ভারত সফরে এসে আগ্রার ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্ত্রী জ্যানেট রুবিওকে সঙ্গে নিয়ে ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থাপনাটির সামনে বিখ্যাত বেঞ্চে বসে তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।
তবে ছবিটি প্রকাশের পরই তা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার নতুন আলোচনার বিষয় হয়ে ওঠে। চলমান সংঘাতের মধ্যেই তেহরান এই ছবিকে ওয়াশিংটনের বিরুদ্ধে কূটনৈতিক খোঁচা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করেছে।
ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানায়।
তারা লিখেছে, মার্কো রুবিও যদি ইতিহাস কিংবা স্থাপত্য সম্পর্কে জানতেন, তাহলে এখানে ছবি তোলার জন্য পোজ দিতেন না।
পোস্টে আরও বলা হয়, এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল সম্রাটের ইরানি স্ত্রীর প্রতি ভালোবাসার স্মারক হিসেবে। এটি নির্মাণ করেছেন ইরানি স্থপতিদের মেধা ও সৃজনশীলতায়। অথচ আজ তার সরকারই ইরানি সভ্যতাকে মুছে ফেলার হুমকি দিচ্ছে এবং অন্যান্য সভ্যতাকেও অপমান করছে।
উল্লেখ্য, ইরান সংঘাতের চূড়ান্ত উত্তেজনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
এর জবাবে ইরানের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মাত্র আড়াইশ বছরের ইতিহাসের সঙ্গে ইরানের ছয় হাজার বছরেরও বেশি পুরোনো সভ্যতার তুলনা টেনে ট্রাম্পের মন্তব্যকে উপহাস করেছিলেন।
ভালোবাসার স্মৃতিসৌধ হিসেবে পরিচিত তাজমহল ১৬৩২ সালে মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ শুরু করেন।
ঐতিহাসিকদের মতে, তাজমহল মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হলেও এর শিকড় গভীরভাবে প্রোথিত ফারসি ঐতিহ্যের মধ্যে। রাজপরিবারের বংশপরিচয় থেকে শুরু করে স্থাপত্য নকশা এবং অলংকরণ সব ক্ষেত্রেই পারস্যের প্রভাব স্পষ্ট।
মমতাজ মহলের প্রকৃত নাম ছিল আরজুমান্দ বানু বেগম। তিনি ইরানের একটি প্রভাবশালী ফারসি অভিজাত পরিবারের সদস্য ছিলেন।
তার বাবা আবদুল হাসান আসাফ খান ছিলেন মুঘল দরবারের উচ্চপদস্থ পারস্য বংশোদ্ভূত অভিজাত।
মমতাজের দাদা মির্জা গিয়াস বেগ, যিনি পরে ইতিমাদ-উদ-দৌলা উপাধি লাভ করেন, ইরানের তেহরান থেকে ১৫৭৭ সালে ভারতে এসে সম্রাট আকবরের দরবারে যোগ দেন।
এই পারিবারিক সূত্রেই মমতাজ ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহানের ভাতিজি।
অন্যদিকে মমতাজের মা দিওয়ানজি বেগমও ছিলেন পারস্যের কাজভিন শহরের বিশিষ্ট অভিজাত খাজা গিয়াসউদ্দিনের কন্যা।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক ইরানের সীমানার বাইরে তাজমহলই সম্ভবত ফারসি স্থাপত্যের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ।
এর বিশাল পেঁয়াজাকৃতি দ্বৈত গম্বুজ এবং সূক্ষ্ম মার্বেল ইনলে কাজ সরাসরি সাফাভি পারস্যের স্থাপত্য ঐতিহ্য থেকে অনুপ্রাণিত।
তাজমহলের বিখ্যাত চারবাগ বাগানও পারস্য স্থাপত্যের আরেকটি স্পষ্ট ছাপ বহন করে। জলধারার মাধ্যমে চারটি অংশে বিভক্ত এই বাগান ইসলামী ঐতিহ্যে বর্ণিত জান্নাতের চার নদীর প্রতীক হিসেবে নির্মিত।
তাজমহলের মার্বেল দেয়ালে খোদাই করা পবিত্র কোরআনের আয়াতগুলো নির্বাচন ও লিপিবদ্ধ করেছিলেন ইরানের শিরাজ শহরের বিখ্যাত ক্যালিগ্রাফার আবদুল হক।
তার অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ শাহজাহান তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন।
ঐতিহাসিকদের মতে, তাজমহল মূলত ফারসি শিল্প ও স্থাপত্যধারার সঙ্গে ভারতীয় কারিগরি দক্ষতা এবং স্থানীয় উপকরণের এক অনন্য সমন্বয়।
এই কারণেই বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য নিদর্শনটি শুধু মুঘল ঐতিহ্যের প্রতীক নয়, বরং ভারত ও পারস্যের দীর্ঘ সাংস্কৃতিক সংযোগেরও এক অনন্য সাক্ষ্য হয়ে আছে।
সূত্র : এনডিটিভি
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম বার্ষিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মোদি বলেছেন, বিশ্বকে এখন ‘অনন্ত যুদ্ধ’ থেকে ‘যুদ্ধের অবসানে’র দিকে এগিয়ে যেতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, ‘ভারত সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, যা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য।’ প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়।’ অপরদিকে শান্তির প্রতিটি পদক্ষেপ মানবজাতিকে নতুন আশা ও উৎসাহে উদ্দীপিত করে। গান্ধী ও বুদ্ধের ভূমির প্রতিনিধি হিসেবে ভারত সব সময়ই শান্তির পথকে সমর্থন করে বলে মোদি জানান, ভারত ইউক্রেন সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব ধরনের প্রচেষ্টাকে সর্বদাই সমর্থন দিয়ে যাবে। বৈঠকে দুই নেতার মধ্যে আন্তরিক করমর্দন ও কোলাকুলি হয়। চলমান এসসিও সম্মেলন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে। ইউক্রেন পরিস্থিতি ছাড়াও ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার সরবরাহ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় একটি গোলাবারুদ গুদামে বিস্ফোরণের ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় আশপাশের এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববারও নিজেদের বিধ্বস্ত বাড়িঘর পরিষ্কার করছিলেন স্থানীয় বাসিন্দারা। মিলা গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী উদ্যোক্তা লিউদমিলা পলিয়ানিচকো জানান, হামলার সময় তিনি ও তার মেয়ে বাড়ির ভেতরে ছিলেন। তিনি বলেন, একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এরপর হঠাৎ চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ে। মেয়েকে নিয়ে বাথরুমে আশ্রয় নেওয়ার সময় তাদের ওপর একটি দেয়াল ভেঙে পড়ে। তবে প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘কিন্তু আমরা বেঁচে আছি। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ পলিয়ানিচকোর বাড়ির উঠানে এখনো পোড়া গোলার খোসা ও ছড়িয়ে থাকা গুলির অংশ পড়ে আছে। তার মেয়ের ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি জানান, কাছেই যে একটি গোলাবারুদের গুদাম ছিল, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। সেখানে গোলাবারুদ থাকার কথা কখনো ভাবেননি তারা। শুক্রবারের রুশ ড্রোন হামলায় কিয়েভের কাছে মিলা গ্রামের একটি সামরিক স্থাপনায় থাকা গোলাবারুদের গুদামে আগুন ধরে যায়। সেখানে গোলার খোসা, মাইন, ড্রোন ও বিভিন্ন ধরনের গোলাবারুদ রাখা ছিল বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পর গুদামে একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। জেলেনস্কি এ ঘটনার জন্য সরকারি অবহেলাকে দায়ী করেছেন। বেসামরিক মানুষের বাড়ির কাছে এভাবে গোলাবারুদ রাখা ‘অপরাধ’ বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফৌজদারি মামলা করা হয়েছে। এটি গত দুই মাসে কিয়েভ অঞ্চলের কোনো গোলাবারুদ গুদামে দ্বিতীয় হামলা, যার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়। রোববারও চারজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছিল। জেলেনস্কি জানান, বেশির ভাগ আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এলাকাটিতে ব্যাপক দূষণ ও ধ্বংসাবশেষ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এদিকে কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। টানা চার দিন ধরে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে জেটচালিত ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বহু মানুষ নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। জেলেনস্কি বলেন, চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনে প্রায় ২ হাজার হামলাকারী ড্রোন, ১ হাজার ৬০০টির বেশি বোমা এবং ৩১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, রাশিয়ার প্রতিটি হামলা ও অপরাধের ‘উপযুক্ত জবাব’ দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। সেই জবাব অবশ্যই দেওয়া হবে। সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইরান এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি এবং হরমুজ প্রণালিতে থাকা মার্কিন জাহাজ। তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, জর্ডানে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলা চালানো হয়। ছোড়া সব ক্ষেপণাস্ত্রই মাঝপথে প্রতিহত করা হয়েছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ভিন্ন দাবি করেছে। তারা জানিয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ স্থাপনা এবং মার্কিন যুদ্ধবিমান রাখার এলাকাগুলোতে আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স ফক্স নিউজকে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে রকেট ছোড়ার প্রস্তুতি এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার প্রস্তুতি নেওয়ার সময় আইআরজিসির দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায় মার্কিন বাহিনী। আইআরজিসি জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় তাদের কয়েকজন সদস্য ও বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন। এই হামলার প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সূত্র: শাফাক নিউজ