থায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২০ জুলাই) দুপুরে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের মেট্রোপলিটন হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেডিকেল সেন্টার, সিএসসিআর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে সিডিএর একটি উচ্চক্ষমতাসম্পন্ন দল। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং অথরাইজড অফিসার-২ মো. তানজীব হোসেন। পরিদর্শনে দলটি হাসপাতালগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে। তারা দেখতে পান, মেট্রোপলিটন হাসপাতালের পার্কিং ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। অন্যদিকে সিএসসিআর হাসপাতাল, মেডিকেল সেন্টার ও রয়েল হাসপাতালের পার্কিং ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল ও অসন্তোষজনক। এসব হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশা অনুযায়ী দ্রুত পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, বেসরকারি হাসপাতালগুলোর প্রায় কোনোটিতেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। তারা সিডিএর অনুমোদিত নকশার বাইরে এবং প্রয়োজনীয় পার্কিং ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। তারা নিজেরাও জানে, কোন কোন ক্ষেত্রে সিডিএর আইন লঙ্ঘন করেছে। তাই আমি তাদের স্পষ্টভাবে বলতে চাই অবিলম্বে নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। আংশিক পার্কিং ব্যবস্থা করে দায়সারা কাজ করলে চলবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা, সিএমপি-সহ সব সেবা সংস্থা একমত হয়েছে যে, যেকোনো মূল্যে নগরের যানজট নিরসন করা হবে। নগরবাসীর দুর্ভোগ লাঘবের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখব। আজ আমাদের উচ্চক্ষমতাসম্পন্ন দল বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে সার্বিক চিত্র দেখেছে। যেসব হাসপাতালের পার্কিং ব্যবস্থা নেই বা অপর্যাপ্ত, তাদের আজ সতর্ক করা হয়েছে। এটিই তাদের প্রতি আমাদের শেষ সতর্কবার্তা। পরে পরিদর্শনে হাসপাতালের আকার অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা দৃশ্যমান না হলে কোনো অজুহাত গ্রহণ করা হবে না সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে Welthungerhilfe (WHH) আজ ঢাকার হোটেল লেকশোর গ্র্যান্ডে আয়োজিত একটি জাতীয় পর্যায়ের কর্মশালার মাধ্যমে "Empowering Civil Society for Climate Justice and Environment Protection" প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রকল্পটির লক্ষ্য হলো বাংলাদেশে তৃণমূল পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনগুলো (Civil Society Organizations - CSOs)-কে শক্তিশালী করে জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সুরক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা। Welthungerhilfe-এর নেতৃত্বে এবং Educo, মানুষের জন্য ফাউন্ডেশন ও উত্তরণ-এর সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অ্যাডভোকেসি দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতামূলক নেটওয়ার্ক জোরদার করা হবে। একই সঙ্গে স্থানীয় নেতৃত্বাধীন, অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করা হবে। উদ্বোধনী কর্মশালায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, তরুণ নেতৃত্ব, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন Welthungerhilfe Bangladesh-এর কান্ট্রি ডিরেক্টর Jonas Wiahl এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। পরে Welthungerhilfe Bangladesh-এর Head of Project আফসারী বেগম প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন। এছাড়া Educo Bangladesh-এর Head of Programme তাজিন হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত "Insights from Communities" পর্বে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের Edwin Koekkoek, এনজিও বিষয়ক ব্যুরোর মোহাম্মদ জাকারিয়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রেজওয়ানুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, "আমাদের আরও বেশি ফলাফলের দিকে গুরুত্ব দিতে হবে। এই প্রকল্পে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের ধারাবাহিক সহযোগিতার জন্য আমি তাদের প্রশংসা করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফলাফলমুখী একজন নেতা, যিনি জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন। দেশের মানুষ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে—এমন যেকোনো উদ্যোগে আমরা সহযোগিতা করব।" ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির বক্তব্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের Edwin Koekkoek বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নাগরিক অংশগ্রহণ জোরদারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে কাজ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আজ এই প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে আমরা পুনর্ব্যক্ত করছি যে, জলবায়ু কার্যক্রম যেন সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষের কাছে পৌঁছায় এবং একটি উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়তা করে—সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব।" Welthungerhilfe Bangladesh-এর কান্ট্রি ডিরেক্টরের বক্তব্য Jonas Wiahl বলেন, "একসঙ্গে কাজ করে, একে অপরের কাছ থেকে শিখে এবং সম্মিলিত শক্তি গড়ে তুলে আমরা দীর্ঘস্থায়ী ও রূপান্তরমূলক পরিবর্তন আনতে পারব—এ বিষয়ে আমরা নিশ্চিত। প্রকল্পের সাফল্য শুধু কার্যক্রমের মাধ্যমে নয়, বরং অংশীদারিত্ব, পারস্পরিক আস্থা এবং আমরা একসঙ্গে যে ইতিবাচক পরিবর্তন অর্জন করব, তার মাধ্যমেও পরিমাপ করা হবে।" মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের বক্তব্য শাহীন আনাম বলেন, "এই প্রকল্পের লক্ষ্য কোনো একক দাতা, অংশীদার বা অন্য কোনো পক্ষের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। এর জন্য নাগরিক সমাজ, স্থানীয় সরকার এবং নাগরিকদের সংগঠনগুলোর মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা প্রয়োজন।" শাহীন আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি প্যানেল আলোচনায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, পরিবেশগত সুশাসন জোরদার, মানবাধিকার সুরক্ষা এবং সম্প্রদায়ভিত্তিক জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে নাগরিক সমাজ সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হয়। আলোচকরা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জলবায়ু সমাধান নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। প্রকল্পের আওতায় Financial Support to Third Parties (FSTP)-এর মাধ্যমে সরাসরি ১৮টি তৃণমূল নাগরিক সমাজ সংগঠনকে সহায়তা প্রদান করা হবে। নির্বাচিত সংগঠনগুলোর মধ্যে নারী নেতৃত্বাধীন সংগঠন, আদিবাসী জনগোষ্ঠীর সংগঠন, দলিত সংগঠন এবং যুব সংগঠন অন্তর্ভুক্ত থাকবে। তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং দক্ষতা, প্রমাণভিত্তিক তথ্য উৎপাদন এবং জলবায়ু-সম্পর্কিত মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ ও মনিটরিং সক্ষমতা বৃদ্ধি করা হবে, যাতে তারা নীতিনির্ধারণ প্রক্রিয়া ও পরিবেশগত সুশাসনে আরও কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারে। অনুষ্ঠানের বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত সংকট নয়; এটি ন্যায়বিচার, সমতা এবং মানবাধিকারেরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা উল্লেখ করেন, স্থানীয় সংগঠন ও সম্মুখসারির জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা জরুরি, যাতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাবভোগী মানুষ তাদের জীবনে প্রভাব ফেলে এমন নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন। এই প্রকল্প বাংলাদেশের নাগরিক সমাজ, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক জলবায়ু সহনশীলতা জোরদারে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। বাস্তবায়নকারী অংশীদাররাও প্রকল্পটির মূল নীতিমালা হিসেবে স্থানীয়করণ (Localization), লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।