কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। সোমবার ভোররাতে উপজেলার সীমান্তসংলগ্ন আশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কয়েকজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেন সংসদ সদস্য।
স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও বিক্রি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। এতে সংসদ সদস্য সরাসরি উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় হাজী জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং মাদককারবারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে বিজিবি সদস্যরা অংশ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।