মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন হিসেবে প্রায় ১ লাখ ৭৯ হাজার শরণার্থী যুক্ত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। এক বছর পর ২০২৬ সালের একই সময়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে প্রায় ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।
ইউএনএইচসিআর আরও জানায়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমারে সহিংসতার ঘটনায় নতুন করে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।