ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ায় এর প্রভাব পড়েছে উপসাগরীয় দেশ কুয়েতেও। দেশটিতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন।
চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধ এবং প্রবাসীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কুয়েতে কর্মরত সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
রোববার স্থানীয় সময় দুপুরে অনলাইনে অনুষ্ঠিত এই জুম সভায় কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নেতা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বৈঠকে প্রবাসীদের ফ্লাইট সমস্যা, ভিসা জটিলতা, পাসপোর্ট সংক্রান্ত বিষয়সহ চলমান পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র বা হামলা সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা লাইভ সম্প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। জরুরি প্রয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রদূত আরও জানান, বর্তমানে দেশে অবস্থানরত এবং কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের ছুটি, ভিসার মেয়াদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কুয়েত সরকারের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।
এ সময় উপস্থিত সংবাদকর্মীরা চলমান পরিস্থিতিতে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে দূতাবাসের সক্রিয় ভূমিকা কামনা করেন। তারা বলেন, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা নিয়মিত জাতীয় গণমাধ্যমে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট খবর ও সর্বশেষ পরিস্থিতির আপডেট তুলে ধরছেন, যাতে প্রবাসীরা সচেতন ও অবগত থাকতে পারেন।
জুম সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামানসহ অন্যান্য সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের সদস্যরা।
