মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে শ্রীলঙ্কার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ায় ভারতের কৌশলগত অবস্থান নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ব্লুমবার্গ ইকোনমিকসের ভূরাজনৈতিক বিশ্লেষক চেতনা কুমার ও অ্যাডাম ফারার লিখেছেন, এই ঘটনা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানি জাহাজে হামলার ঘটনা ভারতের কৌশলগত স্থিতি এবং শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতার ওপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে। তবে তারা এটিকে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন না।
ইরানের সঙ্গে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে ভারত স্পষ্ট নিন্দা জানায়নি। এই কারণে মোদি সরকারের সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লি আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি, নিরাপত্তা ও বিনিয়োগ সংক্রান্ত স্বার্থ রক্ষার মতো সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।
একই সময়ে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কও নানা কারণে পরীক্ষার মুখে রয়েছে। কঠোর শুল্ক আলোচনা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে।
শ্রীলঙ্কার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের কাছে হামলা হওয়ায় নয়াদিল্লি কিছুটা দূরত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ টহল চলমান এলাকার কাছে মার্কিন সাবমেরিনের উপস্থিতি ভারতের কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে।
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ফ্রিগেট আইআরআইএস দেনা বুধবার উপকূলের কাছে ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে, শতাধিক নাবিক নিখোঁজ বা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন এই হামলা চালিয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার যে কোনো মার্কিন সাবমেরিন সরাসরি ভূপৃষ্ঠে থাকা জাহাজকে নিশানা করেছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ইরানি যুদ্ধজাহাজটি ভারত সফর করেছিল। তখন এটি যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ প্রায় ৪০টি দেশের নৌযান নিয়ে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়েছিল।