বিশ্ব

ক্লিনটন দম্পতি ও ওবামার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করার উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সম্পর্কে তার কাছে ‘অনেক তথ্য’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।   শুক্রবার দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, আগে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকলেও এখনো সে সুযোগ রয়েছে।   ট্রাম্প বলেন, চাইলে তিনি তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারেন। তবে তার দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।   সাবেক এই কর্মকর্তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এ সময় তিনি আবার অভিশংসনের মুখে পড়তে পারেন বলেও মন্তব্য করেন, এরপর প্রসঙ্গ পরিবর্তন করেন।   সূত্র: আনাদোলু এজেন্সি

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
চীনে ২৪৭ শিশুর রক্তে অস্বাভাবিক মাত্রায় সিসা, কিন্ডারগার্টেন প্রধানের যাবজ্জীবন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের ২৪৭ শিশুর রক্তে অস্বাভাবিক মাত্রায় সিসা পাওয়ার ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। শিশুদের খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগে শুক্রবার এই রায় দেওয়া হয়।   রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, গানসু প্রদেশের লানঝৌ শহরের মধ্যবর্তী গণ আদালত কিন্ডারগার্টেনটির দায়িত্বে থাকা লি হুইফাংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তার আজীবনের জন্য রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং ব্যক্তিগত সম্পদের পাঁচ লাখ ইউয়ান জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।   মাইজি জেলার হেশি পেইশিন কিন্ডারগার্টেনের নির্বাহী প্রধান ঝু জিংলিনকে ১৫ বছরের কারাদণ্ড ও তিন লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে। রান্নাঘরের চার কর্মীকে ছয় থেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদেরও জরিমানা করা হয়েছে।   তদন্তে জানা গেছে, খাবারকে আরও রঙিন ও আকর্ষণীয় করে বিপণনের উদ্দেশ্যে শিশু ও কর্মীদের জন্য তৈরি খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর নির্দেশ দেন লি ও ঝু। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত প্রাদেশিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মে মাস থেকে প্রতি মাসে দূষিত পেস্ট্রি শিশু ও কর্মীদের পরিবেশন করা হচ্ছিল।   পরীক্ষা করা ২৫১ শিশুর মধ্যে ২৪৭ জনের রক্তে সিসার মাত্রা অস্বাভাবিকভাবে বেশি পাওয়া যায়। আক্রান্ত সব শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অথবা বাড়িতে পুষ্টিভিত্তিক পরিচর্যার ব্যবস্থা করা হয়। ২০২৫ সালের ২০ জুলাইয়ের মধ্যে বেশির ভাগ শিশু চিকিৎসার প্রথম ধাপ শেষ করে হাসপাতাল থেকে ছাড়পত্র পায়।   সূত্র: আনাদোলু এজেন্সি

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
শিক্ষা সংস্কারের প্রতিবাদে বেলজিয়ামে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শিক্ষা সংস্কার, ব্যয় সংকোচন এবং পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শনিবার সংঘর্ষের সময় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।   স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাসেলস-মিদি রেলস্টেশনের কাছে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নির্মাণকাজে ব্যবহৃত বেড়া দিয়ে ব্যারিকেড তৈরি করে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়লে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।   এর আগে সকালে ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনের কাছে প্রায় ১০০ শিক্ষার্থী, শিক্ষক ও শ্রমিক সংগঠনের কর্মী জড়ো হন। পরে তারা মিছিল করার অনুমতি পান। এ সময় পুলিশ বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করে এবং কয়েকজনকে থামিয়ে তল্লাশি চালায়।   বিক্ষোভকারীরা পুলিশের দমন-পীড়ন ও কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দেন। গত ৯ অক্টোবর শ্রমিক সংগঠনের একটি কর্মসূচির পাশেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।   এদিকে লিয়েজ শহরে প্রায় ২৫০ জন বিক্ষোভকারী রেলস্টেশনের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিল করেন। শিক্ষা খাতে অর্থায়ন, টিউশন ফি, গণপরিবহনের ব্যয়, কর্মপরিবেশ ও সামাজিক বৈষম্য নিয়ে উদ্বেগ জানান তারা।   শিক্ষার্থীরা বলেন, পড়াশোনার খরচ চালাতে অনেককে কাজ করতে হয়। এতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং কেউ কেউ শিক্ষা ছেড়ে দিতে বাধ্য হন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান আন্দোলনের প্রতিও সংহতি জানান।   সূত্র: আনাদোলু এজেন্সি

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
কৃষ্ণসাগরে তুরস্কের প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম চালু

কৃষ্ণসাগরে প্রাকৃতিক গ্যাস উত্তোলন দ্বিগুণ করে ২০২৭ সালে দৈনিক ২ কোটি ঘনমিটারে উন্নীত করার পরিকল্পনা করেছে তুরস্ক। দেশটির প্রথম ভাসমান গ্যাস উত্তোলন প্ল্যাটফর্ম ‘ওসমান গাজি’ চালুর মাধ্যমে এই লক্ষ্য অর্জনে এগোচ্ছে আঙ্কারা।   শনিবার ফিলিওস বন্দর থেকে প্ল্যাটফর্মটি কৃষ্ণসাগরে নির্ধারিত স্থানের উদ্দেশে যাত্রা করে। এ উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, দেশের জ্বালানি ইতিহাসে এটি নতুন অধ্যায়ের সূচনা।   ‘ওসমান গাজি’তে গ্যাস প্রক্রিয়াজাত করার ২১টি ইউনিট রয়েছে। সাকারিয়া গ্যাসক্ষেত্রের কূপ থেকে উত্তোলিত গ্যাস এই প্ল্যাটফর্মে প্রক্রিয়াজাত করে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মাধ্যমে ফিলিওসে পাঠানো হবে।   তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বায়রাকতার বলেন, এটি দেশটির প্রথম ভাসমান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনা। চলতি বছরের শেষ নাগাদ সাকারিয়া গ্যাসক্ষেত্রে গ্যাস জ্বালানোর টাওয়ার চালুর লক্ষ্য রয়েছে।   এ ছাড়া ২০২৮ সালের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তুর্কি পেট্রোলিয়াম করপোরেশনের দৈনিক তেল উত্তোলন ১০ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।   সূত্র: শাফাক নিউজ

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
সংগৃহীত ছবি
রুশ জ্বালানি কেনা দেশগুলোর ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক কার্যকরের নির্ধারিত সময়ের কয়েক দিন আগে শুক্রবার এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত জানান তিনি। এতে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত হলো।   হোয়াইট হাউসের প্রকাশিত আদেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা উল্লেখ করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। আইন অনুযায়ী, জাতীয় স্বার্থের পরিপন্থি মনে করলে প্রেসিডেন্ট কংগ্রেসকে জানিয়ে এ ধরনের শুল্ক স্থগিত রাখতে পারেন।   সাউথ ক্যারোলাইনার প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের উদ্যোগে তৈরি আইনটিতে রাশিয়ার জ্বালানি কেনে এমন পাঁচটি দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান ছিল। এ ছাড়া রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ছিল। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইনটিতে স্বাক্ষর করেন ট্রাম্প।   রাশিয়ার বড় দুই জ্বালানি ক্রেতা চীন ও ভারত এ আইনের বিষয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল। চীন বলেছিল, আন্তর্জাতিক আইনের ভিত্তি ছাড়া অন্য দেশের ওপর একতরফা কর্তৃত্ব প্রয়োগের বিরোধী তারা। ভারতও সতর্ক করেছিল, অতিরিক্ত শুল্ক দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে।   সূত্র: শাফাক নিউজ

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
অর্থসংকটে আইআরজিসি, সাহায্য করছে মিত্র গোষ্ঠীগুলো

নয় মাসের যুদ্ধের পর নিজেদের সদস্যদের বেতন দিতে হিমশিম খাচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ অবস্থায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো, বিশেষ করে ইরাকের কয়েকটি গোষ্ঠী, নিজেদের তহবিল থেকে আইআরজিসিকে অর্থ দিচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।   শুক্রবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় কুপার বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারের তেল রপ্তানি আয় কমেছে। ফলে আইআরজিসি, তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক অভিযানে অর্থ জোগানোর সক্ষমতা কমেছে তেহরানের।   তিনি আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেন্টকম ও মার্কিন অর্থ মন্ত্রণালয় ক্রিপ্টোকারেন্সিতে থাকা ইরানের প্রায় ৩৫ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে।   কুপারের ভাষ্য অনুযায়ী, অর্থসংকটের কারণে হিজবুল্লাহ, হামাস ও ইরাকের কয়েকটি ইরানপন্থী গোষ্ঠী নিজেদের যোদ্ধাদের বেতন আটকে সেই অর্থ আইআরজিসিকে দিচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনীও সদস্যদের বেতন দিতে সমস্যায় পড়েছে।   কুপার আরও দাবি করেন, ইরান সরকার সরকারি কর্মচারীদের বেতন, পেনশন ও অন্যান্য সুবিধা আটকে রেখেছে। এর মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও আইআরজিসির সদস্যরাও রয়েছেন। তার মতে, অর্থসংকট থেকে তৈরি হওয়া মরিয়া পরিস্থিতির কারণেই হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলা বেড়েছে।   শুক্রবার সেন্টকম জানায়, আগের সাত দিনে প্রায় ৪০০ বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে উপসাগরীয় মিত্রদের মাধ্যমে ১০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনেও সহায়তা করেছে মার্কিন বাহিনী।   সূত্র: শাফাক নিউজ

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
আড়াই হাজার কোটি ডলারের ইরানি তেল রপ্তানি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

যুক্তরাষ্ট্র অন্তত ২ হাজার ৫০০ কোটি ডলারের ইরানি অপরিশোধিত তেল রপ্তানি আটকে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। শুক্রবার তিনি বলেন, এতে ইরানের আয় কমেছে। এই অর্থ দিয়ে দেশটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), মিত্র সশস্ত্র গোষ্ঠী ও সামরিক অভিযান পরিচালনা করে।   কুপার আরও বলেন, গত সাত দিনে প্রায় ৪০০টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে উপসাগরীয় মিত্রদের ১০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনে সহায়তা করেছে মার্কিন বাহিনী।   কুপারের অভিযোগ, কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে আইআরজিসি বারবার বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র সংস্থার তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক জাহাজে হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাবিক নিহত হয়েছেন।   এর আগে শুক্রবার হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের নৌবাহিনী। তাদের দাবি, নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করার সময় জাহাজটি শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। তবে জাহাজটির নাম বা আগুন লাগার কারণ জানানো হয়নি।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
ইরাকে গ্যাসোলিন সংরক্ষণাগারে আগুন

ইরাকের সুলায়মানিয়া শহরের তানজারো এলাকায় একটি গ্যাসোলিন সংরক্ষণাগারে বড় ধরনের আগুন লেগেছে। শনিবার আগুন লাগার পর ১০টি দমকল দল প্রায় এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে।   সুলায়মানিয়ার ডেপুটি গভর্নর শাহো ওসমান জানান, আগুনে সংরক্ষণাগারটি পুড়ে গেছে। দমকলকর্মীরা আশপাশের অন্যান্য সংরক্ষণাগারও ঠান্ডা করেন, যাতে আগুন ছড়িয়ে না পড়ে।   প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জ্বালানি খালাসের সময় আগুনের সূত্রপাত হয়। তবে প্রকৃত কারণ এবং সংরক্ষণাগারটি অগ্নিনিরাপত্তার নিয়ম মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।   এর আগে ৯ অক্টোবর হাওয়ারি শার এলাকায় অনুমোদনহীন একটি স্থানে গ্যাসোলিন বিক্রির সময় আগুন লাগে। সেখানে পাত্র ও ট্যাংকে জ্বালানি বিক্রি করা হতো। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।   সূত্র: শাফাক নিউজ

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণে শনিবার শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চেয়ে বেশি হওয়ায় এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।   দুই ঘণ্টারও বেশি সময় ধরে দেশটির গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।   কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।   রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লঙ্কা (ইডিএল) জানায়, পুরো গ্রিডে দেখা দেওয়া ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।    অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের কারণে এ বিপর্যয় ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।   জ্বালানিমন্ত্রী অনুরা করুনাথিলাকা বলেন, কর্তৃপক্ষ ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর আশা করছে।   সংক্ষিপ্ত এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজে সহায়তা করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকদের তাদের সিস্টেম বিচ্ছিন্ন রাখার অনুরোধ জানাচ্ছি।’   এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও পুরো বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন রৌদ্রোজ্জ্বল রোববারে সৌরবিদ্যুতের উৎপাদন চাহিদা ছাড়িয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছিল।   শ্রীলঙ্কায় বর্তমানে স্থাপিত সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন হাজার মেগাওয়াটের কিছু বেশি। দিনের বেলায় দেশটিতে বিদ্যুতের চাহিদা থাকে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ মেগাওয়াট।   কর ছাড়ের সুবিধায় গ্রাহকেরা সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। তারা নিজেদের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করছেন। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিতরণ সংস্থা।   সরকার আগামী তিন বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় চার হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এতে করে ২০২৪ সালের তুলনায় এ সক্ষমতা ৩৮৮ শতাংশ বাড়বে।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
সৌদি আরবের উপসাগরীয় উপকূলে ট্যাংকারে হামলা

সৌদি আরবের উপসাগরীয় উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।   খবর বার্তা সংস্থা এএফপি’র।   ইউকেএমটিও জানায়, শুক্রবার জুবাইল বন্দর থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে আঘাতের ঘটনা ঘটে।   সংস্থাটি আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন।   মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে নিয়মিতই ইরানের হামলার শিকার হচ্ছে বিভিন্ন জাহাজ। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটিই একমাত্র সমুদ্রপথ।   আরেক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘সাফিন প্রিন্সিপাল’। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এই অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।   গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো।   যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ‘ঐতিহাসিক মুহূর্ত’: পুতিনের দূত

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত স্থগিত করাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয়কে লক্ষ্য করে নেওয়া ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হয়।   দুই দিন পর এসব নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।   মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।   ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যে এ সিদ্ধান্ত এলো। এতে জল্পনা তৈরি হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রায় পাঁচ বছর পর মার্কিন প্রেসিডেন্ট ক্রমেই মস্কোর পক্ষ নিচ্ছেন।   এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।   রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের গ্রাহাম আইন স্থগিতের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ও সত্যিকার অর্থেই ঐতিহাসিক মুহূর্ত।’   পুতিন ও ক্রেমলিন এখনো এ সিদ্ধান্তের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার সামরিক পোশাক পরিহিত অবস্থায় পুতিন বলেছেন, মস্কো পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা করছে। রাশিয়ার জন্য এ সিদ্ধান্ত বড় ধরণের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।   যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘লিন্ডসে গ্রাহাম আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি পুতিন ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল।   দিমিত্রিয়েভ বলেন, আইনটি কার্যকর হলে ‘সবার আগে মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাজার মারাত্মক ক্ষতির মুখে পড়ত।’   ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত
হাসপাতালে নিজের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে নিজের কক্ষে ধূমপান করতে দেখা এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ওই চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।   শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালটি পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।   পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।   একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।   পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।   পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আক্তারুজ্জামান অক্টোবর ১৭, ২০২৬
রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর। ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে বিতর্কে বিজেপি নেতা

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারতের ইসলামাবাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সভায় তিনি এ মন্তব্য করেন। পরে নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও দেন এই বিজেপি নেতা।     রাঠৌর বলেন, ‘যদি আজ আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তা হলে আমরা পাকিস্তানের পাশেই থাকব। কারণ পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ।’ তবে ভারতের সঙ্গে কোনো সমস্যা হলে দেশের স্বার্থেই ভারতের পাশে থাকার কথা জানান তিনি। এ প্রসঙ্গে রাঠৌর বলেন, ‘যখন আমাদের মধ্যে কোনও সমস্যা হবে, আমরা অবশ্যই ভারতের পাশে থাকব। বোঝা গেল? এটা আমাদের বোঝা উচিত।’ তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাজস্থানের বিজেপি সভাপতিকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেছেন। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে শামা মহম্মদ লিখেছেন, ‘যে দেশ আমাদের দেশের মানুষ এবং সেনাদের হত্যা করেছে, সেই পাকিস্তানের প্রতি বিজেপির প্রেম আরও একবার প্রকাশ্যে চলে এলো। নরেন্দ্র মোদী, অমিত শাহও কি পাকিস্তানের পক্ষে? ওই দেশদ্রোহীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?’ সুত্র: আনন্দবাজার পত্রিকা

মারিয়া রহমান অক্টোবর ১৬, ২০২৬
ছবি : সংগৃহীত
৮০ বছরের মধ্যে ভয়াবহতম বন্যা তুরস্কের ইস্তাম্বুলে, নিহত ৪

ভয়াবহ বন্যার কবলে পড়েছে তুরস্কের অন্যতম বড় শহর ইস্তাম্বুল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই বন্যাকে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন। এছাড়া বন্যায় চারজনের প্রাণহানির তথ্যও দিয়েছেন তিনি।     ইস্তাম্বুল জনসংখ্যার দিক দিয়ে তুরস্কের সবচেয়ে বড় শহর। সেখানে ১ কোটি ৬০ লাখ মানুষ থাকেন। ইস্তাম্বুলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়ে বেশি বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। আর এত অতিবৃষ্টির পর সৃষ্টি হয় বন্যার। স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বন্যা নিয়ে বলেছেন, “আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একইসঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।” শুক্রবার সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি ব্রিজের নিচে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। সারিয়ায় আরও তিনজন নিখোঁজ আছেন। এরআগে আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। যারমধ্যে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।     বন্যার পানিতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির বিভিন্ন সড়ক এবং পার্কিং এরিয়াগুলো পানির নিচে চলে গেছে। অপরদিকে বিভিন্ন যানবাহন ভেসে গিয়ে সেগুলো উঁচু পাহাড়ি এলাকায় গিয়ে স্তূপ আকারে জড়ো হয়েছে। সূত্র: আনাদোলু

মারিয়া রহমান অক্টোবর ১৬, ২০২৬
মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সম্প্রতি চলমান আক্রমণকে ‘অন্যায্য ও মানবতাহীন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে তার দেশ কখনো নতিস্বীকার করবে না।     শুক্রবার (১৬ অক্টোবর) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে আয়োজিত জীববৈচিত্র্য বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলনের (লিডার্স সামিট অন বায়োডাইভারসিটি) ফাঁকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইরানি প্রেসিডেন্ট। বৈঠককালে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এসব বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা মানবিক কাঠামোর বহুদূরে এবং সাম্প্রতিক মাসগুলোতে পরিচালিত তাদের হামলা বা আক্রমণগুলো সম্পূর্ণ অন্যায্য ও অমানবিক।     ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তার দেশের বিরুদ্ধে যে বিধ্বংসী প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেন।     প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, ইরান সবসময়ই যেকোনো সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে প্রস্তুত ছিল এবং এখনও রয়েছে। তবে প্রতিপক্ষরা যদি ভেবে থাকে যে শক্তি প্রদর্শন বা চাপ সৃষ্টি করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে, তবে তারা ভুল ভাবছে। জোরজবরদস্তি বা শক্তির মুখে ইরান কখনই মাথা নত করবে না। সূত্র: আল-জাজিরা

মারিয়া রহমান অক্টোবর ১৬, ২০২৬
ছবি : রয়টার্স
দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে ছাত্রনেত্রী নেহা বোরাও আটক

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পর এবার বামপন্থী ছাত্রসংগঠন সর্বভারতীয় ছাত্র সমিতির জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।       হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই মিছিলে যাওয়ার আগেই তার নিজ বাসা থেকে দীপকেকে আটক করে পুলিশ।       অন্যদিকে, মিছিল শুরু করার কিছুক্ষণের মধ্যেই মান্ডি হাউসের কাছে আটক হন নেহা বোরা।      এর আগে, কনট প্লেস কোনও বিজ্ঞপ্তিভুক্ত প্রতিবাদস্থল নয় জানিয়ে অভিজিৎ দীপকেকে নোটিস পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সেখানে তাকে মিছিল না করার নির্দেশ দেয়া হয়।       সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রতিবাদেই এই মিছিলের ডাক দেয়া হয়েছে।       গত ১৩ অক্টোবর প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহারের পর সেখানে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন করেন ওই দুই নেতা। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

মারিয়া রহমান অক্টোবর ১৬, ২০২৬
সংগৃহীত ছবি
কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বাসা থেকে আটক অভিজিৎ দীপকে

ভারতের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ।       স্থানীয় সময় শুক্রবার বিকালে ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।       দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।       এনডিটিভি বলছে, কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে নিজ বাসা থেকে আটক হয়েছেন অভিজিৎ দীপকে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন তিনি।

মারিয়া রহমান অক্টোবর ১৬, ২০২৬
হুতিদের ‘উসকানিমূলক’ হামলার নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

সৌদি আরবের ওপর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অব্যাহত ও ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এসব হামলার মধ্যে সৌদি রাজধানী রিয়াদের বিমানবন্দরে চালানো ‘বেপরোয়া হামলাও’ রয়েছে।   বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নিরাপত্তা পরিষদ এ নিন্দা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।   সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ২০ বার হামলা চালানো হয়েছে। গত সপ্তাহের শেষ দিকে চালানো একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে।   নিরাপত্তা পরিষদের সভাপতি ও গ্রিসের প্রতিনিধি ইভাঞ্জেলোস সেকেরিসের প্রকাশ করা যৌথ বিবৃতিতে ১৫ সদস্যের পরিষদ জানায়, সৌদি আরবের ওপর হুতিদের অব্যাহত ও ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের ধারাবাহিক হামলা ও হুমকিরওদ তীব্র নিন্দা জানিয়েছে।   বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার ক্ষেত্রে সৌদি আরবের নিজস্ব অধিকার রয়েছে বলে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে।   বিমানবন্দরে হামলার পর বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা মদিনা অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসলামের অন্যতম পবিত্র শহর মদিনায় হামলার এ খবর সামনে এলেও হুতিরা এর দায় অস্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগে একাধিকবার বলেছে, তারা ইসলামের পবিত্র স্থানগুলোতে হামলা চালাবে না।   এদিকে, বৃহস্পতিবার ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। হামলায় প্রাসাদ চত্বরে অবস্থিত কমান্ড সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কেন্দ্র ইয়েমেনের সরকারি বাহিনী এবং তাদের সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ব্যবহার করত।   ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানিয়েছেন, এ হামলায় পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে ওই স্থানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী এবং বেসামরিক কর্মচারীরা রয়েছেন।   ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দীর্ঘ কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত সেপ্টেম্বরে দেশটিতে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠে।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৬, ২০২৬
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প

রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের নতুন করে চালানো হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে।   খবর বার্তা সংস্থা এএফপি’র।   বৃহস্পতিবার সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের নতুন করে রুশ তেল শোধনাগারে হামলা চালানোর বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি একটি লজ্জাজনক ঘটনা।’   ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের তুলনায় যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাতে জেলেনস্কির আগ্রহ কম।   ট্রাম্প বলেন, ‘যুদ্ধের দ্রুত অবসান হওয়া উচিত। আমার মনে হয়, তাদের দুজনই আসলে যুদ্ধের সমাপ্তি দেখতে চান। তবে পুতিনের তুলনায় জেলেনস্কির সঙ্গে সমঝোতায় পৌঁছানোকে আমি বেশি কঠিন বলে মনে করি।’   ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জেলেনস্কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।   এর আগে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না। তার অভিযোগ, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি রাশিয়া মেনে চলছে না।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৬, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।    বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।   মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল ইলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। সিএনএনও ৪ জন নিহতের খবর জানিয়েছে।   এর আগে পুলিশ সাংবাদিকদের জানায়, গুলির ঘটনায় একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় পুলিশ।   সিএনএন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোর।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৬, ২০২৬
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৬ অক্টোবর) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৪০ কিলোমিটার গভীরে।   তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৬, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

জাতীয়

দুর্গাপূজায় সারা দেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৫, ২০২৬