অন্তর্বর্তী সরকারের ঘটনাবহুল দেড় বছরের শাসন পেরিয়ে ত্রয়োদশ নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকার কয়েকদিন পর নতুন অর্থবছরের বাজেট দেবে।
তার আগে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও সরকারি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও নিম্নমুখী।
এ অবস্থায় ক্ষমতার ১০০ দিন পার করা তারেক রহমান সরকারের নেতৃত্বে অর্থনীতি কতটা ঘুরে দাঁড়াতে পারবে এবং বিনিয়োগ স্থবিরতা কাটবে কীভাবে, সে আলোচনা সামনে এসেছে।
লাগামহীন মূল্যস্ফীতি এড়াতে সংকোচনমূলক মুদ্রানীতি, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গতিহীনতা, আর পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতের অস্থিরতায় দেশে শিল্প স্থাপনের নতুন উদ্যোগ ও ব্যবসা সম্প্রসারণ স্থবির হয়ে আছে।
নতুন সরকার আসায় ব্যবসায়ী ও শিল্প মালিকরা বিনিয়োগ নিয়ে আশবাদী হয়ে উঠলেও ব্যাংক ঋণের সুদের হার বেশি হওয়ায় বিনিয়োগ কতটা বাড়বে—তা নিয়ে সংশ্রয় প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে বর্তমান সময়কে একটি ‘বহুমাত্রিক’ সংকটের কাল হিসেবে অভিহিত করে অর্থনীতির গবেষক বলছে, নতুন সরকারকে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে; অর্থনীতির চাকা সচল করতে এর বিকল্প কিছু নেই বলে তারা মনে করছেন।
অর্থনীতির গবেষক ও বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন সরকারের মূল্যায়নের সময় এখনও আসেনি। আরও কিছুদিন সময় লাগবে। তবে আমি বলবো—সবার আগে বিনিয়োগের দিকে নজর দিতে হবে।
সেটার লক্ষণ অবশ্য দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। দেখা যাক কী হয়?
সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি
কোরবানির ঈদের ছুটির আগে ২৪ মে বাংলাদেশ ব্যাংক যে ‘উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস’ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের নবম মাস মার্চ শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৪৩ কোটি টাকা।
২০২৫ সালের মার্চ শেষে, অর্থাৎ আগের (২০২৪-২৫) অর্থবছরের নয় মাসে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১৯ হাজার ৩২৭ কোটি টাকা।
এ হিসাবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭২ শতাংশ। এর মানে হচ্ছে—চলতি বছরের মার্চে ব্যাংকগুলো গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭২ দশমিক বেশি ঋণ বিতরণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ২০০৩ সাল থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির তথ্য আছে। তাতে দেখা যায়, দুই যুগের মধ্যে গত মার্চ মাসে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসরকারি ঋণে ৪ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি আসলে দেশের ইতিহাসে সর্বনিম্ন প্রবৃদ্ধি। এর আগে এত কম প্রবৃদ্ধি কখনই হয়নি।”
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ানি-জুন) মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা আছে ৮ দশমিক ৫০ শতাংশ।
মার্চ পর্যন্ত প্রবৃদ্ধির হিসাব অনুযায়ী, লক্ষ্যের চেয়ে ৩ দশমিক ৭৮ শতাংশীয় পয়েন্ট কম প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, প্রকৃতপক্ষে ঋণ না বাড়লেও কেবল সুদ যোগ হয়ে স্থিতি বেড়ে সামান্য হলেও প্রবৃদ্ধি হয়।
সংশ্লিষ্টরা বলছেন, সুদহার বিবেচনায় নিলে প্রকৃতপক্ষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। কেননা এ খাতে ঋণ প্রবৃদ্ধি হিসাব করা হয় সুদহার যোগ করে।
গত মার্চে ব্যাংকগুলো গড়ে ১১ দশমিক ৯৬ শতাংশ সুদে ঋণ বিতরণ করেছে। আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ২৪ শতাংশ। ঋণ ও আমানতে সুদহারের গড় ব্যবধান (স্প্রেড) ছিল ৫ দশমিক ৭৩ শতাংশ।
গত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুন শেষে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকের প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৪৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৮৪ শতাংশ।
আওয়ামী লীগ সরকার পতনের সময় ২০২৪ সালের অগাস্টে এ প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।
যদিও কোভিড মহামারীর সময় বিনিয়োগ স্থবিরতার মধ্যেও ২০২০-২১ অর্থবছরের শেষ মাস জুনে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশের ওপরে ছিল।
আঁটসাঁট মুদ্রার নীতির উল্টো ফল?
আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যস্ফীতি চড়তে শুরু করে, এক পর্যায়ে নীতি সুদহার বাড়িয়ে লাগাম টেনে ধরার চেষ্টা করা হয়।
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ব্যাপক সহিংসতা, অবরোধ, ইন্টারনেট বন্ধসহ নানা কারণে অর্থনীতি ধাক্কা খায়। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারও ‘মব সন্ত্রাস’সহ নানা ঘটনাপ্রবাহের মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আরও আঁটসাঁট মুদ্রানীতির পথে হাঁটে।
গভর্নর আহসান এইচ মনসুরের সময় কয়েক দফা নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশে আনা হয়, তাতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি ধাক্কা খেলেও মুদ্রাস্ফীতি কমেছে সামান্যই।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের সবশেষ তথ্যে দেখা যায়, এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। তার মানে, গেল বছর এপ্রিলে মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছর এপ্রিলে কিনতে খরচ করতে হয়েছে ১০৯ টাকা ৪ পয়সা।
কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দুই সূচক বিপরীত ধারায় উল্টো দিকে গেছে।
ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, সে মাসে বেসরকারি ঋণ খাতে প্রবৃদ্ধি দাঁড়ায় ৬ দশমিক শূন্য ৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, কোভিড মহামারীর পর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর মুখে ইউক্রেইন যুদ্ধ শুরু হয়। তার প্রভাব পড়ে টালমাটাল অর্থনীতিতে।
তারপরেও মহামারীর পর ২০২২ সালের অগাস্টে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৪ দশমিক শূন্য ৭ শতাংশে উঠেছিল। ওই মাসে সার্বিক মূল্যাস্ফীতির হার ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।
এরপর থেকে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমেছে, আর মূল্যস্ফীতি বাড়া-কমার মধ্যে ছিল।
বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে সঙ্কোচনমুখী মুদ্রানীতি গ্রহণ করছে। ফলে সব ধরনের ঋণের সুদহার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিও কমে গেছে।
এক্ষেত্রে রাজনৈতিক পট পরিবর্তনেরও একটা প্রভাব পড়েছে বলে মনে করেন ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবির সাবেক এই সভাপতি।
মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেকোনো দেশের বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ। মাঝে দেশে স্থিতিশীলতা ছিল না; অনিশ্চয়তা ছিল। ওমন পরিস্থিতিতে ব্যবসায়ী-উদ্যোক্তারা বিনিয়োগ করবেন—তেমনটা আশা করা মোটেই সমীচীন ছিল না।
তিনি বলেন, “নতুন সরকার এসেছে; এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আশা করছি—বিনিয়োগ বাড়ছে; কর্মসংস্থানও হবে।”
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বারের বর্তমান সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইরান যুদ্ধ নতুন সরকারের শুরুতেই বড় ধাক্কা দিয়েছে। এই ধাক্কা সামলে ওঠা খুবই কঠিন হয়ে পড়েছে।
বিজিএমইএর সাবেক এই নেতা বলেন, “যুদ্ধের কারণে গোটা বিশ্বই এখন টালমাটাল; থামবে থামবে বলেও থামছে না। রপ্তানি আয় কমছে। বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থায় দেশে বিনিয়োগ বাড়বে বলে মনে হয় না।
“সবচেয়ে বড় কথা—১৫/১৬ শতাংশ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করবে কে? সত্যিকার অর্থে দেশে বিনিয়োগ বাড়াতে হলে সুদের হার কমাতেই হবে।”
তিনি বলেন, করোনা ভাইরাস মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দর বৃদ্ধি, দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা-সংঘাত, ইরান যুদ্ধ—একের পর এক ধাক্কায় আমাদের অর্থনীতি চাপের মধ্য দিয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি বাড়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে।
এমনটা চলতে থাকলে আমাদের কপালে কী আছে কে জানে, বলেন আনোয়ার-উল আলম।
এডিপি বাস্তবায়নে ধীরগতি
গত দেড় বছরের বেশি সময় ধরে সরকারের বিনিয়োগে চলছে ধীরগতি।
অন্তর্বর্তী সরকারের সময় উন্নয়ন প্রকল্প কাঁটছাঁট করার ধারাবাহিকতায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়ন মন্থর হয়ে পড়ে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এডিপি ৪১ দশমিক ৪১ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ৮৬ হাজার ৫১৬ কোটি ৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
যদিও এডিপির মাধ্যমে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার।
বাস্তবায়নের হার হতাশাজনক হওয়ায় গত ১২ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপির আকার ৩০ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৫৩ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
এ হিসাবে দেখা যাচ্ছে, সংশোধিত লক্ষ্যমাত্রা ছুঁতেও অর্থবছরের বাকি দুই মাসে (মে ও জুন) ১ লাখ ২২ হাজার ৪২০ কোটি টাকা খরচ করতে হবে সরকারকে।
তার আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ৯৩ হাজার ৪২৪ কোটি ৮৩ লাখ টাকা খরচ হয়েছিল। বাস্তবায়নের হার ছিল ৪১ দশমিক ৩১ শতাংশ।
অর্থাৎ গেল অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে ৬ হাজার ৯০৯ কোটি টাকা কম ব্যয় হয়েছে।
কমেছে বিদেশি বিনিয়োগ
সরকারি ও বেসরকারি বিনিয়োগের পাশাপাশি কমেছে বিদেশি বিনিয়োগ।
গেল ৬ মে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট-বিওপি) তথ্য প্রকাশ করে।
এই তথ্য বলছে, এই নয় মাসে ১০০ কোটি ৬০ লাখ (১ বিলিয়ন) ডলারের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিযোগ-এফডিআই পেয়েছে বাংলাদেশ। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ১৩১ কোটি ৬০ লাখ (১.৩১ বিলিয়ন) ডলার।
অর্থাৎ জুলাই-মার্চ সময়ে দেশে নিট এফডিআই কমেছে ৩১ কোটি ডলার বা ২৩ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশের বিভিন্ন খাতে মোট যে সরাসরি বিদেশি বিনিয়োগ আসে, তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাই নিট বিদেশি বিনিয়োগ।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে ১৯ কোটি ৯০ লাখ ডলারের এফডিআই এসেছে দেশে। গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ৭৮ কোটি ৮০ লাখ ডলারের নিট এফডিআই পেয়েছিল বাংলাদেশ।
দেশে গণতন্ত্রহীনতা নিয়ে সমালোচনার জবাবে ‘উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার’ কথা বলত আওয়ামী লীগ সরকার।
ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিরতা, সহিংসতা ও অনিশ্চয়তার মধ্যেও গত ২০২৪-২৫ অর্থবছরে ১৭১ কোটি ২০ লাখ (১.৭১ বিলিয়ন) ডলারের নিট বিদেশি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ২০ দশমিক ১৪ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৪২ কোটি ৫০ লাখ (১.৪২ বিলিয়ন) ডলার।
জিডিপির অনুপাতে সবচেয়ে কম বিনিয়োগ
সরকারি হিসাবেই মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে দশ বছরের মধ্যে বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিবিএসের হালনাগাদ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৪৫৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, টাকার হিসাবে ৫৫ লাখ ১৫ লাখ ২৬ কোটি টাকা। এ সময়ে সব মিলিয়ে দেশে বিনিয়োগ হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৪৯ কোটি টাকা।
এ হিসাবে দেখা যাচ্ছে, জিডিপির ২৮ দশমিক ৫৪ শতাংশ বিনিয়োগ হয়েছে দেশে। দশ বছর পর জিডিপির সাপেক্ষে বিনিয়োগ ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।
বিবিএসের তথ্য বিশ্লেষণ বলছে, এই বিনিয়োগের মধ্যে বেসরকারি খাতে হয়েছে জিডিপির ২২ দশমিক ০৩ শতাংশ। আর সরকারি বিনিয়োগ জিডিপির ৬ দশমিক ৫১ শতাংশ।
২০১৫-১৬ অর্থবছরে জিডিপির ২৯ দশমিক ৬৫ শতাংশ বিনিয়োগ হয়েছিল। এর পর এত কম বিনিয়োগ আর হয়নি দেশে। এমনকি কোভিড মহামারীর সময়েও এর চেয়ে বেশি বিনিয়োগ হয়েছিল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ২০১৮-১৯ অর্থবছরে জিডিপির ৩২ দশমিক ২১ শতাংশ অর্থ দেশে বিনিয়োগ হয়, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিনিয়োগ। এ সময় বেসরকারি খাতে বিনিয়োগ ছিল জিডিপির ২৫ দশমিক ২৫ শতাংশ। আর সরকারের বিনিয়োগ ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ।
কোভিড মহামারীর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ কমে জিডিপির ৩১ দশমিক ৩১ শতাংশে দাঁড়ায়। ২০২০-২১ অর্থবছরে তা আরো কমে ৩১ দশমিক ০২ শতাংশ হয়। তখন বেসরকারি বিনিয়োগ ছিল ২৩ দশমিক ৭০ শতাংশ; সরকারের ৭ দশমিক ৩২ শতাংশ।
অর্থনীতির গবেষক জাহিদ হোসেন মনে করেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে ঘিরে দেশে বিনিয়োগের একটি আবহ তৈরি হয়েছিল, সে কারণেই ওই সময় দেশে বিনিয়োগ বেড়েছিল।
তিনি বলেন, “দীর্ঘদিন এক সরকার ক্ষমতায় থাকার ধারাবাহিকতার কারণে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থাকলেও অর্থনীতিতে স্থিতিশীলতা ছিল। রাজনৈতিক অস্থিরতা খুব একটা ছিল না। ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে স্বস্তি ছিল, আস্থা ছিল। মেগা প্রকল্পগুলো নিয়ে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল। সব মিলিয়ে বিনিয়োগের একটা অনুকুল পরিবেশ ছিল দেশে। সে কারণেই বিনিয়োগ খানিকটা বেড়েছিল।
কিন্তু মাঝের দেড় বছর দেশের পরিস্থিতি আমরা সবাই জানি। কোনো কিছুই ঠিকঠাক মতো চলেনি। আইনশৃংখলা পরিস্থিতি ভালো ছিল না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ছিল। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ছিলেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এ সবের কারণেই দেশে বিনিয়োগে মন্দা দেখা দিয়েছিল।
জাহিদ হোসেন বলেন, নতুন সরকার এসেছে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা ফিরে আসছে। এখন দেখা যাক, কী হয়।
‘বিনিয়োগ সচল না হলে সব আটকে যাবে’
বিএনপি সরকার সরকার অর্থনীতির গতি ফেরাতে বন্ধ কারখানা চালু ও বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করেছে।
৬০ হাজার কোটি টাকার এই প্যাকেজের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে বাণিজ্যিক ব্যাংকে থাকা অতিরিক্ত তারল্য থেকে। বাকি ১৯ হাজার কোটি টাকার তহবিল দেবে কেন্দ্রীয় ব্যাংক।
করোনা ভাইরাস মহামারীর পরেও অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের তরফে প্রণোদনা দেওয়া হয়েছিল। এবার বিএনপির নতুন সরকারের এই প্যাকেজে অর্থনীতি কতটা ঘুরে দাঁড়াতে পারবে, তা নিয়ে আলোচনা চলছে।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’ এর চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির উত্তরণে বিনিয়োগকে সচল করার কোনো বিকল্প নেই। বিনিয়োগ যদি সচল করা না যায়, তবে কর্মসংস্থান, রপ্তানি, বৈচিত্র্যকরণ এবং উৎপাদনশীলতা—সবকিছুই আটকে যাবে।
বর্তমানে বিনিয়োগ পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে, যা থেকে উত্তরণে বড় ধরনের সংস্কার অপরিহার্য।
তার মতে, বর্তমান সময় একটি বহুমাত্রিক সংকটের কাল।
আমাদের অর্থনীতির চাকা ধীর হয়ে গেছে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি বিনিয়োগের জন্য এক অশনিসংকেত।
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বিনিয়োগ বাড়াতে, কর্মসংস্থান সৃষ্টিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তুলে ধরে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বিনিয়োগ পরিবেশ এখন একটি ভাঙা ঘর। এই বাড়ি মেরামত না করে যদি আমরা ভাড়াটে বা বিনিয়োগকারী খুঁজতে যাই, তবে তারা হতাশ হয়ে ফিরে যাবে। তাই নতুন সরকারকে বিনিয়োগেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে তিনটি পরামর্শ দিয়েছেন তিনি।
মাসরুর রিয়াজ বলেন, “যেহেতু আগামী বছরেও রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অনুযায়ী হবে না, তাই সরকারকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি বিনিয়োগের ওপর নির্ভর করতে হবে। যে প্রকল্পগুলো থেকে বাণিজ্যিক রিটার্ন আসার সম্ভাবনা আছে, সেখানে সরকারি টাকা খরচ না করে বেসরকারি খাতকে সুযোগ দিতে হবে।
দ্বিতীয়ত, বাজেট বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। আর তৃতীয়ত, কেবল উচ্চাভিলাষী পরিকল্পনা বা ‘অ্যাসপিরেশনাল প্ল্যান তৈরি করলেই হবে না; এসব পরিকল্পনা বাস্তবায়নে জোর দিতে হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা চিকিৎসকের নিজ হস্তে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে রিপোর্টে এখন থেকে ইলেকট্রনিক বা অনলাইন স্বাক্ষর আর গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে চিকিৎসক বা বিশেষজ্ঞ রিপোর্টে স্বাক্ষর করবেন, তিনি অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, লাইসেন্সের জন্য আবেদনকৃত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের স্বাক্ষর ছাড়া কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এর মাধ্যমে রোগীর জন্য নির্ভরযোগ্যতা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা হবে। আদেশে বলা হয়েছে, ল্যাবগুলোকে শুধু তাদের ট্রেড লাইসেন্সে উল্লিখিত ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করতে হবে। কোনো স্থাপনা বা ঠিকানা থেকে নমুনা সংগ্রহ করা নিষিদ্ধ। এমনকি অটো-জেনারেটেড বা সফটওয়্যার-ভিত্তিক রিপোর্ট থাকলে, তা বিশেষজ্ঞ চিকিৎসক যাচাই ও স্বাক্ষরিত না হলে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট স্বাক্ষরকারী চিকিৎসকরা অবশ্যই বিএমডিসির রেজিস্টার্ড মেডিকেল গ্র্যাজুয়েট হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে রিপোর্টে তথ্যের সঠিকতা এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, সব যন্ত্রপাতি ও রি-এজেন্ট ব্যবহার করার ক্ষেত্রে ২০১৫ সালের বাংলাদেশ মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন গাইডলাইন অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ল্যাবগুলোর যন্ত্রপাতি নিয়মিত ক্যালিব্রেশন করতে হবে। এটি পরীক্ষার ফলাফলের নির্ভুলতা বজায় রাখতে অপরিহার্য। এছাড়া ল্যাবে রেজিস্টার মেইনটেইন করা এবং সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রেকর্ড সংরক্ষণ করাও বাধ্যতামূলক। একইসঙ্গে ল্যাবের বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর বলছে, এর মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব। এসব নিয়মাবলি বাস্তবায়ন করলে বেসরকারি ল্যাবগুলোকে তাদের সেবা আরও মানসম্মত করতে হবে বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন বা অটোমেটেড রিপোর্টে ত্রুটি বা জালিয়াতির সম্ভাবনা থাকে। নতুন নিয়মের মাধ্যমে রোগীর রিপোর্টে সঠিকতা নিশ্চিত হবে এবং স্বাস্থ্যসেবা আরও নিরাপদ হবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য স্বাস্থ্যসেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা। এই পদক্ষেপ রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা এ আগ্রহের কথা জানান। গত ২৫ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বলেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এই ইতিবাচক বার্তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস (ট্যাক্স আউটলুক) প্রকাশ করেছে। এটি দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বার্তা হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তাব ১. চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ২. সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট-টু-এনার্জি) উৎপাদন প্ল্যান্ট স্থাপনে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ৩. চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ এবং মোংলাকে আঞ্চলিক লজিস্টিকস হাবে রূপান্তরে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ প্রকল্পে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। ৪. শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশে স্মার্ট বৈদ্যুতিক মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। ৫. এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম সুবিধা গড়ে তুলতে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে ই-কমার্স ও রপ্তানি খাত আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ৬. হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড পায়রা বন্দর শিল্পাঞ্চলে পুনর্ব্যবহৃত তুলা ও সুতা উৎপাদন সম্প্রসারণ, সিলিন্ড্রিক্যাল লিথিয়াম ব্যাটারি উৎপাদন এবং নিজস্ব ব্যবহারের জন্য ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। ৭. ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ পায়রা বন্দর শিল্পাঞ্চলে ই-বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশসম্মত নিষ্পত্তি শিল্পপ্রকল্প স্থাপনে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ৮. সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যৌথ উদ্যোগে রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ৯. সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড জাতীয় যোগাযোগব্যবস্থা উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিপিপি প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ১০. চায়না কেপাই এডুকেশন গ্রুপ দীর্ঘমেয়াদে ৩০ হাজার শিক্ষার্থী ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। ১১. চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডবাংলাদেশে বৃহৎ পরিসরে চীনা ভেষজ উদ্ভিদের চাষ এবং সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। বিডার মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জ্বালানি, অবকাঠামো, পরিবেশ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, লজিস্টিকস ও উৎপাদনসহ বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদারের নিয়োগে পরিচালনা পর্ষদের অনুমোদন হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এনওসি পাওয়া গেলে দ্রুতই নতুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করবেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এমডি নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বলে ব্যাংকটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। পর্ষদের অনুমোদনের পর নিয়ম অনুযায়ী ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্রের জন্য আবেদন করবে এবং অনাপত্তিপত্র মিলছে এমডি হিসেবে ব্যাংকে যোগদান করতে পারবেন। যোগদানের বিষয়ে জানতে চাইলে বুধবার (২৪ জুন) আবেদুর রহমান সিকদার ঢাকা পোস্টকে বলেন, সরকার তাকে নিয়োগ দিলেও একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তিনি বলেন, ‘প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন হয়। এরপর পর্ষদের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে। পাশাপাশি আমার বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার বিষয়টিও সম্পন্ন করতে হবে।’ আবেদুর রহমান সিকদার বলেন, ‘সব ধরনের প্রক্রিয়া শেষ করেই নতুন দায়িত্বে যোগ দেব। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব দায়িত্ব গ্রহণের চেষ্টা করব।’ আবেদুর রহমান সিকদার বর্তমানে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে এমডি না থাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে আছে। পাঁচটি সংকটে থাকা ব্যাংকের সম্পদ, দায়, জনবল ও প্রযুক্তিগত ব্যবস্থা একীভূত করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে একজন পূর্ণকালীন প্রধান নির্বাহীর প্রয়োজন হলেও পদটি শূন্য রয়েছে। বিশেষ করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম, বড় অঙ্কের লেনদেন অনুমোদন, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন এবং নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করার কাজগুলোতে বিলম্ব হচ্ছে। ফলে অনেক গ্রাহক সময়মতো তাদের আমানত উত্তোলন করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পাঁচটি ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), জনবল ও শাখা কার্যক্রম একীভূত করার কাজও প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। সংশ্লিষ্টদের মতে, নতুন এমডি দায়িত্ব গ্রহণ করলে এসব কাজের গতি বাড়বে এবং ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালু করা সহজ হবে। দেশের ব্যাংক খাতে চলমান তারল্য সংকট মোকাবিলায় আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের সম্পদ ও দায় একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার। এদিকে বুধবার জাতীয় সংসদে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে 'ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫'-এর আওতায় এনে তাদের সম্পদ ও দায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, 'আমানত সুরক্ষা আইন, ২০২৬'-এর আওতায় এসব ব্যাংকের গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত কার্যকর করতে সরকার ইতোমধ্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি করপোরেট সুশাসন নিশ্চিত করতে কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমডি হিসেবে আবেদুর রহমান সিকদারের যোগদান ব্যাংকটির পুনর্গঠন, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আমানত ফেরত, তারল্য ব্যবস্থাপনা এবং পাঁচটি ব্যাংকের একীভূত কার্যক্রম পরিচালনায় তার নেতৃত্ব বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব রয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটির কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়।
আর্থিক সংকটে আমানতকারীদের অর্থ ফেরত দিতে হিমশিম খাওয়া ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ৭৫ হাজার ৯০৩ কোটি টাকার বেশি জরুরি তারল্য সহায়তা দিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিন মঙ্গলবার (২৪ জুন) প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শারমীন আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। লিখিত প্রশ্নে শারমীন আক্তার জানতে চান, তারল্য সংকটের কারণে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না, সেসব প্রতিষ্ঠান থেকে আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করতে সরকার কোনও পদক্ষেপ নিয়েছে কিনা? লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যেসব ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের অর্থ পরিশোধে সমস্যায় পড়েছে, সেসব ব্যাংককে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত এ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা।’ তবে আর্থিক সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কোনও ধরনের তারল্য সহায়তা দেওয়া হয়নি বলে তিনি সংসদকে জানান। অর্থমন্ত্রী আরও বলেন, ‘তারল্য সংকটে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে করণীয় নির্ধারণে সরকার ইতোমধ্যে “ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬” প্রণয়ন করেছে। আইন অনুযায়ী সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, একীভূতকরণ বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ প্রসঙ্গত, গত দেড় বছরে দেশের কয়েকটি শরিয়াহভিত্তিক ও বেসরকারি ব্যাংক তীব্র তারল্য সংকটে পড়ে। বিশেষ করে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে আমানত উত্তোলনে চাপ তৈরি হয়। অনেক গ্রাহক এককালীন বড় অঙ্কের অর্থ তুলতে না পারা এবং দীর্ঘ সময় অপেক্ষার অভিযোগ করেন। ব্যাংক খাতে অনিয়ম, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি, উচ্চ খেলাপি ঋণ এবং বিতর্কিত ঋণ বিতরণকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে অর্থনীতিবিদরা চিহ্নিত করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাত সংস্কার, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়। বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসেবে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা, আন্তব্যাংক সহায়তা এবং নীতিগত সুবিধা দিয়ে গ্রাহকদের অর্থ উত্তোলন অব্যাহত রাখার চেষ্টা করে আসছে।