শিক্ষা

জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের পরিচালক প্রফেসর মো. গোলাম ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের বার্ষিক শিক্ষা জরিপ কার্যক্রম গত ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যে সকল প্রতিষ্ঠান তথ্য আপলোড করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে তদন্ত এবং টেলিফোনিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে, তালিকায় থাকা অনেক প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, কয়েকটির অস্তিত্ব নেই এবং কিছু প্রতিষ্ঠান শুধুমাত্র শর্ট কোর্স পরিচালনা করছে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজারদের প্রত্যয়ন ও সুপারিশের ভিত্তিতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলে মাউশির মহাপরিচালককে জানিয়েছে ব্যানবেইস। এর ফলে ব্যানবেইসের ডাটাবেজে এই প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন এখন থেকে কার্যকর থাকবে না। সংযুক্ত তালিকায় ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে (মাউশি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
সংগৃহীত ছবি
নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে নির্দেশনা থাকলেও টাঙ্গাইলের কালিহাতিতে কিছু স্কুলে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সতর্ক করেছে।   এর আগে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০০৯.০৮.০০২.০২(অংশ)-৭২ অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।   এতে আরো বলা হয়, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কালিহাতি উপজেলায় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও শ্রেণি কার্যক্রম অব্যাহত রেখেছে মর্মে বিভিন্ন মহল হতে অভিযোগ পাওয়া যাচ্ছে; যা সরকারি নিদের্শনার পরিপন্থী। নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ পর্যন্ত ছুটি নিশ্চিত করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল

দেশের তিনটি সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যের ভুল সংশোধন ও নতুন তথ্য হালনাগাদের সময়সীমা আগামী ৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় জানানো হয়, আগামী ৫ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত সফটওয়্যারে তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ ‘জিটুপি’ পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, অনেক মাদ্রাসা এখনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেনি এবং কিছু প্রতিষ্ঠানের পাঠানো তথ্যে ব্যাংক হিসাব নম্বর, শাখার নাম ও পরীক্ষার সালসহ বিভিন্ন ভুল পরিলক্ষিত হয়েছে। এছাড়া কিছু শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত তথ্য সঠিক না থাকায় ইএফটি ‘বাউন্সব্যাক’ বা ফেরত এসেছে। এসব সমস্যা নিরসন ও কারিগরি ত্রুটি সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ১৩ থেকে ১৭ ডিজিটের ব্যাংক হিসাব থাকতে হবে। শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে। এছাড়া সঠিক রাউটিং নম্বর, পরীক্ষার আইডি ও রেজিস্ট্রেশন নম্বর নিশ্চিত করতে হবে। যারা মাদ্রাসা থেকে বৃত্তি পেয়ে বর্তমানে স্কুল বা কলেজে পড়ছেন, তারা সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লিংকে আবেদন করবেন। এতে আরো বলা হয়, যারা মাদ্রাসা থেকে বা স্কুল-কলেজ থেকে বৃত্তি পেয়ে বর্তমানে মাদ্রাসায় পড়ছেন, তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত লিংকে (dme.finance.gov.bd) আবেদন করবেন।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ির বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পাচ্ছে ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

২০২৫ সালের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি, মাদ্রাসার দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি এবং কারিগরি জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফলাফল উদ্বোধন করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রী জানান, এবার সারাদেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন ‘মেধাবৃত্তি’ ও ৩১ হাজার ৫০০ জন ‘সাধারণ বৃত্তি’। তিনি আরও জানান, অন্যদিকে, মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণি ও দাখিল ৮ম শ্রেণি এবং জেএস ও জেডি (ভোকেশনাল) স্তর মিলে মোট ২২ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ইবতেদায়ি ৫ম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন, দাখিল ৮ম শ্রেণিতে ১১ হাজার ১৮০জন এবং জেএস ও জেডিতে ২০৮ জন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘এই বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। তারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি।’ এ সময় তিনি আরও বলেন, ‘যারা এবার বৃত্তি পায়নি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পরিশ্রম চালিয়ে গেলে জীবনে সাফল্যের আরও অনেক সুযোগ আসবে।’ তিনি সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে জনানো হয়, সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং বাৎসরিক এককালীন ৫৬০ টাকা অনুদান পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং বাৎসরিক এককালীন ৩৫০ টাকা করে পাবেন। অন্যদিকে মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণিতে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৬০০ টাকা এব সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি ৫ম শ্রেণিতে ৬৩ হাজার ৯৩০ জন এবং দাখিল ৮ম শ্রেণিতে ৪৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।  কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৬১১ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক বৃত্তির পরিসংখ্যান : বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১১ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে (মেধা ৩৬২২, সাধারণ ৭৭৬২)। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৬ হাজার ২৭ জন, কুমিল্লায় ৫ হাজার ২৫২ জন, যশোরে ৫ হাজার ২০৫ জন, দিনাজপুরে ৫ হাজার ৬৯১ জন, চট্টগ্রামে ৩ হাজার ৮৫৭ জন, সিলেটে ৩ হাজার ১৭ জন, ময়মনসিংহে ৩ হাজার ৩২ জন এবং বরিশাল বোর্ডে ২ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডে ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, সরকার মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য ও শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ডিসিশন এখনো দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। অতএব এটা পার হয়ে যায়নি, আমাদের হাতে আছে বিষয়টি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তি নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো আছে। সামনে আরও প্রশ্ন করবেন। তিনি বলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের বিষয়টি আমরা পর্যালোচনায় আনছি। এ জন্য একটি কমিটিও করব। সাত কলেজ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) নিয়ে তড়িঘড়ি করেছে কি করেনি, সেটা আমরা পর্যালোচনা করব। এগুলো নিয়ে আমাদেরকে একটু সময় দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। বিগত দিনে আপনাদের সাহযোগিতা নিয়েই নকল প্রতিরোধ করেছিলাম। এবারও আপনারা সবাই সহযোগিতা করবেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে। আমরা একই প্রশ্নে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা নেব। গত বছরের বৃত্তি পরীক্ষাটি এ বছর নিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডার গার্টেনের জন্য ২০ শতাংশ। শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম- সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক বা জুনিয়র বৃত্তি পরীক্ষা না নেওয়ার পরামর্শের সঙ্গে আমরা এই মুর্হূতে একমত না, তবে আমরা এটি নিয়ে আলোচনা করে দেখবো।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ—দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে। জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি ২০২৬।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষায় আনার লক্ষ্য: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে প্রায় এক হাজার চীনা কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হবে। ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বের অন্তত ১৭টি দেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।   মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।   বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিশেষ করে কারিগরি শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।   জানানো হয়, চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর সঙ্গে যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া চলতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এও চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।   কারিগরি ও পলিটেকনিক শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে পলিটেকনিক ইনস্টিটিউটসমূহ পরিদর্শন করে কারিকুলাম আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী কোর্স ও প্রশিক্ষণ কাঠামো পুনর্বিন্যাস করা হবে।   চীনা ভাষা শিক্ষার প্রসারে প্রাথমিকভাবে ৩০০টি স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপনের প্রস্তাব করা হয়েছে। প্রতি প্রতিষ্ঠানে দুটি করে শ্রেণিকক্ষ স্থাপনের মাধ্যমে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুবিধা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ৯টি ব্রডকাস্টিং সেন্টার স্থাপন এবং সংশ্লিষ্ট ল্যাবে আধুনিক সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি পাইলট প্রকল্প চালু রয়েছে।   চীনা পক্ষ জানায়, দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে তারা সফলভাবে চীনা ভাষা ও কারিগরি শিক্ষা সম্প্রসারণ করেছে।   এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ছাত্রীদের জন্য একটি আধুনিক হল নির্মাণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ। আগামী পাঁচ বছরের জন্য প্রয়োজনভিত্তিক শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করে তা চীনা পক্ষের সঙ্গে শেয়ার করা হবে বলেও জানানো হয়েছে।   বাংলাদেশি প্রতিনিধিদলকে চীনে স্টাডি ট্যুরের আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা সরেজমিনে কারিগরি শিক্ষা ও প্রযুক্তিপ্রতিষ্ঠান পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। একই সঙ্গে চীনা বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নে সুপারিশ করার আহ্বান জানানো হয়েছে।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ঢাবি গ্রাফিক ডিজাইন বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু

 ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ সোমবার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিভাগীয় চেয়ারপার্সন ড. ভদ্রেশু রীটার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  আজহারুল ইসলাম শেখ ও শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ স্বাগত বক্তব্য দেন।  ৩য় বর্ষের শিক্ষার্থী শানীলা শাবনাম ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাইয়ান কায়েস অনুষ্ঠানটি সঞ্চালন করেন।  এ সময় অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা শিল্পকর্মের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।  পুরস্কার প্রাপ্তরা হলেন— বিএফএ প্রথম বর্ষের এস এম মাহমুদুল হাসান (সৈয়দ আলী আজম স্মৃতি পুরস্কার), বিএফএ দ্বিতীয় বর্ষের দুর্জয় গোস্বামী (খাজা শফিক আহমেদ স্মৃতি পুরস্কার), বিএফএ তৃতীয় বর্ষের আবদুল্লাহ আল মানিক (সমরজিৎ রায় চৌধুরী স্মৃতি পুরস্কার), বিএফএ চতুর্থ বর্ষের অন্তর কুমার বিশ্বাস (কাইয়্যুম চৌধুরী স্মৃতি পুরস্কার)। শ্রেণি পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আল আলিফ দিপু (এমএফএ ২য় পর্ব), রওশন জাহান (এমএফএ ১ম পর্ব), মোছা. মিথিলা ফারজানা (বিএফএ ৪র্থ বর্ষ), শানীলা শাবনাম (বিএফএ ৩য় বর্ষ), ইরিন জাহান অন্তরা (বিএফএ ২য় বর্ষ) ও দীপ্ত আচার্য্য (বিএফএ ১ম বর্ষ)। নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়া।  বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বিএফএ চতুর্থ বর্ষের  সজীব জোয়ার্দার। কামরুল হাসান স্বর্ণপদক লাভ করেছেন বিএফএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় কর্মকার।  স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছেন এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়া। পরে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রদর্শনী পরিদর্শন করেন। উল্লেখ্য, শিল্পকর্ম প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।  

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ঢাবি থেকে যত টাকা বরাদ্দ পেলেন ডাকসু নেতারা
ঢাবি থেকে যত টাকা বরাদ্দ পেলেন ডাকসু নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২৫ জন নেতার জন্য মোট ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, প্রত্যেককে ১ লাখ টাকা করে। বরাদ্দটি সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়া অন্য নেতাদের জন্য করা হয়েছে। ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাদ্দ পাওয়া অর্থ নিজেদের দায়িত্বাধীন প্রোগ্রাম আয়োজন ও কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বরের কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জন সম্পাদক ও ১৩ জন কার্যনির্বাহী সদস্যকে প্রত্যেককে ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ২৫ লাখ টাকা ২৫ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আপনার বরাদ্দকৃত অর্থ তুলে প্রোগ্রাম আয়োজন করার জন্য আহ্বান করা হচ্ছে।’ বিজ্ঞপ্তিটি ৫ ফেব্রুয়ারি জারি করা হয়েছে। ডাকসুর সদস্য মো শাহিনুর রহমান জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থ এখনও হাতে পৌঁছায়নি। তবে প্রশাসন থেকে পাওয়া অর্থ দিয়ে সাংস্কৃতিক কিছু প্রোগ্রাম আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখব, আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। ঈদ বোনাসের বিষয়ে তিনি বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই, তাই বিষয়টি আলোচনা করতে হবে। ৬৪ জেলায় একজনও সৎ লোক নেই, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করব না। অন্য কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব ও না।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
এইচএসসির ফরম পূরণে বৃদ্ধি পেল ফি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ড–এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। নিয়মিত শিক্ষার্থীদের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে, যেখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভিন্ন ভিন্ন হারে ফি দিতে হবে। এ বছর এইচএসসি ফরম পূরণের ফি কিছুটা বেড়েছে। গত বছর বিজ্ঞান শাখায় ফি ছিল ২,৭৮৫ টাকা, যা এবার বেড়ে ২,৯৯৫ টাকা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২০২৫ সালে ফি ছিল ২,২২৫ টাকা, যা এবার ২,৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বিভাগেই ফি বেড়েছে ২১০ টাকা করে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি নিতে পারবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান শাখার (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২,১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৮৫৫ টাকা—মোট ২,৯৯৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের বোর্ড ফি ১,৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা—মোট ২,৪৩৫ টাকা। আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে সেই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫–এর কম পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তবে তাঁদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের এবং অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে, তবে তা বাধ্যতামূলক করা যাবে না এবং অতিরিক্ত ফি নেওয়া যাবে না। সমাজসেবা অধিদপ্তর নিবন্ধিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শুরুর তারিখ পরে জানানো হবে। ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকেই সম্পন্ন করতে হবে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২২, ২০২৬ 0
দুর্নীতি করব না, কোথাও করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী
দুর্নীতি করব না, কোথাও করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী

নিজে দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।’   দুর্নীতি নিয়ে হুঁশিয়ার করে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার সম্পৃক্ততা পাওয়া যাবে না। এমনকি কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না।’ শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা হলো রাষ্ট্রগঠনের ভিত্তি। ভিত্তি দুর্বল হলে উঁচু ভবন দাঁড় করে লাভ নেই। তাই শিক্ষার অবকাঠামো মজবুত করাই সবার দায়িত্ব।’ শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে। সেটি হচ্ছে—‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’। পাঠ্যক্রম ভালো হতে হবে, শ্রেণিকক্ষে কার্যকরভাবে পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারা দেশে শিক্ষার মানে সামঞ্জস্য থাকতে হবে। বর্তমানে দেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি শিক্ষা ও বিভিন্ন ধারার মাদ্রাসাসহ বহু শিক্ষাধারা রয়েছে। এসব ধারার মধ্যে মানগত সমন্বয় জরুরি।’ ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘জ্ঞান ভাষার মধ্যেই গঠিত ও প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষায় ভাষা ও গণিতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভাষা ও গণিতে দুর্বলতা থাকলে শিক্ষার ভিত্তি শক্ত হয় না। এ ক্ষেত্রে প্রয়োজন হলে পাঠ্যক্রম পর্যালোচনায় টাস্কফোর্স গঠন করা হবে।’ ‘তৃতীয় ভাষা শিক্ষা ধাপে ধাপে চালু করা হবে। তবে ইংরেজি শেখানোর আগে বাংলা ভাষায় দক্ষতা নিশ্চিত করা জরুরি। অনেক শিক্ষার্থী বাংলাতেই সঠিকভাবে শেখে না। এ বাস্তবতা পরিবর্তনে জোর দিতে হবে।’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। আমরা নিজেরা দুর্নীতিতে জড়াব না এবং অন্যদের ক্ষেত্রেও কঠোর নজরদারি থাকব। দেশকে ভালোবাসার প্রমাণ শুধু আন্দোলনে নয়, কর্মক্ষেত্রেও দিতে হবে। দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুবি ছাত্রদলের কমিটিকে ‘আদুভাই’ বলে অবাঞ্ছিত ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের বর্তমান কমিটিকে ‘আদুভাই’ কমিটি আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশের কর্মীরা। এটি ঘটে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিট দখল ও বহিরাগত ওঠানোকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর।   গত বৃহস্পতিবার হল দখল ও সংঘর্ষের সময় শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ কয়েকজন নেতা নিজ দলের এক কর্মীর ওপর হামলা চালান। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন, এক কর্মীর নাক ফেটে যায়।   সংঘটনার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত ছাত্রদল নেতা আতিককে দুই মাসের জন্য স্থগিত করা হয়। তবে একাংশের নেতাকর্মীরা এই পদক্ষেপকে ‘লোকদেখানো’ দাবি করে বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।   ভুক্তভোগী ছাত্রদল কর্মী ও অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বর্তমান ‘আদুভাই’ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। ক্যাম্পাসে আদুভাই দেখলেই প্রতিবাদ করবেন সবাই।’ তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল হামলার বিষয়ে খোঁজখবর নেয়নি এবং অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে দায় এড়ানোর চেষ্টা করেছে।   ২০২১ সালের ১৬ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। আহ্বায়ক ছিলেন মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। অভিযোগ রয়েছে, অধিকাংশ নেতা বর্তমানে নিয়মিত ছাত্রত্বে নেই, কয়েকজন পদের আশায় সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছেন।   ছাত্রদল কর্মী মামুন রশিদ বলেন, ‘অছাত্র ছাত্রদল নেতা আতিকের হাতে আমার বন্ধুসহ আরও দুইজন হামলার শিকার হয়েছে। ছাত্রদলেও কি আগের মতো সেই লীগ কালচার চর্চা হচ্ছে? আর কত রক্ত দিলে আমরা সভ্য রাজনৈতিক দল পাবো? ছাত্রদল করবে রানিং স্টুডেন্টরা।’   অন্য কর্মী জহিরুল ইসলাম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা কোনো ছাত্র সংগঠনের আদর্শ হতে পারে না এবং এতে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।   হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন যুগ্ম আহ্বায়ক ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তরিকুল এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত। ভুক্তভোগীরা হলেন মাজহারুল ইসলাম আবির, তোফায়েল আহমেদ নিবিড় এবং সৌরভ কাব্য।   শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। কেন্দ্রীয় সংসদ ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে দলের সিদ্ধান্ত ডেকোরাম অনুযায়ী হয়। কেউ সীমা লঙ্ঘন করলে আরও বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
ঢাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন।
ঢাবি উপাচার্যের কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।  আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রভোস্ট এবং চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শুক্রবার কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান ঘোষণা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, কচুয়া উপজেলাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। আজ শুক্রবার কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ কচুয়া থেকে শুরু হয়েছিল, তা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। একইভাবে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তেও স্থানীয় পর্যায় থেকেই কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে আরও সুন্দর ও উন্নত। এর আগে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে মন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়া ও পুনরায় শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা কচুয়া উপজেলায় আগমন উপলক্ষে যাত্রাপথে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
শিক্ষাক্রম রিভিউ করা হবে: নতুন শিক্ষামন্ত্রী

শিক্ষাক্রম রিভিউ করা হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় লিখিত বক্তব্যে শিক্ষা নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব।’

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
স্কুলে শুরু হলো ঈদের ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল

পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজানসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে মোট ৩৬ দিনের টানা ছুটিতে যাচ্ছে স্কুলগুলো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে নতুন শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানানো হয়। বিভিন্ন মহলের আলোচনা ও মতামত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, রমজান মাসের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত মোট ৩৮ দিন ছুটি ভোগ করতে পারবেন। এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। একজন আইনজীবীর করা রিটের পর হাইকোর্ট বিভাগ স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সরকার ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর চেম্বার আদালতে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়। ফলে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে সরকারের বাধা ছিল না। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন, ইবাদত-বন্দেগি ও পারিবারিক পরিবেশে সময় দেওয়ার সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গরম আবহাওয়া ও শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। সূত্র জানায়, নির্ধারিত ছুটির পর যথাসময়ে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে আকস্মিক ছুটির ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও, কেউ পাঠ্যসূচি শেষ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাঠ্যসূচির ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিকল্প পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী

পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজানসহ আরও কয়েকটি ছুটিসহ মোট ৩৬ দিনের টানা ছুটিতে যাচ্ছে স্কুলগুলো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হবে। এই ছুটি টানা ৩৬ দিন চলবে। এরমধ্যে হিন্দু ধর্মালম্বীদের একটি পূজা, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর, মহান স্বাধীনতার দিবসের ছুটি রয়েছে। এদিকে আকস্মিক ছুটির ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও কেউ কেউ পাঠ্যসূচি শেষ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাঠ্যসূচির ঘাটতি পূরণে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা ও কলেজগুলো আগে থেকেই পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেছে। তাহলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেন ছুটির বৈষম্য থাকবে? আমরা মূলত সব স্তরের শিক্ষার্থীদের জন্য ছুটির বিষয়টি সমান করতে চেয়েছি। টানা ৩৬ দিন ছুটির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বিষয়টি পরিষ্কার করে বলেন, দিন হিসাব করলে ৩৬ দিন কিন্তু কর্মদিবস বললে হবে ২৬দিন। ক্যালেন্ডার অনুযায়ী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং স্বাধীনতা দিবস ও ঈদের সরকারি ছুটি বাদ দিলে ক্লাসরুম বন্ধ থাকবে মাত্র ১৮ দিন। এহসানুল হক মিলন আশ্বস্ত করে বলেন, এই ১৮ দিনের যে পাঠদান ঘাটতি হবে, তা পরবর্তীতে কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। একজন আইনজীবী হাইকোর্টে রিট পিটিশন করলে আদালত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। পরে সরকার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গেলে হাইকোর্টে আদেশ স্থগিত করে দেন। ফলে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে সরকারের বাধা নেই। কিন্তু নানা পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তই নিল। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছে, রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন, ইবাদত-বন্দেগি এবং পারিবারিক পরিবেশে সময় দেওয়ার সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গরম আবহাওয়া ও শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নির্ধারিত ছুটির পর যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি গ্রহণের জন্য শিক্ষকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
রোজায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে

পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
ঢাকসাসের সভাপতি ফরহাদ, সেক্রেটারি ফয়সাল

 ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এখন টেলিভিশনের ফরহাদ বিন নূর সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের মো. ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  আজ বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকসাস কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  এবার কার্যনির্বাহী পরিষদের মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে সহ-সভাপতি পদে আমার দেশের মো. ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের মো. আল জোবায়ের বাদশা, অর্থ সম্পাদক বাণিজ্য প্রতিদিনের সাইদুর রহমান নোমান এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের মাহাদী হাসান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. ওয়ালিদ হাসান, টাইমস টুডের ওবায়দুল ইসলাম ও এখন টেলিভিশনের মো. রাব্বি আল রাহিদ। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে।  প্রতি বছর নিয়মিতভাবে সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
ডিজিটাল টুইন প্রযুক্তি বুদ্ধিমত্তা সিস্টেমের অপ্টিমাইজেশনের ধরন বদলে দিচ্ছে : সেমিনারে বক্তারা

 ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল এআই ক্লাব আয়োজিত ‘ডিজিটাল টুইন: ট্রান্সফর্মিং দ্য ফিউচার অব ইন্টেলিজেন্ট সিস্টেমস’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, ডিজিটাল টুইন প্রযুক্তি বুদ্ধিমত্তা সিস্টেমের নকশা ও অপ্টিমাইজেশনের ধরন বদলে দিচ্ছে।    আইসিএইচ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শেখ রাশেদ হায়দার নূরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। শিল্পখাতের পক্ষ থেকে বক্তব্য রাখেন জিআইএস অ্যানালিস্ট সাকিব রহমান সিদ্দিকী এবং ওয়াহিদ ইবনে জাকির। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ডিন অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, ড্যাফোডিল এআই ক্লাবের কনভেনর অধ্যাপক ড. ফারনাজ নারিন নূর, কো-কনভেনর সহযোগী অধ্যাপক নাজমুন নেসা মুন, সহকারী অধ্যাপক মো. হাসানুজ্জামান দীপু, উপদেষ্টা শাহরিয়ার সরকার এবং প্রভাষক ইন্দ্রানি সেন টোমা, ড্যাফোডিল এআই ক্লাবের সভাপতি মো. রনি, অর্গানাইজিং সেক্রেটারি মো. লাতিফুর রহমান রাফি, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মিনহাজুল ইসলাম। সোমনারে ড. শেখ রাশেদ হায়দার নূরী বলেন, ডিজিটাল টুইন প্রযুক্তি বুদ্ধিমত্তা সিস্টেমের নকশা ও অপ্টিমাইজেশনের ধরন বদলে দিচ্ছে এবং শিক্ষার্থীদের গবেষণা ও দায়িত্বশীল এআই উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত হতে উৎসাহিত করছে। অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক উল্লেখ করেন, ‘ডিজিটাল টুইন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার-ফিজিক্যাল সিস্টেম এবং সিমুলেশনের একটি শক্তিশালী সমন্বয়, যা বহুমাত্রিক আন্তঃবিভাগীয় গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করছে।’ শিল্পখাতের বিশেষজ্ঞ সাকিব রহমান সিদ্দিকী ও ওয়াহিদ ইবনে জাকির বলেন, জিওস্পেশাল ইন্টেলিজেন্স স্মার্ট সিটি পরিকল্পনা, অবকাঠামো পর্যবেক্ষণ এবং রিয়েল-টাইম সিদ্ধান্ত গ্রহণে ডিজিটাল টুইন প্ল্যাটফর্মকে আরও কার্যকর করে তোলে। ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি -এর ডিন অধ্যাপক ড. মো. ফখরে হোসেন বলেন, ডিজিটাল টুইন প্রযুক্তি পূর্বাভাসমূলক বিশ্লেষণ ও ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করে, পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে নৈতিক সচেতনতা ও যোগাযোগ দক্ষতার গুরুত্বও তুলে ধরে।  ড্যাফোডিল এআই ক্লাবের কনভেনর অধ্যাপক ড. ফারনাজ নারিন নূর বলেন, এই সেমিনারের লক্ষ্য হলো একটি শক্তিশালী গবেষণাভিত্তিক সংস্কৃতি গড়ে তোলা এবং একাডেমিয়া ও শিল্পখাতের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উদীয়মান এআই প্রযুক্তি অন্বেষণে অনুপ্রাণিত করা।

জান্নাতুল ফেরদৌস জেমি ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

সপ্তাহের সেরা

দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
অর্থনীতি

ঈদের আগে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে : বাণিজ্যমন্ত্রী

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0