সারাদেশ

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, রোববার প্রথম ফ্লাইট

মো: দেলোয়ার হোসাইন জুলাই ০৫, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (০৫ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-208 ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

জানা গেছে, যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটি কমিউনিটির দীর্ঘদিনের দাবির পর এ রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি হুমায়ুন কবির যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং রুটটি পুনরায় চালুর দাবি জানিয়ে সরকারের কাছে স্মারকলিপি দেন। পরে ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি সরকার দায়িত্বে এলে রুটটি পুনরায় চালুর ঘোষণা দেন।

 

সংশ্লিষ্টরা জানান, সরকার দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক সমন্বয় করেন হুমায়ুন কবির। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বিত উদ্যোগে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত কার্যকর হয়।

 

এ বিষয়ে হুমায়ুন কবির কালবেলাকে বলেন, ‘ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা উত্তর ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল। হঠাৎ করে ফ্লাইটটি বন্ধ করে দেওয়ায় হাজারো প্রবাসী, বিশেষ করে সিলেটি কমিউনিটি চরম ভোগান্তিতে পড়ে। সরাসরি সিলেটে আসার পরিবর্তে তাদের লন্ডন হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। এতে সময়, খরচ ও দুর্ভোগ—সবই বেড়ে যায়। শুরু থেকেই আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলাম।’

 

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য ড. খলিলুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরা হয়। তখনই ঘোষণা দিয়েছিলাম, বিএনপি সরকার গঠন করলে ম্যানচেস্টার-সিলেট রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।’

 

হুমায়ুন কবির বলেন, ‘সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন খাত-সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠকেই আমি ম্যানচেস্টার রুট পুনর্বহালের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করি। প্রধানমন্ত্রীর কাছে যুক্তি তুলে ধরি, এটি শুধু একটি বিমানসেবা নয়; প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাই কোনোভাবেই এ রুট বন্ধ রাখা উচিত নয়। আমার প্রস্তাবকে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীও সমর্থন করেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করায় আজ বহুল প্রত্যাশিত সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে।’

 

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রবাস জীবনের অভিজ্ঞতা থাকায় আমি তাদের কষ্ট, ত্যাগ ও বাস্তবতা খুব ভালোভাবে উপলব্ধি করি। তাই প্রবাসীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত। জনগণকে দেওয়া কথা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাব।’

 

সংশ্লিষ্টদের মতে, সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে পারিবারিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসীদের সঙ্গে দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সারাদেশ

আরও দেখুন
ছবি: সংগৃহীত
মাদকের বিরোধে তিন ভাইয়ের ওপর হামলা, কুপিয়ে জখম

খুলনার পাইকগাছায় মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে তিন ভাইকে ধারালো হাসুয়া-কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠেছে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।   আহতরা হলেন- রেজাকপুর গ্রামের শেখ আব্দুল আলীমের ছেলে শেখ বাবলু (৩৫), শেখ লাভলু (৩০) ও শেখ ডাবলু (২৭)।   আহতদের পরিবারের ভাষ্য, রোববার রাতে একই গ্রামের মো. হাফিজুর গাজী ও তার ছেলে বাবলুকে মারধর করেন। এতে বাবলুর নাক ফেটে যায়। পরদিন সকালে বিষয়টি জানতে বাবলুর ভাইয়েরা হাফিজুর গাজীর কাছে গেলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়।   একপর্যায়ে হাফিজুর গাজী, তার ছেলে অপু গাজী ও ভাই দিপু গাজী তিন ভাইয়ের ওপর হামলা করেন। এ সময় ধারালো হাসুয়া-কাচি দিয়ে তাদের ঘাড়, মাথা ও হাতে কোপ দেওয়া হয়। এতে তিন ভাই গুরুতর আহত হন।   পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শেখ বাবলু ও শেখ লাভলুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   এদিকে তিন ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন হাফিজুর গাজীর ছেলে অপু গাজীকে মারধর করেন। এতে অপুও আহত হন। পরে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।   স্থানীয়দের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।   হাফিজুর গাজী বলেন, ‘আমার ছেলে মাদক সেবন করে। তাকে মারধর করা ভুল হয়েছে। পরে স্থানীয়রা আমার ছেলেকেও মারধর করে আহত করেছে।’   আহতদের বাবা শেখ আব্দুল আলীম বলেন, ‘অহেতুক আমার সন্তানদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে।’   পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল বলেন, ‘মারামারির ঘটনার খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ মামলা বা অভিযোগ করেননি। আহতদের চিকিৎসা নিয়ে হয়তো পরিবারের লোকজন ব্যস্ত আছেন।’

মোঃ ইমরান হোসেন সেপ্টেম্বর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

সন্ত্রাসী নবী হোসেন। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সন্ত্রাসী নবী বাহিনীকে ‘প্রক্সি’ বানানোর ছক, ভারি অস্ত্র-প্রশিক্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে বাড়ছে চাপ, ডোপ টেস্টের খরচে বিপাকে পুলিশ

ছবি: সংগৃহীত
৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার দম্পতি

কক্সবাজার শহরের একটি বসতঘরের খাটের বক্স থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।   আজ সোমবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।   গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন (২৩) ও তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোরের বাড়িও টেকনাফে। তাঁরা তিনজনই উত্তর হাজীপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিকেলে প্রথম আলোকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আশিক মোমেনের থাকার ঘরের একটি কক্ষের কাঠের তৈরি খাটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।   সোমেন মন্ডল আরও বলেন, অভিযানে তিনটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।   এ ঘটনায় বিকেলে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৮, ২০২৬
সংগৃহীত ছবি

বন্ধ নয়, অটোরিকশায় শৃঙ্খলা আনতে আসছে কিউআর কোড ও ট্র্যাকিং

ছবি: সংগৃহীত

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

হাম উপসর্গে আরো ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৬

ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর ফের পড়াশোনা, ৫১ বছর বয়সে এমবিবিএস

একসময় ভেবেছিলেন আর পড়বেনই না। তবে পরে নিজেই এই সিদ্ধান্ত বদল করেন।দীর্ঘ বিরতির বিরতির পর জরিমানা দিয়ে ভর্তি হয়ে আবার পড়াশোনা শুরু করেন। অবশেষে ৫১ বছর বয়সে এমবিবিএস পাস করেন মোহাম্মদ হাবিবুল্লাহ।   ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজের চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১ সেপ্টেম্বর। এই পরীক্ষায় হাবিবুল্লাহ পাস করেন।   ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধু, শিক্ষকসহ পরিচিতদের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন হাবিবুল্লাহ। বিভিন্ন গণমাধ্যম তাঁর সাক্ষাৎকার নিচ্ছে। এই ব্যস্ততার ফাঁকে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন।   ৫১ বছর বয়সে এমবিবিএস পাস করে কেমন লাগছে, জানতে চাইলে হেসে উত্তর দিলেন হাবিবুল্লাহ। বললেন, এই যাত্রায় তাঁকে অনেক বাধাবিপত্তি অতিক্রম করতে হয়েছে। এখন তিনি নিজের নামে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন।   হাবিবুল্লাহ জানালেন, তিনি ঢাকা মেডিকেল কলেজের ‘কে-৫৩’ ব্যাচের (সেশন ১৯৯৫-১৯৯৬) শিক্ষার্থী ছিলেন। আর এখন ‘কে-৭৮’ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এমবিবিএস পাস করলেন। ২০০২ সালে তাঁর এমবিবিএস পাস করার কথা ছিল। কিন্তু পাস করলেন ২০২৬ সালে। এর মধ্যে কেটে গেছে ২৪টি বছর।   দীর্ঘ বিরতির পর ঢাকা মেডিকেল কলেজের বন্ধু, শিক্ষকসহ সবার সহযোগিতায় আবার ঘুরে দাঁড়িয়ে এমবিবিএস শেষ করতে পেরেছেন বলে জানালেন হাবিবুল্লাহ। এ জন্য তিনি বিশেষ করে বন্ধু ও শিক্ষকদের নাম ধরে ধরে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানালেন। এ প্রসঙ্গে বললেন, তাঁর বন্ধুদের অনেকে এখন ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক হওয়ার পথে আছেন।   কেন এই দীর্ঘ বিরতি হাবিবুল্লাহ প্রথমবার মেডিকেলে ভর্তির সুযোগ পাননি। পরেরবার তিনি ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পান। তাঁর ক্লাস শুরু হয়েছিল ১৯৯৬ সালে। এসব তথ্য জানিয়ে হাবিবুল্লাহ বললেন, শুরুর দিকে তিনি ফলাফল ভালোই করছিলেন। একপর্যায়ে এক শিক্ষকের সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। তবে এখন আর তিনি এই বিষয়ের বিস্তারিত বলতে চান না।   একসময় হাবিবুল্লাহ ভেবেছিলেন, আর পড়বেনই না। তিনি বলেন, দোটানার মধ্যে পিছিয়ে পড়তে থাকেন। পিছিয়ে পড়ে জুনিয়রদের সঙ্গে তাঁকে ক্লাস করতে হতো। এতে বেশ সমস্যা হচ্ছিল। তিনি মানিয়ে নিতে পারছিলেন না। একদিকে পড়াশোনায় জটিলতা, অন্যদিকে পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন।   হাবিবুল্লাহর বাবা আবু বক্কর সিদ্দিক। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁর বাবা সিভিল সার্জন হিসেবে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত চেম্বারে তিনি রোগীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা ফি নিতেন। স্ত্রী, সাত ছেলে-মেয়ে নিয়ে আবু বক্করের বড় পরিবারে আর্থিক সচ্ছলতা ছিল না। এই আর্থিক টানাটানির বিষয়টি হাবিবুল্লাহর জীবনেও প্রভাব ফেলেছিল। হাবিবুল্লাহর বাবা ২০০০ সালে মারা যান। আর মা মারা যান ২০১৬ সালে।   জরিমানা দিয়ে আবার ভর্তি ২০২৩ সালে ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন অধ্যাপক আবদুল হানিফ টাবলু। তিনি প্রথম আলোকে বলেন, সেই সময় এক দিন তাঁর সঙ্গে দেখা করেন হাবিবুল্লাহ। তখনই হাবিবুল্লাহর সঙ্গে তাঁর প্রথম পরিচয়। সাক্ষাতে হাবিবুল্লাহ তাঁকে বলেন, নানা জটিলতায় তাঁর পড়াশোনা দীর্ঘদিন থমকে ছিল। কিন্তু তিনি এখন আবার ভর্তি হয়ে পড়াশোনা শেষ করতে চান।   এই দীর্ঘ শিক্ষা বিরতির পর ভর্তির জন্য জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় দুই লাখ টাকা। এই তথ্য জানিয়ে অধ্যাপক আবদুল হানিফ বলেন, তখন তিনি মেডিকেলের স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এই কমিটি, হাবিবুল্লাহ নিজে এবং ‘কে-৫৩’ ব্যাচের বন্ধুদের সহায়তায় দুই লাখ টাকা জোগাড় হয়। আবার ভর্তি হয়ে এক দফা বিরতি দিয়ে তিনি এমবিবিএস শেষ করেন।   হাবিবুল্লাহর এমবিবিএস পাসের পর আবদুল হানিফ তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। হাবিবুল্লাহর সঙ্গে নিজের ছবিসহ দেওয়া এই পোস্টে তিনি তাঁর এই শিক্ষার্থীসহ অন্য নবীন চিকিৎসকদের অভিনন্দন, শুভকামনা জানান। হাবিবুল্লাহ প্রসঙ্গে তিনি লেখেন, ২৪ বছর পর এমবিবিএস পাস! চেষ্টা থাকলে কি না হয়!   পোস্টে আবদুল হানিফ উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে তাঁর জন্য উপহার নিয়ে এসেছিলেন হাবিবুল্লাহ। উপহারের মধ্যে ছিল হাবিবুল্লাহর প্রয়াত বাবার ব্যবহৃত একটি স্টেথোস্কোপ এবং একটি পবিত্র কোরআন শরিফ। পবিত্র কোরআন শরিফ রেখেছেন তিনি। স্টেথোস্কোপটি ফেরত দিয়েছেন, যাতে হাবিবুল্লাহ সেটি ব্যবহার করতে পারেন।   ‘ইচ্ছাশক্তি বড় বিষয়’ হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন। নিজেই নিজেকে ‘কাউন্সেলিং’ করেছেন। বন্ধু, সহপাঠী, শিক্ষকেরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। ভর্তির ক্ষেত্রে জরিমানার দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা তিনি নিজে দিয়েছেন। বাকি এক লাখ বন্ধু, শিক্ষকসহ অন্যরা দিয়েছিলেন। সবার সহযোগিতা ছিল বলেই তিনি সব বাধাবিঘ্ন অতিক্রম করে এমবিবিএস পাস করতে পেরেছেন।   হাবিবুল্লাহ এখন ইন্টার্নশিপের অপেক্ষায়। এরপর তিনি সাইকিয়াট্রি বা মনোরোগ বিদ্যায় উচ্চতর প্রশিক্ষণ নিতে চান বলে জানালেন। তিনি বলেন, মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী। এই আগ্রহ থেকে তিনি আগে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত একটি পত্রিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।   হাবিবুল্লাহ বিয়ে করেছিলেন। ২০০২ সালে কিডনি জটিলতায় তাঁর স্ত্রী মারা যান। হাবিবুল্লাহ বলেন, তিনি জীবনে খুব বেশি কিছু চান না। পেটে-ভাতে মাস পার হলেই তিনি খুশি।   ৫১ বছর বয়সে হাবিবুল্লাহর এমবিবিএস পাস করার ক্ষেত্রে তাঁর ইচ্ছাশক্তিকে বড় বিষয় মনে করেন অধ্যাপক আবদুল হানিফ। তিনি বলেন, হাবিবুল্লাহর ইচ্ছাশক্তি তো ছিলই, পাশাপাশি অন্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তাই তাঁর পক্ষে এই অর্জন সম্ভব হয়েছে।   অধ্যাপক আবদুল হানিফ বলেন, মেডিকেল কলেজে দেশের সেরা শিক্ষার্থীরাই ভর্তি হয়। কিন্তু ভর্তির পর পড়াশোনাকালে বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী পিছিয়ে পড়ে। এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষকের দিক থেকে একটু বেশি যত্ন দরকার। এ জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে মেন্টরশিপ ব্যবস্থা আরও কার্যকর করা দরকার।

মো: দেলোয়ার হোসাইন সেপ্টেম্বর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সাভারে পুলিশ হত্যা: প্রধান আসামির ১০ দিনের রিমান্ড আবেদন

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সব সিসি ক্যামেরা অচল

স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি

0 Comments