ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান কোনো যুদ্ধ শুরু করেনি; বরং নিজেদের রক্ষার জন্যই পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, ইরান কখনোই কোনো ‘গুণ্ডার’ কাছে আত্মসমর্পণ করবে না।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সঙ্গে টেলিফোনে আলাপের প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ করা উচিত। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, “জায়নবাদী-মার্কিন আগ্রাসন উপেক্ষা করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইরান কখনোই কোনো গুণ্ডার কাছে আত্মসমর্পণ করবে না।”
ইরানি প্রেসিডেন্টের দাবি, মিথ্যা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয়েছে, যা একবিংশ শতাব্দীতে মধ্যযুগীয় আচরণের মতো।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরানের ওপর আর হামলা হবে না—এ ধরনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের আলোচনা অর্থহীন।
সূত্র: আল জাজিরা