নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা, থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১ মার্চ তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
প্রধানমন্ত্রীর নির্দেশে অবশেষে বদলে যাচ্ছে বগুড়ার মোকামতলায় নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়ায় এবং বিতর্কের সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নাম পরিবর্তনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে আমাকে দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক ইউনিয়ন দুটির নাম পরিবর্তনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। জানা যায়, বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় সম্প্রতি ‘মীরবাড়ী’ ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন গঠন করা হয়। প্রতিমন্ত্রীর ডিও লেটারের পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ ব্যাপারে উদ্যোগ নেন। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রধান করে তিন সদস্যের গণশুনানি টিম গঠন করেন। টিমের প্রধান সাখাওয়াত হোসেন দাবি করেন, তিনি সঠিকভাবে গণশুনানি করেছেন। কিন্তু এলাকায় সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, সঠিকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়নি। স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে খুশি করতে তার পৈতৃক বাড়ির নামে ‘মীরবাড়ী’, দুই ছেলের নামে ‘সীমান্ত’ ও দিগন্ত এবং লন্ডন প্রবাসী ভাতিজির নামে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন নামকরণের প্রস্তাব করেন। এদিকে প্রতিমন্ত্রীর ছেলেদের নামে নবগঠিত ইউনিয়নের নামকরণ নিয়ে খোদ সংসদ থেকে শুরু করে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে। রীতিমতো সরগরম টিভি টকশো থেকে শুরু করে রাজনীতির মাঠ। প্রশ্ন উঠেছে-স্বজনপ্রীতি আর নীতি-নৈতিকতার। সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। তবে এসবে তেমন একটা পাত্তা দিচ্ছেন না প্রভাবশালী এই প্রতিমন্ত্রী। বরং তাকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমের ওপর বেজায় নাখোশ তার কর্মী-সমর্থকরা। এমনকি ইতোমধ্যে স্থানীয় একটি পত্রিকার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ফলে ইউনিয়নের নামকরণ নিয়ে প্রতিমন্ত্রীর বিষয়ে কোনো কথা বলতে রাজি নন স্থানীয়রাও। অবশ্য নামকরণের বিষয়টিকে ‘কাকতালীয়’ বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, এভাবে নিজের ছেলেদের নামে ইউনিয়নের নামকরণের পেছনে তার কোনো ভূমিকা নেই। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি জাতীয় সংসদেও ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী। জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য শফিকুল ইসলাম মাসুদ নবগঠিত ইউনিয়নের এমন নামকরণ নিয়ে প্রশ্ন তোলেন। তবে সংসদে প্রতিমন্ত্রী জানান, উপজেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নামকরণ করেছে। এ প্রসঙ্গে তিনি যুক্তি দেখান, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে অবস্থিত। সে কারণে এটার নাম ‘সীমান্ত ইউনিয়ন’ করা হয়েছে। আরেকটি গাইবান্ধার কাছে। অনেক দূরে হওয়ায় এটার নাম ‘দিগন্ত ইউনিয়ন’ রাখা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এসব নামকরণ ‘মিরাকলি’ হয়েছে। গণশুনানি নিয়ে ধোঁয়াশা : নবগঠিত চারটি ইউনিয়নের নামকরণ নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গণশুনানির কথা বলা হলেও বাস্তবে বিষয়টি নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, ইউনিয়নের নামকরণ নিয়ে তেমন কোনো গণশুনানি হয়নি। তবে স্থানীয় প্রশাসনের দাবি, গণশুনানি থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতেই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়। সম্প্রতি স্থানীয় মোকামতলা উপজেলার ভরিয়া গ্রামে গিয়ে ‘দিগন্ত ইউনিয়ন’-এর নামকরণ নিয়ে গণশুনানির বিষয়ে জানতে চাইলে গ্রামবাসীদের কয়েকজন জানান, এমন কিছু তারা শোনেননি। ভরিয়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী শহিদুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজন বলেন, ইউনিয়নের নামকরণ নিয়ে এলাকায় গণশুনানি হয়েছে এমন কিছু তাদের জানা নেই। তবে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, গণশুনানির নামে মূলত কতিপয় দলীয় নেতাকর্মীরাই এমন নামের প্রস্তাবক ছিলেন। প্রতিমন্ত্রীকে খুশি করতে তার দুই ছেলে, লন্ডন প্রবাসী ভাতিজি এবং পৈতৃক বাড়ির নামে ইউনিয়নের নামকরণের প্রস্তাব দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন তা সুপারিশ আকারে জেলা প্রশাসকের কাছে পাঠায়। শিবগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, ৩ জুন এক সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম মানিক ও দলের কয়েকজন নেতাকর্মী ইউনিয়নগুলোর নামকরণের প্রস্তাব দিলে সভায় তা গৃহীত হয়। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছিল। জানতে চাইলে বিএনপি নেতা মাহবুব আলম মানিক জানান, সভায় তিনি স্বর্ণগ্রাম ইউনিয়নের ব্যাপারে প্রস্তাব করেছিলেন। অন্যরা সীমান্ত, দিগন্ত ও মীরবাড়ী ইউনিয়নের নাম প্রস্তাব করে। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এ বিষয়ে ১১ ও ১৪ জুন যথাক্রমে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম নামে চারটি ইউনিয়নের গেজেট প্রকাশ করা হয়। স্থানীয়রা বলছেন, শুধু ইউনিয়ন নয়, এর আগে একইভাবে খোদ প্রতিমন্ত্রীর নিজ ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। বিশেষ করে স্থানীয় একটি কলেজ ও একটি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে খোদ মীর শাহে আলম ও তার পিতা-মাতার নামে। ফলে ছেলেদের নামে তিনটি ইউনিয়নের নামকরণের বিষয়ে আগে থেকে তিনি কিছুই জানতেন না, বিষয়টি পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। মুখ খুলতে রাজি নন কেউ : বগুড়ায় মীর শাহে আলম খুবই প্রভাবশালী হিসাবে পরিচিত। এ কারণে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের অনেকেই তাকে সমীহ করে চলেন। প্রতিমন্ত্রী নাখোশ হতে পারেন-এমন কোনো মন্তব্য করতে স্থানীয়দের কেউ রাজি নন। এছাড়া প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়নের নামকরণে তেমন ক্ষতির কিছু দেখছেন না অনেকে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপি নেতাদের কয়েকজন বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরে শাহে আলম বহাল তবিয়তে ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে তার ওঠাবসা ছিল অনেকটাই ওপেন সিক্রেট। এ কারণে জেলা বিএনপির সহসভাপতি পদে থাকলেও কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য নিয়ে তাকে তেমন বেগ পেতে হয়নি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শুক্রবার বিকেলে ধারবাহিকভাবে অনলাইন জুয়ার বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে। কয়েকটি বিজ্ঞাপন রিমুভ করার পর, আবারও পোস্ট করা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, তার পেজটি হ্যাক হয়েছে। তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। শুক্রবার বিকেল সাড়ে ছয়টার দিকে Aminul Haque নামে প্রতিমন্ত্রীর ভেরিফায়েড পেজ থেকে জুয়ার পোস্ট করা শুরু হয়। পর পর চারটি বিজ্ঞপন পোস্ট করার পর তা মুছে ফেলা হয়। পরবর্তীতে বিকেল ৬টা ৩৭ মিনিটে আবার তিনটি বিজ্ঞাপন পোস্ট করা হয়। এসব পোস্টে ইংরেজি এবং তুর্কি বর্ণমালায় জুয়ার প্রচার চালানো হয়। এরপর প্রতিমন্ত্রীর পেজটি ডিঅ্যাক্টিভিট করা হয়। সাইবার সুরক্ষা আইন অনুযায়ী, জুয়ার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। আইনের ২০ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানে বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন, তা হবে অপরাধ। আইনানুযায়ী এই অপরাধের সাজা অনধিক দুই বছর কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা। এ বিষয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তার আইডি থেকে অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে, তা যেন কেউ বিশ্বাস না করেন বা বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়। বরং এটি তার ভাবমূর্তি নষ্টের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। তা সম্পন্ন হলে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তা অবহিত করবেন। কীভাবে হ্যাক হয়েছে তা জানাতে পারেননি আমিনুল হক। তবে তিনি বলেছেন, পেজটি উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে- আমার এবং সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ চক্র জুয়ার বিজ্ঞাপন চালাচ্ছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আশঙ্কাজনক হারে গরু চুরির ঘটনা বাড়ছে। এক সপ্তাহের কম সময়ে একাধিক খামারে চুরির ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে খামার ও গোয়ালঘরের তালা ভেঙে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তারা বসতঘরের বাইরে তালা লাগিয়ে রেখে খামার থেকে গরু সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি পৌরসদরের শ্রীরামদী গ্রামের একটি খামার থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটে। এতে খামারির প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়। একইভাবে চণ্ডিপাশা ইউনিয়নের চিলাকাড়া গ্রামে আরেকটি খামার থেকে পাঁচটি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী খামারিরা জানান, তারা জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে খামার গড়ে তুললেও এসব চুরির ঘটনায় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই সব পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অন্যদিকে উপজেলার চরআলগী, কুমারপুর, হোসেন্দী, নারান্দী, জাংগালিয়া ও এগারোসিন্দুরসহ বিভিন্ন এলাকায়ও একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, কিছু চোর ধরা পড়লেও আইনি প্রক্রিয়ায় দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি জানান, গরু চুরি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এরই মধ্যে বেশ কিছু চোরকে গ্রেপ্তার ও চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্থানীয়রা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে কৃষি ও খামারভিত্তিক জীবিকা সুরক্ষিত থাকে।