ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আবেদনের প্রাথমিক শুনানি শেষে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে গোলাম পরওয়ার আদালতে আবেদন করেন।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ২৫টিরও বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপির অভিযোগ থাকলে হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনি আবেদন’ করা যায়।
জানা গেছে, এসব আবেদনের শুনানির জন্য গঠিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে বর্তমানে নিয়মিত শুনানি চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে নির্বাচনি ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আসনের ফলাফলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবে।