হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী লিবারেল পার্টির নেতা সালভাদর নাসরাল্লা রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরার চেয়ে সামান্য এগিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার প্রায় ৬৮ শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে। আসফুরা হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–সমর্থিত প্রার্থী।
হন্ডুরাসে গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। এরই মধ্যে ভোট গণনায় দেরি হওয়াকে কেন্দ্র করে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনী কর্তৃপক্ষ আংশিক ভোট গণনায় প্রাপ্ত সর্বশেষ ফল প্রকাশ করেছে। এতে দেখা যায়, ৬৮ শতাংশ ভোট গণনা শেষে নাসরাল্লা পেয়েছেন ৪০ দশমিক ১৩ শতাংশ ভোট এবং ন্যাশনাল পার্টির আসফুরা পেয়েছেন ৩৯ দশমিক ৭১ শতাংশ ভোট।
প্রধান দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৯ হাজার ১২৯। এর আগে গত সোমবার প্রকাশিত আংশিক ফলাফলে আসফুরা প্রায় ৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।
মঙ্গলবার প্রকাশিত ফলে ক্ষমতাসীন বামপন্থী দল লিব্রে পার্টির রিক্সি মোনকাদা ১৯ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
গতকাল সকালে হন্ডুরাসের নির্বাচনী কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তারা ওই সময় ভোট গণনা ব্যবস্থায় ত্রুটি সামাল দেওয়ার চেষ্টা করছিল। ওই ত্রুটির কারণে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ২০ শতাংশ ভোট গণনার বাইরে থেকে যায়। এতে ট্রাম্প সম্ভাব্য ভোট জালিয়াতির অভিযোগ তোলেন।
গত সোমবার নির্বাচন কর্তৃপক্ষ বলেছে, আসফুরা এবং নাসরাল্লা প্রায় সমান সমান অবস্থানে আছেন। তাঁরা দুজনই ৪০ শতাংশের সামান্য কিছু কম ভোট পেয়েছেন। এখন এ ভোট হাতে গণনা করা হবে।
হন্ডুরাসের নির্বাচনী কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকভাবে দ্রুত ভোট গণনার ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এতে যে ওয়েব পোর্টালে তাৎক্ষণিকভাবে ফলাফলের তথ্য হালনাগাদ করার কথা ছিল, সেটিতেও সমস্যা তৈরি হয়েছে।
গত সোমবার ওয়েবসাইট দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। অনেকে অভিযোগ করছেন, গত রোববার ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই হয়তো ভোট জালিয়াতি হয়েছে।
ভোট গণনা চলাকালে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজনসের এক নথিতে এমনটা উল্লেখ আছে। হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান ও আগ্নেয়াস্ত্রসংক্রান্ত অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
ট্রাম্প হন্ডুরাসের ভোটারদের ন্যাশনাল পার্টির প্রার্থী আসফুরাকে ভোট দেওয়ার আহ্বান জানানোর পর হার্নান্দেজকে মুক্তি দেওয়া হয়। আসফুরার জন্য ভোট চাওয়ার পাশাপাশি তিনি হার্নান্দেজকে ক্ষমা করে দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ট্রাম্প হার্নান্দেজকে ক্ষমা করে দিয়েছেন।
গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, হন্ডুরাস তাদের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তন করার চেষ্টা করছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যদি তারা এটা করে, তবে তাদের কঠিন পরিণতি হবে। হন্ডুরাসের মানুষ ৩০ নভেম্বর বিপুল সংখ্যায় ভোট দিয়েছে।’
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস নামের সংগঠনটি হন্ডুরাসে ভোট পর্যবেক্ষণ করেছে। তারা বলেছে, রোববারের নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক ছিল। দেশজুড়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। সংগঠনটি গত সোমবার দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘দেশটির কিছু শহরে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা বাদ দিলে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।’
তবে ভোট গণনা দীর্ঘায়িত হলে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং বিক্ষোভ–সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নির্বাচনী কর্তৃপক্ষ বলেছে, তারা এখন গণনা–সম্পর্কিত তথ্য সরাসরি সংবাদমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর কাছে প্রকাশ করবে। জনগণ যেন ফলাফলের দিকে নজর রাখতে পারে, তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
রাশিয়ার সাইবার হামলার পাল্টা জবাব দিতে প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্মের গুপ্তচর নিয়োগের উদ্যোগ নিয়েছে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এ লক্ষ্যে এবার গেমারদেরও নিয়োগের তালিকায় রাখছে সংস্থাটি। জার্মানির ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের সমতুল্য বৈদেশিক গোয়েন্দা সংস্থা বুন্ডেসনাখরিশটেনডিন্সট বা বিএনডির কর্মকর্তারা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও গেম উৎসব গেমসকমে অংশ নিয়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। বিএনডির কর্মকর্তারা মনে করছেন, গেমারদের অনেক দক্ষতার সঙ্গে সংস্থাটির প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত দক্ষতার উল্লেখযোগ্য মিল রয়েছে। বিশেষ করে জার্মানির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার হ্যাকারদের হামলার জবাব দিতে এসব দক্ষতা কাজে লাগানো যেতে পারে। ২০২৬ সালের গেমসকম উৎসব জার্মানির কোলোনে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিএনডির নিয়োগ কার্যক্রম দেশটির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মাধ্যমে একসময় তুলনামূলক সীমিত ক্ষমতার অধিকারী বিএনডিকে এমআইসিক্স ও ইসরায়েলের মোসাদের মতো শক্তিশালী গোয়েন্দা সংস্থায় পরিণত করতে চায় জার্মানি। গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, উৎসবে বিএনডির কাঙ্ক্ষিত যোগ্যতার সঙ্গে মেলে এমন গেমারদের পাঁচ ধাপের একটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এতে তাদের সাইবার নিরাপত্তা ও হ্যাকিংয়ের দক্ষতা যাচাই করা হবে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের মন্ত্রিসভা বিএনডির কার্যক্রমে বড় ধরনের সংস্কারের একটি প্যাকেজ অনুমোদন করেছে। এতে বিদেশে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাদের অস্ত্র ব্যবহারের পাশাপাশি নাশকতামূলক কার্যক্রম পরিচালনারও সুযোগ দেওয়ার কথা রয়েছে। তবে গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে ‘হ্যাক ব্যাক’ নামে পরিচিত নতুন বিধান। এর মাধ্যমে রাশিয়ার সাইবার হামলার জবাবে বিএনডি পাল্টা সাইবার হামলা চালাতে পারবে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভকে জার্মানির সমর্থনের প্রতিশোধ হিসেবে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রুশ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর একটি ঘটে ২০২৪ সালের মার্চে। ওই সময় রাশিয়া জার্মান বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি গোপন বৈঠকের রেকর্ডিং হাতে পায়। ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে জার্মানির সামরিক কৌশল নিয়ে আলোচনা করছিলেন কর্মকর্তারা। সাইবার হামলার বাইরেও জার্মানির প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র, ইউক্রেনকে সরঞ্জাম সরবরাহকারী কারখানায় আগুন দেওয়া এবং জার্মান বিমানবন্দরে বোমা পেতে রাখার মতো কর্মকাণ্ডে রাশিয়ার সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে। এ পরিস্থিতিতে রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ মোকাবিলায় বিএনডির জন্য নতুন দক্ষ জনবল নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে তরুণ জার্মান গোয়েন্দাদের রুশ সাইবার হামলার জবাবে মস্কোর গোয়েন্দা তথ্যভাণ্ডার কিংবা অস্ত্র উৎপাদন নেটওয়ার্কে পাল্টা সাইবার হামলা চালানোর মতো কাজ করতে হতে পারে। বিএনডির মুখপাত্র জুলিয়া লিনার দ্য টেলিগ্রাফকে বলেন, গেমারদের সঙ্গে সংস্থাটির প্রয়োজনীয় প্রতিভার উল্লেখযোগ্য মিল রয়েছে। তারা প্রযুক্তিতে দক্ষ, বিভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করে, মিশন সম্পন্ন করতে আগ্রহী এবং সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমানে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তারা সম্ভবত এমন একটি নতুন বিএনডিতে যোগ দেবেন, যার কাঠামো চলমান আইন সংস্কারের মাধ্যমে পরিবর্তিত হবে। গেমারদের আকৃষ্ট করতে বিএনডি নিজেই একটি ভিডিও গেম তৈরি করেছে। ‘বিএনডি লিজেন্ডস’ নামের গেমটিতে গুপ্তচরবৃত্তি ও হ্যাকিংয়ের বিষয় তুলে ধরা হয়েছে। গেমসকমে বিএনডির স্টলে এটি খেলার সুযোগ থাকবে। বিএনডির কর্মকর্তারা বলছেন, গেমারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলার পাশাপাশি উৎসবে প্রযুক্তি ও হ্যাকিংয়ে দক্ষ পেশাজীবীদেরও খুঁজে বের করবেন সংস্থার কর্মকর্তারা। তবে গেমারদের নিয়োগই জার্মানির অস্বাভাবিক জনবল সংগ্রহের একমাত্র উদ্যোগ নয়। দেশটির সামরিক বাহিনী বুন্ডেসভেরকেও ক্যারিয়ার প্রচারের জন্য ক্যামোফ্লাজ নকশার কাবাবের মোড়ক ব্যবহার করতে দেখা গেছে। সেই মোড়কে সামরিক বাহিনীর চাকরির ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। ইংরেজিতে ‘ওয়ান ক্যারিয়ার উইথ এভরিথিং’ লেখা ওই মোড়কটি জার্মান ভাষায় ‘সবকিছুসহ একটি কাবাব’ কথাটির সঙ্গে শব্দের খেলার মাধ্যমে তৈরি করা হয়েছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত বিএনডিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় গোয়েন্দা ব্যবস্থায় তুলনামূলক সীমিত পর্যবেক্ষক ভূমিকার জন্য গড়ে তোলা হয়েছিল। এর মাধ্যমে নাৎসি আমলের গেস্টাপো ও এসএসের নিরাপত্তা শাখা সিশেরহাইটসডিন্সটের সঙ্গে সংস্থাটির স্পষ্ট দূরত্ব তৈরি করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিএনডির কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, রাশিয়ার মতো সম্ভাব্য বড় হুমকির মুখে সংস্থাটির ওপর আরোপিত অনেক বিধিনিষেধ পুরোনো ও অযৌক্তিক। মেরৎস সরকারও গোয়েন্দা সংস্কারের উদ্যোগ নিয়ে বলেছে, এর মাধ্যমে জার্মানি অবশেষে একটি প্রকৃত গোয়েন্দা সংস্থা পাবে। যদিও বিএনডিকে আরও শক্তিশালী করার এই পরিকল্পনা নিয়ে জার্মানিতে সমালোচনাও রয়েছে। বাম ও ডান উভয় রাজনৈতিক শিবিরের একটি অংশ গোয়েন্দা সংস্থার ক্ষমতা বাড়ানোর বিষয়ে উদ্বিগ্ন। বামপন্থি দল ডি লিংকের মতে, গোয়েন্দা সংস্থার ক্ষমতা বাড়ানো জার্মানির অতীতের দিকে ফিরে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। দলটির সংসদ সদস্য উলরিশ থোডেন বলেন, গোয়েন্দা সংস্থার ওপর নিয়ন্ত্রণ ও ভারসাম্য নিশ্চিত করা জার্মানির ইতিহাস থেকে পাওয়া গুরুত্বপূর্ণ শিক্ষা, বিশেষ করে গেস্টাপোর অভিজ্ঞতা থেকে। অন্যদিকে ডানপন্থি পপুলিস্ট দল অলটারনেটিভ ফর জার্মানিও সংস্কার নিয়ে উদ্বেগ জানিয়েছে। দলটি বিশেষ করে জার্মান নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। তবে নতুন সংস্কারেও বিএনডিকে পুরোপুরি ‘জেমস বন্ড’ ধরনের ক্ষমতা দেওয়া হচ্ছে না। বিশেষ করে সংস্থাটির কর্মকর্তাদের কাউকে হত্যা করার মতো সরাসরি অনুমোদন বা ‘লাইসেন্স টু কিল’ দেওয়া হয়নি। সূত্র : দ্য টেলিগ্রাফ
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চীন জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের সকল অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক আইনের সীমানার মধ্যেই পরিচালিত হচ্ছে। বেইজিং মনে করে, দুই দেশের এই স্বাভাবিক সহযোগিতায় তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন জিয়ান এই বার্তা স্পষ্ট করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ৬০টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। ওয়াশিংটনের দাবি, এই পদক্ষেপে ইরানের অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আসবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেইজিং পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। চীনের মূল ভূখণ্ড বা তাদের কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ন হলে তা রক্ষায় চীন যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। উল্লেখ্য, চীন ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যার মধ্যে জ্বালানি তেল আমদানি অন্যতম। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ওপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসলেও বেইজিং শুরু থেকেই বলে আসছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এককভাবে আরোপিত কোনো দেশের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনসম্মত নয়। ফলে মার্কিন নতুন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই চীন-ইরান বাণিজ্য অক্ষুণ্ন রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বেইজিং। সূত্র: আল-আরাবিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অনেকে ২০২৪ সালের আন্দোলনকে শুধু কয়েকজন ব্যক্তির নামে চালাতে চান। তবে দেশের মানুষ মনে করে ২০২৪ সালে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল। তারই ধারাবাহিকতায় ছাত্র-গণআন্দোলন সফল হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, “বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে আরও অনেক রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করেছে। এ সময় বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় আসামি হয়ে শাস্তি ভোগ করেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সাজাপ্রাপ্ত হয়ে লন্ডন থেকে দেশে ফিরতে পারেননি।” ড. মোশাররফ বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের এরশাদবিরোধী আন্দোলনে ভূমিকার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “এরশাদের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির মহাসচিব হিসেবে সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” আন্দোলনের সমন্বয়ের জন্য গঠিত লিয়াজোঁ কমিটির আহ্বায়কও ছিলেন তিনি। নিজের সঙ্গে সালাম তালুকদারের স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এরশাদবিরোধী আন্দোলনের সময় জামালপুরে একটি জনসভায় যাওয়ার কর্মসূচি ছিল। এর আগের দিন এরশাদ একটি নির্বাচনের ঘোষণা দেন এবং ওই নির্বাচনের বিষয়ে বক্তব্য দিলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। তখন অনেক নেতা মনে করেছিলেন, জামালপুরের ওই জনসভায় গেলে তাদের গ্রেফতার হতে হবে। ওই পরিস্থিতিতে খালেদা জিয়া টেলিফোনে সালাম তালুকদারের সঙ্গে কথা বলেন। তখন সালাম তালুকদার জানিয়েছিলেন, তিনি এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা গ্রেফতার হতে প্রস্তুত। কিন্তু জনসভায় না গেলে তাদের ইজ্জত থাকবে না। শেষ পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে নেতারা জামালপুরের জনসভায় যোগ দেন।” তিনি বলেন, “জনসভা শেষে ঢাকায় ফেরার সময় তাদের গ্রেফতার হওয়ার আশঙ্কা ছিল। তবু খালেদা জিয়া ও সালাম তালুকদার সিদ্ধান্ত নেন, তারা কোথাও আত্মগোপন করবেন না; বরং যার যার বাসায় ফিরে যাবেন। ঢাকায় ফেরার পথে টঙ্গীর কাছে সালাম তালুকদার, ব্যারিস্টার টি এইচ খান, তিনি নিজেসহ অনেক নেতাকে গ্রেফতার করা হয়।” খন্দকার মোশাররফ বলেন, “ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে খালেদা জিয়া ও ব্যারিস্টার সালাম তালুকদারের গণতন্ত্র ও রাজনীতির প্রতি দৃঢ়তার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে এরশাদবিরোধী আন্দোলন গণআন্দোলনে রূপ নেয় এবং খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।” তিনি বলেন, “এরশাদের পতনের পর দেশের জনগণ খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধি দেয় এবং নির্বাচনের মাধ্যমে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। আন্দোলন সফল করা এবং পরবর্তী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার সময় দলের মহাসচিব ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার।” অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বর্তমানে যারা মন্ত্রী হয়েছেন বা প্রধানমন্ত্রী যাদের নিয়ে কাজ করছেন, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু রাগ, গোসা বা অভিমান থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে এবং দল তা মোকাবিলায় সজাগ না থাকলে পরিস্থিতি কঠিন হতে পারে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় না থাকলে ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও ঝুঁকিতে পড়তে হবে।”