দেশের সড়ক ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ হচ্ছে, প্রতিদিন সড়কে নামছে নতুন নতুন বিলাসবহুল গাড়ি। কিন্তু সড়কে শৃঙ্খলা ফিরছে না। দুর্ঘটনার ভয়াবহতাও যেন কমছে না। প্রায় প্রতিদিনই সড়কে প্রাণ হারাচ্ছেন মানুষ। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, শ্রমজীবী, বয়োবৃদ্ধ, নারী ও শিশু।
২০১৮ সালে দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা নিরাপদ সড়ক আন্দোলন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। তখন অনেকেই আশা করেছিলেন, এবার বুঝি সড়কে শৃঙ্খলা ফিরবে, থামবে মৃত্যুর মিছিল। আট বছর পর সেই প্রত্যাশার প্রতিফলন কতটা ঘটেছে?
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২ বছরে দেশের বিভিন্ন স্থানে ৬৯ হাজার ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯৫ হাজার ৭৬১ জন। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার মানুষ। শুধু ২০২৫ সালেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৯ হাজার ১১১ জন। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, একই বছর দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৭ হাজার ৩৫৯।
সংখ্যার এই ব্যবধান দুই সংগঠনের হিসাবে পার্থক্য তুলে ধরলেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ব্যাপকতা স্পষ্ট করে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের স্লোগান এখনো দেয়ালে আছে। কিন্তু সড়ক কি সত্যিই নিরাপদ হয়েছে?
১২ বছরে প্রায় ৯৬ হাজার মানুষের মৃত্যু
সড়ক দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সারা দেশে ৫ হাজার ৯২৮টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৮৯ জন নিহত ও ১৭ হাজার ৫২৪ জন আহত হন। ২০১৫ সালে ৬ হাজার ৫৮১টি দুর্ঘটনায় নিহত হন ৮ হাজার ৬৪২ জন। আহত হন ২১ হাজার ৮৫৫ জন।
২০১৬ সালে দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় ৪ হাজার ৩১২টিতে। ওই বছর ৬ হাজার ৫৫ জন নিহত ও ১৫ হাজার ৯১৪ জন আহত হন। ২০১৭ সালে ৪ হাজার ৯৯৭টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৯৭ জন নিহত এবং ১৬ হাজার ১৯৩ জন আহত হন।
২০১৮ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫১৪টিতে। এসব দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত ও ১৫ হাজার ৪৬৬ জন আহত হন। ২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জনের মৃত্যু হয়। আহত হন ১৩ হাজার ৩৩০ জন।
২০২০ সালে ৪ হাজার ৮৯১টি দুর্ঘটনায় ৬ হাজার ৬৮৬ জন নিহত ও ৮ হাজার ৬০০ জন আহত হন। ২০২১ সালে ৫ হাজার ৬২৯টি দুর্ঘটনায় প্রাণ হারান ৭ হাজার ৮০৯ জন। আহত হন ৯ হাজার ৩৯ জন।
২০২২ সালে দুর্ঘটনা ও প্রাণহানি আরও বেড়ে যায়। ওই বছর ৬ হাজার ৭৪৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত ও ১২ হাজার ৩৫৬ জন আহত হন। ২০২৩ সালে ৬ হাজার ২৬১টি দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত এবং ১০ হাজার ৩৭২ জন আহত হন।
২০২৪ সালে ৬ হাজার ৩৫৯টি দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়। আহত হন ১২ হাজার ৬০৮ জন। আর ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৯ হাজার ১১১ জন। আহত হন ১৪ হাজার ৮১২ জন।
অন্য হিসাবেও উদ্বেগজনক প্রাণহানি
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সংগঠনটির হিসাবে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১৬ হাজার ৪০২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৬ হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে।
বছরভিত্তিক হিসাবে, ২০২০ সালে ১ হাজার ৩৮১টি দুর্ঘটনায় ১ হাজার ৪৬৩ জন নিহত হন। ২০২১ সালে ২ হাজার ৭৮টি দুর্ঘটনায় ২ হাজার ২১৪ জন, ২০২২ সালে ২ হাজার ৯৭৩টি দুর্ঘটনায় ৩ হাজার ৯১ জন, ২০২৩ সালে ২ হাজার ৫৩২টি দুর্ঘটনায় ২ হাজার ৪৮৭ জন এবং ২০২৪ সালে ২ হাজার ৭৬১টি দুর্ঘটনায় ২ হাজার ৬০৯ জন নিহত হন।
২০২৫ সালে ৩ হাজার ২৯টি দুর্ঘটনায় ২ হাজার ৬৭১ জনের মৃত্যু হয়। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৬৪৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৪৯২ জন।
দুর্ঘটনার পেছনে যেসব কারণ
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়কের অবকাঠামো, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা এবং শারীরিক-মানসিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তাঁর মতে, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিও দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখছে।
সাইদুর রহমান বলেন, ‘অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এজন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখী সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।’
তিনি বলেন, ‘পেশাগত সুযোগ-সুবিধা বিশেষ করে, নিয়োগপত্র, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকার কারণে বাস এবং পণ্যবাহী যানবাহনের অধিকাংশ চালক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তারা সবসময় অস্বাভাবিক আচরণ করেন এবং বেপরোয়াভাবে যানবাহন চালান। ফলে দুর্ঘটনায় আক্রান্ত হন। তাই সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে পরিবহন শ্রমিকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং সড়ক পরিবহন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইনের প্রয়োগে জোর
সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের ক্ষেত্রে ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করার কথা বলেছে সংগঠনটি।
মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে সেগুলোর জন্য আলাদা পার্শ্বসড়ক বা সার্ভিস রোড নির্মাণ, পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার তৈরি, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ এবং রেল ও নৌপথ সংস্কারের মাধ্যমে সড়কের ওপর চাপ কমানোরও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, যানবাহনের ফিটনেস পদ্ধতি আধুনিকায়ন, মেয়াদোত্তীর্ণ যানবাহন স্ক্র্যাপ করা, প্রযুক্তিনির্ভর ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা গড়ে তোলা এবং সচেতন নাগরিক সমাজ তৈরি করা গেলে ধীরে ধীরে সড়ক দুর্ঘটনা কমে আসবে।
২০৩০ সালের লক্ষ্য, সমন্বিত উদ্যোগের তাগিদ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার সরকারি অঙ্গীকার বাস্তবায়নে গবেষণা ও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)। এ লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিআইপিআরবি’র নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোড সেফটি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন।
মূল প্রবন্ধে বিশ্বে সড়ক দুর্ঘটনার চিত্র, বাংলাদেশে দুর্ঘটনার পরিসংখ্যান, দুর্ঘটনার প্রধান কারণ এবং বিদ্যমান সড়ক পরিবহন আইন ও নীতিমালার সীমাবদ্ধতা তুলে ধরা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ কার্যকরভাবে প্রয়োগের প্রয়োজনীয়তার পাশাপাশি এ বিষয়ে সিআইপিআরবি’র বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়।
আলোচনায় সড়কে নিরাপদ চলাচলে পথচারী, যাত্রী ও চালকদের দায়িত্বের বিষয়টি গুরুত্ব পায়। মুক্ত আলোচনায় অ্যাম্বুলেন্সচালকদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং দুর্ঘটনা-পরবর্তী সেবার জন্য নির্দেশিকা তৈরির প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে দুর্ঘটনার তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা, সড়ক ব্যবহারে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন স্থাপনের উপায় নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
সভায় সড়ক নিরাপত্তায় সিআইপিআরবি’র চলমান কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপনির্বাহী পরিচালক ও আরটিআই প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী বক্তব্যে সিআইপিআরবির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গবেষণা ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার সরকারি অঙ্গীকার বাস্তবায়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন
সরকার ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে ‘দৃঢ় প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা এবং মহাসড়কে নিরাপদ অবকাঠামো তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
আট বছর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে আলোড়ন তুলেছিল। এরপরও বিভিন্ন সংগঠনের পরিসংখ্যানে সড়কে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, তা নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জকেই সামনে আনছে। প্রযুক্তির ব্যবহার, চালকদের প্রশিক্ষণ, সড়ক অবকাঠামোর উন্নয়ন, আইনের প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ এসেছে বারবার। এখন এসব উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপরই নির্ভর করছে সড়কে মৃত্যুর মিছিল কমানোর অগ্রগতি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা খুব বেশি আগ্রহ না দেখালেও এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন করে মোটরসাইকেল, স্পিডবোট, মৎস্য প্রক্রিয়াজাত, হস্তশিল্পপণ্য, বহুমুখী পাটজাত পণ্য, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন, ক্রোকারিজ, তাঁবু, রিসাইকেলড কটন ব্যাগ এবং টেরিটাওয়েল খাতে বন্ড লাইসেন্স ছাড়া শুধু ব্যাংক নিশ্চয়তার বিপরীতে কাঁচামাল আমদানির সুযোগ বিস্তৃত করেছেন। গত সেপ্টেম্বরে রপ্তানি খাতের জন্য এ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। তাতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানি করা পণ্যের ওপর কাস্টমসের পক্ষ থেকে নিরূপিত শুল্ক–করের সমপরিমাণ অর্থের ব্যাংক নিশ্চয়তা জমা দিতে হবে। জানতে চাইলে ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সহসভাপতি নাছির খান প্রথম আলোকে বলেন, সরকার যে সুবিধা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে কাঁচামাল আমদানির আগে ও পরে একাধিক অনুমতি নিতে হবে। শুরুতে কাঁচামাল আমদানির আগে একবার অনুমতি নিতে হবে। আবার আমদানির পর ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় করতেও অনুমতি লাগবে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে সুবিধাটি কোনো কাজে লাগছে না। সুবিধাটি কার্যকর করতে হলে মূল্য সংযোজন পদ্ধতিতে যেতে হবে। ১০০ মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করলে ১২০-১৩০ ডলারের রপ্তানি করতে হবে—এমন শর্তে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দিতে হবে। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপানে এ ব্যবস্থা চালু রয়েছে। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় দশমিক ৫৮ শতাংশ কম। সদ্য বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশলপণ্য ও হিমায়িত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি কমেছে। কেন সুবিধাটি নিচ্ছেন না ব্যবসায়ীরা এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক–করের সমপরিমাণ অর্থ ব্যাংক নিশ্চয়তার মাধ্যমে কাস্টম হাউস বা স্টেশনে জমা দিতে হবে। প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের তালিকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের কাছে দাখিল করতে হবে। কমিশনার সেটি যাচাই-বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে সব ব্যয় আমদানিকারককে বহন করতে হবে। এরপর কমিশনার অনুমতিপত্র দিলে কাঁচামাল আমদানি করা যাবে। তারপর পণ্য রপ্তানির পর কমিশনারের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক নিশ্চয়তার অর্থ ছাড় হবে। প্রজ্ঞাপন জারির সময় এনবিআর আশা প্রকাশ করে বলেছিল, বন্ড লাইসেন্স না থাকা সত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেওয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি দেশের রপ্তানি-বাণিজ্য সম্প্রসারিত হবে। আসবাব খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেখানে কারিগরি কিছু সমস্যা রয়েছে। ক্রয়াদেশ পাওয়ার পর অনুমতি নিয়ে কাঁচামাল আমদানি করতে হবে। আমাদের খাতে ১২-২০-২৫ হাজার ডলারের ছোট ছোট ক্রয়াদেশ আসে। ফলে বারবার অনুমতি নেওয়া খুবই কঠিন। আবার আসবাবের জন্য প্রয়োজনীয় লেকার ও বোর্ড আমদানিতে এ সুযোগ নেই। ফলে আমরা এ সুবিধার আওতায় কাঁচামাল আমদানির পথে যাইনি।’ সেলিম এইচ রহমান বলেন, রপ্তানিকারকদের আগে সহজে আমদানির এ সুযোগ দিতে হবে। তারপর কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দিতে হবে। কিন্তু সুবিধা দেওয়ার আগেই হাত-পা বেঁধে রাখা হয়েছে। এ কারণে বাস্তবে এ ধরনের সুবিধা কাজে লাগছে না। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর অল্প কিছু প্রতিষ্ঠান সুবিধাটি নিয়েছে। যে বিধান করা হয়েছে, তাতে প্রকৃত ব্যবসায়ীরা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে।
ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। এরপর দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিবর্তন আনতে হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনাতেও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ‘চাম্পি’ ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে। চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি অন্যতম।ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। এরপর দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিবর্তন আনতে হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের একটি বড় সামরিক মহড়ার পরিকল্পনাতেও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ‘চাম্পি’ ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে। চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি অন্যতম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমলেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রয়েছে। তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হয়েছে। ফলে দ্বীপরাষ্ট্রটির বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়তে পারে। সিডব্লিউএর তথ্য অনুযায়ী, বর্তমানে ‘চাম্পি’ তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। এরপর এটি দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবে ড্রোন ও বিমানবন্দর হামলায় অন্তত তিনজন নিহত ও আটজন আহত হওয়ার ঘটনার পর দেশটিতে অবস্থানরত নিজেদের কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এ ছাড়া এই অঞ্চলের আরও একাধিক মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রেক্ষাপটে মার্কিন সরকার কেবল সৌদি আরবে অবস্থানরত ‘জরুরি নন এমন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের’ ফিরে আসার নির্দেশ দিয়েছে। টমি পিগট আরও বলেন, ইরান-সমর্থিত হুথিরা বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ সৌদি আরবের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন তৎপরতা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। এসব হামলায় বেসামরিক লোক হতাহত হচ্ছে এবং বিমান চলাচলে গুরুতর বিঘ্ন ঘটছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে সৌদি আরবের বাইরের মিশনগুলোর পরিবর্তনের বিষয়ে পিগট কোনও মন্তব্য করেননি। প্রস্থান নির্দেশনার পরপরই সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এর আগে একই দিনে সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি অরামকোর শাইবাহ তৈলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টাকালে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করে। এ ঘটনায় দুই জন নিহত হন। সূত্র: রয়টার্স
যন্তর মন্তরে কর্মসূচি ঘিরে এ বার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা। বুধবার দিল্লি হাইকোর্টে প্রশ্ন উঠল, যখন কোনও প্রতিবাদ কর্মসূচির জন্য যন্তর মন্তরকে ডি-নোটিফাই করে দেওয়া হয়েছে, তা হলে কেন তাঁরা সেখানে গেলেন? এ দিনের শুনানি পর্বে উঠল ‘অন্য দেশ’-এর প্রসঙ্গও। স্পেশাল এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিলেন, পরে যার মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে যান এই দুই সিজেপি নেতা। এ দিন একাধিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ শুনিয়েছে আদালত। ককরোচ নেতাদের প্রশ্ন দিল্লি হাইকোর্টের যন্তর মন্তরে সব রকম বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর পরেও গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে বেশ কিছু সিজেপি সমর্থক সেখানে যান। তার আগে দিল্লির কনৌট প্লেসে ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়ে আগেভাগেই আটক হন দীপকে। পরে পুলিশকে মুচলেকা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। আগামী এক বছর রাজধানী দিল্লিতে কোথাও কোনও ভাবে শান্তিভঙ্গ করবেন না তিনি— দিল্লি পুলিশের পিস বন্ডে সই করে শর্তসাপেক্ষ জামিন পান ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত্ দীপকে। আপনারা ব্যারিকেড ভাঙলে তো... এ দিকে বেল-বন্ড ভেঙে জাতীয় পতাকা-সহ যন্তর মন্তর চত্বরে ঢুকে অশান্তির বাধানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই ককরোচ নেতা সৌরভ ও আশুতোষকে। আইনভঙ্গের কারণে ঠাঁই হয় জেলে। জেল থেকে ছাড়া পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। এ দিন আদালতের পর্যবেক্ষণ, ‘আপনারা সামনে সারিতে। আপনারা ব্যারিকেড ভাঙলে, আরও অনেকে তা অনুসরণ করবে, তার সম্ভাবনা থাকে। সেখানে এমন লোক থাকতেই পারেন, যিনি আপনাদের নিয়ন্ত্রণে নন।’ অন্য দেশে অশান্তি প্রসঙ্গ বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এই প্রসঙ্গে অন্য দেশের অশান্তির প্রসঙ্গ তোলেন। যদিও কোনও দেশের নাম তিনি করেননি। বলেন, ‘আমরা দেখেছি দেশের বাইরে কী হয়েছে। যা ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, তা অন্যদিকে মোড় নেয়। আগুন জ্বলে, ভাঙচুর চলে।’ কোর্টরুমে প্রশ্ন ওঠে ‘ব্রিচ অফ বন্ড’ নিয়ে। প্রথম গ্রেপ্তারির পরে সিজেপি নেতারা যে কাগজে সই করেছিলেন, সেই শর্ত ভাঙা নিয়ে। মামলার সূত্রপাত গত ১০ অক্টোবর প্রথমবার গ্রেপ্তার হন সৌরভ, আশুতোষ, দীপকেরা। দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হন তাঁরা। সে দিনই ৫০ হাজার টাকার পিস বন্ডে সই করে ছাড়া পান তাঁরা। সৌরভ ও রাঙ্কা ফের গ্রেপ্তার হন ১৪ অক্টোবর, যন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখানোর চেষ্টার কারণে। তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। এর পরে ১৯ অক্টোবর স্পেশাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) সেই জেল হেফাজত আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দেন। SEM-এর পর্যবেক্ষণ ছিল, ইচ্ছাকৃত দুই সিজেপি নেতা বন্ডের শর্ত অমান্য করেছেন। ম্যাজিস্ট্রেটের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান সৌরভ ও রাঙ্কা। আপনারা GenZ নন আদালত প্রশ্ন করে, ‘আপনি যখন কোনও বন্ডের শর্ত ভঙ্গ করেন, তখন কি কর্তৃপক্ষের আরও কঠোর শর্তযুক্ত বন্ড চাওয়ার অধিকার থাকে না?’ আদালত এই দুই সিজেপি নেতার বয়স জানতে চায়। তাঁদের আইনজীবী জানান, ২৭ আর ৩৩। তা শুনে আদালতের পর্যবেক্ষণ, ‘তার মানে আপনারা GenZ নন। মিলেনিয়ালদের বয়স কত? এটা তো ছাত্র বিক্ষোভ ছিল। বাচ্চারা ছিল সেখানে, কিন্তু এখন তো অন্য বিষয়। লোকজন একই, কিন্তু বিষয় বদলে গিয়েছে।’ সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের আইনজীবী হাইকোর্টে করা আবেদন প্রত্যাহার করে নেন। হাইকোর্টে করা আবেদন প্রত্যাহার সিজেপির দুই নেতার আইনজীবীদের আদালত পরামর্শ দেয়, সন্ধে অবধি অপেক্ষা করতে পারেন, যতক্ষণ না ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হচ্ছে। এর পরেই সিজেপি নেতাদের আইনজীবী হাইকোর্টে করা আবেদন প্রত্যাহার করে নেন।