ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের বিস্তার ঠেকাতে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ তথ্য নিশ্চিত করেছেন।
তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেইজিং শুরু থেকেই ইরানের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে চীন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই জানান, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনে একজন বিশেষ দূত পাঠাবে। তবে বেইজিংয়ের প্রকাশিত বিবৃতিতে ওই দূতের নাম কিংবা তিনি কোন কোন দেশ সফর করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ওয়াং ই বলেন, চীন সবসময় শান্তির পক্ষে কাজ করে এসেছে এবং গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আগ্রহী। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসা এবং উত্তেজনা আর না বাড়ানোর জন্য জোরালো আহ্বান জানান।