লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্য করে আঘাত হানা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ হুমকি দেন। বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে সম্ভাব্য ইসরায়েলি হামলার প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল নামের “অপরাধী রাষ্ট্র” বারবার আন্তর্জাতিক সীমা ও রীতিনীতিকে উপেক্ষা করার প্রমাণ দিয়েছে।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পর্যাপ্ত সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে সংযম প্রদর্শন করেছে।
শেকারচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা বা বিরোধ নেই।”
ইসরায়েলের হুমকির জবাবে তিনি সতর্ক করেন, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।
তিনি বলেন, “যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনো আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর জবাব দেব।”
চলমান সংঘাতে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে “পরাস্ত করার” অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন শেকারচি। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে ইরান তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরে আসবে না।