বিনোদন

ছবি: সংগৃহীত
দুর্গাপূজায় দুই বাংলার প্রেক্ষাগৃহে আট সিনেমা, ঢালিউডেও জমজমাট আয়োজন

মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটিতে উঠে এসেছে তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও বিশ্ববিদ্যালয়জীবনের নানা অভিজ্ঞতা।   ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীও এতে অংশ নিয়েছেন।   নির্মাতা মুনতাসির আকিব নব্বইয়ের দশকের পরিবেশ ও সেই সময়ের তরুণদের আবেগ পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দর্শক যেন গল্পের পাশাপাশি একটি নির্দিষ্ট সময়ের ক্যাম্পাসজীবনও অনুভব করতে পারেন, সেটিই ছিল নির্মাণের অন্যতম লক্ষ্য।   ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’।   ‘কাট-পিস’: মিরপুরের ঝুট ব্যবসার অন্দরমহলে অ্যাকশন রাজধানীর মিরপুরের ঝুটপট্টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তরুণ নির্মাতা ইফফাত জাহানের প্রথম সিনেমা ‘কাট-পিস’। গার্মেন্টসের উদ্বৃত্ত ও পরিত্যক্ত কাপড়ের ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা এই জগতের অর্থনৈতিক লেনদেন, প্রভাব বিস্তার ও ক্ষমতার নানা সমীকরণ ছবিটির পটভূমি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঝুটপট্টির পরিবেশ সম্পর্কে জানার পর বিষয়টি নিয়ে তার আগ্রহ তৈরি হয়। পরে অনুসন্ধানের মাধ্যমে সেখানকার বিভিন্ন দিক গল্পে যুক্ত করেন তিনি। তবে ছবিটি কেবল ব্যবসাকেন্দ্রিক কাহিনি নয়; এটি মূলত অ্যাকশনধর্মী সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে রয়েছেন ইমরান আহমেদ সওদাগর। এ ছাড়া অভিনয় করেছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’।   ‘স্নেহের বন্ধন’: পরিবার ও ভালোবাসার টানাপোড়েন পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও প্রতিকূলতার গল্প নিয়ে নির্মিত হয়েছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটিতে পারিবারিক টানাপোড়েনের পাশাপাশি থাকছে অ্যাকশন। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। মৌ খানের ভাষ্য অনুযায়ী, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রটি পারিবারিক মূল্যবোধ ও প্রিয়জনদের রক্ষায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। এ ছাড়া অভিনয় করেছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ। বিভিন্ন কারণে আগের কয়েকটি মুক্তির উদ্যোগ পিছিয়ে যাওয়ার পর এবার দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। ঢাকার লায়ন সিনেমাস ও সৈনিক ক্লাবসহ দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্নেহের বন্ধন’।   ‘অন্যপাতা’: শিক্ষার্থীদের স্বপ্ন থেকে বড় পর্দায় বাণিজ্যিক আয়োজনের বাইরে শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত ‘অন্যপাতা’ এবারের পূজার তালিকায় আলাদা গুরুত্ব পাচ্ছে। তবে সিনেমাটি ১৬ অক্টোবর নয়, আগামী ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম, পরিচয়ের সংকট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রতিযোগিতা—তরুণদের জীবনের পরিচিত বিষয়গুলো এতে উঠে এসেছে। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক অংকন দে, আবতাহী শামস ও মো. শাহেজাহান। শুরুতে ছয়জনের একটি দল কাজ করলেও পরে বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী যুক্ত হন। বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই নিজেদের অর্থ ও টিউশনির আয় দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তারা। এক ঘণ্টা ৪০ মিনিটের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। থাকছে ছয়টি মৌলিক গান। ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘অন্যপাতা’র। পরে দেশের অন্যান্য শহরেও ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হতে পারে।   টালিউডের চার আলোচিত সিনেমা ‘দেশু ৭’: দেব-শুভশ্রী জুটির নতুন চমক দেব ও শুভশ্রী গাঙ্গুলীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। ‘দেশু ৭’ ছবিতে এই জনপ্রিয় জুটি ফিরছেন নতুন গল্প নিয়ে। গত বছর ‘ধূমকেতু’ মুক্তির পর তাদের পুনর্মিলন ঘিরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। এবার দেব শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না; ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন। ফলে সিনেমাটি তার ক্যারিয়ারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্যসহ অনেকে। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত ছবিটি শুক্রবার (১৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।   ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’: নতুন রহস্যে একেনবাবু জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবু ফিরছেন নতুন রহস্যের সমাধান করতে। জয়দীপ মুখার্জি পরিচালিত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ ছবিতে আবারও একেনবাবুর ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। গল্পে এক বিজ্ঞানীর অপহরণকে কেন্দ্র করে রহস্যের সূত্রপাত। তদন্তের প্রয়োজনে কেরালায় পৌঁছে যান একেনবাবু। রহস্যভেদের পাশাপাশি তার স্বভাবসুলভ হাস্যরসও থাকছে ছবিতে। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন সুহোত্র মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, সুব্রত দত্ত, অম্বরীশ ভট্টাচার্য ও কমলেশ্বর মুখার্জি।   ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’: ফিরছে পরিচিত জগতের নতুন অধ্যায় ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’র পরবর্তী গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। নতুন ছবির নাম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। আগের সিনেমার সাফল্যের পর এবারও দুর্গাপূজার সময়কে মুক্তির জন্য বেছে নিয়েছেন নির্মাতারা। নতুন কাহিনিতে ডাকাতি, সংঘাত ও অ্যাকশনকে আরও বড় পরিসরে তুলে ধরার ইঙ্গিত রয়েছে। ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার ও কৌশানি মুখোপাধ্যায়। যিশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই ছবিটির অন্যতম আকর্ষণ। আগের সিনেমার পরিচিত জগতের সঙ্গে নতুন গল্পের সংযোগ কীভাবে তৈরি হয়েছে, তা নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে। ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।   ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’: সাহিত্য ও ইতিহাসের মেলবন্ধন অ্যাকশন ও গোয়েন্দা কাহিনির বাইরে ইতিহাসনির্ভর গল্প নিয়ে এসেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তার পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির কেন্দ্রে রয়েছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এ ছাড়া রয়েছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ থেকে অনুপ্রাণিত এই ছবিতে উঠে এসেছে ব্রিটিশবিরোধী রাজনৈতিক চিন্তা, বিপ্লবের আদর্শ এবং ঔপনিবেশিক শাসনের সঙ্গে মতাদর্শের সংঘাত। ১৯২৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার উপন্যাসটি নিষিদ্ধ করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি শরৎচন্দ্রের রাজনৈতিক চেতনা ও লেখার স্বাধীনতার বিষয়টিও ছবিতে গুরুত্ব পেয়েছে। ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।   দুই বাংলার সিনেমায় উৎসবের বৈচিত্র্য এবারের দুর্গাপূজায় দুই বাংলার সিনেমার তালিকায় যেমন রয়েছে পরিচিত তারকাদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে নতুন নির্মাতা ও বিকল্প ধারার গল্প। বাংলাদেশের ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’ শুক্রবার মুক্তি পাচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের নির্মিত ‘অন্যপাতা’ আসছে আগামী সপ্তাহে। পশ্চিমবঙ্গের ছবিগুলোতে রয়েছে তারকা জুটি, গোয়েন্দা রহস্য, অ্যাকশন ও ইতিহাসের মিশ্রণ। সব মিলিয়ে উৎসবের ছুটিতে দর্শকদের সামনে থাকছে নানা স্বাদের সিনেমা বেছে নেওয়ার সুযোগ।

আক্তারুজ্জামান অক্টোবর ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত
মৌসুমীকে নিয়ে অপপ্রচার, মামলা করার হুঁশিয়ারি ওমর সানীর

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। নির্ধারিত সময়ের মধ্যে কনটেন্ট সরিয়ে না নিলে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।   এর আগে তার ছেলে ফারদিনও একই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। বুধবার বিকালে বিএফডিসি মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন  নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক।   ওমর সানী বলেন, “আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়? ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।”   তিনি আরো বলেন, “আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।”   এর আগে মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ওমর সানী। তার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তিও নেই বলে দাবি করেন তিনি।   এদিকে ছেলের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। মাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। ফারদিনের দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট পেজগুলো কনটেন্ট সরিয়ে নেয় কি না, তা নিয়ে এখন আলোচনা চলছে।   ফারদিন জানান, পরিবারকে নিয়ে ছড়ানো খবর ও মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছেন তিনি। এ জন্য তার আইনজীবীদের একটি দল কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।   ফারদিন বলেন, “আমি এই বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। আমার আইনজীবীদের একটি দল ইতোমধ্যে এ নিয়ে কাজ করছে। তাদের কাছে আইনি নোটিশ যাবে। মানহানির মামলা বা বাংলাদেশের আইনে যে ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সে অনুযায়ী পদক্ষেপ নেব।”

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত
গেমের জনপ্রিয় চরিত্র এবার বড় পর্দায়, বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে সিনেমা নির্মাণের প্রবণতা বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর মতো সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘স্ট্রিট ফাইটার’ অবলম্বনে নির্মিত নতুন চলচ্চিত্র।   আগামী ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যাকশন ও মার্শাল আর্টনির্ভর সিনেমাটির। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।   তারকাবহুল অভিনয়শিল্পী, পরিচালনায় কিতাও সাকুরাই ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘স্ট্রিট ফাইটার’ চলচ্চিত্রের পর নতুন সংস্করণে পরিচিত গেমের চরিত্রগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া। সবুজ ত্বকের জনপ্রিয় চরিত্র ব্ল্যাঙ্কার ভূমিকায় দেখা যাবে মোমোয়াকে। ছবিটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। এর আগে ‘ব্যাড ট্রিপ’ এবং ‘দ্য এরিক আন্দ্রে শো’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিনেমাটির নির্মাণ নিয়ে সাকুরাই জানিয়েছেন, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের ধরন অনুসরণ না করে নিজস্ব নির্মাণশৈলীতে কাজ করার স্বাধীনতা পেয়েছেন তিনি।   মার্শাল আর্ট, লড়াই ও ষড়যন্ত্রের গল্প ‘স্ট্রিট ফাইটার’ মূলত ক্যাপকমের জনপ্রিয় ফাইটিং গেম সিরিজ অবলম্বনে নির্মিত। এতে কারাতে, কুংফুসহ বিভিন্ন লড়াইয়ের কৌশল, শক্তিশালী যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষ এবং বৃহত্তর ষড়যন্ত্রের মতো উপাদান রয়েছে। গেমটির পরিচিত চরিত্রগুলোকে বাস্তব অভিনয়ের মাধ্যমে পর্দায় তুলে ধরাই সিনেমাটির অন্যতম আকর্ষণ। বিশেষ করে রিউ, চুন-লি, ব্ল্যাঙ্কা ও ধালসিমের মতো চরিত্রের ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।   বিদ্যুৎ জামওয়ালকে ঘিরেও আগ্রহ সিনেমাটিতে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি ভারতের অ্যাকশন অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতিও দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাকে ধালসিম চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রোমান রেইন্সের মতো পরিচিত মুখের উপস্থিতিও ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে। ভিডিও গেমের বিখ্যাত লড়াইগুলো বড় পর্দায় কীভাবে উপস্থাপন করা হয়েছে, তা দেখার অপেক্ষায় রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অনুরাগীরা।   বাংলাদেশি দর্শকদের অপেক্ষা আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি আসার সম্ভাবনা স্থানীয় দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। অ্যাকশন, মার্শাল আর্ট এবং জনপ্রিয় গেমের চরিত্রের সমন্বয়ে নির্মিত ছবিটি গেমপ্রেমী ও অ্যাকশন সিনেমার দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

আক্তারুজ্জামান অক্টোবর ১৪, ২০২৬
ছবি খবর৭১
ড. কামরুল আহসানের জন্মদিন উদ্‌যাপন

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা:   বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বিশিষ্ট উদ্যোক্তা, লেখক, সাবেক সামরিক কর্মকর্তা এবং ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসানের জন্মদিন।    ১৩ অক্টোবর ঢাকার গুলশানে ভার্সাটিলো গ্রুপের হেড অফিস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও ভার্সাটিলো পরিবারের সদস্যরা অংশ নেন।   অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার মো. শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত কমান্ডো খলিলুর রহমান। এ ছাড়া ভার্সাটিলো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিল আফরোজ ও টু পয়েন্ট ফাইভ পেটাবাইটের চেয়ারম্যান অহনা সাফানা আহসান স্পৃহাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নিয়ে ড. কামরুল আহসানকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।   জন্মদিনের এ আয়োজনে অতিথিরা ড. কামরুল আহসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক সাফল্য কামনা করেন। তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়।   অনুষ্ঠানে ড. কামরুল আহসান উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় নিজের বর্ণাঢ্য জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। একই সঙ্গে নিজের এবং সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া কামনা করেন তিনি।   জন্মদিনের এ আয়োজনের মধ্য দিয়ে ড. কামরুল আহসানের প্রতি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের আন্তরিকতা এবং শুভকামনার প্রতিফলন ঘটে। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।   জন্মদিনে ড. কামরুল আহসানের আগামী দিনগুলো সুস্বাস্থ্য, সাফল্য, সম্মান ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা।

মোঃ নাহিদ হোসেন অক্টোবর ১৪, ২০২৬
সংগৃহীত ছবি
বিস্ফোরক অভিযোগ তুলে আলোচনায় অভিনেত্রী

সম্প্রতি কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছবি রোম্যান্টিক গানের দৃশ্যে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার একই অভিযোগে ফুঁসে উঠলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরণ।   গ্ল্যামার দুনিয়ার তারকারা ডিপফেক-এর শিকার হচ্ছেন। তাদের ছবি-ভিডিও নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত কনটেন্টে ব্যবহার করা হচ্ছে। ফলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদের।   সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারও একাধিক বিকৃত ছবি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর কথায়, এ ধরনের অশ্লীল ঘটনার সব থেকে বেশি শিকার হন নারীরাই। যার ফলে সোশ্যাল মিডিয়ায় নারীদের শরীরের বিভিন্ন অংশ নিয়ে নানা কুরুচিকর চর্চা চলে।   শ্রিয়ার কথায়, ‘বিষয়টা কখনও কখনও হাস্যকর মনে হয়। অনেক সময় তো বুঝতেই পারি না, ছবিটা আদৌ আমার কি না? শরীরের বিভিন্ন অংশ বিকৃত করে দেওয়া হচ্ছে। কখনও স্তনের আকার পালটে দিচ্ছে, কখনও ছবিতে থাকা অন্তর্বাস উধাও হয়ে যাচ্ছে, আবার কখনও নিতম্বের আকার বড় করে দেওয়া হচ্ছে। বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেওয়াই ভালো। তবে একথা বলতেই হয় যে, এটা অত্যন্ত বিরক্তিকর।’   তিনি আরও বলেন, ‘এআই-এর যেমন অনেক ভালো দিক ও উপকারিতা রয়েছে, তেমনই এই প্রযুক্তি অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। ফলে এমন সব পরিস্থিতি তৈরি হতে পারে, যা বিপজ্জনক! আমার মনে হয়, যে কোনও প্রযুক্তির ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। সময়ের সঙ্গে আমাদের হয় এর সঙ্গে মানিয়ে চলতে হবে, নয়তো এর মোকাবিলা করতে হবে।’

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১৩, ২০২৬
জান্নাতুল সুমাইয়া হিমি।
বিয়ে নিয়ে মুখ খুললেন সুমাইয়া হিমি

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকেই বেশি মনোযোগী হন তিনি। সম্প্রতি আবারও ধারাবাহিকে ফিরেছেন এই অভিনেত্রী। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন হিমি।   সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মা-বাবা সবসময় আমার বিয়ে নিয়ে স্বাধীনতা দিয়েছেন। কারণ, বিয়ে তো ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখে রেখেছেন, তা তো আমরা জানি না।   হিমি আরও বলেন, আমি সত্যিই খুব ভাগ্যবান। বাসা থেকে বিয়ে নিয়ে কখনো চাপ দেওয়া হয় না।   গত ৪ অক্টোবর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। নতুন কাজ ও অভিনয়ের ব্যস্ততার মধ্যেই সময় কাটছে তার।   এদিকে দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন হিমি। ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ঠিক কত সময় পর ধারাবাহিকে অভিনয় করছি, তা মনে নেই। অনেক সময় দেখা যায়, একক নাটক জনপ্রিয় হলে দর্শক তার পরবর্তী পর্ব দেখতে চান। সেই বিষয়টি মাথায় রেখেই এই ধারাবাহিকের পরিকল্পনা করা হয়েছে।   ‘প্রথম প্রেমের গল্প’ পরিচালনা করছেন তানভীর তন্ময়। দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।    ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে ‘প্রথম প্রেমের গল্প’-এর নতুন পর্ব।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১৩, ২০২৬
সংগৃহীত ছবি
অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইলের পৈতৃক বাড়িতে চুরি

দেশবরেণ্য নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকার পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান।     গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ওই বাড়িতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।       অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আফিয়া খান তার পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান।       শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান। তখন বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।     এ ছাড়া তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ছিল।     আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে আফিয়া খান ঢাকায় থাকায় এবং ভাই-বোনদের সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।       আফিয়া খান জানান, ঘটনাটি নিছক চুরি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।     এ বিষয়ে নাট্যকার মামুনুর রশীদ জানান, টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করার খবরটি তিনি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছেন।     এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মারিয়া রহমান অক্টোবর ১২, ২০২৬
দুর্গাপূজায় ভক্তিগান নিয়ে অরূপ রতন চৌধুরী

দুর্গোৎসবের আবহে প্রতি বছরই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী। সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দেবী দুর্গাকে নিবেদিত ভক্তিমূলক গান ‘জয় মা দুর্গা’। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে গানটি প্রকাশিত হবে।   দুর্গাপূজার ধর্মীয় আবহের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে নির্মিত হয়েছে গানটি। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি গানটির মাধ্যমে পূজার উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।   ‘জয় মা দুর্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ড. অরূপ রতন চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানের ভাব ও কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওতেও রাখা হয়েছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্যের আয়োজন।   গানটির পরিচালনা করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ।   সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে ‘জয় মা দুর্গা’ গানের ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে। ফলে গানটির পাশাপাশি এর ভিডিওতেও দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী একটি উপস্থাপনা উপভোগ করতে পারবেন।   দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে বিশেষ গান প্রকাশিত হয়ে আসছে। এবারের আয়োজনে সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন ‘জয় মা দুর্গা’। সঙ্গীতার ব্যানারে প্রকাশের পর গানটি দুর্গোৎসবের সংগীত আয়োজনে শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছেন শিল্পী ও সংশ্লিষ্টরা।

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১২, ২০২৬
ছবি: সংগৃহীত
পুলিশের হেফাজত থেকে মুক্ত ইমরান খান ও তাঁর প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা জানিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।   গত শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জায়েন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগ দেন আরও অনেকে। বিকেল চারটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ইমরান ও তাঁর সঙ্গীদের টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। পরে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।   মুক্তির পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন লেখা। জানান, তাঁরা নিরাপদে আছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, বাড়ি ফিরে তিনজন একে অপরকে জড়িয়ে ধরেছেন। তবে মুক্তির পরও ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ লেখার। তাঁর দাবি, বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে দেওয়া হয়নি। পুলিশ চালকদের হুমকি দিচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।   আটকের সময়ের বিভিন্ন ঘটনা ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন জায়েন। তাঁর দাবি, কেন তাঁদের আটক করা হয়েছে, তা জানতে চেয়েও পুলিশের কাছ থেকে উত্তর পাননি তাঁরা। ইয়েলো গেট থানার কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাননি। পরে থানা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তখন এক পুলিশ কর্মকর্তা তাঁদের পিছু নেন। জায়েন জানান, ওই কর্মকর্তার কাছে আটকের কারণ জানতে চাইলে তিনি শুধু ‘দুই মিনিট’ বলছিলেন। এরপর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলেন।   ইমরানের অভিযোগ, তাঁদের তিনজনকে পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘোরানো হয়। কিন্তু কেন আটক করা হয়েছে, তা জানানো হয়নি। এদিকে আটকের কারণ জানতে চেয়ে পুলিশের সঙ্গে কথা বলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পুলিশ সদস্যরা চলে যেতে থাকলে তাঁদের দিকে হাত নেড়ে ‘জয় হিন্দ’ বলেন ইমরান।   আটকের ঘটনা নিয়ে রসিকতাও করেছেন অভিনেতা। পুলিশের ভ্যানে বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’   কেন আটক হয়েছিলেন ইমরান? প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভের আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে। মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের অনুমতি নেওয়া হয়নি। তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই–মেইলে অনুমতি চেয়েছিলেন; কিন্তু কোনো উত্তর পাননি।   শুধু মুম্বাই নয়, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরেও বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
তমার অভিনয়ে মুগ্ধ রায়হান রাফী, ‘আমলনামা’ নিয়ে আবেগঘন স্মৃতিচারণ

‘আমলনামা’ চলচ্চিত্রে তমা মির্জার অভিনয়ের প্রশংসা করেছেন নির্মাতা রায়হান রাফী। বিশেষ করে চলচ্চিত্রটির শেষ দৃশ্যে তমার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছিল বলে জানিয়েছেন তিনি। দর্শকদের মধ্যেও সেই আবেগের প্রতিফলন দেখে নির্মাণযাত্রাটিকে আরও অর্থবহ মনে হয়েছে পরিচালকের।   সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও চলচ্চিত্রটি ঘিরে নিজের অনুভূতির কথা তুলে ধরেন রায়হান রাফী।   পোস্টে তিনি জানান, চলচ্চিত্রটির শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমার অভিনয় পুরো টিমকে আবেগাপ্লুত করে তোলে। পরে দর্শকদের প্রতিক্রিয়ায় একই আবেগ অনুভব করতে পেরে তিনি আনন্দিত হন।   রাফীর ভাষ্যে, ‘আমলনামা’ তার কাছে বিশেষ একটি জায়গা দখল করে আছে। ভালোবাসা, আস্থা এবং একটি অসাধারণ দলের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই চলচ্চিত্র তার জন্য ছিল ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি যাত্রা।   চলচ্চিত্রটি ঘিরে পাওয়া স্বীকৃতির কথাও তুলে ধরেন পরিচালক। ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তমা মির্জা সেরা অভিনেত্রী এবং রায়হান রাফী সেরা পরিচালক (চলচ্চিত্র) বিভাগে পুরস্কার পেয়েছেন। এ অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাণকাজের সঙ্গে যুক্ত সবার প্রতি গর্বের কথা জানান তিনি।   রায়হান রাফীর পরিচালনায় ‘আমলনামা’ চরকিতে মুক্তি পাওয়া একটি অরিজিনাল চলচ্চিত্র। ওয়েব সিরিজ নয়, একক চলচ্চিত্র হিসেবে নির্মিত এই কাজের গল্পে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া রয়েছে।   চলচ্চিত্রটির শেষ দৃশ্যে তমার অভিনয়, দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া এবং পুরস্কারপ্রাপ্তি—সব মিলিয়ে ‘আমলনামা’ নির্মাতা ও অভিনয়শিল্পীর জন্য স্মরণীয় একটি কাজ হয়ে উঠেছে বলে জানিয়েছেন রায়হান রাফী।

আক্তারুজ্জামান অক্টোবর ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
ট্রলিং নিয়ে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা, বললেন—নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই

মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এবার নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তার বার্তা—অন্যের নেতিবাচক মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়।   লন্ডনে নিজের প্রসাধনী ব্র্যান্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাটরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া নেতিবাচক ধারণা ও সমালোচনা নিয়ে কথা বলেন। কাউকে সরাসরি লক্ষ্য না করেই তিনি জানান, অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারানো ঠিক নয়।   ক্যাটরিনার ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছে, তা দিয়ে নিজের আত্মসম্মান নির্ধারণ করা ভুল। সবাইকে খুশি করার চেষ্টা করলে একসময় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাও হারিয়ে যেতে পারে।   নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দেওয়ার পরিণতি তুলে ধরে অভিনেত্রী বলেন, এসব মন্তব্যকে নিজের জীবন পরিচালনা করতে দিলে ভয়ের কারণে মানুষ এক জায়গায় থমকে যেতে পারে। জীবনে সামনে এগিয়ে যাওয়ার সাহসও হারিয়ে ফেলতে পারে।   নিজের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ক্যাটরিনা আরও বলেন, বিশ্ব যখন আপনাকে সমর্থন করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম নয়—কখনো সবকিছু মনের মতো থাকবে, আবার কখনো প্রত্যাশা অনুযায়ী কিছুই হবে না।   তার মতে, কখনো নিজের সেরা রূপে থাকা সম্ভব হয়, আবার কখনো সেই অবস্থানে পৌঁছানোর যাত্রা চলতে থাকে। তাই জীবনের পরিবর্তনগুলো সহজভাবে গ্রহণ করা এবং নিজেকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাই গুরুত্বপূর্ণ।   মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সমালোচনার বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে ক্যাটরিনার এই বক্তব্য। তার কথায় উঠে এসেছে আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং অন্যের নেতিবাচক মন্তব্যের বাইরে নিজের জীবনকে এগিয়ে নেওয়ার বার্তা।

আক্তারুজ্জামান অক্টোবর ১০, ২০২৬
পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাচ্ছেন মন্ত্রীর মর্যাদা

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নতুন এই দায়িত্বের সঙ্গে তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।   রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।   তথ্য ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখবেন মিঠুন। তবে তার দায়িত্বের সুনির্দিষ্ট পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানা যেতে পারে।   এর আগে কলকাতার নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করার ঘোষণা দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বাংলা ও হিন্দি চলচ্চিত্রে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গে দলটির বিভিন্ন নির্বাচনী প্রচারেও অংশ নেন।   দীর্ঘ অভিনয়জীবনের পর এবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক কার্যক্রমে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন এই অভিনেতা। তার নতুন ভূমিকা ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।

আক্তারুজ্জামান অক্টোবর ০৯, ২০২৬
জয়া আহসান। ছবি: সংগৃহীত
‘বয়স বাড়ছে, অথচ জয়া আহসানকে দেখাচ্ছে আরও তরুণ!’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বয়স যেন থমকে আছে। বয়স ৪৩ পেরিয়ে গেলেও চেহারায় তার নেই কোনো বয়সের ছাপ। যেন সময়ের সঙ্গে আরও তরুণী হয়ে উঠছেন তিনি। রুপালি পর্দার চাকচিক্য পেরিয়ে এবার নীলে ডুব সাঁতার দিলেন এই অভিনেত্রী।    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। এর পরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। সব মিলিয়ে অভিনেত্রীর নতুন ছবিগুলো আবারও প্রমাণ করল— তার জন্য বয়স শুধু একটি সংখ্যামাত্র। যার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে রূপের জাদু।    অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেছে, নীলের আবেশে তোলা চোখের চাহনি বিশেষভাবে নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে। ছবি প্রকাশের পর থেকেই তার সৌন্দর্য ও বয়স নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।    অভিনেত্রীর আভিজাত্যের বাইরে রয়েছে নিজের মতো এক স্বতন্ত্র জগৎ। সেখানে তিনি বেশ সাধারণ ও প্রকৃতিপ্রেমী। নিজের মতো করে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।    ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও নিয়মিতই নিজের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন জয়া। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘নীল রঙ আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ জয়া আহসানের ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে তার রূপের প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা।    এক নেটিজেন লিখেছেন— ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘আমি ছোটবেলায় যেমন দেখেছি, এখনো ঠিক সে রকমই দেখি।’ অন্য আরেকজনের মন্তব্য— ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ আরেক নেটিজেনের ভাষ্য— ‘নীল রঙ দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’ 

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৯, ২০২৬
ছবি: সংগৃহীত
বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার অভিযোগ, কোহলির অস্বীকার

বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার যে দাবি উঠেছে, তা সরাসরি নাকচ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি এ ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।   বুধবার (৭ অক্টোবর) কোহলির মুখপাত্র এক বিবৃতিতে জানান, কোনো আর্থিক সুবিধার বিনিময়ে নয়, বরং প্রেমানন্দ মহারাজের প্রতি ব্যক্তিগত বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই কোহলি তার আশ্রমে যান।   সম্প্রতি শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দীনেশ শর্মা, যিনি ফলাহারী মহারাজ নামে পরিচিত, দাবি করেন—বৃন্দাবনের ওই আশ্রমে বিরাট কোহলিকে নিয়ে যেতে ৫ কোটি রুপি ব্যয় করা হয়েছিল। তার বক্তব্য অনুযায়ী, রাজস্থানভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান অথবা একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সফরের আয়োজন ও অর্থায়ন করেছিলেন।   তবে ওই দাবির পক্ষে কোনো চুক্তিপত্র, আর্থিক লেনদেনের নথি কিংবা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   দাবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে কোহলির প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করে।   মুখপাত্রের বক্তব্য, ফলাহারী মহারাজ দীনেশ শর্মার করা অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং তথ্যগতভাবে ভুল। কোহলি কেবল প্রেমানন্দ মহারাজের প্রতি বিশ্বাস ও ভক্তি থেকেই আশ্রমে যান। একই সঙ্গে কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।   বিরাট কোহলি ও তার স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, এর আগে একাধিকবার বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের ‘রাধা কেলি কুঞ্জ’ আশ্রমে গেছেন। ২০২৩ সালের ৪ জানুয়ারি প্রথমবার তারা সেখানে যান। এরপর বিভিন্ন সময়ে আশ্রমে গিয়ে মহারাজের আশীর্বাদ নিয়েছেন এই তারকা দম্পতি।   এদিকে সম্প্রতি আশ্রম ভবনের চারতলা থেকে পড়ে রসিক দুলারি নামে এক ভক্তের মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে মথুরা পুলিশ। গত ২৫ সেপ্টেম্বরের ওই ঘটনার পর আশ্রমটি নিয়ে আলোচনা ও নজরদারি বাড়ার মধ্যেই কোহলিকে ঘিরে ৫ কোটি রুপির অর্থ লেনদেনের দাবি সামনে আসে।

আক্তারুজ্জামান অক্টোবর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।   মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানান, হাসপাতালে নেওয়ার পর নানা পাটেকারকে টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার হৃদ্‌যন্ত্রের কার্যক্রম আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।   এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর সময় নানা পাটেকারের ছেলে মালহার পাটেকার পুনেতে অবস্থান করছিলেন। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।   নানা পাটেকারের মৃত্যুর ঘটনায় একটি মেডিকেল-লিগ্যাল কেস (এমএলসি) করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার ময়নাতদন্ত সম্পন্ন করার কথা রয়েছে।   ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকারের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকার। তীব্র অভিনয়, দৃঢ় সংলাপ উপস্থাপন এবং ব্যতিক্রমী চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার দক্ষতার কারণে ভারতীয় সিনেমায় তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।   তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ইয়েশবন্ত’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।   ১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে নিজস্ব অভিনয়শৈলী দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।   ২০০০-এর দশকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’ (২০০৬) সিনেমায় তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।   ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। চরিত্রটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই ভূমিকায় অভিনয় করেন তিনি।   এ ছাড়া ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় এই অভিনেতাকে। দীর্ঘ অভিনয়জীবনে নানা পাটেকার বলিউডে শক্তিশালী ও স্বতন্ত্র অভিনয়ের জন্য দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন।

আক্তারুজ্জামান অক্টোবর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
শাহরুখের যে জীবনমন্ত্র আজও মেনে চলেন অভিষেক

বলিউড তারকা শাহরুখ খানের কাছ থেকে ক্যারিয়ারের শুরুর আগেই একটি গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছিলেন অভিষেক বচ্চন। সময় পেরিয়ে গেলেও সেই কথাটিকে নিজের অভিনয়জীবনের অন্যতম মূলনীতি হিসেবে মেনে চলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো স্মৃতি ও শাহরুখের দেওয়া পরামর্শের কথা জানিয়েছেন অভিষেক।   অভিষেক জানান, অভিনয়ে আসার আগে প্রতি রবিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলার আড্ডা বসত। সেখানে উদয় চোপড়া, হৃতিক রোশান ও সিকান্দার খেরসহ আরও কয়েকজন থাকতেন। সেই আড্ডায় নিয়মিত যোগ দিতেন শাহরুখ খানও।   তরুণদের সেই আড্ডায় শাহরুখকে অনেকটা বড় ভাইয়ের মতোই মনে করতেন অভিষেক। অভিনয়ের পাশাপাশি জীবনের নানা বিষয়েও তিনি অভিষেককে পরামর্শ দিতেন। বহু বছর পর সেই পরামর্শের গুরুত্ব এখনও অনুভব করেন বচ্চনপুত্র।   অভিষেক বলেন, একদিন কৌতূহল থেকে তিনি শাহরুখকে জিজ্ঞেস করেছিলেন—নিজের অভিনীত কোন সিনেমাটি তার সবচেয়ে বেশি পছন্দের?   জবাবে শাহরুখ তাকে বোঝান, একজন অভিনেতার কাছে তার বর্তমান কাজটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তিনি বলেন, যে কাজটি এখন করছেন সেটিকেই সবচেয়ে ভালো কাজ হিসেবে গ্রহণ করতে হবে। অতীতের কাজ নিয়ে পড়ে না থেকে বর্তমান কাজের প্রতি পুরো মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ।   অভিষেকের ভাষ্য অনুযায়ী, শাহরুখের সেই কথাটি তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। এরপর থেকে প্রতিটি নতুন কাজকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখার চেষ্টা করেন তিনি।   এদিকে দীর্ঘ বিরতির পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে। সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। পাশাপাশি বিশেষ একটি নাচের দৃশ্যে কারিনা কাপুর খানকে দেখা যেতে পারে—এমন গুঞ্জনও রয়েছে।   সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আক্তারুজ্জামান অক্টোবর ০৮, ২০২৬
ছবি: সংগৃহীত
মেসির বিদায়ে পূর্ণিমার আবেগঘন প্রতিক্রিয়া

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন তিনি।   মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগ ছড়িয়ে পড়ে গ্যালারি থেকে শুরু করে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীর মধ্যে। আর্জেন্টিনার জার্সিতে আর মেসিকে মাঠে দেখা যাবে না—এই বাস্তবতা অনেক ভক্তের কাছেই হয়ে উঠেছে আবেগঘন এক অধ্যায়ের সমাপ্তি।   প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে বাংলাদেশেও দেখা গেছে সেই আবেগের প্রতিফলন। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও।   ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা মেসির বিদায় নিয়ে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’   অন্যদিকে ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির শেষ ম্যাচ নিয়ে আবেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালি যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’   জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। বিশ্বকাপ জয় থেকে শুরু করে কোপা আমেরিকার সাফল্য—আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে তার পথচলা হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়।   বেনিনের বিপক্ষে শেষ ম্যাচেও সেই পরিচিত জাদুর ছাপ রেখেছেন তিনি। একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন। ফলে জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল ভক্তদের কাছে।   মাঠে বিদায়ের মুহূর্ত, গ্যালারিতে আবেগ আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের স্মৃতিচারণ—সব মিলিয়ে মেসির আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়টি যেন পরিণত হলো আবেগঘন এক বিদায়গাথায়।

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত
দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন কিয়ারা আদভানি

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির সংসারে আবারও আসতে চলেছে নতুন অতিথি। প্রথম সন্তান সারায়াহর জন্মের পর এবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন কিয়ারা।   ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি প্রকাশ করে সুখবরটি জানান অভিনেত্রী। ছবিতে সিদ্ধার্থ, কিয়ারা ও তাদের মেয়ে সারায়াহর হাতে ছোট্ট শিশুর বোনা একজোড়া জুতা দেখা যায়। প্রথমবার সন্তান আসার খবর জানানোর সময়ের মতো এবারও আবেগঘন ছবি দিয়েই নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছেন এই তারকা দম্পতি।   ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, এমন মূল্যবান আশীর্বাদে তার হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছে।   ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে জমকালো আয়োজনে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর গত বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়। মা হওয়ার পরও অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেননি কিয়ারা। চলতি বছর দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।   সম্প্রতি রাজ শামানির পডকাস্টে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কিয়ারা। তিনি জানান, মা হওয়ার পর তার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা ও মানসিকভাবে শক্ত করেছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।   কিয়ারার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসাও করেছেন ‘টক্সিক’-এর সহশিল্পী হুমা কুরেশি। তার ভাষ্য অনুযায়ী, সিনেমার একটি ভারী বৃষ্টির দৃশ্যের শুটিংয়ের সময় কিয়ারা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দৃশ্যটির শুটিং সম্পন্ন করেন।   সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের শুরু ২০২১ সালের আলোচিত সিনেমা ‘শেরশাহ’-এর সেটে। সিনেমাটিতে সিদ্ধার্থ অভিনয় করেন ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে এবং কিয়ারা ছিলেন ডিম্পল চিমার ভূমিকায়। পর্দার সম্পর্ক ধীরে ধীরে বাস্তব জীবনের প্রেমে রূপ নেয়। দীর্ঘদিন সম্পর্কের বিষয়টি গোপন রাখার পর ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তারা পরোক্ষভাবে বিষয়টি স্বীকার করেন। পরে ২০২৩ সালে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পূর্ণতা পায়।

আক্তারুজ্জামান অক্টোবর ০৭, ২০২৬
ছবি: সংগৃহীত
আইনি বিপাকে হানি সিং

বিতর্ক আর বিতর্কিত কর্মকাণ্ড যেন বলিউড র‍্যাপার হানি সিংয়ের জীবনের নিত্যসঙ্গী। প্রায়শই নানা মন্তব্য ও কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে আসা এই তারকা এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের গোড়ার দিকে একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মহারাষ্ট্র সাইবার সেলে মামলা দায়ের করা হয়। সেই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার সমন পাঠানো হলেও তা এড়িয়ে গিয়েছেন এই গায়ক।   ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কনসার্টে বিতর্কিত মন্তব্যের পর আইনি জটিলতায় পড়া হানি সিংকে গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি পুলিশি জেরা এড়াতে প্রতিনিধি মারফত বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন।   ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারি মাসে। দিল্লির একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে তীব্র শীতের মধ্যে গাড়িতে সঙ্গম করার পরামর্শ দেন হানি সিং। সেই সাথে অসংযত ভাষায় কনডম ব্যবহারের উপদেশ দেন শ্রোতা-দর্শকদের। মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। চরম কটাক্ষের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে ক্ষমা চান হানি।   ক্ষমা চাইতে গিয়ে তিনি জানান, অনিরাপদ যৌনতার কারণে তরুণ প্রজন্ম যে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই তিনি এমন ভাষা ব্যবহার করেছিলেন। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জেন-জি বা বর্তমান প্রজন্মের কাছে কথাটি সহজ ও বোধগম্য উপায়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এমন রূপক ও অনানুষ্ঠানিক ভাষা বেছে নিয়েছিলাম।’    তবে চিকিৎসকদের দোহাই দিয়ে এমন মন্তব্য করায় বিতর্ক না কমে আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। ভাষার শালীনতা বজায় না রাখা ও অশালীন মন্তব্য ছড়ানোর দায়ে শেষ পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়।

মো: দেলোয়ার হোসাইন অক্টোবর ০৭, ২০২৬
সংগৃহীত ছবি
সোশ্যাল মিডিয়া ছেড়ে এক বছর পর নায়িকার মুখে স্বস্তির কথা

২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। এই মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এক বছর পর জীবনে অনেক বেশি শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে অভিনেত্রী স্বীকার করেছেন, অভিনয়শিল্পীদের ক্যারিয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সুবিধাও রয়েছে।   বর্তমানে নেটফ্লিক্সের সিরিজ ‘#লাভ’-এর প্রচারে ব্যস্ত ঐশ্বরিয়া লক্ষ্মী। সিরিজটির প্রচারে প্রযোজক সৌন্দর্যা রজনীকান্ত ও সহশিল্পী অর্জুন দাসের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে ইউটিউবের ‘দ্য পূজা তালওয়ার শো’-তে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।   তিনি বলেন, ‘সবকিছু ধীরে ধীরে ঠিক জায়গায় আসছে। এই মুহূর্তে আমার জীবন যেমন আছে, তাতে আমি খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার সময়ের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি।’   অভিনেত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পেছনে যেসব কারণ কাজ করেছিল, সেগুলো এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে সেসব বিষয় প্রতিনিয়ত দেখার এবং সেগুলোর কারণে প্রভাবিত হওয়ার সুযোগ এখন তার নেই।   ঐশ্বরিয়ার ভাষায়, ‘যে বিষয়গুলো আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, সেগুলো এখনো কিছুটা আছে। কিন্তু অন্তত আমি সব সময় সেগুলো দেখছি না বা এসব বিষয়ে প্রভাবিত হচ্ছি না। সামগ্রিকভাবে জীবনের এখন অনেক ভালো একটা জায়গায় আছি।’   তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকও রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে নতুন প্রজন্মের অভিনয়শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের জন্য এটি নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ তৈরি করেছে।   ঐশ্বরিয়া বলেন, ‘অনেক কনটেন্ট নির্মাতার জন্য এখন ক্ষমতাটা তাদের হাতে। সম্প্রতি একটি বিষয় পড়েছিলাম—এখন আর বলা যায় না যে ইন্ডাস্ট্রি আপনাকে সুযোগ দেয়নি। নিজের প্রতিভা দেখানোর কিংবা নিজেকে এমনভাবে তৈরি করার সুযোগ এখন আছে, যাতে মানুষ আপনাকে দেখতে পারে।’   ২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সময় ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তিনি মনে করতেন অভিনয় ক্যারিয়ারে টিকে থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম অপরিহার্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যও এটিকে প্রয়োজনীয় মনে করেছিলেন তিনি।   চলতি বছর ‘গাট্টা কুস্তি ২’ ও ‘আশা’ সিনেমায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। তার নতুন সিরিজ ‘#লাভ’ বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। এছাড়া একটি তেলুগু সিনেমায় অভিনয় করবেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

মোঃ ইমরান হোসেন অক্টোবর ০৭, ২০২৬
সংগৃহীত ছবি
বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেল অজয় দেবগণের ‘দৃশ্যম ৩’

অজয় দেবগণের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। রহস্য, সাসপেন্স আর বুদ্ধির লড়াইয়ে ভরপুর এই সিরিজের নতুন কিস্তি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।     ছবিটি মুক্তির পর বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রথম সপ্তাহান্তে এর আয় ২৭২ কোটি রুপি ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।     অভিষেক পাঠক পরিচালিত এই সিনেমায় আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগণ। তার সঙ্গে রয়েছেন টাবু, জয়দীপ আহলাওয়াত, অক্ষয় খান্না, প্রকাশ রাজ ও রজত কাপুরের মতো তারকারা।     আগের দুই কিস্তির রহস্যময় আবহ ধরে রেখেই নতুন গল্পে হাজির হয়েছে ছবিটি। তবে এবার গল্পের মোড় ও পরিণতি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেশি।     অজয়ের অভিনয় ও ক্লাইম্যাক্সে মুগ্ধ দর্শক ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে অজয় দেবগণের সংযত অথচ প্রভাবশালী অভিনয়ের কথা। বিজয় সালগাঁওকরের চরিত্রে তার অভিব্যক্তি, চোখের ভাষা ও পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল দর্শকদের আকৃষ্ট করেছে।   বিশেষ করে জয়দীপ আহলাওয়াতের সঙ্গে তার মনস্তাত্ত্বিক লড়াই এবং ছবির শেষ অংশ নিয়ে আলোচনা চলছে।     কিছু দর্শকের কাছে শুরুর দিকের গল্পের গতি কিছুটা ধীর মনে হলেও, রহস্যের জট খোলা এবং শেষ মুহূর্তের চমক ছবিটির অন্যতম আকর্ষণ বলে উল্লেখ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে আলোচনা দেখা যাচ্ছে।     বক্স অফিসে বড় অঙ্কের আয়ের দাবি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, সোমবার দিন শেষে ভারতে ছবিটির মোট ‘নেট’ আয় দাঁড়িয়েছে ১৯৭.৫০ কোটি রুপিতে এবং ‘গ্রস’ আয় পৌঁছেছে ২৩৭ কোটিতে। আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী মোট ‘গ্রস’ আয় ৩০৩ কোটি রুপিতে দাঁড়িয়েছে।     এই আয় দিয়ে ২০২৬ সালের সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘দৃশ্যম ৩’। তালিকার শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর ২’ (ওপেনিং উইকেন্ডে ২৮৩.০৪ কোটি)। অন্যদিকে  ‘ওয়ার’ (১৬৬ কোটি রুপি), ‘বর্ডার ২’  (১২৯.৮৯ কোটি রুপি) ও ‘টক্সিক’ (পাঁচ দিনের উইকেন্ডে ১২৪.৫০ কোটি রুপি) -এর হিন্দি সংস্করণের মতো সিনেমাকেও পেছনে ফেলার দাবি করা হচ্ছে। পাশাপাশি ‘মির্জাপুর দ্য মুভি’ (উদ্বোধনী সপ্তাহান্তে ৯৭.৬৯ কোটি), ‘আওয়ারাপান ২’ (প্রথম সপ্তাহান্তে ৮৪.৩১ কোটি), ‘ধামাল ৪’ (৬৭.২১ কোটি), ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (৬৫.৮৩ কোটি), ‘ভূত বাংলা’ (৬৫.৬৫ কোটি) ও ‘ককটেল ২’ ( ৫০.১০ কোটি)-এর মতো ছবির উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের হিসাবও আলোচনায় এসেছে।     রহস্য আর চিত্রনাট্যই কি সাফল্যের চাবিকাঠি? ‘দৃশ্যম’ সিরিজের জনপ্রিয়তার অন্যতম কারণ এর গল্প বলার ধরন। সাধারণ একটি পরিবারকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি, পুলিশের তদন্ত এবং প্রতিটি পদক্ষেপে নতুন রহস্য—সব মিলিয়ে দর্শকদের শেষ পর্যন্ত গল্পের সঙ্গে আটকে রাখে এই ফ্র্যাঞ্চাইজি। নতুন কিস্তিতেও সেই রহস্যময় আবহ, চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং চমকে ভরা পরিণতি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মারিয়া রহমান অক্টোবর ০৬, ২০২৬
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না প্যাথলজি-রেডিওলজি রিপোর্টে সরাসরি চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক

প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।

শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহে ভাটা

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না।   একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।   এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন।   গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে।   জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে।   সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে।   কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে।   প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে।   আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’   সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না।   এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।

সপ্তাহের সেরা

জাতীয়

দুর্গাপূজায় সারা দেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন

জান্নাতুল ফেরদৌস জেমি অক্টোবর ১৫, ২০২৬