ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। খবর দিয়েছে আল জাজিরা।
ইউসুফ পেজেশকিয়ান বলেন, তিনি শুনেছেন যে মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবর ছড়িয়েছে। এরপর তিনি সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কয়েকজনের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে জানতে পারেন, “ঈশ্বরকে ধন্যবাদ, তিনি নিরাপদ ও সুস্থ আছেন।”
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের নতুন নেতাকে হত্যার হুমকি দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সম্ভাব্য যৌথ হামলায় তিনি আহত হয়ে থাকতে পারেন—এমন আশঙ্কা উত্থাপিত হয়েছে।
তবে মূলত সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন ধরে জনসমক্ষে না আসা এবং কোনো ভিডিও বার্তা প্রকাশ না করায় তাকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। এই পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আহত হওয়ার গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে ইরানের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।